All posts by jitu

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের দায়িত্বে শাকিল-তালহা

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের রোটাবর্ষ ২০২৪-২৫ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা: শেখ শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটাঃ মোঃ তালহা জুবায়ের।

আজ শনিবার (১৬ আগস্ট) সংগঠনের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি ঘোষণা করা হয়। প্রায় ১৫০ এর বেশি শিক্ষার্থীদের আবেদনের বিপরীতে যাচাই বাছাই করে ২৬ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ০১ জুলাই, ২০২৪ থেকে এ আগামী ২০২৪-২৫ রোটারি বর্ষের দায়িত্ব পালন করবেন।

২০২৪-২৫ রোটারি বর্ষের দায়িত্বপ্রাপ্তরা হলেন- রোটার‍্যাক্টর আবু হুরাইরা (ভাইস প্রেসিডেন্ট), রোটার‍্যাক্টর সৈয়দ মাহফুজুল করিম (জয়েন্ট সেক্রেটারি), রোটার‍্যাক্টর সাকিফ মাশরুর আহমেদ (ট্রেজারার), রোটার‍্যাক্টর নেয়ামতউল্লাহ (ইডিটর), রোটার‍্যাক্টর নাজমুল আলী (ইডিটর), রোটার‍্যাক্টর তানভীর আনজুম সাজন (ক্লাব সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর শাহানাজ আক্তার, রোটার‍্যাক্টর আল-আমিন (জয়েন্ট ক্লাব সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর মোঃ ইয়াকুব (কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর ইসরাত জাহান তামান্না, রোটার‍্যাক্টর ফেরদৌস হাসান জাফরী (জয়েন্ট কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর রেজাউল করিম সিয়াম (প্রফেশনাল সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর জুবায়েদ হোসেন, রোটার‍্যাক্টর মনিরা আক্তার শিলা (জয়েন্ট প্রফেশনাল সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর মেশকাত শরীফ (ফাইন্যান্সিয়াল সার্ভিস ডাইরেক্টর), রোটার‍্যাক্টর রায়হান আহমেদ, রোটার‍্যাক্টর মহিমা আক্তার (জয়েন্ট ফাইন্যান্সিয়াল সার্ভিস ডাইরেক্টর),রোটার‍্যাক্টর রোকেয়া সেলিম (পিআর এন্ড কমিউনিকেশন ডাইরেক্টর), রোটার‍্যাক্টর অর্পিতা দত্ত, রোটার‍্যাক্টর ফয়সাল মিয়া (জয়েন্ট পিআর এন্ড কমিউনিকেশন ডাইরেক্টর), রোটার‍্যাক্টর ফরহাদ হোসাইন (চিফ সার্জেন্ট এট আর্মস), রোটার‍্যাক্টর জিসান মাহমুদ, রোটার‍্যাক্টর মাহফুজুর রহমান ভুইঁয়া, রোটার‍্যাক্টর মোঃ হামিদুর রহমান (সার্জেন্ট এট আর্মস), রোটার‍্যাক্টর নিলয় সরকার, রোটার‍্যাক্টর বোরহান উদ্দিন বাসিম (এক্সিকিউটিভ মেম্বার)

সদ্য সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া শেখ শাকিল আহমেদ বলেন, “আমাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতির দায়িত্ব প্রদান করার জন্য এবং আমার উপর বিশ্বাস ও আস্থা রেখে এই পদের জন্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার লক্ষ্য হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটিকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে এলিট ক্লাবে রূপান্তরিত করা।আমাদের ক্লাবের সফলতা আমাদের সকল সদস্যের কঠোর পরিশ্রম এবং কমিটমেন্টের ফলাফল। আমি তাদের ধন্যবাদ জানাই এবং আশা করি আমরা একসাথে কাজ করে আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং আমাদের ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মোঃ তালহা জুবায়ের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “রোটার‍্যাক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন যা ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত। এর উদ্দেশ্য হলো, নিজ ব্যক্তিত্ব বিকাশে তরুন-তরুণীদের মধ্যে জ্ঞান ও কর্ম দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা এবং বন্ধুত্ব ও সেবার সাংগঠনিক কাঠামোর মাধ্যমে এক অপরের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলা। রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ে সামাজিক, সেচ্ছাসেবী এবং যুবকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে, এবং আগামীতে এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ”

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ক্লাবের সদস্যদের দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম যেমন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা, গরিব দুস্থ মানুষকে আর্থিকভাবে সহায়তা, বিভিন্ন সসচেতনতামূলক কর্মসূচি, বৃক্ষরোপন, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা কার্যক্রম সফলতার সাথে করে আসছে।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

নিউমার্কেট থানার হত্যা মামলায় অব্যাহতি পাওয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হয়েছেন।

শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। বিকালে তাকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল করা হয়। এর অংশ হিসেবে গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (গোয়েন্দা) থাকাবস্থায় জিয়াউল আহসান বহুল পরিচিত ছিলেন। ওই সময় কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি। এ ছাড়া চাকরিচ্যুতের আগ পর্যন্ত সেনাবাহিনীর এই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চান ভ্লাদিমির পুতিন

ডেস্ক রিপোর্ট:

উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় রাশিয়া। ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় এ আকাঙ্ক্ষা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের এই আহ্বানে সাড়া দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনও। রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে কিম বলেন, “রাশিয়া এবং উত্তর কোরিয়ার জনগণ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যকার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দুই দেশের শত্রুপক্ষ এক এবং এই শত্রুর বিরুদ্ধে রক্তাক্ত লড়াই এ বন্ধুত্বের ভিত্তি। এই বন্ধুত্বকে আমরা বিস্তৃত সহযোগিতা এবং অজেয় কমরেডশিপে নিয়ে যেতে চাই।”

গত বছর সেপ্টেম্বরে মস্কো সফরে যান কিম জং উন। তার সেই সফরের ৯ মাস পর, গত জুন মাসে পিয়ংইয়ং সফরে আসেন পুতিন। সেই সফরে ‘বিস্তারিত কৌশলগত অংশীদারিত্ব’র চুক্তি স্বাক্ষর হয় দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। এই চুক্তির প্রতিরক্ষা সহযোগিতাও ছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং উত্তর কোরিয়ার প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে যে মস্কোকে নিয়মিত রকেট এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে পিয়ংইয়ং। এই অভিযোগ নিয়ে পশ্চিমা বিশ্বের আলোচনার মধ্যেই উত্তর কোরিয়াকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা পাঠালেন পুতিন।

অবিভক্ত কোরিয়া একসময় জাপানের উপনিবেশ ছিল। ১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩৫ বছরের যুদ্ধে স্বাধীনতা লাভ করে কোরিয়া উপদ্বীপ; একই সঙ্গে জন্ম হয় উত্তর ও দক্ষিণ কোরিয়া নামের দু’টি পৃথক রাষ্ট্রের।

কোরিয়ার স্বাধীনতা যুদ্ধ চলমান অবস্থাতেই ১৯৩৯ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সে সময় কোরিয়াকে সেনা, গোলাবারুদ এবং রসদ দিয়ে সহযোগিতা করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। স্বাধীনতার পর উত্তর কোরিয়া তৎকালীন সোভিয়েত ব্লকে প্রবেশ করে, আর দক্ষিণ কোরিয়া মিত্রতা স্থাপন করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সঙ্গে।

স্বাধীনতা যুদ্ধে যেসব রুশ সেনা শহীদ হয়েছিলেন, তাদের কবরস্থান রয়েছে উত্তর কোরিয়ায়। প্রতি বছর স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন করতে সেই কবরস্থানে যান কিম। এবারও গিয়েছিলেন।

সূত্র : রয়টার্স

অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘ সহযোগিতা দিতে প্রস্তুত

ডেস্ক রিপোর্ট:

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা। সংস্থাটি নতুন সরকারের সঙ্গে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘে সাধারণ পরিষদ অধিবেশনের বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র মনিকা গ্রেইল।

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি- জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারীর এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন সংস্থাটির মুখপাত্র মনিকা গ্রেইলের কাছে জানতে চান- ড. ইউনূসকে নিজেদের অংশীদার মনে করে জাতিসংঘ। সেই প্রেক্ষিতে এই সরকারকে কীভাবে দেখছেন?

জবাবে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দরজা ড. ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য তিনি (সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি) অব্যাহতভাবে কাজ করে যাবেন।

অপর এক প্রশ্নে এই প্রতিবেদক নিয়মিত ব্রিফিংয়ে যোগ দিয়ে জানতে চান, সাবেক স্বৈরাচার শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশের কারণে বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভে যে বর্বরতা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছে জাতিসংঘের একটি তদন্ত দল। এ বিষয়ে মহাসচিবের অভিমত কী?

জবাবে জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, তদন্ত দলটি কী কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে।

পরে ইমেইলে পাঠানো এই প্রশ্নের বর্ধিত জবাবে ফারহান হক বলেন, মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং মুহাম্মদ ইউনূস আমাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে, সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন, যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত। আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে যাতে সহায়তার ক্ষেত্র এবং সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায়। হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মানুষের একটি সফল ক্ষমতা হস্তান্তরের জন্য খুবই প্রতিশ্রুতিবদ্ধ, যা মানবাধিকার রক্ষার শক্তিশালীকরণে সহায়ক হবে।

মুশফিক তার দ্বিতীয় প্রশ্নে জানতে চান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধানকে জাতিসংঘ তাদের একজন অংশীদার মনে করে- এমন বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন দিতে দেশটির সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াবেন কিনা মহাসচিব? এদিকে, ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক একনায়ক ও প্রধানমন্ত্রী বিকৃত তথ্য ছড়াচ্ছেন এবং সহিংসতাকে উস্কে দিচ্ছেন।

জবাবে মুখপাত্র ফারহান হক বলেন, আপনি বাংলাদেশকে সমর্থনের যে কথা বলেছেন সে বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে, প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত।

কুমিল্লায় আ.লীগের হামলায় গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিতে আহত বিএনপিপন্থি আইনজীবী আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ট্রমা সেন্টার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আবুল কালাম আজাদ কুমিল্লা বার ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সদস্য।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশের মতো কুমিল্লার সর্বস্তরের মানুষও আনন্দ উদযাপন করতে রাস্তায় নেমে আসেন। বিজয় উৎসব শেষ করে বাসায় ফিরছিলেন সিনিয়র আইনজীবী কাইমুল হক রিংকু, তার ছেলে শাফিউল হক আলভী, আরফানুল হক আবরিন এবং জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ ও কুমিল্লা বারের সদস্য আবুল কালাম আজাদ। এ সময় নগরীর মোগলটুলী এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা
সৈয়দ রায়হান আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে গুলি এবং ককটেল ছুড়ে। এতে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ কোমরে গুলিবিদ্ধ হন। আর আইনজীবী কাইমুল হক রিংকু এবং তার দুই ছেলে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ মারা যান।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় পাঁচজন এজাহার নামীয়সহ ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে কাউন্সিলর রায়হান আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দাউদকান্দির মোড়ে মোড়ে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

 

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দিতে শোক পালনের নামে নৈরাজ্য করতে দেয়া হবে না। সে জন্য উপজেলার প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশের ন্যায় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছাড়া কোথাও নেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দাউদকান্দি উপজেলা সদরসহ ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করেছেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়।

দাউদকান্দি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়, গৌরীপুর বাসস্ট্যান্ড, বাজার, ইলিয়টগঞ্জ, সুন্দলপুর, মোহাম্মদপুরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা আবুল হাসেম, আলহাজ্ব জসিম উদ্দিন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি সাহাবুদ্দিন, বিএনপি নেতা এম এ সাত্তার, পৌর বিএনপি’র সদস্য সচিব কাউছার আলম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশারফ হাজারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন, কাউন্সিলর সালাউদ্দিন সরকার,সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার,উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার,মহিলা দলের নেত্রী অ্যাড.ফরিদা ইয়াসমিন ডলি,আইরিন সরকার,শিল্পী আক্তার,রেবেকা সুলতানা প্রমুখ।

পরে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ৫আগষ্ট ভাংচুর ও লুটপাট হওয়া গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রটি পরিদর্শন করেন।

এদিকে ১৫ আগষ্টের ছুটি বাদ করার সরকারি প্রজ্ঞাপণ জারি হওয়ায় উপজেলার সবকটি সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম চলেছে।

স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।

এর আগে ছাত্রদের আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা দফায় দফায় স্থগিত করা হয়। তিন দফায় মোট আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় তথ্য জানিয়ে সব পরীক্ষা স্থগিত করা হয়।

এ বিষয়ে তপন কুমার সরকার জানান, পুড়ে যাওয়ায় প্রশ্ন নতুন করে ছাপিয়ে পরীক্ষা নিতে অন্তত এক মাস সময় লাগবে। তবে আগামী ৩০ দিনের মধ্যে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার সূচি প্রকাশ করা হবে।

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে– ছড়িয়ে পড়া এমন খবরের বিষয়ে তিনি বলেন, একটা ভুয়া খবর বের হয়েছিল, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। এটা আসলে ঠিক নয়। আগের সিলেবাসেই বাকি পরীক্ষাগুলো হবে।

গত ৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের বিরাজমান পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাগুলো অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তার আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংস কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টে পরীক্ষা স্থগিত করে শিক্ষাবোর্ড। সব মিলিয়ে এইচএসসির ৮টি পরীক্ষা স্থগিত করা হয়।

এবার শেখ হাসিনার বিরুদ্ধে শিশুহত্যা মামলা

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মোহাম্মদপুরের দারুন্নাজাত ইসলামিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র জোবাইদ হোসেন ইমনকে (১২) র‌্যাবের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের নামে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) নিহত ইমনের মামা আব্দুল্লাহ আবু সাঈদ ভুইয়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পঞ্চম মামলা এটি। এর মধ্যে মঙ্গলবার (১৩ আগস্ট) একটি ও বুধবার (১৪ আগস্ট) তিনটি মামলা করা হয়।

ইমন হত্যা মামলার অপর আসামিরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত আইজিপি ও র‍্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ মহিউদ্দিন, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং হেলিকপ্টার টহল টিমের অজ্ঞাতনামা সদস্যরা।

চৌদ্দগ্রামে পুকুর থেকে ৫লক্ষাধিক টাকার মাছ লুট

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জের ধরে একটি পুকুর থেকে বিভিন্ন প্রজাতির ৫লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় প্রতিপক্ষ।

এ ঘটনায় ভোক্তভোগী এনামুল হক রেজাউল করিম নামের এক ব্যক্তিকে প্রধান আসামী করে ৯জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করে।

গত ১৪ আগস্ট গভীর রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামের একটি পুকুরে মাছ লুটের এ ঘটনাটি ঘটে।

তথ্যটি বৃহস্পতিবারে নিশ্চিত করেছেন থানার উপ-পরির্দশক আলমগীর হোসেন।

ভোক্তভোগী খন্দকার এনামুল থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, তিনি বিবাদী রেজাউল করিম রাজু ৩ বোন থেকে জায়গা ক্রয় করে একটি পুকুর খনন করে মাছ চাষসহ ভোগ দখল করে আসছে। ১৪ আগস্ট গভীর রাতে রেজাউল করিম রাজুর নেতৃত্বে ৭ জন অভিযুক্ত তার পুকুর থেকে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায় এবং জোরপৃর্বক জায়গাটি দখল করে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আলমগীর বলেন, ভুক্তভোগী খন্দকার এনামুল হকের লিখিত অভিযোগের প্রেক্ষীতে তদন্ত করা হচ্ছে। তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।