All posts by jitu

চাঁদপুরে বিয়ের দুই বছরের মাথায় গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদরে সোনিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৯ জুন) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লোধেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সোনিয়া আক্তার একই এলাকার ওহিদ মল্লিকের ছেলে মো. মাহবুব মল্লিক এর স্ত্রী। হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে রয়েছে দুই পরিবারের পাল্টা অভিযোগ।

নিহত সোনিয়া আক্তারের শাশুড়ী সালেহা বেগম জানান, তার ছেলে মাহবুব মল্লিক (২০) ও তার স্ত্রী সোনিয়া আক্তার শনিবার সন্ধ্যায় তারা তাদের ঘরে একত্রে নাস্তা করেন। পরে মাহবুব তার কর্মস্থল বাড়ির পাশেই একটি মুরগীর ফার্মের উদ্দেশ্যে বেড়িয়ে যান। কিছুক্ষণ পর রাতে বাড়িতে এসে খাবার খাওয়া শেষ হলে ১১টার দিকে ফার্মের মালিক কল দিলে আবারও চলে যায় ফার্মে। মাহবুবকে না যেতে অনুরোধ করেন তার স্ত্রী। কিন্তু ফার্ম থেকে মুরগী নামাতে হবে বিধায় চলে যেতে হয় তাকে। রাত ১২টার দিকে বাড়ি এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে আটকানো। অনেক ডাকাডাকির পর লাথি দিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে সোনিয়া ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। তখন ডাক চিৎকার করে তাকে নামিয়ে দেখেন সোনিয়া আর নেই। পরে ৯৯৯ নম্বরে কল দিলে এদিন রাতেই পুলিশ এসে লাশ থানায় নিয়ে যান। কি কারনে এ ঘটনা ঘটতে পারে এমন প্রশ্নের উত্তরে সালেহা বেগম বলেন, সোনিয়ার বাবার বাড়ির লোকজন গত কয়েকমাস তার সাথে যোগাযোগ রাখেনি। এমনকি তার একটি ভাই গত কিছুদিন আগে বিদেশে গিয়েছে, সেটি তার বোনকেও জানায়নি। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা কোনভাবেই বুঝতে পারিনি। কারন সন্ধ্যা ও রাতে স্বামী-স্ত্রীর মধ্যে খুবই হাসাহাসির শব্দ শুনেছি।

এদিকে সোনিয়া আক্তারের নানি ও মামানিরা সাংবাদিকদের বলেন, তারা দুজনেই গত ২ বছর পূর্বে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। পরবর্তীতে পারিবারিকভাবে মেনে নিয়ে অনুষ্ঠান করে তাদের মেয়েকে তুলে দেন। এরপর থেকেই সোনিয়ার উপর শশুরবাড়ির অত্যাচার হতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ঝগরা হতো। একসময় আমরা তাকে কয়েক মাস যেতে দেইনি শশুর বাড়িতে। দীর্ঘদিন সোনিয়া তার বাবার বাড়িতে থাকার পর মাহবুব এসে নিয়ে যায়। কিন্তু গতকাল শনিবার রাতে আমাদের মেয়েটির মৃত্যুর খবর পর্যন্ত আমরা পাইনি। পরে পুলিশ ও ইউপি মেম্বার এসে আমাদের জানালে আমরা ঐ বাড়িতে যাই। গিয়ে দেখি ঘরের আড়া ও খাটের দূরত্ব খুব কাছাকাছি। এটি আত্মহত্যা হওয়ার কথা না। রবিবার সকালে দুই পক্ষ থানায় গিয়েছে। এদিকে নিহত সোনিয়ার স্বামী ও মা দুজনেই থানায় থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

হত্যা নাকি আত্মহত্যা, বিষয়টির তদন্ত করতে রবিবার (৩০ জুন) সকালে ঘটনাস্থলে আসেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মহসিন আলম। তিনি বলেন, নিহত সোনিয়া ও তার স্বামীর বাড়ি একই এলাকায় কাছাকাছি। নিহতের স্বামী মাহবুব মল্লিকের বিরুদ্ধে ভরনপোষণের একটি মামলা রয়েছে। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং তদন্ত কার্যক্রম শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগামী বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে

ডেস্ক রিপোর্ট:

বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে আগামী বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রোববার (৩০ জুন) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা রোববার (৩০ জুন) থেকে শুরু হয়েছে। কিন্তু বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে আগামী ৯ জুলাই পর্যন্ত অগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে।

অন্যদিকে, জুলাইয়ে আবারও বন্যা হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড চলতি এইচএসসি পরীক্ষা জরুরি প্রয়োজনে আধাঘণ্টা বা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশনা দিয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে আগের নিয়মে যথারীতি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

করোনার আগে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতো।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি।

নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারিতে নেওয়ার টার্গেট রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

বাজেটে বিদেশ নির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নয়নমূলক বাজেটে বিদেশ নির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে। দেশ ও বৈশ্বিক অর্থনীতির নানা দিক বিবেচনায় কিছু বৈদেশিক ঋণ নিতে হয়। এখন আমাদের দেশের উপযোগী বা পছন্দ মতো না হলে অনেক বিদেশি ঋণ প্রস্তাব আমরা ফিরিয়ে দেই। প্রধানমন্ত্রীর নেতৃ‌ত্বে সেই সক্ষমতা অর্জিত হ‌য়ে‌ছে।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হ‌য়ে এ কথা ব‌লেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, এক সময় বিএনপির আমলে বাজেটের আগে অর্থমন্ত্রীকে ভিক্ষার ঝুলি নিয়ে প্যারিস কনসোর্টিয়ামে যেতে হতো। তাদের সময় বিশেষ করে উন্নয়ন বাজেটে বিদেশ নির্ভরতা ছিল ৫০ শতাংশের বেশি। আজকে এটি ১৫-২০ শতাংশে নেমে এসেছে। এবং আমরা বিশ্বব্যাংক থেকে শুরু করে অনেকের ঋণ প্রস্তাব ফিরিয়ে দিয়েছি… ফিরিয়ে দেই।

তি‌নি বলেন, সামগ্রিক ও বৈশ্বিক অর্থনীতির স্বার্থে কিছু বৈদেশিক ঋণ নিতে হয়। যেমন আমরা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের পার্টনার। সেখানে আমাদের জন্য বরাদ্দ থাকে। সেটি না নিলে ল্যাপস হয়ে যায়, এজন্য ক্ষেত্রবিশেষে নিতেও হয়।

বাজেটের সমালোচনাকে গতানুগতিক আখ্যা দিয়ে হাছান মাহমুদ বলেন, প্রতিবারই বাজেট প্রস্তাব ও পাসের পর একটি মহল বলে বাজেট উচ্চাভিলাষী, বাস্তবায়নযোগ্য নয়। অথচ গত ১৫ বছরে আমাদের প্রণীত বাজেট বাস্তবায়নের হার ৯২ থেকে ৯৬ শতাংশ। দেশ এগিয়ে গেছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র্য ৪১ থেকে ১৮.৫ শতাংশে এবং অতি দারিদ্র্য ২৫.৫ থেকে মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। গড় জিডিপি ভারতকে ছাড়িয়েছে এবং অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছে।

সৌদি আরবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ‘পলিটিক্যাল কনসালটেশন’-এ যোগ দিতে সোমবার (১ জুলাই) ভোরে রিয়াদের উদ্দেশে যাত্রা করছেন পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে প্রশ্নে তিনি বলেন, সৌদি আরব আমাদের বড় উন্নয়ন সহযোগী। সেখানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস করে এবং দেশে রেমিট্যান্স পাঠায়। গ্রিন এনার্জি, সৌরশক্তি ও বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আমাদের সাথে সৌদি সহযোগিতা রয়েছে। শিল্প ক্ষেত্রে বিনিয়োগের জন্য আমরা তাদের বলব।

মন্ত্রী ব‌লেন, পাশাপাশি সৌদিরা যেহেতু বিভিন্ন দেশের ব্যাংকে অর্থ রাখে, আমাদের দেশের ব্যাংকগুলোর অফশোর অ্যাকাউন্টে অর্থ রাখার প্রস্তাব তাদেরকে দিতে পারি। তারা নিয়মানুযায়ী লাভ পাবে এবং সেই অ্যাকাউন্ট থেকে তারা তাদের মুদ্রায় লেনদেন করতে পারবে। বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশিদের জন্য অফশোর অ্যাকাউন্ট সুবিধার জানালা আমরা উন্মুক্ত করেছি, এটি আমরা তুলে ধরতে চাই।

কুমিল্লা চান্দিনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:

জেলার চান্দিনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. জামাল হোসেনকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
এসময় মো. জামাল হোসেন আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

জামাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরু মিয়ার ছেলে। জামাল পেশায় একজন রিকশাচালক। হত্যাকাণ্ডের শিকার জামাল হোসেনের স্ত্রী মোছা. মলেকা বেগম।

মামলা বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী মলেকা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন জামাল হোসেন। হত্যার পর রশি দিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান। পরে স্বজনরা চান্দিনা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড়ভাই খোরশেদ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নুরুল ইসলাম নিহতের স্বামী মো. জামাল হোসেনকে ঘটনার তিনদিন পর আদালতে হাজির করেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এরপর তদন্তকারী কর্মকর্তা ২০১৪ সালের ১৪ নভেম্বর আদালতে জামালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে আজ মামলার এ রায় ঘোষণা করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি মো. নুরুল ইসলাম বলেন, আমরা আশাবাদী উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে প্রায় ১০ হাজার অনুপস্থিত

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিনে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে (সিলেট বাদে) বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন অনুপস্থিত ছিলেন প্রায় ১০ হাজার শিক্ষার্থী, যা গত বছরের প্রথম দিনের পরীক্ষার তুলনায় প্রায় দ্বিগুণ।

বন্যার কারণে এ বছর সিলেট বোর্ড ছাড়া বাকি ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরও বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত ছিল। গত বছরও এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে ৫ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অনুস্থিত ছিল।

রোববার (৩০ জুন) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিতির হার বেশি হতে পারে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- প্রথম দিনে সিলেট বোর্ড বাদে বাকি ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের ১ হাজার ৪৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা প্রথমপত্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন। বাকি ৯ হাজার ৯৭০ জন অনুপস্থিত। মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির হার ১ দশমিক শূন্য ৭ শতাংশ।

এদিকে, প্রথম দিনে সবচেয়ে বেশি অনুপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ২ হাজার ৬০১ জন শিক্ষার্থী বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী বোর্ডে ১ হাজার ৫০৮ জন, কুমিল্লায় ১ হাজার ১৫৬ জন, যশোরে ১ হাজার ৩২৮ জন, চট্টগ্রামে ৯৭৫ জন, বরিশালে ৭২৭ জন, দিনাজপুরে ১ হাজার ১৩ জন, ময়মনসিংহে ৬৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে ৮টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সারাদেশে ২০ জন পরীক্ষার্থী ও একজন কক্ষ পরিদর্শককে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।

বৃষ্টির কারণে পরীক্ষায় অনুপস্থিতি বেড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, ‘গত বছরের চেয়ে এবার অনুপস্থিতি কিছুটা বেশি। সেক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া একটি কারণ হতে পারে। আবার এবার পরীক্ষার্থীর সংখ্যাও কিছু বেশি।’

তিনি বলেন, ‘আমরা বৃষ্টির পূর্বাভাস পাওয়ায় একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী দেরিতে কেন্দ্রে আসলে, তাকে সময় সমন্বয় করে দেওয়ার নির্দেশনা দিয়েছি। আশা করি, শিক্ষার্থী ও অভিভাবকরা হাতে সময় নিয়ে পরীক্ষার কেন্দ্রে আসবেন।’

কোপা-ইউরোয় যে বিচিত্র অভিজ্ঞতা হলো মেসি-রোনালদোর

স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকায় লিওনেল মেসি আর ইউরোয় ক্রিশ্চিয়ানো রোনালদোর এবার অন্যরকম অভিজ্ঞতা হলো। নিজ নিজ দেশের সর্বোচ্চ গোলদাতা তারা দুজন, রোনালদো তো আন্তর্জাতিক ফুটবল ইতিহাসেই সর্বোচ্চ গোলের মালিক। অথচ এবার নিজ নিজ মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় খেলতে নেমে গ্রুপ পর্বে কোনো গোলই পেলেন না তারা!

রোনালদোর ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। গ্রুপ পর্বে তিন ম্যাচে মাঠে নেমেও একবারও লক্ষ্যভেদ করতে পারেননি। যদিও তিন ম্যাচেই ভুরি ভুরি গোলের সুযোগ তৈরি করেছিলেন।

মেসির অবশ্য এমন অভিজ্ঞতা আগেও হয়েছে। নিজের প্রথম দুই কোপা আমেরিকায় গ্রুপ পর্বে মেসি পায়ে কোনো গোল আসেনি। ২০০৭ এবং ২০১১ কোপার পর অবশ্য চার কোপাতেই গ্রুপ পর্বে গোল করেন তিনি।

ইউরোর মঞ্চে প্রথমবার রোনালদো হাজির হন ২০০৪ সালে। সেই যে শুরু এরপর একে একে ছয় ইউরোতে খেললেন তিনি। কিন্তু আগের পাঁচবারই গ্রুপ পর্ব শেষে তার নামের পাশে গোল থাকলেও এবার গোলের খাতা শুন্য।

মেসি প্রথম নিজের খেলা তৃতীয় কোপায় এসে প্রথমবার গ্রুপ পর্বে জালের খুঁজে পান। ২০১৫ কোপায় প্রথম ম্যাচেই গোল পেয়ে যান। পরেরবার তো গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন। ২০১৯ এবং ২০২১ কোপা আমেরিকার গ্রুপ পর্বেও তার গোলের ধারা অব্যাহত থাকে।

এবারের গ্রুপ পর্বে অবশ্য তিন ম্যাচের মধ্যে দুটিতে মাঠে নামা হয়েছে মেসির। শেষ ম্যাচে পেরুর বিপক্ষে চোটের কারণে মাঠে নামা হয়নি তার। সে চোট কাটিয়ে কোয়ার্টার ফাইনালে ফিরবেন মেসি, এমনটাই প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের।

কুমিল্লার চৌদ্দগ্রামে দাফনের ৯ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ তরুণী!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে রোকসানা আক্তার (৩০) নামের এক নারীকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় ও স্বজনদের দাবি, ৯ দিন আগে ড্রেনের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। পরে তাকে ‘দাফন’ করা হয়েছিল।

এমনই ঘটনা ঘটেছে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামে। ফিরে আসা রোকসানা আক্তার ওই এলাকার মৃত তাজুল ইসলামের মেয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, মে মাসের শেষের দিকে রোকসানা বাড়ি থেকে ছোট ভাই সালাহ উদ্দিনের চট্টগ্রামের বাসায় বেড়াতে যান। ১ জুন ভোরে কাউকে কিছু না জানিয়ে তিনি বাসা থেকে বের হন। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ১৭ জুন (ঈদুল আজহার দিন) বিকেলে ফেনী শহরে ভাড়া বাসায় অবস্থানরত রোকসানার খালাতো বোন হাজেরা আক্তার ও খালাতো ভাই শাহজাহান খবর পান শহরের জিয়া মহিলা কলেজের সামনে ড্রেনের মধ্যে এক নারীর মরদেহ পড়ে আছে। বিষয়টি রোকসানার ভাই এবায়দুল হককে ফোনে জানানো হয়।

তিনি খবর পেয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়িতে গিয়ে মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শক (এসআই) প্রতুল দাসের সঙ্গে দেখা করে বোন রোকসানার একটি ছবি দেখান। পরে পুলিশ এবায়দুল হকের কাছে মরদেহ হস্তান্তর করে। ওইদিন আসরের নামাজের পর গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর মধ্যমপাড়ায় সামিশকরা দিঘির দক্ষিণপাড়ে মরদেহ দাফন করা হয়। এরইমধ্যে রোকসানার নামে কুলখানিও সম্পন্ন হয়। ৯ দিন পর বুধবার (২৬ জুন) বিকেলে হঠাৎ বাড়িতে হাজির হন ‘নিহত’ রোকসানা। তাকে দেখে সবাই আঁতকে ওঠেন।

এ বিষয়ে রোকসানার ভাই এবায়দুল হক বলেন, ‘রোকসানা আমাদের জানিয়েছে সে নাকি ঢাকায় ছিল। তবে মাঝে মাঝে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সেখানে কোনো আত্মীয়ের বাসায় যায়নি। হয়তো রাস্তা বা কারও বাসায় ছিল। মানসিকভাবে অসুস্থ হওয়ায় সে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘খালাতো ভাই-বোনের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশের কাছে ছুটে গিয়েছিলাম। তখন ছবিতে কিছুটা মিল থাকায় বোনের মরদেহ মনে করে পুলিশ অজ্ঞাতপরিচয় মরদেহটি আমাদের কাছে হস্থান্তর করে। আমরাও রোকসানা মনে করে দাফন করেছি। বুধবার বিকেলে রোকসানা জীবিত বাড়ি ফেরায় ফেনী মডেল থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’

এ বিষয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই প্রতুল দাস বলেন, ‘উদ্ধার করা মরদেহটি বিকৃত ছিল। এবায়দুল হক ও তার স্বজনরা মরদেহটি রোকসানার বলে শনাক্ত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্থান্তর করা হয়। এখন যেহেতু তাদের বোন সশরীরে বাড়িতে উপস্থিত হয়েছেন, বিষয়টি নতুন করে তদন্ত করা হবে।’

ফিরে আসা রোকসানা বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছি। সেখানে আমার একটি চাকরি হয়েছে। জামা-কাপড় নেওয়ার জন্য বাড়িতে এসেছি। এরই মধ্যে শরীর খারাপ থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ২৬ জুন বাড়িতে এলে আত্মীয়-স্বজনরা আমাকে দেখে হতবাক হয়েছেন। তখন আমি জানতে পারি, আমি নাকি মারা গেছি এবং আমার মরদেহও দাফন করা হয়ে গেছে। আমিতো জীবিত ফিরে এলাম।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, স্থানীয়ভাবে যতটুটু জেনেছি ফিরে আসা নারীটির মানসিক সমস্যা রয়েছে। তিনি এর আগেও একাধিকবার হারিয়ে গিয়েছিলেন। আবার নিজেই বাড়িতে এসেছেন।

বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে: কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে চিকিৎসাসেবা গ্রহণের কোনো নজির নেই। কিন্তু বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়াই খালেদা জিয়ার মুক্তির দাবি করছে। এমনকি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উসকানি দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং দলটি একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয় দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও শেখ হাসিনা তাকে নিজ বাসায় থেকে দেশের সর্বাধুনিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন। সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান। খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়। আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির দেশত্যাগের কোনো বিধান নেই। মানবিক কারণে শেখ হাসিনা নির্বাহী ক্ষমতা ব্যবহার করে সাজা স্থগিত করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন।

৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে দাউদকান্দি পৌরসভা

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

নিজস্ব উৎসের ওপর ভর করে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৬০৪ টাকার বাজেট ঘোষণা করেছেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন । রবিবার দুপুর সাড়ে ১২টার সময় পৌরসভার সভাকক্ষে এবাজেট ঘোষণা করেন তিনি। তবে গত বছরের তুলনায় এবার বাজেটের আকার কমেছে।

এবারের বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার টাকা।

বাজেটে রাজস্ব আয় ১১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯৫৯ টাকা এবং রাজস্ব ব্যয় ৮ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। উন্নয়ন আয় দেখানো হয়েছে ২৪ কোটি ৭ লাখ ৩২ হাজার ৬৩৪ টাকা এবং উন্নয়ন ব্যয় ২২ কোটি ২ লাখ টাকা।

মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, দাউদকান্দি পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভা প্রশাসন কাজ করছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন এখন দৃশ্যমান। উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে বিভিন্ন দাতা গোষ্ঠী, সরকার এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করে তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় আগামী ২০২৪- ২৫ অর্থবছরে ঘোষিত বাজেট অনুযায়ী পৌরসভার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।

বাজেট সভায় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, হিসাব রক্ষক মোঃ শাহাদাত হোসেন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী আক্তার, কাউন্সিলর এনামুল হক এমেল, খন্দকার বিল্লাল হোসেন সুমনসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরগণ।

বেনজীরের ৪ ফ্ল্যাটে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলশানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে থাকা চারটি ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এর আগে গত ২৭ মে ওই চারটি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দেওয়া হয়। পরে ৪ জুন ফ্ল্যাট দেখভালের জন্য তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগ দেওয়ার নির্দেশ দেন একই আদালত।

ওই আদেশের পর চারটি ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলেও চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন। এ কারণে সেখানে প্রবেশের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করে দুদক। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।

দুদকের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটে তত্ত্বাবধায়কের প্রবেশ, মালামালের ইনভেনটরি, স্পেসের পরিমাপপূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে সদয় আদেশ-নির্দেশনা চেয়ে আবেদন করেন।

পরে দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন। তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবেন চারটি ফ্ল্যাটের দেখভালে নিয়োজিত থাকা দুদক কর্মকর্তা।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে ক্রয়কৃত গুলশান-১-এ অবস্থিত র্যাংকন আইকোন টাওয়ারের চারটি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের পরিচালককে (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) রিসিভার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এ আদেশ পাওয়ার পর পরিচালক (সম্পদ ব্যবস্থাপনা) একটি টিমসহ গত ১৩ জুন সংশ্লিষ্ট বিল্ডিংয়ের ফ্ল্যাটসমূহ পরিদর্শনে যান।

সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহ রক্ষণাবেক্ষণকাজে যেসব সার্ভিস চার্জ, ইলেকট্রিসিটি বিল, পানি ও গ্যাস বিলসহ অন্যান্য বিষয়ে আর্থিক খরচের বিষয়াদি রয়েছে। সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহ ভাড়া প্রদান করতে হলে উক্ত ফ্ল্যাটসমূহ খুলতে হবে এবং এর বাণিজ্যিক-আবাসিক ভাড়ার হার নিরূপণ করার জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে জায়গা পরিমাপ করা প্রয়োজন। এ ছাড়া উক্ত ফ্ল্যাট বা ফ্ল্যাটসমূহের অভ্যন্তরে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের একটি তালিকা। ইনভেন্ট্রি করার জন্য একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া প্রয়োজন।