ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪: স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামাতের দুই পক্ষ—মাওলানা জুবায়েরপন্থি ও সাদপন্থিদের সঙ্গে পৃথক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, “ইজতেমা মাঠে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
সাদপন্থিরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সরকার ইজতেমার তারিখ বাতিল করেনি। যদি দুই পক্ষ আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারেন, তাহলে সাদপন্থিরা ইজতেমায় অংশ নিতে পারবেন। তাদের আলোচনা করতেই হবে।”
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীসহ আরও অনেকে।