All posts by jitu

একতা কাপুর ফের মা হচ্ছেন

ডেস্ক রিপোর্ট:

ফের মা হচ্ছেন বলিউড অভিনেতা জিতেন্দ্র কন্যা এবং পরিচালক-প্রযোজক একতা কাপুর। ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে প্রথমবার মা হন তিনি। এবারও কি সারোগেসির সাহায্য নিচ্ছেন তিনি?

২০১৯ সালে ছেলের মান হন একতা। নাম রেখেছেন রবি। ছেলের বয়স এখন পাঁচ। এরমধ্যেই এবার বলিপাড়ায় ফের গুঞ্জন উঠেছে, দ্বিতীয়বার মা হচ্ছেন এই প্রযোজক।

জিতেন্দ্রর দুই সন্তান একতা এবং তুষার, কেউই বিয়ে করেননি। ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তার ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছিলেন একতা। ভাইপোকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঘনিষ্ঠ মহলে একতা জানিয়েছেন, তিনি বিয়ে করবেন না। কিন্তু, মা হয়ে সন্তানকে বড় করতে চান। সে কারণেই সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

যদিও ৩৬ বছর বয়স থেকেই নিজেই ডিম্বাণু সংরক্ষণ করছেন একতা। বিয়েতে অনীহা, তবু মা হতে চেয়েছিলেন। তাই সারোগেসির মাধ্যমেই মা হয়েছেন তিনি। এবারও সেই পন্থাই অবলম্বন করবেন। যদিও এই প্রসঙ্গে এখন একতার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

একতা চেয়েছেন তার ছেলে রবি যাতে সঙ্গীর অভাববোধ না করে, তাই এই সিদ্ধান্ত। তিনি ও তার ভাই তুষার যেমন একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তেমনটাই হোক তার ছেলের ক্ষেত্রেও। সেই কারণেই ফের মা হওয়ার সিদ্ধান্ত তার।

আইপিএল থেকে ফিরেই ম্যাচসেরা মুস্তাফিজুর রহমান

ডেস্ক রিপোর্ট:

চলমান আইপিএলে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আসরে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেন টাইগার এই পেসার। জাতীয় দলের খেলা থাকায় আসরের মাঝপথেই টুর্নামেন্ট ছেড়েছেন।

এবার আইপিএল থেকে ফিরে গতকাল প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। দলের জয়ে বড় অবদান রেখে হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল ৪ ওভার বোলিং করে দিয়েছেন ১৫টি ডট। ডটের সঙ্গে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচ শেষে ব্রডকাস্টার চ্যানেলকে মুস্তাফিজ জানালেন সবসময় এভাবেই দলে অবদান রাখতে চান।

মুস্তাফিজ বলেন, ‘আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আমি যেখানেই খেলি সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা জাতীয় দল- আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। জাতীয় দল তো সবার আগে। উইকেট কিছুটা স্লো ছিল। সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে এটা আমাকে সাহায্য করেছে।’

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত

ডেস্ক রিপোর্ট:

দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হেনেছে পৃথিবীতে। এর ফলে শুক্রবার (১০ মে) তাসমানিয়া থেকে শুরু করে যুক্তরাজ্যের আকাশে আকর্ষনীয় মহাকাশীয় আলো বা অরোরা দেখা দিয়েছে। বিরল এই সৌরঝড় আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং এর কারণে বিভিন্ন উপগ্রহ ও বৈদ্যুতিক গ্রিডের কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)-এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মতে, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টার পর থেকে বেশ কয়েকটি করোনাল ম্যাস ইজেকশনের (সিএমই)-এর ঘটনা ঘটেছে। সূর্য থেকে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র বেরিয়ে আসার ঘটনাকে সিএমই বলা হয়ে থাকে।

পরে এটি ‘মারাত্মক’ ভূ-চৌম্বকীয় ঝড়ে পরিণত হয়। ২০০৩ সালের অক্টোবরে তথাকথিত ‘হ্যালোইন স্টর্মস’-এর পর এ ধরনের ঘটনা এটিই প্রথম। ২১ বছর আগের ওই সৌর ঝড়ে সুইডেনে ব্ল্যাকআউট এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আগামী দিনগুলোতে আরও সিএমই পৃথিবীতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিরল এই সৌরঝড় যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের শঙ্কা আনলেও একইসঙ্গে তৈরি করেছে মনোমুগ্ধকর দৃশ্যও।

সৌরঝড়ের কারণে বর্তমানে উত্তর ইউরোপ থেকে করে অস্ট্রেলেশিয়া পর্যন্ত অরোরা বা নর্দার্ন লাইট দেখা যাচ্ছে আকাশে। সেই দৃশ্যের ছবি ও ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে সৃষ্ট সম্ভাব্য ব্যাঘাতের জন্য স্যাটেলাইট অপারেটর, এয়ারলাইনস এবং পাওয়ার গ্রিডগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সোলার ফ্লেয়ার বা সৌর অগ্নিশিখা সাধারণত আলোর গতিতে ভ্রমণ করে এবং প্রায় আট মিনিটের মধ্যে পৃথিবীতে এসে পৌঁছায়। সেই তুলনায় সিএমইর গতি অনেকটাই ধীর। এর গড় গতি প্রতি সেকেন্ডে ৮০০ কিলোমিটারের মধ্যে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে গাজায় হামলার ক্ষেত্রে ইসরাইল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন।

শুক্রবার (১০ মে) ইসরাইলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়। এ সময় কংগ্রেসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়া পর এমন তথ্য সামনে এলো।

হোয়াইট হাউসের নির্দেশিত পর্যালোচনায় দেখা গেছে, গত বছর থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ইসরাইল কীভাবে ব্যবহার করেছে। যদিও ওই প্রতিবেদনে ইসরাইলি সেনাবাহিনীর অভিযানের তীরষ্কার করা হয়। তবে এটা স্পষ্ট করে বলা হয়নি যে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা।

এতে আরও বলা হয়, গাজায় হামলার ক্ষেত্রে ইসরাইল সেনাবাহিনীকে হামাসের বিরুদ্ধে একটি কঠিন সামরিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরাইল যেভাবে আশ্বস্ত করেছে, এ জন্য তাদের আরও অস্ত্র পাঠানো যেতে পারে। সামরিক উদ্দেশ্য হাসিলের জন্য হামাস বেসরকারি অবকাঠামোতে হামলা এবং মানব ঢালকে যেভাবে ব্যবহার করেছে, তাতে বৈধ প্রক্রিয়ায় স্থলভাগে নির্দিষ্ট বস্তুকে লক্ষ্য করে হামলা চালানো কঠিন ছিল।

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, এটি ‘মূল্যায়ন করা যুক্তিসঙ্গত’ যে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো ব্যবহারের বিষয়ে ইসরাইলের কিছু বাধ্যবাধকতা থাকলেও সেগুলো ‘অসঙ্গতিপূর্ণ’ উপায়ে ব্যবহার করা হয়েছে।

তবে স্টেট ডিপার্টমেন্ট বলছে, মার্কিন সরকারের কাছে তার এই মূল্যায়নে ‘সম্পূর্ণ তথ্য’ নেই।

বিবিসি বলছে, বিলম্বের পর শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই রিপোর্ট পেশ করা হয়। হোয়াইট হাউসের নির্দেশিত পর্যালোচনায় দেখা গেছে, দেশটি কীভাবে গত বছর সংঘর্ষের শুরু থেকে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই সময়ে তারা ১২০০ মানুষকে হত্যা এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যায়।

এ হামলার প্রতিবাদে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। কিন্তু হামলায় দেশটি কোনো নিয়মিত তোয়াক্কা করেনি। ফলে ৩৪ হাজারের বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে।

চৌদ্দগ্রামে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৮৩৮) জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মহাসড়কের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত এগারটায় চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ মাথায় মতিন মাইকের সামনে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারকে দাঁড়ানোর সংকেত দিলে পুলিশকে দেখে পাইভেটকার চালক গাড়ী থামিয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে থানার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে এর পেছনের ঢালার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত পাইভেটকারটি জব্দ করে পুলিশ। শুক্রবার সকালে থানায় এ সংক্রান্তে মাদক আইনে মামলা (মামলা নং-১০/১০.০৫.২০২৪ খ্রিস্টাব্দ) দায়ের করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত পাইভেটকারটি জব্দ করা হয়। পরে এ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত

ডেস্ক রিপোর্ট:

অবশেষে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। ১০ মে ছিল সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন। এর মধ্যেই সব সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দ্বীপরাষ্ট্রে মোতায়েন থাকা ৮৯ ভারতীয় সেনাকর্মীই দেশে ফিরে গেছেন। উল্লেখ্য, নির্বাচনে জেতার পরই দেশ থেকে ভারতীয় সেনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একাধিকবার ঘোষণা দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকবছর ধরে মালদ্বীপে ৮০ জন ভারতীয় সেনা সদস্য কর্মরত ছিলেন। মালদ্বীপে থাকা দুটি ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনা করতেন তারা।

তবে প্রেসিডেন্ট মুইজ্জুর প্রথম সিদ্ধান্তই ছিল, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরাতে হবে। তার পরেই গত ২ ফেব্রুয়ারি এই নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে ৮৯ জন ভারতীয় জওয়ান ও তাদের সহযোগীদের সরাতে হবে ১০ মে-র মধ্যে।

সরকারের এ দুঃশাসন জনগণ বেশিদিন মানবে না : রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৯ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেছেন, নির্বাচন নিয়ে চলছে তামাশা। চারদিকে চলছে লুটপাটের সংস্কৃতি। সরকারের এ দুঃশাসন জনগণ বেশিদিন মানবে না।

শুক্রবার (১০ মে) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ডামি সরকার বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে না, ভারতের ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে। এক আদানি গ্রুপকে বছরে ১০ হাজার কোটি টাকা ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনের লুটপাটের সুযোগ করে দিয়েছে। তারা আগে ছিল সিঙ্গাপুরের শীর্ষ ধনী, এখন তারা বিশ্বের শীর্ষ ধনীতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর উপজেলার ডামি ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ।

রিজভী বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি দিতে হবে। কারাবন্দি নেতাদের মুক্তি দিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

চট্টগ্রামে অবতরণের সময় রানওয়েতে আটকে গেল বিমান, ক্রুসহ ১৯৮ যাত্রী প্রাণে বাঁচলেন

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অবতরণের সময় হাইড্রোলিক প্রেশার সিস্টেম বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ক্রুসহ ১৯৮ জন যাত্রী।

শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

সূত্র জানায়, শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ১৯১ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে এয়ার এরাবিয়ার বিমানটি। বিমানবন্দরের রানওয়েতে নামার সময় বিমানটির হাইড্রোলিক প্রেশার সিস্টেমে সমস্যা দেখা দেয়। বিমানের হাইড্রোলিক ফ্লুইড ট্যাংক খালি হয়ে যাওয়ায় প্রেশার বন্ধ হয়ে যায়। এ সময় পাইলট রানওয়েতে বিমানটির ইঞ্জিন বন্ধ করে দেন।

সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি যাত্রীদের কেউ টের পাননি। প্রায় ১৫ মিনিট পর বিমানটিকে রানওয়ে থেকে পুশ কার ট্রেলার দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ‘শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি বিমান চট্টগ্রামে অবতরণের সময় হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে আটকে পড়ে। পরে বিমানটিকে রানওয়ে থেকে পুশ কার ট্রেলার দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। অল্প সময়ের মধ্যে সমস্যাটি সমাধান করা হয়েছে। বিমানে সাতজন ক্রুসহ ১৯৮ জন যাত্রী ছিল। সবাই নিরাপদে পৌঁছেছেন।’

তিনি আরও বলেন, ‘বিমানটির ক্রুটি সারিয়ে সন্ধ্যার পর পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে। এই বিমানে যেসব যাত্রীদের ফ্লাইট ছিল তাদেরকে হোটেলে রাখা হয়েছে। তবে এ ঘটনায় বিমানবন্দরের অন্য কোনো ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেনি।’

দেশের সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য কাজ করছি : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

দেশের সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি।

শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি সংক্ষিপ্তভাবে বহুমাত্রিক কর্মসূচির বর্ণনা দেন। যার মধ্যে রয়েছে ‘আমার বাড়ি, আমার খামার’, জনগণকে আর্থিক অনুদান প্রদান, সার্বজনীন পেনশন প্রকল্প এবং গ্যারান্টি ছাড়া ঋণ প্রদান, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য যুবকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান ইত্যাদি।

সরকারপ্রধান বলেন, আমরা দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি।

তিনি জানান, তার সরকারের নেওয়া কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে কেউ গরিব থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, সবাই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য আমরা কাজ করছি।

পরে প্রধানমন্ত্রী দরিদ্রদের মাঝে রিপার মেশিন, সার, ল্যাপটপ, ১০টি সাইকেল, ১০টি রিকশা ভ্যান, ৩০টি সেলাই মেশিন এবং ৩৮ জনকে ৪০ হাজার টাকার আর্থিক অনুদান, ১০ জোড়া কবুতর এবং ৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

কুবিতে গুচ্ছ ‘ সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এতে উপস্থিতির হার ছিল ৮৭.১১℅ এবং অনুপস্থিতির হার ছিল ১২.৮৯%।

আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২১৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৭৯৯ জন যা উপস্থিতির হার ছিল ৮৭.১১℅ এবং অনুপস্থিত ছিল ৭১৪ জন। বিষয়টি নিশ্চিত করেন ‘ সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ।

সার্বিক বিষয়ে তিনি বলেন, পরিক্ষা খুব সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা দেখা দেয় নি। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কমিটির দায়িত্বে যারা ছিল সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্ব সম্পন্ন করেছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরিয়াল বডির সদস্যের পাশাপাশি ছিল আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি ও রোভার স্কাউট।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা ৩ মে অনুষ্ঠিত হয়েছে।