All posts by jitu

দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে: আব্দুস সবুর এমপি

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দেশব্যাপী বিএনপি, জামায়াত-শিবিরের নৈরাজ্য ও সহিংসতায় নিহতদের স্বরণে দাউদকান্দিতে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার(১আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় দাউদকান্দি সদরে আওয়ামী লীগ অফিস থেকে এ শোক মিছিলটি সদরের বিভন্ন সড়ক পদক্ষিন করে।

এর আগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাসেল স্কয়ার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন- এদেশে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, আর কোটা আন্দোলনের নামে সহিংসতা করে ৯০ হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। কোটা আন্দোলনের নামে এই ধ্বংস লীলা চালিয়ে অকার্যকর রাষ্ট্র বানাতে চাচ্ছে। আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনসহ দেশ প্রেমিক সবাই এই দেশকে বাঁচাতে হবে। জামাত শিবিরের জঙ্গিগোষ্টিকে সমূলে নির্মূল করে এদেশকে সামনে এগিয়ে নিতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর আরও বলেন, আন্দোলনের নামে আমাদের উন্নয়নের উপড় আঘাত এনেছে, আমাদের টিভি সেন্টারের উপর আঘাত এনেছে, আমাদের ডাটা সেন্টরের উপর আঘাত এনেছে, তারা আঘাত এনেছে মেট্রোরেলের উপর, তারা আঘাত এনেছে এ্যালিভেটেট এক্সপ্রেসের উপর। এই ডাটা সেন্টার নষ্ট করায় হাজার হাজার কোটি টাকার রেমিটেন্স আসা বন্ধ হয়েছে, অনলাইন ব্যাংকিং বন্ধ হয়েছে, এলসি বন্ধ হয়েছে । তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নাই, তার রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করেছে। মহান মুক্তিযুদ্ধে শহিদ ও ইজ্জত হারানো মা বোনদের বিরুদ্ধে তাদের এই আন্দোলন। তারা এই রাষ্ট্রকে ভঙ্গুর করার জন্য আন্দোলন করেছে, তারা এই রাষ্ট্রকে পিছিয়ে দিতে চায়, তারা এই আগামী প্রজন্মকে পিছিয়ে দিতে চায়।

তাই ছাত্র-ছাত্রী ভাই-বোনদের প্রতি আবেদন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোটা আন্দোলনের যৌক্তিক দাবীকে মেনে নিয়েছেন। তিনি ছাত্র আন্দোলন ও রাজনীতি করেই আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি জানেন কার কি সমস্যা। সেই সমস্য উপলদ্ধি করেন বলেই ছাত্রদের দাবী মেনে নিয়েছেন। শিক্ষার্থীরা ঘরে ফিরে গিয়েছে। কিন্তু জামাত বিএনপির জঙ্গিগোষ্ঠী তথকথিত আন্দোলনের নামে দেশকে পিছিয়ে দিতে চায়।

লন্ডন থেকে তারেক জিয়ার হুকুমে জামাত শিবির দোতলা চারতলায় থাকা শিশু বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। পুলিশ বাহিনীর সদস্যকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তার (তারেক জিয়া) নির্দেশ ছিল শত শত লাশ দরকার , তার নির্দেশ ছিল আগুন দিয়ে দেশে সম্পদ জ্বালিয়ে দেয়া। কিন্তু দেশে ছাত্র ছাত্রী ভাইয়েরা বুঝতে পেরেছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে। তাই দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌছবো। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি ।
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম রুহুল আমিন, সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার , বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল প্রমূখ।

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুবি শিক্ষকদের মানববন্ধন, পথে বাধার অভিযোগ

 

চাঁদনী আক্তার, কুবি:

সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এসময় তাঁরা বিশ্ববিদ্যালয়ে আসার পথে আওয়ামীলীগের নেতা-কর্মী কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগ তোলেন।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষক এ মানববন্ধনে অংশ নেয়।

এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট কাজী. এম আনিছুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত শিক্ষকেরা সারাদেশে শিক্ষার্থীদের হত্যা, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বক্তব্য রাখেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আসার পথে আওয়ামীলীগের নেতাকর্মী কর্তৃক পথে বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগ তুলেন।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, আমাদের অনেক সহকর্মী জানিয়েছেন, কোটবাড়িতে তাঁদের আটকে দেয়া হচ্ছে, তারা শিক্ষক পরিচয় দিয়েও ক্যাম্পাসে আসতে পারেনি। প্রক্টরকে জানিয়েছেন, তারা আসতে চান, কিন্তু সে ব্যবস্থাও করা হয়নি। আমার প্রশ্ন যারা শিক্ষকদের আটকাচ্ছেন তারা আসলে কারা? তারা কী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এটা কোন ব্যবস্থার মধ্যে বাস করছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাঁদের ক্যাম্পাসে আসতে পারবেন না।

বাধা প্রাপ্ত হওয়া নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামিমা নাসরিন বলেন, মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আমি সিএনজি করে ক্যাম্পাসে আসআর পথে প্রায় দুইশত ছেলেপেলে আমার সিএনজি আটকায়। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেয়ার পরেও ওরা আমাকে বাধা দেয়। সিএনজি ঘুরিয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। যখন আমি ফিরে যেতে চাচ্ছিলাম না তখন কয়েকজন আমার শরীরে হাত দিতেও এগিয়ে আসে। এরপর অনেকক্ষণ চেষ্টা করে আমি তাদের কাছ থেকে ক্যাম্পাসে আসার অনুমতি পাই। কিন্তু আমি আসতে পারলেও আমার অনেক সহকর্মী আজকে চেষ্টা করেও ক্যাম্পাসে আসতে পারেনি। পথে পথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে।

এছাড়াও গত ১৮ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হওয়া সন্তানের মা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার বলেন, আমার সন্তান গুলিবিদ্ধ হয়েছে এজন্য আমি এখানে আসিনি, শুরু থেকেই আমার শিক্ষার্থী, সাধারণ মানুষদের উপর নিপিড়ন, হত্যা এসব ঘটনা নিয়ে আমি মর্মাহত ছিলাম অন্যান্য শিক্ষকদের মতই।

আমার সন্তান গুলিবিদ্ধ হওয়ায় আমি নিতে পারতেছিলাম না, আর যাদের সন্তানদের হত্যা করা হয়েছে তারা যে কী মানসিক যন্ত্রনার মধ্য দিয়ে যাচ্ছে! আমরা দেখেছি নিরস্ত্র শিক্ষার্থীদেরকে টার্গেট করে গুলি করা হচ্ছে। এই যে নৈরাজ্য অবস্থা, তার দ্রুত নিরসন চাই আমরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলি তারা যেন আন্দোলনের পাশে থাকে সবসময়।

এসময় ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক জয় চন্দ্র রাজবংশীও সারাদেশে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বক্তব্য রাখেন। এছাড়াও বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম মাহমুদ পাবেল সাথে উপস্থিত ছিলেন।

অবশেষে নিষিদ্ধ জামায়াত-শিবির

ডেস্ক রিপোর্ট:

চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার দোষী সাব্যস্ত করে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে।

বুধবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পূর্বনাম জামায়াত-ই- ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (পূর্বনাম ইসলামী ছাত্রসংঘ)-কে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হইয়াছে; এবং যেহেতু, বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং-৬৩০/২০০৯-এ ১ আগস্ট ২০১৩ তারিখের প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত/প্রাপ্ত নিবন্ধন বাতিল করিয়া দিয়াছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রাখিয়াছে; এবং যেহেতু, সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল।

এতে আরও বলা হয়েছে, যেহেতু সরকার বিশ্বাস করে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহিত জড়িত রহিয়াছে সেহেতু, সরকার, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তার সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে।

এর আগে সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গত পরশু শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে এই নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে, সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো পূরণ করতে হবে।

‘যে কারণে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয় সেই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠিয়েছে, এরপর সেটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি, আমার মনে হয়ে, কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে দেবে।’

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াত-শিবির ও অন্যান্য যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ, এটা সন্ত্রাসবিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে, সেখানে এগুলো তালিকাভুক্ত হবে। এটাই আমাদের সিদ্ধান্ত, আপনারা মনে হয় কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন পেয়ে যাবেন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

বৃষ্টিতে ভিজে নিপীড়নের বিরুদ্ধে সমাবেশ ঢাবিতে শিক্ষকদের

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা ও আটক শিক্ষার্থীদের মুক্তি এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ শুরু হয়।

এসময় শিক্ষকদের বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা যায়।

শিক্ষকরা আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি করেছেন। শিক্ষার্থী হত্যা

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফার্মগেট মোড়ে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার এবং গণমাধ্যমসহ বিভিন্ন ভিজুয়াল মিডিয়ায় কর্মরতরা।

৬ সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি

ডেস্ক রিপোর্ট:

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে গোয়েন্দা শাখা (ডিবি)। ছয় সমন্বয়ক হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১ আগস্ট) তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত শুক্র ও শনিবার (২৬,২৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া হয়।

পরে রোববার (২৮ জুলাই) রাতে ডিবি হেফাজতে থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ছয় সমন্বয়ক।

বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপর তাদের মুক্তির বিষয়ে রিট করা হয় আদালতে।

এদিকে আজ দুপুর আড়াইটায় ৬ সমন্বয়কারী ও সকল শিক্ষার্থীর মুক্তি চেয়ে ডিবি কার্যালয়ের সামনে মানব বন্ধন করার ঘোষণা দেন বিক্ষুব্ধ নাগরিক এবং শিক্ষকসমাজ।

মানবিক সংকট চলছে বাংলাদেশে : জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে মানবিক সংকট চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিক নিহত হওয়া ও পরবর্তীতে সাংবাদিকদের আটক করার ঘটনায়ও নিন্দা জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে। এছাড়া জাতিসংঘ যেকোনও জায়গায় সরকারকে সাহায্য করতে সবসময় প্রস্তুত বলেও জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৩১ জুলাই) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন।

এদিনের ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক প্রথমে বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। এরপর সাংবাদিকের করা প্রশ্নের জবাবে কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে সহিংসতা আমরা দেখেছি তা সত্ত্বেও, সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে— বাংলাদেশে মানবিক সংকট চলছে এবং আমরা ও আমাদের অংশীদাররা — সাইক্লোন রেমালসহ — বেশ কয়েকটি জরুরি ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। এসব ঘটনায় চলতি বছর সারা বাংলাদেশে ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অংশীদাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। অপারেশনাল চ্যালেঞ্জের মধ্যে স্পষ্টতই ইন্টারনেট বিভ্রাট, ব্যাংক বন্ধ এবং কারফিউয়ের মতো ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, গত মাসে আমরা এবং আমাদের অংশীদাররা ১২ লাখ মানুষকে সহায়তা করার জন্য ৮০ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা পরিকল্পনা চালু করেছি। বর্তমানে এর মাত্র ১৮ শতাংশ অর্থায়ন করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গত ৫ জুন কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল থেকে ৭৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছিল। এছাড়া যমুনা অববাহিকায় বসবাসকারী সম্প্রদায়গুলোতে নগদ অর্থ প্রদানের জন্য গত ৪ জুলাই কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল থেকে অতিরিক্ত আরও ৬২ লাখ মার্কিন ডলার রিলিজ করা হয়েছে। এবং অবশ্যই মিয়ানমার থেকে আসা শরণার্থীদের জন্য এবং স্থানীয় সম্প্রদায়গুলোকে সহায়তা করার জন্য কক্সবাজারে বিশাল মানবিক কর্মকাণ্ডও চলমান রয়েছে।

পরে এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে ছাত্র-ছাত্রীদের ওপর দমন-পীড়ন চলছে। ক্ষমতাসীন কর্তৃপক্ষ কি জাতিসংঘের সহায়তা চেয়েছে এবং জাতিসংঘ কি রাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের পরিচালিত কোনো তদন্তে সহায়তা করবে বা নিজস্ব তদন্তের প্রস্তাব দিলে, জাতিসংঘ কি কোনো সহায়তা করবে?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আপনার প্রশ্নে উত্তর দেওয়ার মতো কিছু বিষয় রয়েছে। অবশ্যই, যেকোনও জায়গায় সেইসব সরকারকে সাহায্য করার জন্য আমরা সর্বদা প্রস্তুত, যারা বিভিন্ন ইস্যুতে সাহায্য চেয়ে অনুরোধ করে। কিভাবে আমরা সেই কাজটি সর্বোত্তমভাবে করতে পারি সেটা আমরা দেখবো। স্বাধীন তদন্তের পরিপ্রেক্ষিতে — যেমন আপনি জানেন — এর জন্য এই সংস্থার (জাতিসংঘের) আইন প্রণয়নকারী সংস্থার ম্যান্ডেটের প্রয়োজন হবে।

এরপর পৃথক প্রশ্নে ওই সাংবাদিক বাংলাদেশে সাম্প্রতিক আন্দোলনে সাংবাদিকদের নিহত হওয়া ও পরে দমন-পীড়নের মধ্যে সাংবাদিকদের আটকের বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, আপনি যেমন গাজায় নিহত সাংবাদিকদের কথা বলছিলেন, সাম্প্রতিক দিনে বাংলাদেশে অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন এবং অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং কেউ জানেন না তারা কোথায় আছেন। সাঈদ খান নামে আমার এক সহকর্মী আমার সংবাদ সংস্থার জন্য কাজ করতেন। তিনি এখন কোথায় আছেন কেউ জানে না।

জবাবে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, বাংলাদেশে (বিক্ষোভে) সরাসরি তাজা গুলিবর্ষণ ও গোলাবারুদের ব্যবহার নিয়ে আমরা নিন্দা জানিয়েছি। বাংলাদেশে বা অন্য কোথাও হোক না কেন, জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে এবং সাংবাদিকদের স্বাধীন ও বাধাহীনভাবে কাজ করার অধিকার রক্ষা করতে হবে।

১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে, তিন দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৪ আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ ছিল।

ডিবি থেকে হারুনকে সরিয়ে দেওয়া হলো

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন।

একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে।

যে কোনো সময় জামায়াত-শিবির নিষিদ্ধের ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যে কোনো সময় (নিষিদ্ধের) ঘোষণা হবে।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াত আগেই নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান এসে তাদের আবার রাজনীতির অধিকারটা দিয়েছে। এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং এদেশের সুশীল সমাজ উভয়ই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরাম বলে আসছিল। এটা জনগণের একটি দাবি ছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত পরশু ১৪ দলের মিটিং হয়েছে এবং প্রধানমন্ত্রী অনেকের মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে জামায়াতে ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করার জন্য পরামর্শ দিয়েছেন। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও দু-একটি মামলায় সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে- এ দলটি জঙ্গি দল হিসেবে নিষিদ্ধ করা উচিত।‌‌’

‘সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত হয়েছে- এ দলকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে, যে কোনো সময় প্রক্রিয়াটি শেষ হলেই ঘোষণা হবে’ বলেন আসাদুজ্জামান খান।

স্থাপনা পুনর্গঠন করা যাবে, প্রাণগুলোতো ফিরে পাবো না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কার আন্দোলনে নিহতের বর্ণনা করতে গিয়ে কেঁদেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্থাপনা যেগুলো ধ্বংস করেছে সেগুলো পুনর্গঠন করা যাবে, কিন্তু যেসব প্রাণ ঝরে গেলো সেগুলো আমরা ফিরে পাবো না।

বুধবার (৩১ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।

তিনি বলেন, সবচেয়ে কষ্টের বিষয় হলো এখানে তেমন কোনো ইস্যুই ছিল না। যে কোটা সম্পূর্ণভাবে আমিই বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায়ে যখন সেটা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয়, সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি। আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজেই আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না। আমার জারি করা প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যেয়ে যেসব ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে তারপর অনেকগুলো প্রাণও ঝরে গেছে।

শেখ হাসিনা বলেন, আমি কোনো দিন ভাবতে পারিনি এই সময় এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হবে। আর সেখানে এতগুলো তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি, আপনজন হারালে কি কষ্ট হয়।

তিনি বলেন, আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আজ সারাবিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের চোখে দেখে। সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে, আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান, যেখান থেকে মানুষ সেবা পায় সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল, উন্নয়নের রোল মডেল। সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো। সেটা বিচারের ভার আপনাদের কাছে, আমি দেশবাসীর কাছেই দিচ্ছি।