All posts by jitu

আমরাই আগামী নির্বাচনে

আমরাই আগামী নির্বাচনে জিতব: কমলা হ্যারিস

আমরাই আগামী নির্বাচনে জিতব: কমলা হ্যারিস

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। উইসকনসিনে একটি সমাবেশে দেওয়া বক্তব্যে হ্যারিস বলেছেন, “আমরাই আগামী নির্বাচনে জিতব।” তিনি তরুণ ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করেন এবং তাদের নিয়ে গর্বিত বলেও উল্লেখ করেন।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প তার উইসকনসিনের সমাবেশে কমলা হ্যারিসকে ব্যাপক আক্রমণ করেন, তবে কমলা হ্যারিস দমে যাননি। তিনি উইসকনসিনে সমাবেশ করেছেন এবং বক্তব্যের শুরুতেই বলেন, “উইসকনসিন একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র; এখানে জয়ী হওয়া আবশ্যক।” তিনি উইসকনসিনবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।

তবে, হ্যারিসের বক্তব্যের সময় একজন প্রতিবাদকারী উচ্চস্বরে ‘সিজফায়ার নাউ’ বলে স্লোগান দিতে থাকেন, যা গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানায়। হ্যারিস তাকে উত্তরে বলেন, “আমরা সবাই চাই গাজার যুদ্ধ শেষ হোক।” এরপর তিনি উপস্থিত সমর্থকদের জানান, এই যুদ্ধ থামানোর জন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন। এক পর্যায়ে তিনি প্রতিবাদকারীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের সবারই কথা বলার অধিকার আছে। কিন্তু এখন আমি কথা বলছি।” এই কথা শুনে উপস্থিত জনতা তারস্বরে চিৎকার করে সমর্থন জানায় এবং এক পর্যায়ে প্রতিবাদকারীরা শান্ত হয়ে যায়।

হ্যারিস এরপর তার সমর্থকদের আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমরা জিতব।” তিনি ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে বর্ণনা করে বলেন, “ট্রাম্প নির্বাচিত হলে তিনি তার শত্রুদের তালিকা নিয়ে অফিসে প্রবেশ করবেন, কিন্তু আমি নির্বাচিত হলে করণীয় তালিকা নিয়ে কাজ শুরু করব।”

তিনি জানান, তার করণীয় তালিকার শীর্ষে রয়েছে জীবনযাত্রার খরচ কমানো। এছাড়াও, গর্ভপাত ও স্বাস্থ্যসেবার খাতে উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ করবেন বলেও উল্লেখ করেন। হ্যারিস বলেন, “একজন নারী তার শরীর সম্পর্কে কী সিদ্ধান্ত নেবেন, তা তার মৌলিক অধিকার, এবং সরকার তাকে তা বলতে পারবে না।”

তরুণ ভোটারদের উদ্দেশ্যে হ্যারিস বলেন, “আমি তোমাদের প্রজন্মকে ভালোবাসি। তোমরা পরিবর্তনের জন্য মুখিয়ে আছো এবং জলবায়ু সংকট নিয়ে সচেতন। তোমরাই আমাদের গ্রহ ও ভবিষ্যৎ রক্ষার নেতৃত্ব দিচ্ছ।”

তিনি উইসকনসিনের জনতাকে উদ্দেশ্য করে বলেন, “আপনার ভোট, আপনার কণ্ঠস্বর; এবং আপনার কণ্ঠস্বর, আপনার শক্তি।” উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এদিকে, ক্যালিফোর্নিয়ার সাবেক রিপাবলিকান গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার ডেমোক্র্যাট প্রার্থী কমলা ও তার রানিং মেট গভর্নর টিম ওয়ালজকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র: বিবিসি ও রয়টার্স

মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই

মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই

মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই

ডেস্ক রিপোর্ট:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরকে ঘিরে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের প্রিয় খেলোয়াড়দের ধরে রাখার সুযোগ পায়। তবে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ধরে রাখেনি চেন্নাই সুপার কিংস। এর ফলে আইপিএলে খেলার জন্য তাকে আবারও নিলামের মাধ্যমে দল পেতে হবে।

কলকাতা নাইট রাইডার্স তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে। গত আসরে তার নেতৃত্বেই কলকাতা দীর্ঘ এক দশক পর ট্রফি জিতেছিল।

মোস্তাফিজ ও শ্রেয়াসের মতো আইপিএলের আসন্ন নিলামে দল পাওয়ার অপেক্ষায় থাকতে হবে জস বাটলার, ঋষভ পন্ত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কসহ আরও অনেক তারকাকে। আইপিএলের পরবর্তী আসরের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পেরেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ছিল এ তালিকা চূড়ান্ত করার শেষ দিন।

চলুন দেখে নেই, কোন দল কাকে ধরে রেখেছে এবং কাকে ছেড়ে দিয়েছে:

মুম্বাই ইন্ডিয়ানস

  • যারা থাকছেন: যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, তিলক বর্মা
  • ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: ঈশান কিষান, টিম ডেভিড
  • নিলামে খরচের সীমা: ৪৫ কোটি রুপি

সানরাইজার্স হায়দরাবাদ

  • যারা থাকছেন: হাইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নিতীশ কুমার রেড্ডি
  • ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার
  • নিলামে খরচের সীমা: ৪৫ কোটি রুপি

চেন্নাই সুপার কিংস

  • যারা থাকছেন: রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি
  • ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান, ডেভন কনওয়ে, শার্দূল ঠাকুর
  • নিলামে খরচের সীমা: ৫৫ কোটি রুপি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

  • যারা থাকছেন: বিরাট কোহলি, রজত পতিদার, যশ দয়াল
  • ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ, ফাফ ডু প্লেসি
  • নিলামে খরচের সীমা: ৮৩ কোটি রুপি

দিল্লি ক্যাপিটালস

  • যারা থাকছেন: অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোরেল
  • ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, আনরিখ নর্কিয়া
  • নিলামে খরচের সীমা: ৭৩ কোটি রুপি

কলকাতা নাইট রাইডার্স

  • যারা থাকছেন: রিংকু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হারশিত রানা, রমনদীপ সিং
  • ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: শ্রেয়াস আইয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট, নিতীশ রানা
  • নিলামে খরচের সীমা: ৫১ কোটি রুপি

রাজস্থান রয়্যালস

  • যারা থাকছেন: সঞ্জু স্যামসন, যশস্বী জয়সোয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, সন্দ্বীপ শর্মা
  • ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: জস বাটলার, যুজবেন্দ্র চাহাল
  • নিলামে খরচের সীমা: ৪১ কোটি রুপি

গুজরাট টাইটানস

  • যারা থাকছেন: রশিদ খান, শুবমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া, শাহরুখ খান
  • ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: মোহাম্মদ শামি, ডেভিড মিলার
  • নিলামে খরচের সীমা: ৬৯ কোটি রুপি

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

  • যারা থাকছেন: নিকোলাস পুরান, রবি বিষ্ণয়, মায়াঙ্ক যাদব, মহসিন খান, আয়ুশ বাদোনি
  • ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিস, কুইন্টন ডি কক
  • নিলামে খরচের সীমা: ৬৯ কোটি রুপি

পাঞ্জাব কিংস

  • যারা থাকছেন: শশাঙ্ক সিং, প্রভসিমরান সিং
  • ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: অর্শদীপ সিং, স্যাম কারেন, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন
  • নিলামে খরচের সীমা: ১১০.৫ কোটি রুপি
চৌদ্দগ্রামে হোটেলের আড়ালে

চৌদ্দগ্রামে হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ৭ জন আটক

চৌদ্দগ্রামে হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ৭ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি খাবার হোটেলের আড়ালে মাদক বিক্রির অভিযোগে র‌্যাবের অভিযানে সাতজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার জগমোহনপুর এলাকায় অবস্থিত একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন – জগমোহনপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মাসুদ রানা, ঘোষতল গ্রামের আবুল কাশেমের ছেলে আবদুল খালেক, বদরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন, নারায়নপুর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে পারভেজ, কেছকিমুড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নূর নবী, বরুড়া উপজেলার দেওড়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে শরীফ হোসেন, এবং ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার তেরকান্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোজাহিদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক ও অস্ত্র উদ্ধারে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকায় একটি হোটেলে অভিযান চালায়। অভিযানে এক কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেলগুলোতে ট্রাকচালক ও সহকারীদের কাছে মাদক বিক্রি করে আসছিল।

অনেক হোটেল মালিক ও ম্যানেজার খাবার হোটেলের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ট্রাকের চালকরা খাবার খেতে এবং বিশ্রামের জন্য হোটেলে বিরতি নেন। বিরতিকালে চালক ও সহকারীরা এসব হোটেল থেকে মাদক কেনেন এবং সেবন করেন।

র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইসি পুনর্গঠনে সার্চ কমিটি

ইসি পুনর্গঠনে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ইসি পুনর্গঠনে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট:

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

কমিটিতে সদস্য হিসেবে আছেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহ্‌মিদা বেগম।

এর আগে, বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশিত হবে এবং তারপর বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারবেন।

দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এর পরপরই, ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য কমিশনাররা পদত্যাগ করেন। তাদের মধ্যে ছিলেন মো. আহসান হাবীব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান।

৭১ টিভির মালিকই পেলো

৭১ টিভির মালিকই পেলো বহুল আলোচিত মাতারবাড়ির কয়লা সরবরাহের কাজ

৭১ টিভির মালিকই পেলো বহুল আলোচিত মাতারবাড়ির কয়লা সরবরাহের কাজ

ডেস্ক রিপোর্ট:

বহুল আলোচিত মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের কাজ পেয়েছে ৭১ টিভির মালিককানা প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ।

হাসিনা সরকারের নির্লজ্জ সমর্থক ও অন্যতম সহযোগী গ্রুপটি বর্তমান সরকারকেও বাগে এনে কাজ বাগিয়েছে বল অভিযোগ খোদ মন্ত্রণালয়ের। গত ১৬ বছর আওয়ামী লীগের স্বৈরাচারী দুঃশাসনকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে মেঘনা গ্রুপ ব্যবহার করেছে ’৭১ টেলিভিশনকে। আওয়ামী দোসর হিসেবে পরিচিত টেলিভিশন চ্যানেলটি সরকারের অর্থপাচার, লুটপাটকে উন্নয়ন হিসেবে দেখাতে চালিয়েছে নানামুখী অপপ্রচার। সেই সঙ্গে গত ১৫ বছরে নিজেদের সম্পদ বাড়িয়েছে কয়েক হাজারগুন। এই কাজে হরিহর আত্মা হয়ে উঠেছিলেন ৭১ টিভির সাবেক সিও বিতর্কিত সাংবাদিক মোজেম্মল বাবু ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তোফা কামাল।

অভিযোগ আছে মেঘনা গ্রুপ গণমাধ্যমকে ব্যবহার করে নারায়ণগঞ্জে মেঘনা নদীর জমি দখল, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছোট সাদিপুরে জমি দখল এবং সোনারগাঁওয়ে আনন্দ গ্রুপের জমি দখলের অভিযোগ আছে। আর তাদেরই কোম্পানি ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রি লি. এবং ভারতের আদিত্য বিরলা কোম্পানির প্রতিষ্ঠান আদিত্য বিরলা গ্লোবাল ট্রেডিং কোম্পানি পিটিই (সিঙ্গাপুর এর রেজিস্ট্রার্ড) এর কনসোর্টিয়ামকে ৩৫ লাখ মেট্রিক টন কয়লা সরবরাহ এর জন্য কার্যাদেশ প্রদান করা হয়েছে।

প্রাথমিকভাবে ১৭ অক্টোবর প্রতিষ্ঠানটিকে ৩৭০ বিলিয়ন ৫৪৫ হাজার ডলার যা টাকার অঙ্কে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। অভিযোগ উঠেছে, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহের দরপত্র প্রক্রিয়ায় প্রাথমিকভাবে বাতিল হওয়া এই প্রতিষ্ঠানকে কাজ দিতে কোনো ধরনের যাচাই-বাছাই করা হয়নি।

নাম প্রকাশে একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেছেন, এর নেপথ্যে কাজ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি নিজের কাজ বাদ দিয়ে দেশ ও জাতিকে জ্ঞান দিতে একটি বিশেষ পত্রিকায় কলাম লিখে বেড়াচ্ছেন। অথচ তার দপ্তরে আওয়ামী দোসররা অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে। অথচ গত ১৪ সেপ্টেম্বর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে এটিকে বিলাসী প্রকল্প হিসেবে উল্লেখ করেছেন উপদেষ্টা।

তিনি বলেছেন, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বরাদ্দ ৩৬ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৫৭ হাজার কোটি টাকা করেছে বিগত সরকার। অথচ এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র এক হাজার ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি প্ল্যান্ট করা হয়েছে। এই বিদ্যুৎকেন্দ্র জনগণের উপকারে আসছে না। এগুলো প্রকল্প বিলাস। এই প্রকল্প বাস্তবায়নকালে মেগা দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো তদন্ত করা হবে। এই হুঁশিয়ারি উচ্চারণ করলেও একমাস পার না হতেই গত ১৭ অক্টোবর আওয়ামী দোসর মেঘনা গ্রুপকে কয়লা সরবরাহের কাজ দেয়া হয়। এছাড়া দ্রুত মামলা জট নিষ্পত্তি করে নতুনভাবে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কয়লা সরবরাহের জন্য ঠিকাদার নিয়োগ করবেন বলে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের জানান। অথচ ঘটেছে উল্টো।

সূত্র মতে, এর আগে দরপত্র প্রক্রিয়ায় প্রাথমিকভাবে বাতিল করা হয়েছিল প্রতিষ্ঠানটিকে। কিন্তু আওয়ামী সরকারের উচ্চ মহলের সহযোগিতায় পরবর্তীতে এই সিদ্ধান্ত বহালে আদালতের শরণাপন্ন হয়। পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্টরা মেঘনা গ্রুপকে কাজ দিতে তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করে বাস্তবায়নকারী সরকারি প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানির (সিপিজিসিবিএল)। প্রতিষ্ঠানটিকে কিভাবে কাজ দেয়া যায় এর পরিকল্পনা করে। এরপর আওয়ামী দোসরদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন বর্তমান উপদেষ্টা। প্রকল্প সংশ্লিষ্টদের অভিযোগ বড় অঙ্কের বাণিজ্যের বিনিময়ে আওয়ামী দোসর মেঘনা গ্রুপকে বিদ্যুৎ কেন্দ্রটিতে কয়লা সরবরাহের কার্যাদেশ দেয়া হয়েছে।

সূত্র জানায়, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২০২৩ সালে করা টেন্ডার প্রক্রিয়াকে বাস্তবে রূপ দেন একটি চক্র। পট পরিবর্তনের পর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোটেশন আসলেও, সবাইকে উপেক্ষা করে মেঘনা গ্রুপ এর কোম্পানি ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রি লি. এবং ভারতের আদিত্য বিরলা কোম্পানির প্রতিষ্ঠান আদিত্য বিরলা গ্লোবাল ট্রেডিং কোম্পানি পিটিই (সিঙ্গাপুর এর রেজিস্ট্রার্ড) এর কনসোর্টিয়ামকে ৩৫ লাখ মেট্রিক টন কয়লা সরবরাহ এর জন্য কার্যাদেশ প্রদান করে। ভারতীয় কোম্পানির সাথে মেঘনা গ্রুপ এর কনসোর্টিয়ামকে ১০৫ দশমিক ৮৭ টাকা রেটে কার্যাদেশ দেয়া হলেও বর্তমান উপদেষ্টার নিকট ৯৫, ৯৭ ও ৯৯ টাকার বিভিন্ন রেটের কোটেশন জমা ছিল।

একই সঙ্গে মামলা জটিলতার কারণে এবং নির্দিষ্ট এই প্রতিষ্ঠানটিকে কাজ দিতে পূর্ববর্তী হাসিনা সরকার টেন্ডার প্রক্রিয়া স্থগিত রাখে। প্রকল্প কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতায় বাতিল হওয়া তিন কনসোর্টিয়ামের একটি গত ২৯ মে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে দরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদনও করে। কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পরে উপদেষ্টা ফয়জুল কবীর দ্রুত মামলা জট নিষ্পত্তি করে নতুনভাবে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কয়লা সরবরাহ এর জন্য ঠিকাদার নিয়োগ করবেন বলেও বিতর্কিত মেঘনা গ্রুপকেই কাজ পাইয়ে দেন।

দরপত্রের শর্ত অনুযায়ী, কমপক্ষে ১২ লাখ মেট্রিক টন কয়লা আমদানির অভিজ্ঞতার শর্ত উল্লেখ ছিল, যা কয়লা আমদানি সংশ্লিষ্ট দরপত্রের জন্য একটি প্রাসঙ্গিক শর্ত। কিন্তু একটি বিশেষ প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা প্রদানের উদ্দেশে উক্ত শর্তটি শিথিল করে ১২ লাখ মেট্রিক টন লোহা, সার, কেমিক্যাল, সিমেন্ট অথবা খাদ্যশস্য আমদানির অভিজ্ঞতাকে যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যা একটি অসম প্রতিযোগিতা সৃষ্টি করে।

দরপত্রে অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে একটি কনসোর্টিয়ামের আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহের অভিজ্ঞতা রয়েছে। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কয়লা সরবরাহে আমাদের ব্যাপক অভিজ্ঞতা ও সাফল্য বিবেচনা না করেই এবং বিস্তারিত কোনো কিছু অবগত না করেই এবং কারিগরি বিষয়ে আমাদের কোনো প্রশ্ন না করে এবং কোনো প্রকার ব্যাখ্যার সুযোগ না দিয়েই আমাদের ‘কারিগরিভাবে অযোগ্য’ ঘোষণা করা হয়।

একটি মাত্র প্রতিষ্ঠানের দরপত্রকে কারিগরিভাবে যোগ্য ঘোষণা করে প্রতিযোগিতামূলক এবং রাষ্ট্রের জন্য লাভজনক না হওয়া সত্ত্বেও একক প্রতিষ্ঠানকে ‘পক্ষপাতিত্বমূলক’ভাবে কার্যাদেশ প্রদানের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জানায়।

এদিকে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মেঘনা গ্রুপের টাকা পাচার নিয়ে গোয়েন্দা সংস্থা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করলেও, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২০২৩ সালে করা টেন্ডার প্রক্রিয়াকে বাস্তবে রূপ দিয়েছেন চক্রটি। মেঘনা গ্রুপকে কার্যাদেশ দেয়ার জন্য বিশাল অংকের আর্থিক লেনদেনও সম্পন্ন হয়েছে। এছাড়া ছাত্র-জনতার রক্তাক্ত জুলাই এবং আগস্ট বিপ্লবকে ভূলুণ্ঠিত করতে ভারতীয় কোম্পানি এবং টাকা পাচারে সম্পৃক্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপকে এই সুযোগ দেয়া হয়েছে।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সদ্য নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হক বলেন, এই প্রকল্প নিয়ে অনেক কিছু হয়েছে সবাই জানে। কোর্টের রায়ও পেয়েছে প্রতিষ্ঠানটি। আমি মনে করি সবকিছু ঠিক আছে।

আফগানিস্তান সিরিজে

আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সাকিবের!

আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সাকিবের!

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যস্ত রয়েছে। এই সিরিজের পর পরই টাইগাররা সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে। সাকিব আল হাসান এই সিরিজে খেলবেন কিনা তা নিয়ে বেশ আলোচনা চলছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আফগানদের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা কম মনে করছেন।

বুধবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি প্রধান বলেন, “সাকিব যখন দেশে আসার চেষ্টা করছিল, তখন আসতে পারছিল না। তখন আমি তার সাথে ২-১ বার কথা বলেছি। প্র্যাকটিসেও সে খুব একটা নেই। আমার মনে হয় তার একটু সময় দরকার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।”

তিনি আরও বলেন, “যদি আফগানিস্তান সিরিজে না খেলতে পারে, তাহলে এই সময়ের মধ্যে সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারেন। তার মানসিক অবস্থার কথা বিবেচনা করলে, টি-টেন লিগও রয়েছে; এখনও পারমিশন দিইনি, এনওসি দিলে খেলে ফেলবে। আমি বিশ্বাস করি, সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালোভাবে খেলতে পারবে। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। মনে হচ্ছে, এই ট্যুর সে মিস করবে।”

আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ৯ ও ১১ নভেম্বর।

ডিজিটাল নিরাপত্তা আইনের

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পিনাকী ভট্টাচার্য

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পিনাকী ভট্টাচার্য

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম মামলাটির অভিযোগপত্র আমলে গ্রহণ না করে এ আদেশ দেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৯ অক্টোবর এ মামলাটির অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক অভিযোগপত্র পর্যালোচনা শেষে অপরাধ আমলে গ্রহণ না করে পিনাকীসহ দুজনকে অব্যাহতি দেন।

এর আগে ২০২২ সালের ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের উপপরিদর্শক এম আব্দুল্লাহিল মারুফ বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী নামের অপর দুজনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত ৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক মোহাম্মদ রাহাত হোসেন পিনাকীসহ দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ প্রেসসচিব মুশফিকুল ফজল আনসারীকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট ২০২২ সালের ১৪ অক্টোবর নজরে আসে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের। ওই পোস্টে পুলিশ সদস্যদের সম্পর্কে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। ফেসবুকে ওই পোস্টের সূত্র ধরে ওই বছরের ১৫ অক্টোবর পল্লবীর বাসা থেকে মফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ মফিজুরের দুটি মোবাইল ফোন জব্দ করে। সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপপরিদর্শক কে এম আবদুল্লাহ হিল মারুফ মামলায় অভিযোগ করেন, আসামি মফিজুর রহমান তার ভুয়া ফেসবুক আইডির মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এই তালিকায় আছেন পিনাকী ভট্টাচার্য ও মুশফিকুল ফজল আনসারী। মিরপুরে পুলিশ বাহিনীর একটি অভিযানের ঘটনাকে বিকৃতভাবে প্রচার করা হয়। সেই তথ্য ও ছবি পাঠানো হয় পিনাকী ভট্টাচার্যের ফেসবুক মেসেঞ্জারে।