All posts by jitu

র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর রহমান

ডেস্ক রিপোর্ট:

এলিট ফোর্স র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে এ কে এম শহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

কুমিল্লা উত্তর জেলা আ.লীগ সাধারণ সম্পাদক রোশন আলীর বাড়ি লুটপাট

 

উপজেলা প্রতিনিধি:

শেখ হাসিনা পালানোর খবরে পর থেকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের দেবিদ্বারের বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাট করছেন দুর্বৃত্তরা। গতকাল (৫ আগস্ট) দেবিদ্বার পৌর এলাকায় অবস্থিত রোশন ভিলায় দফা দফা এই ভাঙচুর ও লুটপাট হয়।

আজ মঙ্গলবার দুপুর ১টায় রোশন ভিলায় গিয়ে দেখা যায়, বাড়ির সকল আসবাবপত্র বের করে নিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন। কেউ ছুঁড়ছেন পাটকেল। কেউ করছে ভাংচুর। এসময় কয়েকজনকে বলতে সুনেছি, তার নেতারা ও তে আমাদের অনেকে জ্বালাইছি। এখন আমরা তাহলে জ্বালামু।

স্থানীয় আরিফ ও আমেনা বেগম বলেন, গতকাল সন্ধ্যায় দেড় থেকে দুইশ লোকজন রোশন আলীর বাড়ি ঘেরাও করে বাড়ির দিকে ইটপাটকেল ছুঁড়েতে থাকে৷ এ সময় গুন জ্বালাতে চেয়েছিলেন অনেকে। তবে স্থানীয় বাধা দিলে তা করতে পারি তারা।

রোশন আলী মাস্টারের ভাতিজা জুয়েল আহমেদ মুঠো ফোনে জানায়, লোক মারফতে জানতে পেরেছি আমাদের বাড়িতে হামলা ও লুটপাট হয়েছে। এখনো কিছু দুর্বৃত্ত আমাদের বাড়ির সামনে অবস্থান করছেন। এবং বাড়ির সকল আসবাবপত্র লুটে নিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা পুলিশের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ফোন করে তাদের ফোনে পাওয়া যায়নি।

কুমিল্লায় সাবেক কাউন্সিলরের বাড়িতে অগ্নিসংযোগ, ছয়জনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর অশোকতলায় সাবেক কাউন্সিলর মো. শাহ আলমের তিনতলা বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুনে অন্তত ছয়জন নিহত হয়েছে।

সোমবার রাত ও মঙ্গলবার সকালে বাড়িটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে পাঁচজনই কিশোর।

নিহতরা হলো-নগরীর অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল (১৪), শাওন (১২), মাহফুজুর রহমান (২২), রনি (১৬) ও মহিন (১৭)। আজ বিভিন্ন সময় জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার আনুমানিক রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা অশোকতলায় কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলমের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে কয়েকজন বাড়িটির তিনতলায় উঠে পড়েন।

এ সময় অন্যরা বাড়িটির নিচতলায় আগুন লাগিয়ে দেয়। পরে তিনতলায় অবস্থানকারীরা ধোঁয়ায় শ্বাস বন্ধ এবং আগুনে পুড়ে নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত একজন আইসিইউতে চিকিৎসাধীন।

এ ছাড়া আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির মেয়ে সিটি মেয়র তাহসীন বাহার সূচনার সাবেক স্বামী সাইফুল আলম রনির বাসায় হামলায় নাফিজুল আলম সামি (১৮) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া চৌদ্দগ্রামে পুলিশের গুলিতে জামশেদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

কুমিল্লার বাহার ও তার মেয়ে সূচনা কোথায় জানেন না কেউ

ডেস্ক রিপোর্ট:

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশন মেয়র তাহসীন বাহার সূচনা। তারা কোথায় আছেন জানেন না নেতাকর্মীরাও। কোটা আন্দোলনের মাঝামাঝি সময়েই কুমিল্লা ছাড়েন সাবেক সংসদ সদস্য বাহার।

দলীয় সূত্র মতে, বাহাউদ্দীন বাহার চোখের অপারেশনের অজুহাতে গত ১৫ জুলাই ঢাকায় চলে যান। এরপর আর কুমিল্লায় ফেরেননি। রাজধানীর উত্তরার বাসভবন থেকেই আন্দোলন দমানোর নির্দেশ দেন নেতাকর্মীদের। তার সে নির্দেশনা বাস্তবায়ন করেন তার মেয়ে মেয়র সূচনা।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সেদিন মহানগর থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে টমছমব্রিজ-কোটবাড়ি সড়কে অবস্থান নেন কুমিল্লা সিটি করপোরেশন মেয়র সূচনা। এ সময় সড়কে সড়কে নিপীড়ন চালানো হয় আন্দোলনে অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের।

সর্বশেষ গত শনিবার (৩ আগস্ট) কুমিল্লা নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচিতে ব্যাপক তাণ্ডব চালায় মহানগর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে মেয়র সূচনার কঠোর নির্দেশনায় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে বাধ্য হন তারা। তবে মেয়র সূচনাকে সেদিন কুমিল্লার রাজপথে দেখা যায়নি।

সূত্র বলছে, শেখ হাসিনার পতনের দিনও মেয়র সূচনা কুমিল্লাতেই ছিলেন। তবে শেখ হাসিনার পতনের পরপরই মুন্সেফবাড়ি এলাকার তাদের বাসভবনটি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। পুড়িয়ে ফেলা হয় রামঘাটলার মহানগর আওয়ামী লীগের অফিস এমনকি কুমিল্লা ক্লাবও। তবে কোথাও মেয়র সূচনাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে।

এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কুমিল্লায় থানা ঘেরাও করে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস থানা ঘেরাও করে পুলিশের দুই সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) গভীর রাতে তিতাস থানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তিতাস থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ও কনস্টেবল মো. মাঈন উদ্দিন।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শেখ হাসিনার পালানোর খবরে আনন্দে ফেটে পড়ে মানুষ। রাতে স্থানীয় উৎসুক জনতা তিতাস থানা ঘেরাও করতে যায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে এলোপাতাড়ি গুলি করে। এতে কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হন। এ সময় দুই পুলিশ সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিন দাউদকান্দি উপজেলার সদরের তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া (২১) পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

প্রত্যক্ষর্শীরা জানান, সোমবার রাতে উৎসুক জনতা দাউদকান্দি থানা ঘেরাও করার চেষ্টা করলে থানা পুলিশ আত্মরক্ষার্থে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পুলিশের গুলিতে বাবু মিয়া গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন রাতে জেলার দেবিদ্বার ও নাঙ্গলকোট থানাও ঘেরাও করা হয়। তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

দিল্লি পালানোর সময় বিমানবন্দরে আটক পলক

ডেস্ক রিপোর্ট:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।

বেবিচকের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানান, দিল্লি যাওয়ার জন্য জুনায়েদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এসময় বেবিচকের কর্মচারীরা তাকে আটক করেন। পরে বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান।

মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

আরো বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং এরইমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।

এর আগে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ প্রদানকালে রাষ্ট্রপতি জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সব বন্দিদের মুক্তি দেওয়া হবে।

ছাত্রদের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে রাষ্ট্রপতি হলেন প্রধান। তিনি যখন আমাদের ডাকবেন তখন নাম প্রস্তাব করা হবে।

ছাত্রদের বিষয়ে তিনি বলেন, আমরা আগেই তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলাম, তারা নিশ্চয়ই দলীয় বিষয়টা ভাববেন।

আয়নাঘর থেকে মুক্তি পেলেন বিগ্রেডিয়ার আযমী

ডেস্ক রিপোর্ট:

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) ‘আয়না ঘরের’ বন্দিশালা থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। ২০১৬ সালের আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আযমীকে আটক করে তুলে নেওয়ার অভিযোগ তুলে তার পরিবার।

সে সময় পরিবারের অভিযোগ অস্বীকার করে সরকার। এবার ৮ বছর পর অক্ষত অবস্থায় আযমীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিজিএফআই। মঙ্গলবার সকালে আযমীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার বিকেলে ছাত্র-জনতার গণবিস্ফোরণে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই গুম হওয়া ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি তুলে স্বজনরা।

গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে মানবাধিকার সংগঠন এবং কয়েকটি গণমাধ্যম দাবি করে আসছে, ডিজিএফআইয়ের ‘আয়না ঘরে’ বিরোধীমতের অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে।

গণবিস্ফোরণের মুখে হাসিনা সরকার পতনের পর সোমবার রাতে ২০-২৫ জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় অবস্থান নেন। অতিদ্রুত পরিবারের কাছে অক্ষত অবস্থায় হস্তান্তরের দাবি করেন তারা।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মুক্ত করে দেওয়া হয় তাদের। যাদের মধ্যে ছিলেন আবদুল্লাহিল আমান আযমী। আযমী সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন।
আযমীর পাশাপাশি ‘আয়না ঘর’ থেকে মুক্তি মিলেছে আরেক জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।