All posts by jitu

শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস: তিন পুলিশ সদস্যসহ রিমান্ডে ৪

ডেস্ক রিপোর্ট:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টার মামলায় রাজশাহীতে তিন পুলিশ সদস্যসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ফয়সাল তারিক আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, আসামিদের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে শুনানি শেষে আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য সবার একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার চার আসামি হলেন- দিনাজপুরের পার্বতীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী (৩৩), আরএমপি সদর দপ্তরের পুলিশ কনস্টেবল আবদুর রহমান (৩২), কনস্টেবল শাহরিয়ার পারভেজ শিমুল (৩১) এবং দিনাজপুরের পার্বতীপুর থানার পূর্ব দুর্গাপুর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান (৩৭)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) জামিরুল ইসলাম জানান, গত শনিবার এই চারজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। পরে সেদিনই সন্ধ্যায় তিন পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর মেহেদীকে গ্রেপ্তারের পর গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়। আদালতে সবার রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। মঙ্গলবারই আসামিদের কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হতে পারে।

এর আগে গত শুক্রবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রতারক চক্রটি চাকরির পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার চুক্তি করেছিলেন পরীক্ষার্থীদের সঙ্গে।

গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার প্রথমেই আরএমপির দুই পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা শাখা (ডিবি)। পরে গত শনিবার তাদের বিরুদ্ধে মামলা করেন কারিমা খাতুন নামের এক ভুক্তভোগী পরীক্ষার্থী। মকলেসুর রহমান নামে এই মামলার আরেক আসামি এখনও পলাতক আছেন।

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা পুলিশের সদস্যরা অভিযানের সময় কনস্টেবল শাহরিয়ার পারভেজের বাড়ি থেকে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত ১৬টি গেঞ্জি, ১৩টি চুম্বক দণ্ড, ক্ষুদ্র গোলাকৃতির চুম্বকযুক্ত ২৬টি ইলেকট্রনিকস ডিভাইস ও ১৫টি সাদা রঙের মোবাইল ফোনের চার্জার জব্দ করেছিল।

অত্যাধুনিক এসব ডিভাইস ব্যবহার করেই চুক্তিবদ্ধ পরীক্ষার্থীকে বাইরে থেকে সব প্রশ্নের উত্তর বলে দেওয়ার কথা ছিল।

একজন রোহিঙ্গাকেও বাংলাদেশের ভেতরে ঢুকতে দেবো না: বিজিবির নবনিযুক্ত ডিজি

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের ঘটনায় বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, কোনোভাবেই রোহিঙ্গাদের বাংলাদেশের ভেতরে ঢুকতে দেবো না।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি এসব কথা বলেন।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গতকাল সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমার ইস্যু নিয়েই কাজ করছি। আগামীকাল সীমান্ত পরিদর্শনে যাবো। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।

তিনি বলেন, আমরা ধৈর্য ধারণ করে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীও ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।

নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেন, আজ দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি, সেনাসহ অন্য বাহিনীর ২৬৪ জন এসেছেন। ২৬৪ জনকেই আশ্রয় দেওয়া হয়েছে; তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ১৫ জন আহত ছিল। আটজন ছিল গুরুতর আহত, তাদের মধ্যে চারজনকে কক্সবাজার ও চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তাদের ফিরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

গতকাল সোমবার মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর বিষয়ে বিজিবি ডিজি বলেন, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রটেস্ট নোট দিয়েছি৷ আজ সকালে মিয়ানমারের ডিএ আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ অবস্থার আশু সমাধানের চেষ্টা করছি।

রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, আজ সকালে ৬৫ জন রোহিঙ্গা নৌকায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। সেখানে টেকনাফ বিজিবি তাদের প্রতিহত করে পুশব্যাক করার কার্যক্রম চলমান। কোনোভাবেই একজন রোহিঙ্গাকেও বাংলাদেশের ভেতরে আমরা ঢুকতে দেবো না।

সরকার তাদের মাথা আগেই বিক্রি করে দিয়েছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

শেখ হাসিনা সরকার তাদের মাথা আগেই বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে আমরা দেখছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখিয়ে মিয়ানমারের মর্টার শেল বাংলাদেশে এসে পড়ছে। বাংলাদেশের নাগরিক মারা যাচ্ছেন কিন্তু সরকারপ্রধান শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আমরা কাউকে একটা প্রতিবাদও করতে দেখিনি। কারণ তারা তো মাথা আগেই বিক্রি করে দিয়েছেন। যারা মাথা বিক্রি করেন তারা সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলেন৷

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার ক্ষমতা ছাড়ার ভয়ে আতঙ্কে আছে। এ কারণে বিএনপির শীর্ষ নেতারা কারাগারে। আর উনি (শেখ হাসিনা) তার সোনার হরিণ ধরে রাখতে চাইছেন।গণতন্ত্রকামী জনগণ, সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলছেন। কারণ উনি নতজানু, প্রভুদের সাহায্য করতে জনগণকে তালাক দিয়ে অবৈধভাবে ক্ষমতা ধরে আছেন। অন্য দেশের ছোড়া মর্টার শেলে জনগণ মারা গেলেও প্রতিবাদ করতে পারেননি। কারণ আপনি তো ডামি নির্বাচন করেছেন, তাই জনগণের সঙ্গে তামাশা করেছেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশে ইন্টার্নাল নিরাপত্তা একটা বাহিনী তৈরি করেছে সরকার; যার নাম ছাত্রলীগ। তাদের কোনো আইন নেই। শুধুমাত্র বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল দেখলে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আছে। বেআইনি অস্ত্রের লাইসেন্স দিয়ে তাদের ধাওয়া দেবে। যার ফল এখন সরকারসহ সাধারণ জনগণ টের পাচ্ছেন।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণকাণ্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ছাত্রলীগের নারী নির্যাতনের আশকারা দিচ্ছে সরকার। জাবির হলে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের ঘটনার পরও প্রধানমন্ত্রীর টনক নড়েনি। গত বছরের সিলেট এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের এখনো বিচার হয়নি।

ছাত্রলীগ নারী নির্যাতন করলে শেখ হাসিনা কোনো কথা বলেন না। নারীর শ্লীলতাহানিকে তিনি অবাধ করে দিয়েছেন ছাত্রলীগের জন্য।

রিজভী আরও বলেন, ‌‌‌বিচার হয় শুধুমাত্র গণতন্ত্রের কথ বললে। আজকে মির্জা ফখরুল মির্জা, আব্বাস, আমির খসরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিনা অপরাধে কারাগারে আটক রাখা হয়েছে। এ দেশে কোনো সাধারণ মানুষের কারো কোনো নিরাপত্তা নেই। শেখ হাসিনা সরকারের প্রতি মানুষের মাঝে ক্ষোভের দাবানল তীব্রতর হচ্ছে, তাদের পতন অতি সন্নিকটে।

শীতার্ত ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য জিয়া পরিষদকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, রাজনীতি শুধু বড় বড় প্রজেক্টের মাধ্যমে টাকা আত্মসাৎ করে উন্নত দেশে পাচার করছেন হাসিনা সরকার। রাজনীতি হচ্ছে মানুষের সুখ সুবিধা দেখা; যা দেখতে জিয়াউর রহমান মাইলের পর মাইল ঘুরে বেড়িয়েছেন। নিজে কোদাল নিয়ে খাল খনন করেছেন। নিপীড়ন-নির্যাতন সহ্য করে কিভাবে মানুষের পাশে থাকা যায় তা দেখিয়েছেন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারত সফরে মিয়ানমার ইস্যুতে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভারত সফরে মিয়ানমারের ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ভারত সফরে সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর সঙ্গে মিয়ানমারের ইস্যুটি নিয়ে আলোচনা করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে গিয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। সেখানে সার্বিক বিষয়গুলো আলোচনা করব। যেহেতু মিয়ানমার ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র, আমাদেরও প্রতিবেশী রাষ্ট্র।

তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে সবসময়ই ভারতের সহযোগিতা চেয়ে এসেছি। মিয়ানমার থেকে যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের সহায়তা আমরা বহু আগে থেকেই চেয়েছি। সুতরাং এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই আলোচনা হবে।

 

শীর্ষ ধনীর ছেলের বিয়েতে নাচবেন রণবীর-আলিয়া, পারিশ্রমিক কত

বিনোদন ডেস্ক:

ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। তার তিন সন্তান আকাশ-ইশা-অনন্ত। যমজ ছেলেমেয়ে আকাশ-ইশার বিয়ে আগেই হয়েছে। বাকি ছিল আরেক পুত্র অনন্ত আম্বানি।

তবে এদিকে আম্বানিদের সঙ্গে কাপ্রুদের বেশ সুসম্পর্ক। মুকেশ-নীতার যে কোনো অনুষ্ঠানে রণবীর-আলিয়াকে দেখা যায়। পূজো হোক কিংবা বিয়ের অনুষ্ঠান একেবারে পরিবারের সদস্যদের মতোই মেতে ওঠেন তারা। এবার শোনা গেলো, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে নাচবেন বলিউডের তারকা দম্পতি আলিয়া-রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা যায়, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠিত হবে আগামী ১-৩ মার্চ। গুজরাটের জামনগরে বসবে বিয়ের আসর। অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানে নাচবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতি। গত ৩ ফেব্রুয়ারি এয়ারপোর্টে কন্যাসহ ফ্রেমবন্দি হন আলিয়া-রণবীর। মূলত, এ অনুষ্ঠানে পারফর্ম করার আগে অনুশীলন করছেন তারা। এজন্য গুজরাটে গিয়েছিলেন এই দম্পতি।

এ খবর ছড়িয়ে পড়ার পর নেট দুনিয়ায় একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, তা হলো- কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন আলিয়া-রণবীর? যদিও এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নেটিজেনদের কেউ দাবি করেছেন, মোটা অঙ্কের টাকা নেবেন তারা। আবার কেউ কেউ বলছেন, আম্বানি পরিবারের সঙ্গে কাপুর পরিবারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। সুতরাং এখানে টাকা-পয়সার লেনাদেনার বিষয় নেই।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ সালের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি। একই বছরের ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।

আলিয়া-রণবীরের বাস্তব জীবনের রসায়নে মুগ্ধ হয়েছেন তাদের ভক্তরা। ২০২২ সালে এ রসায়ন পর্দায় গড়ায়। তাদের অভিনীত প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। খানিকটা বিরতি নিয়ে ফের এক সঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় ফের জুটি বাঁধবেন তারা। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমা ২০২৫ সালে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু: আহত ১

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ডাকাতদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামে এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দিন (৪০) নামে আরও এক মাছ ব্যবসায়ী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টায় চান্দিনা উপজেলা কেশেরা গরুবাজার সংলগ্ন ঈগগাহ্ সামনের সড়কে ওই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস চান্দিনা উপজেলার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। আহত জসিম উদ্দিন গল্লাই উত্তর পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। সে এলাকায় ঘুরে ভ্যানে করে মাছ ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কংগাই থেকে রিক্সা ভ্যানে করে পাইকারী মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে রওয়ানা হয় তারা। পথিমধ্যে ডাকাতদল তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গরীব ওই ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানাইলে ডাকাতদল ছুরিকাঘাত করে ওই ব্যবসায়ীদের। গুরুতর আহতাবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আব্দুল কুদ্দুসকে মৃত ঘোষনা করেন। আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন জসিম উদ্দিন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈকত দাস গুপ্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

নোয়াখালীতে সিঁধ কেটে মা-মেয়েকে গণধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নির্যাতিত গৃহবধূর বয়স (৩০) ও তার মেয়ের বয়স (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী পেশায় একজন দিনমজুর। সে ৩-৪দিন পর পর বাড়িতে আসে। তাকে কাজের জন্য প্রায় বাহিরে থাকতে হয়। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্যমতে এ সুযোগে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টা থেকে ২টার মধ্যে তার বসত ঘরের সিঁধ কেটে তাকে এবং তার মেয়েকে ধর্ষণ করে তিন ধর্ষক। এর মধ্যে তাকে ধর্ষণ করে দুই ধর্ষক ও তার মেয়েকে ধর্ষণ করে এক ধর্ষক।

অপর এক প্রশ্নের জবাবে ওসি রফিকুল ইসলাম বলেন, কিছু দিন আগে নির্যাতিত গৃহবধূ নতুন এ বাড়িতে উঠে। ওই বাড়িতে সিঁধ কেটে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৃহবধূ ও তার মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ভুক্তভোগীর ভাষ্যমতে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গতকাল সোমবার বেলা ১২টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস ওই দলবদ্ধ ধর্ষণ মামলায় ১৬ আসামির মধ্যে ১০ জনের মৃত্যুদন্ড ও ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাদের অর্থদন্ডও করা হয়। এ উপজেলা গণধর্ষণের জন্য দেশব্যাপী বারবার আলোচনায় আসছে।

চান্দিনা সরকারি খালের মাটি কেটে কৃষি জমি ভরাট!

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ডের তুলাতলী এলাকায় সরকারি খালের মাটি কেটে রাতের অন্ধকারে কৃষি জমি ভরাট করছে স্থানীয় একজন অসাধু মাটি ব্যবসায়ী। চান্দিনা শ্রীমন্তপুর সড়কে তুলাতলী ও কিছমত গ্রামের সীমান্তবর্তী এলাকায় ভেকু (এক্সকেভেটর) দিয়ে খালটির মাটি কেটে কৃষি জমি ভরাট করার চুক্তি নেন স্থানীয় মাটি ব্যবসায়ী মো. মিজানুর রহমান। কাজ করতে গিয়ে ওই সড়কটিও কেটে ক্ষতিগ্রস্ত করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বরকইট ইউনিয়নের কিছমত গ্রামের মৃত ছোবাহান আলীর ছেলে মো. জাকির হোসেন এর মালিকানাধীন তুলাতলী গ্রামের ওই কৃষি জমিটি ভরাটের জন্য ১লাখ ৬০ হাজার টাকায় চুক্তি নেন কিছমত গ্রামের মান্তু মিয়ার ছেলে মো. মিজানুর রহমান। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতের অন্ধকারে ভেকু (এক্সকেভেটর) দিয়ে সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কাটেন তিনি। পরে বিষয়টি ধামাচাপা দিতে কৌশলে খালটিতে পানি ছেড়ে দেয়া হয়।

তুলাতলী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি সরকারি খালের মাটি কাটার বিষয়টিকে অনুচিত বলে অভিহিত করেন। তারা দোষীদের শাস্তির দাবি জানান। অতিরিক্ত গভীর করে কেটে মাটি উত্তোলন করায় আশ-পাশের জমিগুলো ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।

এব্যাপারে অভিযুক্ত মাটি ব্যবসায়ী মো. মিজানুর রহমান এর সাথে সরাসরি কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন- ‘সরকারি খালের মাটি কেটে নেয়ার বিষয়টি বিকেলে শুনেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের প্রয়োজনে দায়িত্ব পালনে সীমান্তে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত: আইজিপি

ডেস্ক রিপোর্ট:

ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেছেন, দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে গুরুতর আহত রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য রাজ্জাককে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতে উন্নত চিকিৎসা শেষে রাজ্জাককে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘুমধুম সীমান্ত এলাকার পরিস্থিতি ভয়াবহ। স্থানীয় লোকজন আতঙ্কে আছে, সীমান্ত এলাকায় পুলিশ কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, এখন পর্যন্ত আহত হয়ে যারা আমাদের দেশে এসেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার করছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও প্রশাসন সবাই মিলে সরকারের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য।

সীমান্ত এলাকায় মর্টার শেলের আঘাতে দুজন নিহত হয়েছে, এখন তারা কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? জানতে চাইলে আইজিপি বলেন, কে মর্টার শেল নিক্ষেপ করেছে তা এখনো সুনিশ্চিত না। এ ঘটনায় আমরা একটা মামলা নিয়েছি। মামলার আসামি অজ্ঞাত। তদন্তে যাদের নাম আসবে পরবর্তী সময়ে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তের বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের প্রতি কী নির্দেশনা আছে জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। জেলা পুলিশসহ এপিবিএন সতর্ক আছে। সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্ব পালনে যে সহযোগিতা চাচ্ছে আমরা সে সহযোগিতা দিচ্ছি। স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা মিলে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বর্তমান সীমান্ত পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এসব এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধিসহ পেট্রোল বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সব সংশ্লিষ্ট সংস্থা দায়িত্ব পালন করছে।

এসময় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তাদের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই। মিয়ানমার নয় শুধু, কারো সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাই না।

মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির বুথ পরিদর্শন করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত না। তাদের ইন্টারনাল কনফ্লিক্ট এসে সীমান্তে গড়াচ্ছে। ছিটকে এসে পড়ছে আমাদের সীমান্তে। একজন নারী ও পুরুষ মারা গেছে। এসব ব্যাপারে আমাদের ফরেন মিনিস্ট্রি মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকেছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মিয়ানমারের সংঘাতের সঙ্গে সেন্টমার্টিন বা বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক কোনো সম্পর্ক আছে, সেটা আমি মনে করছি না। এই সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের ৫৪টির মতো এথনিক কমিউনিটি আছে। এই এথনিক কমিউনিটিগুলো ইতোমধ্যে বিভিন্ন জায়গা দখলে নিয়েছে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের অভ্যন্তরীণ সংঘাত। আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আগামী শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের আমাদের দলের প্রার্থী বাছাই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। এখন মনোনয়ন ফরম সংগ্রহ চলছে। সময় তিনদিন। কেউ চাইলে ফরমটি পূরণ করে সঙ্গে সঙ্গে জমা দিতে পারবেন। আমরা আশা করছি নির্বাচন কমিশন এর ভেতরেই দিন ঘোষণা করবে। তারপর আমরা আমাদের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থিতা চূড়ান্ত করব।

উপজেলা নির্বাচনে নৌকার প্রতীক থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনে উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন রয়েছে। পৌরসভা নির্বাচনও আছে। এসব নির্বাচনে প্রতীক থাকছে কি থাকছে না এই ব্যাপারে আমাদের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেবে। আমাদের বর্ধিত সভায় যারা থাকবে তাদের মতামতও গ্রহণ করা হবে। এটা মৌলিক একটি সিদ্ধান্ত। তাই এই ব্যাপারে সবার মতামত নিয়ে আমাদের নেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।