All posts by jitu

মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

আরো বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং এরইমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।

এর আগে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ প্রদানকালে রাষ্ট্রপতি জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সব বন্দিদের মুক্তি দেওয়া হবে।

ছাত্রদের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে রাষ্ট্রপতি হলেন প্রধান। তিনি যখন আমাদের ডাকবেন তখন নাম প্রস্তাব করা হবে।

ছাত্রদের বিষয়ে তিনি বলেন, আমরা আগেই তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলাম, তারা নিশ্চয়ই দলীয় বিষয়টা ভাববেন।

আয়নাঘর থেকে মুক্তি পেলেন বিগ্রেডিয়ার আযমী

ডেস্ক রিপোর্ট:

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) ‘আয়না ঘরের’ বন্দিশালা থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। ২০১৬ সালের আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আযমীকে আটক করে তুলে নেওয়ার অভিযোগ তুলে তার পরিবার।

সে সময় পরিবারের অভিযোগ অস্বীকার করে সরকার। এবার ৮ বছর পর অক্ষত অবস্থায় আযমীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিজিএফআই। মঙ্গলবার সকালে আযমীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার বিকেলে ছাত্র-জনতার গণবিস্ফোরণে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই গুম হওয়া ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি তুলে স্বজনরা।

গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে মানবাধিকার সংগঠন এবং কয়েকটি গণমাধ্যম দাবি করে আসছে, ডিজিএফআইয়ের ‘আয়না ঘরে’ বিরোধীমতের অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে।

গণবিস্ফোরণের মুখে হাসিনা সরকার পতনের পর সোমবার রাতে ২০-২৫ জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় অবস্থান নেন। অতিদ্রুত পরিবারের কাছে অক্ষত অবস্থায় হস্তান্তরের দাবি করেন তারা।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মুক্ত করে দেওয়া হয় তাদের। যাদের মধ্যে ছিলেন আবদুল্লাহিল আমান আযমী। আযমী সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন।
আযমীর পাশাপাশি ‘আয়না ঘর’ থেকে মুক্তি মিলেছে আরেক জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

দেয়াল টপকে পালালেন সাবেক ডিবিপ্রধান হারুন

ডেস্ক রিপোর্ট:

পুলিশ সদর দপ্তরের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার (৫ আগস্ট) দুপুর থেকে একসঙ্গে ছিলেন।

তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙে ছাত্র-জনতা শাহবাগের দিকে আসতে থাকেন, তখন তাদের নির্দেশনা কমে আসে।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা ওয়্যারলেসে আর নির্দেশনা দেননি।

বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান।

পুলিশ সদর দপ্তরের তিনজন পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন, বিকেলে হারুন অর রশীদসহ কয়েকজন সিভিল পোশাকে বের হন। এরপর তারা দেওয়াল টপকে নগর ভবনে যান, সেখান থেকে তারা কই গেছে তা আর জানা যায়নি। তাদের মুখে মাস্ক পরা ছিল।

এর আগে যাত্রাবাড়ী থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চায়। তখন হারুন থানার ওয়ারলেসে (ভিক্টর-৩) ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলেন। তবে এরপর আর তার কোনো নির্দেশনা ছিল না।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে মিজানুর রহমান আজহারী যা বললেন

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কালক্ষেপণ ঠিক হচ্ছে না বলে জানিয়েছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (৬ জুলাই) ভোরে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস তিনি একথা জানিয়েছেন।

আজহারী লেখেন, খুব দ্রুত এটা করে ফেলা দরকার ছিল।

তিনি বলেন, যতো দেরি ততো আশঙ্কা।

এর আগে, একটি স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ‘প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগনের প্রতি আকুল আবেদন— দয়া করে কেউ আইন হাতে তুলে নিবেন না, কারও জান-মালের ক্ষতি করবেন না, রাষ্ট্রীয় কোন সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না। রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করবেন না। সংখ্যালঘু ভাইবোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রাব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে।’

তরুণ প্রজন্মের জন্য আজহারী লিখেছেন, ‘আপনারা স্মার্ট যোদ্ধা! জেন জি! সুপার হিরো! আপনাদের থেকে কোন ধরনের অরাজকতা মানায় না। বাংলাদেশ আপনার। আপনাকেই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

৮ বছর পর মুক্ত হলেন ব্যারিস্টার আরমান

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের। গতকাল সোমবার মধ্যরাতে তিনি মুক্ত হন।

ব্যারিস্টার আরমানের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস’র ১১ নম্বর সেকশনের ৭ নম্বর রোডের ৫৩৪ নম্বর বাড়ির দোতালায় থাকতেন তিনি। এই বাসা থেকেই দুই শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। এর পর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি।

গতকাল সোমবার রাতে কর্নেল সামসের নেতৃত্বে রাতে ২০-২৫ জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় অবস্থান নেন।

তারা গণমাধ্যমকে বলেন, ডিজিএফআইয়ের আয়না ঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। বন্দিদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি। তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না। বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে। আমাদের সঙ্গে গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাকও যোগ দেয়। মুক্তির জন্য জন্য চাপ প্রয়োগের এক পর্যায়ে মুক্ত হওয়ার সংবাদ পাওয়া যায়।

এ সময় উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, বছরের পর বছর ডিজিএফআই, র‌্যাব ও পুলিশের বন্দিশালায় অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছে। রাতের মধ্যে তাদের মুক্তি দিতে হবে। তা না হলে দায়মুক্তির জন্য তাদের মেরে ফেলা হতে পারে। যদি আমাদের কাছে হস্তান্তর করা না হয় তাহলে পরবর্তী ঘটনার দায় ডিজিএফআইয়ের বর্তমান কর্মকর্তাদের নিতে হবে। আমরা দাবিগুলো সেনা কর্তৃপক্ষ ও সেনাপ্রধানকে পাঠিয়েছি। তাদের উত্তরের অপেক্ষায় আছি।

শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না নয়াদিল্লি, ব্রিটেনও রাজি নয়

ডেস্ক রিপোর্ট:

ঢাকায় ভারতবিরোধী ‘হাওয়া’ বন্ধ করতেই দেশ ছেড়ে পালিয়ে আসা শেখ হাসিনাকে নয়াদিল্লিতে আশ্রয় দিচ্ছে না নরেন্দ্র মোদি সরকার। প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে গাজিয়াবাদের হিন্ডন মিলিটারি এয়ারবেসে পাঠিয়ে খোদ মুজিবকন্যাকে এ কথা সোমবার সন্ধ্যায় জানিয়ে দিয়েছে ভারত সরকার। দোভালের সঙ্গে বৈঠকে বসে শেখ হাসিনা একবার মোদির সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন; কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। তবে দোভালকে নির্দিষ্ট কিছু তথ্য তুলে হাসিনা বাংলাদেশের বিক্ষোভ আন্দোলনের পেছনে একাধিক রাষ্ট্রের মদদের অভিযোগ করেছেন বলে সূত্রের খবর।

বাংলাদেশে হাসিনার ইস্তফা ও সেনাবাহিনীর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সোমবার রাতে প্রধানমন্ত্রী মোদি ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দীর্ঘ বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত বাংলাদেশের কাউকেই ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। দ্বিতীয়ত, বাংলাদেশ ঘিরে থাকা পুরো সীমান্ত ও সব চেকপোস্টে নজরদারি বাড়াতে বিএসএফ বাড়িয়ে দেওয়া হয়েছে। দেশের বিএসএফের ডিজিকে রাতেই কলকাতায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর, মোদি সরকারের কাছে আশ্রয় না পেয়ে রাতের বিমানে বোন রেহানাকে নিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। কারণ, ব্রিটেন শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে। অবশ্য শেখ হাসিনা সরকারের পদত্যাগ বিষয়টিকে ভারত সরকারের বড় ব্যর্থতা বলে রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করেছেন। কারণ, দেশটির গোয়েন্দা সংস্থার ব্যর্থতার পাশাপাশি হাসিনাকে সুপরামর্শ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসতে পারেনি। আসলে মোদি নিজেই দেশের অভ্যন্তরে নির্বাচনে ধাক্কা খেয়ে কোণঠাসা হয়ে পড়ায় পড়শি দেশে নজর দিতে না পারায় খেসারত দিতে হলো বন্ধু হাসিনা সরকারকে।

ভারতীয় সময় বিকাল ৩টা নাগাদ বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার চেপে আগরতলার মিলিটারি এয়ারবেস পৌঁছান। ক্যাপ্টেন আব্বাস ওই হেলিকপ্টার নিয়ে আসেন। সেখান থেকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে ৬/৮টি বড় সুটকেস সঙ্গে নিয়ে আসেন হাসিনা। ভারতীয় সময় রাত ৯টায় এ সংবাদ ঢাকায় পাঠানো পর্যন্ত দিল্লির লাগোয়া হিন্ডন এয়ারবেসেই বোনকে নিয়ে অবস্থান করছেন শেখ হাসিনা। ডিনার ও অন্যান্য ব্যবস্থা করেছেন ভারতীয় সামরিক অফিসাররা। অন্যদিকে দিল্লির বাংলাদেশ দূতাবাস ও কলকাতার উপদূতাবাসের সব কর্মকর্তা কার্যত ‘উধাও’ হয়ে গেছেন। কেউই হয় ফোন ধরছেন না, নয়তো মোবাইল সুইস অফ রয়েছে। বাংলাদেশের সঙ্গে রেল, বিমান ও সড়ক যোগাযোগ আপাতত বন্ধ রেখেছে ভারত সরকার। শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার অন্যতম আরেকটি কারণ, প্রায় ৬ হাজার ভারতীয় এখন বাংলাদেশে আটকে আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশ ডেস্ক রাতেও সক্রিয় রয়েছে। কলকাতায় আটকে পড়া বাংলাদেশিরা খুবই উদ্বিগ্ন, কীভাবে দেশে ফিরবেন বলে।

সূত্র: যুগান্তর

আমুর বাসা থেকে ডলারসহ পাঁচ কোটি টাকা উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার, ইউরোসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

পুলিশ জানায়, সোমবার ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করেন।

সরকারপ্রধান শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকালে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমু ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে। তবে রাত ১২টার দিকে স্থানীয়রা ওই ভবনের তিন তলায় আবার আগুন দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেক টাকার বান্ডিল বেড়িয়ে আসে।

ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। এরমধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ডলার ও ইউরো উদ্ধার করেন। সবমিলিয়ে টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করা হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেকগুলো কম্বলের লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বের হয়ে আসে। এর সাথে কয়েকটি লাগেজও পাওয়া যায়। জেলা প্রশাসককে জানানোর পর সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে।

কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা, ইউএনও’র গাড়ি ভাঙচুর

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঢল নেমেছে শিক্ষার্থীদের। রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট, আলেখারচর এবং দাউদকান্দি অংশে অবস্থান নেন শত শত শিক্ষার্থী।

এসময় মহাসড়কে এই ‘মুহূর্তে দরকার, সেনাবাহিনীর সরকার’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অপরদিকে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ অংশও অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা মহাসড়কে কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

একই সময়ে কুমিল্লা-সিলেট সড়কের কয়েকটি স্থানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সড়কের দেবিদ্বার, কোম্পানিগঞ্জ এবং মুরাদনগর অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত দেবিদ্বার, দাউদকান্দি এবং আলেখারচর এলাকায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ- যুবলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, সহিংসতা ঠেকাতে কুমিল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে।

সূত্র: ঢাকাপোষ্ট

চান্দিনায় এসিল্যান্ডের গাড়িতে আগুন

উপজেলা প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল শনিবার সকাল থেকেই দেশব্যাপী শুরু হয়। তারই ধারাবাহিকতায় কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক বিক্ষোভকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

চান্দিনা থানার ওসি আহমেদ মঞ্জুর মোর্শেদ বিষয়টি করেছেন। তিনি বলেন, দুপুর দেড়টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৌম চৌধুরী ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন, যাতে তারা রাস্তা ছেড়ে দেন। এমন সময় আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে সহকারী কমিশনার (ভূমি) গাড়িতে আগুন লাগিয়ে দেন।