All posts by jitu

ভাইরাল তরুণী সিঁথি

ভাইরাল তরুণী সিঁথি এবার আসিফ আকবরের গানে

ভাইরাল তরুণী সিঁথি এবার আসিফ আকবরের গানে

ডেস্ক রিপোর্ট:

কোটা আন্দোলনের সময় রাজপথে ভুমিকার জন্য আলোচনায় আসা কিছু ছাত্র-ছাত্রীর মধ্যে ফারজানা সিঁথি অন্যতম। আন্দোলনের সময়ে তিনি ইতিবাচক ভূমিকায় প্রশংসা পেলেও, পরবর্তীতে এক সেনা কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে সমালোচিত হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন। সেসময়ে তার বলা “ইটস মাই টার্ন নাও” কথাটি এতটাই ভাইরাল হয়েছিল যে, এখনও তা মানুষের মুখে মুখে শোনা যায়।

এবার সেই তরুণী ফারজানা সিঁথিকেই নিজের নতুন গানের মডেল হিসেবে বেছে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আসিফ আকবর ফেসবুকে ফারজানা সিঁথির সাথে একটি ছবি শেয়ার করে তার নতুন গানের ঘোষণা দেন।

গানটির কথা এমন- “ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/ তুমি আমার এ পৃথিবী/ তুমি ছাড়া আজ সব অচেনা।”

“ইচ্ছেরা” শিরোনামের এই বাংলা গানের কথা লিখেছেন বুদ্ধাদিত‍্য মুখার্জী, এবং এর হিন্দি সংস্করণ “বেপানা দিল” লিখেছেন শাদাব আখতার। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজীব এবং মোনা।

আসিফ আকবরের সাথে এই রোমান্টিক মেলোডিয়াস গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের গায়িকা নিকিতা গান্ধী। উল্লেখ্য, নিকিতা জনপ্রিয় হিন্দি গান “বুর্জ খলিফা” গেয়েছেন।

আসিফ আকবর বলেন, “মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রায় চৌধুরী গানটি আমাকে ভালোবেসে উপহার দিয়েছেন। ‘ইচ্ছেরা’ গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি—দুই ভাষাতেই মুক্তি পাবে। গানটির রেকর্ডিং হয়েছে প্রায় পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং। নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি ফারজানা সিঁথি এবং তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে পছন্দ করেছি। আশা করি, এই গানের মাধ্যমে পরিবেশ আবার গানে গানে মুখর হয়ে উঠবে।”

গানটির শুটিং হবে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে, মিউজিক ভিডিওটি পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

৭৪ বছরে প্রথমবার

৭৪ বছরে প্রথমবার, একসঙ্গে ধেয়ে আসছে ৪ শক্তিশালী ঘূর্ণিঝড়

৭৪ বছরে প্রথমবার, একসঙ্গে ধেয়ে আসছে ৪ শক্তিশালী ঘূর্ণিঝড়

ডেস্ক রিপোর্ট:

একই সময়ে চারটি শক্তিশালী আলাদা সামুদ্রিক ঘূর্ণিঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান রয়েছে। দুর্যোগের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, যা আবহাওয়াবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

আবহাওয়াবিদরা বলছেন, মহাসাগরের তাপমাত্রা বেড়ে যাওয়াই এমন ব্যতিক্রমী দুর্যোগের কারণ। এই ঘূর্ণিঝড়গুলো ঝড়প্রবণ ফিলিপাইনের জন্য নতুন দুর্ভোগের শঙ্কা তৈরি করেছে।

জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫১ সালে ঝড়ের রেকর্ড শুরু হওয়ার পর, গত ৭৪ বছরে এবারই প্রথম নভেম্বর মাসে চারটি ভিন্ন নামের শক্তিশালী ঝড় একইসঙ্গে দেখা যাচ্ছে।

যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, এই চারটি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত, যা ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে।

এই চারটি ঝড়ের নাম হলো টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি, এবং ক্রান্তীয় ঝড় ম্যানই। প্রতিবছর ফিলিপাইন বহু ঝড়ের সম্মুখীন হয়, কিন্তু গত মাসে পরপর টাইফুনের আঘাত পুনরুদ্ধার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। হাজার হাজার মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) টাইফুন ইনশিং উত্তর-পূর্ব ফিলিপাইনে আঘাত হানে, যেখানে বাতাসের গতি আটলান্টিকের ক্যাটাগরি ৪ হারিকেনের সমান ছিল। যদিও এতে প্রাণহানি হয়নি, তবে ব্যাপক বৃষ্টিপাত, ঢেউ, এবং ভূমিধসে ক্ষয়ক্ষতি হয়েছে।

ফিলিপাইন থেকে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করার পর ইনশিং পশ্চিমে চীনের হাইনান প্রদেশ এবং ভিয়েতনামের দিকে অগ্রসর হয়, যেখানে এখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে।

টাইফুন ইনশিংয়ে ক্ষতিগ্রস্ত কাগায়ান ও ইলোকো নর্তে অঞ্চলে পরিদর্শনে যান ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র। তিনি বলেন, “প্রাণহানি না ঘটলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনরুদ্ধারে সময় লাগবে।”

রবিবার কাগায়ানে ত্রাণ বিতরণের সময় মার্কোস স্থানীয় বাসিন্দাদের বলেন, “পুনরুদ্ধার কাজের পাশাপাশি আমরা আরও একটি সম্ভাব্য ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

পরদিন টাইফুন তোরাজি লুজোনের অরোরা প্রদেশের পূর্ব উপকূলে আঘাত হানে, যার বাতাসের গতি ক্যাটাগরি ১ হারিকেনের সমান ছিল। এটি আসার আগে আরও হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে এটি একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়ে দক্ষিণ চীন সাগরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে চীনের দক্ষিণ-পূর্ব অংশে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত ঘটাতে পারে।

এদিকে, ট্রপিক্যাল স্টর্ম উসাগি লুজোনের প্রায় ৭৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে এবং এটি ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে।

সূত্র: সিএনএন

ভারতীয় হাই কমিশন কর্তৃক নজরুলের শ্যামাসঙ্গীত আয়োজন

ডেস্ক রিপোর্ট:

ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) কর্তৃক ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মঙ্গলবার বিকেলে (১২ নভেম্বর, ২০২৪) কাজী নজরুল ইসলামের শ্যামাসঙ্গীতের একটি সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশে সমানভাবে জনপ্রিয়। মা কালীকে নিয়ে নজরুল শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন, যেগুলোকে শ্যামাসঙ্গীত বলা হয়।

এই অনুষ্ঠানে নজরুলের কবিতা পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সী এবং নজরুলের শ্যামাসঙ্গীতের নির্বাচিত গান পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রি। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা তাঁর বক্তব্যে বলেন, কবি নজরুলের সৃষ্টিকর্ম ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য, এবং এটি আমাদেরকে এই দুই দেশের মানুষে-মানুষে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগ বিনির্মাণ করার একটি অনন্য প্ল্যাটফর্ম প্রদান করে।

এই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন।

তেলের পরিমাপে কারচুপি

তেলের পরিমাপে কারচুপি কুমিল্লায় দুই পেট্রোল পাম্পকে জরিমানা

তেলের পরিমাপে কারচুপি কুমিল্লায় দুই পেট্রোল পাম্পকে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে দুটি পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়াবাজার বিশ্বরোড এলাকায় অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। অভিযানে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

অভিযানে, মেসার্স এস কে ফিলিং স্টেশন, পদুয়াবাজার বিশ্বরোড, কুমিল্লা নামক প্রতিষ্ঠানে প্রতি ১০ লিটারে ৬০ মিলি তেল কম দেওয়ার অভিযোগে তাদের একটি পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুসারে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স ডায়মন্ড ফিলিং স্টেশনেও প্রতি ১০ লিটারে ৪০ মিলি তেল কম দেওয়া ধরা পড়ে, যার ফলে তাদের একটি অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই, কুমিল্লা অফিসের উপপরিচালক (সিএম) কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. পূজন কর্মকার, পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ উদ্দিন প্রিয় এবং মো. হাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা বাদশা মিয়ার বাজার

কুমিল্লা বাদশা মিয়ার বাজার এবং রানীর বাজারে অভিযান, ৫টি দোকানকে জরিমানা

কুমিল্লা বাদশা মিয়ার বাজার এবং রানীর বাজারে অভিযান, ৫টি দোকানকে জরিমানা

শাহ ইমরান:

পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন, কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা শহরের শাসনগাছার বাদশা মিয়ার বাজার এবং রানীর বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) অভিযানে ৫টি দোকানকে ৫টি মামলায় মোট ৩৭,০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩০৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত ও শাহীন আক্তার শিফা। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ ও পরিদর্শক চন্দন বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, হিসাবরক্ষক জনাব তোফায়েল আহমেদ মজুমদার ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষার জন্য এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

টেন্ডার সিন্ডিকেট ভাঙতে হবে

টেন্ডার সিন্ডিকেট ভাঙতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

টেন্ডার সিন্ডিকেট ভাঙতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট:

সরকারি প্রকল্প বাস্তবায়নে দরপত্র প্রক্রিয়ায় সিন্ডিকেট তৈরি হয়েছে এবং এটি ভাঙার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রয় প্রক্রিয়ায় ‘পিপিএ-২০০৬’ এবং ‘পিপিআর-২০০৮’ এর বিধি-বিধান প্রয়োগের সীমাবদ্ধতা চিহ্নিত করতে এবং সমাধানের উপায় নির্ধারণে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রিজওয়ানা হাসান জানান, সরকারি ক্রয়ে অনেক সমস্যা রয়েছে। দলীয় ও স্থানীয় প্রভাবমুক্তভাবে প্রকল্প বাস্তবায়ন করতে বেশ বাধার সম্মুখীন হতে হয়। সঠিক জায়গায় সংশোধন আনার মাধ্যমে সিন্ডিকেটের দৌরাত্ম্য কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যেতে পারে। তিনি জানান, টেন্ডারের সর্বনিম্ন দর গোপন থাকার কথা থাকলেও অনেক সময় তা প্রকাশ পায়, যার ফলে ঠিকাদাররা আর দর কমাতে চান না।

তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দূর করতে আজকের আলোচনা একটি শুরু মাত্র। প্রকল্পের ব্যয় এবং সময় বাড়ানোর ক্ষেত্রে অনেকেই লাভবান হন, এমন অনিয়ম বন্ধে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বন্ধুদের সাথে সুন্দরবন ঘুরতে গিয়ে

বন্ধুদের সাথে সুন্দরবন ঘুরতে গিয়ে লাশ হলেন দাউদকান্দির রিয়াদ ও সুমন

বন্ধুদের সাথে সুন্দরবন ঘুরতে গিয়ে লাশ হলেন দাউদকান্দির রিয়াদ ও সুমন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বন্ধুদের সাথে সুন্দরবন ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরেছেন রিয়াদ (৩৫) ও তারিকুল ইসলাম সুমন(৩০) নামে দুই বন্ধু।

সোমবার সন্ধ্যায় দাউদকান্দি থেকে প্রাইভেটকারে পাঁচ বন্ধু মিলে রওনা দেন সুন্দরবনের উদ্দেশ্যে।

রাত তিনটার দিকে খুলনা—মাওয়া সড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মেঝেরা গাওলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় রিয়াদ ও সুমন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ছাড়া আরো তিনজন হাবিবুর রহমান, সোহরাব হোসেন ও রাসেল আহম্মেদ আহত হয়েছেন।

রিয়াদের মৃত্যুর খবরে দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা বেপারী বাড়ীতে চলছে শোকের মাতম। সন্তান হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন মা পারভীন আক্তার। দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড় রিয়াদ ইট বালুর ব্যবসা করতেন। আট বছরের মেয়ে তাহসিন ও চার বছরের ছেলে রাইয়ানকে বুকে জড়িয়ে কাদছেন সন্তান সম্ভবা স্ত্রী মৌসুমী আক্তার। তাদের কান্নায় দেখতে আসা স্বজনদের চোখের পানি ধরে রাখতে পারেনি।

একই দৃশ্য দেখা যায় দূর্ঘটনায় নিহত তারিকুল ইসলাম সুমনের উপজেলার বারপাড়া ইউনিয়নের মিয়াজী বাড়ীতে। চার ভাইয়ের মধ্যে তিন নম্বর সুমন। বাড়ীতে স্বজনদের আনাগোনা। ছেলেকে হারিয়ে মা নাসিমা বেগম নির্বাক ! বড় ভাই আল আমিন বলেন, বন্ধুদের সাথে সুন্দরবন ঘুরতে যাচ্ছে বলে বাড়ী থেকে বের হয়ে গেছে। আদরের ছোট বাইকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখতেছিলাম। আর এখন লাশ হয়ে ফিরছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাতে খুলনা—মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রিয়াদ ও তারিকুল ইসলাম সুমন নিহত হয়েছেন। আহত হয়েছেন মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, তিতাস উপজেলার সোহরাব হোসেন ও দাউদকান্দির রাসেল আহম্মেদ। আহত তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জনগণের ভোটের মাধ্যমে

জনগণের ভোটের মাধ্যমে আ.লীগকে বাতিল করতে হবে: খসরু

জনগণের ভোটের মাধ্যমে আ.লীগকে বাতিল করতে হবে: খসরু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বাতিল করতে হবে। তিনি আরও বলেন, “আপনি যদি অন্য কোনোভাবে আওয়ামী লীগকে বাতিল করতে চান, এগুলো টিকবে না। ফ্যাসিস্টদের ভোটের মাধ্যমে পরাজিত করতে হবে। অন্য কোনোভাবে বাতিল করা হলে কিছুই লাভ হবে না।”

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘টেক ব্যাক বাংলাদেশ: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। এই আয়োজনটি করেছে ‘ভয়েস অব ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস’।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিএনপির জন্য সংস্কার কোনো নতুন বিষয় নয়। ২০১৬ সালে খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামে সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, এবং তারেক রহমানও ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে থাকা সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে।

তিনি বলেন, “জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং এটি শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব। অনির্বাচিত সরকার কোনো ধরনের সংস্কার করতে পারে না।”

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “যে বয়ানগুলো জনগণকে বাইরে রেখে তৈরি করা হচ্ছে, তা জাতির কাছে গ্রহণযোগ্য নয়। শেখ মুজিবের, স্বৈরাচারের এবং শেখ হাসিনার একটি করে বয়ান ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিলেন, উন্নয়নের ওপরে গণতন্ত্র। কিন্তু, উন্নয়ন এবং গণতন্ত্র একে অপরের সঙ্গী। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন হবে লুটপাট ও বিদেশে টাকা পাচার।”

তিনি আরও বলেন, “আমরা ৩১ দফা সংস্কার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। ১৬ বছরে বিএনপি ত্যাগ, জুলুমের মধ্যে দিয়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এখন বিএনপির নেতাকর্মীরা ত্যাগ, রক্ত ও জীবন দিতে শিখেছে। আমরা গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটার অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের লড়াই থামাব না।”

আমীর খসরু বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না। আমরা শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছি।” তিনি বলেন, “বিএনপি শুধু বিপ্লব নয়, সংহতি। জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশে জাতীয়তাবাদের কথা বলছি এবং নতুন বাংলাদেশ গড়তে চাই।”

আলোচনায় আয়োজক সংগঠনের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম মুজিবুর রহমান।