All posts by jitu

কুসিকের উপ নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দাখিল করেন মনিরুল হক সাক্কু

শাহ ইমরান, কুমিল্লা:

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মনিরুল হক সাক্কুর পক্ষে এডভোকেট তারেক আব্দুল্লাহ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট আতিকুল ইসলাম, এড তারেক আবদুল্লাহ, এড গোলাম মোস্তফা, আব্দুস সালাম মাসুক, হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে এক দিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হচ্ছেন, হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ৮নং ওয়ার্ড নবীপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে আছিয়া আক্তার (৪), একই বাড়ির মো. সোহেলের ছেলে মুনতাহা (২) ও সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জনা যায়, তিন ভাই বোনের মধ্যে শিশু আছিয়া ছিলো সবার ছোট এবং প্রবাসী সোহেলের একমাত্র কন্যা মুনতাহা। প্রতিদিন বাড়ির শিশুদের সাথে একসাথে বাড়ির আঙ্গিনায় খেলাধূলা করতো তারা। মঙ্গলবার সকালে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধূলা করার সময় পরিবার ও বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা দুইজন। বেলা ১১টার দিকে বাড়ির লোকজন পুকুর ঘাটে গেলে তাদের দুইজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সুবর্ণচরে নিহত শিশু মুজাহিদের মামা আরিফ হোসেন বলেন, মুজাহিদুল ইসলাম আমার বোনের একমাত্র সন্তান। মঙ্গলবার সকাল থেকে বাড়ির অন্য শিশুদের সাথে ঘরের বাইরে খেলাধূলা করছিলো সে। তার মা’সহ পরিবারের সবাই ঘরের কাজে ব্যস্ত ছিলো। এরমধ্যে কোন একসময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘসময় ধরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে মুজাহিদকে উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ জানান, বিষয়টি নিহতের পরিবার থানা পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার

ডেস্ক রিপোর্ট:

আসরের শুরু থেকে রান খরায় ভুগছিলেন লিটন দাস। অবশেষে চট্টগ্রাম পর্বে এসে হেসেছে তার ব্যাট। অধিনায়কের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তুললেন উইল জ্যাক। এই ইংলিশ ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে কুমিল্লা। যা বিপিএল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে ২০১৯ সালের বিপিএলে রংপুর রাইডার্সও ২৩৯ রান করেছিল। ভিক্টোরিয়ান্সদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৭ রান করেছেন জ্যাক। ফিফটি পেয়েছেন লিটন ও মঈন আলী।

ইনিংসের প্রথম ওভারে দুর্দান্ত বোলিংয়ে মেইডেন পেয়েছিলেন নিহাদুজ্জামান। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন ব্যাটাররা। বিশেষ করে লিটন এদিন ঝোড়ো শুরু করেন। ২৬ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক।

৩১ বলে ৬০ রান করে লিটন সাজঘরে ফিরলে ভাঙে ৮৬ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটার গোল্ডেন ডাক খেয়েছেন। চারে নেমে দ্রুত ফিরেছেন ব্রুক গেস্টও।

২৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারালেও তাদের রান রেটে প্রভাব পড়েনি। কারণ অপর প্রান্তে আক্রমণাত্মক ছিলেন জ্যাক। চতুর্থ উইকেট জুটিতে মঈন আলীকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটি গড়েন জ্যাক। শেষ পর্যন্ত ৫৩ বলে অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ওপেনার। আর মঈন অপরাজিত ছিলেন ২৪ বলে ৫৩ রান করে।

চট্টগ্রামের প্রায় সব বোলারই এদিন খরুচে ছিলেন। বিশেষ করে আল আমিন হোসেন দুই হাতে রান বিলিয়েছেন। ৪ ওভারে ৬৯ রান দিয়েছেন এই পেসার। ৪৯ রানে ২ উইকেট শিকার করে দলের সেরা বোলার শহিদুল ইসলাম।

চলমান বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

চলমান বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, তার কার্যালয় থেকেও স্মরণ করিয়ে দেওয়া দরকার। প্রত্যেকটা মন্ত্রণালয় যেন এ বিষয়ে একটু নজর দেয়। প্রতিটি মন্ত্রণালয় যেসব প্রকল্পগুলো অল্প খরচ করলেই শেষ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, সেগুলো দ্রুত সম্পন্ন করে ফেলা। প্রকল্প সম্পন্ন করে ফেললে আমরা নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সেগুলোও দ্রুত শেষ করা উচিত। দ্রুত শেষ না করলে খরচও বাড়ে, কালক্ষেপণও হয়। সেটা যেন না হয়।

প্রকল্প নেওয়ার সময় গুরুত্ব বিবেচনা করে বাছাই করার নির্দেশ দিয়ে টানা চারবারের সরকারপ্রধান বলেন, আর্থ-সামাজিক উন্নতির জন্য যে প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সেগুলো আমাদের নিতে হবে। প্রকল্প বাছাই করার সময় সেটা আমাদের দেখা দরকার। আমাদের যে লক্ষ্যটা আছে সেটা আমরা অর্জন করতে পারি।

একনেকে প্রথম সভায় ৯ প্রকল্প অনুমোদন

ডেস্ক রিপোর্ট:

চলতি অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। এটি দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সরকারের প্রথম একনেক সভা। প্রথম সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ৯টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৪৫৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় হবে ৩ হাজার ৯০৯ কোটি টাকা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শের-ই বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি। তবে ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইন স্ট্রিমিং প্রজেক্ট ও ঢাকা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো–

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ এডাপশন ইনটু সাসটেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েস অব বাংলাদেশ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএইউ) অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পিডিবিএফের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়।

বিদ্যুৎ বিভাগের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো) এলাকার জন্য স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং (২য় পর্যায়), দুর্নীতি দমন কমিশনের প্রস্তাবিত দুদকের খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং পরিকল্পনা বিভাগের আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি): প্রজেক্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট (পিসিএমইউ) (৪র্থ সংশোধিত) প্রকল্প। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চলমান সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) (৩য় সংশোধিত) প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আলোচিত জাপানি তিন শিশু কার কাছে থাকবে, সিদ্ধান্ত দিলেন হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট:

আলোচিত জাপানি তিন শিশু কার জিম্মায় থাকবে— এ নিয়ে সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে বলা হয়, জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও তার ছোট বোন তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। আর মেজ মেয়ে লাইলা লিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে। বড় মেয়েকে নিয়ে নাকানো এরিকোর জাপান যেতেও বাধা নেই বলেও রায়ে বলা হয়েছে।

আদালতে ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম, ব্যারিস্টার রাশনা ইমাম, অ্যাডভোকেট নাসিমা আক্তার লাভলী। নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

পরে শিশির মনির সাংবাদিকদের বলেন, বড় মেয়ে তাকবে মায়ের কাছে। মেঝে মেয়ে থাকবে বাবার কাছে। প্রত্যোকেই প্রত্যেকের সাথে দেখা করার সুযোগ নিশ্চিত করতে হবে। ছোট মেয়ে জাপানে আছে, সেটা মামলার বিষয়বস্তু না। তার ব্যাপারে হাইকোর্ট কিছু বলেননি।

এর আগে গত বছরের ২৯ জানুয়ারি জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা মায়ের জিম্মায় থাকবে বলে রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান। শিশুদের নিজ হেফাজতে নিতে বাবা ইমরান শরিফের করা আবেদন খারিজ করে ওই রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন ইমরান শরিফ। পরে গত বছরের ১৬ জুলাই দুই শিশুর বাবা ইমরান শরীফের করা আপিল খারিজ করে দেন ঢাকার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভুঁইয়া। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করে ইমরান শরিফ। যে আবেদনের ওপর আজ রায় দিলেন হাইকোর্ট।

জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

মেয়েদের জিম্মা পেতে করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে আসেন এ জাপানি নারী। তিনি হাইকোর্টে রিট আবেদন করলে তাদের সমঝোতায় আসতে বলেন বিচারক। তবে ওই দম্পতি সমঝোতায় না আসায় কয়েক মাস ধরে শুনানির পর হাইকোর্ট দুই সন্তানকে বাবার হেফাজতে রাখার সিদ্ধান্ত দেন। পাশাপাশি মা যাতে সন্তানদের সঙ্গে দেখা করতে পারেন, তা নিশ্চিত করতে বাবাকে খরচ দিতে বলা হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন শিশুদের মা নাকানো এরিকো। পরে আপিল বিভাগ এক আদেশে শিশু দুটিকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দিলেও বাবা সেটা না মানায় বিচারকরা উষ্মা প্রকাশ করেন। পরে আদালত শিশু দুটিকে বাবার হেফাজত থেকে এনে তাদের সঙ্গে কথা বলে এবং পরে মায়ের হেফাজতে দেওয়ার আদেশ দেন। এরপর ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি দুই মেয়ে কার জিম্মায় থাকবে, তার নিষ্পত্তি পারিবারিক আদালতে হবে এবং তার আগ পর্যন্ত দুই শিশু তাদের মায়ের কাছেই থাকবে বলে সিদ্ধান্ত দেন আপিল বিভাগ। এরপর আপিল বিভাগ থেকে মামলাটি ঢাকার পারিবারিক আদালতে।

এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঠিক করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে আগামী জুনের শেষের দিকে পরীক্ষার তারিখ নির্ধারণ হতে পারে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি চূড়ান্ত করা হবে।

শিক্ষাবোর্ড সূত্র বলছে, এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল মার্চে প্রকাশ করা হবে। এরপর ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণ চলাকালীন পরীক্ষার একটি খসড়া রুটিন তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হতে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার খসড়া রুটিন এখনও তৈরি করা হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় অনুমোদন দিলে তা প্রকাশ করা হবে।

পাকিস্তানে ৩ দল প্রধানের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানে তিনটি রাজনৈতিক দলের প্রধান পদত্যাগ করেছেন। জাতীয় নির্বাচনে হাতাশাজনক ফল করায় তারা সোমবার পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

এই তিন রাজনীতিক হলেন ইস্তেহকাম-ই-পাকিস্তানের (আইপিপি) প্রধান জাহাঙ্গীর তারিন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্লামেন্টারিয়ানের (পিটিআই-পি) কেন্দ্রীয় চেয়ারম্যান পারভেজ খটক ও জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক।

এদের মধ্যে জাহাঙ্গীর তারিন ও পারভেজ খটক আর রাজনীতি না করারও ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে জাহাঙ্গীর তারিন বলেন, নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী বিজয়ীকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে তিনি শুভাকাঙ্ক্ষী ও নিজের সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন।

পোস্টে তিনি আইপিপির চেয়ারম্যানের পদ ছেড়ে দেওয়ার পাশাপাশি রাজনীতি থেকেও বিদায়ের কথা বলেন। তবে দেশের সমৃদ্ধির জন্য ব্যক্তিগত পর্যায়ে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন এই রাজনীতিক।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক নেতা জাহাঙ্গীর তারিন মুলতান থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। পিটিআই-সমর্থিত মালিক আমির দোগারের কাছে তিনি হেরেছেন।

এ ছাড়া নিজের জন্মশহর লোধরানেও ভোটে দাঁড়িয়ে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী খান মোহাম্মদ সিদ্দিকীর কাছে হারেন।

এক্সে অপর এক পোস্টে জামায়াতের আমির সিরাজুল হক লেখেন, নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে নিচ্ছি। সেই সঙ্গে দলীয় প্রধানের পদ ছেড়ে দিচ্ছি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার দির আসন থেকে নির্বাচন করেন তিনি। কিন্তু পিটিআই-সমর্থিত বশির খানের কাছে হেরে যান।

এদিকে নির্বাচনী প্রচারের সময় থেকে পারভেজ খটক নিজেকে খাইবার পাখতুনখাওয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করে আসছিলেন। কিন্তু ভোটের লড়াইয়ে আশানুরূপ ফল করতে পারেননি।

বিপিএল খেলতে এলেন মঈন আলি-ডোয়াইন প্রিটোরিয়াস

ডেস্ক রিপোর্ট:

চলমান বিপিএলে চলছে ফ্র্যাঞ্চাইজিগুলোর একের পর এক চমক। পাকিস্তানি ক্রিকেটাররা চলে যাওয়ার কারণে দলগুলো এবার অন্য দেশের তারকা ক্রিকেটার দলে ভেড়াতে শুরু করেছে। যার সবশেষ উদাহরণ দেখাল রংপুর রাইডার্স। চলমান বিপিএল খেলতে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডোয়াইন প্রিটোরিয়াস।

আগেই গুঞ্জন ছিল তাকে দলে ভেড়ানো নিয়ে। এবার আফ্রিকার এই ক্রিকেটারকে নিয়েই এলো সাকিব আল হাসানের দল। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যুক্ত করেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। বিপিএল খেলতে সোমবার রাতেই টিম হোটেলে যোগ দিয়েছেন তিনি।

গত আসরেও মঈন খেলেছিলেন কুমিল্লার হয়ে। কুমিল্লাকে শিরোপা জেতাতে রেখেছিলেন বড় অবদান। এর আগে ২০১৩ সালের আসরে দুরন্ত রাজশাহীর হয়ে প্রথম বিপিএল খেলেছিলেন মঈন। এরপর ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে দলে ভেড়ায়।

মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্ধোধন করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিক ভাবে একুশে বই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় তিনি বলেন, আমি শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। চাঁদপুরবাসীর দাবি এই একুশে বইমেলা টি মাসব্যাপী করার। সময় স্বল্পতার কারণে এ বছর আমরা দশ দিনব্যাপী এই মেলাটি করছি। ঢাকা বই মেলা হওয়ার কারণে আমরা বড় ধরনের কোন কাজ করতে পারি না। আমাদেরকে পাঠক সমাবেশ ঘটাতে হবে।
আমাদেরকে অনেক বেশি পাঠক তৈরি করতে হবে তবেই হবে আমাদের বইমেলার স্বার্থকতা। আমরা বই কেন পড়ব? শব্দভাণ্ডার সমৃদ্ধ করার জন্য আমরা সকলেই বই পড়বো। বই পড়ার অনেক কারণ রয়েছে। তার প্রধান কারণ হচ্ছে শব্দভাণ্ডার তৈরি করা। সামনে এসএসসি পরীক্ষা, বিদ্যালয় বন্ধ থাকবে তবে স্কুল শিক্ষার্থীদের শিফট করে এই বইমেলায় আসার আগ্রহ জোগাতে হবে। আমাদের এই বই মেলায় চাঁদপুর পৌরসভা বড় ধরনের সাপোর্ট দিয়ে থাকে। তাই পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলকে ধন্যবাদ জানাই।

বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক ও নাট্য অভিনেতা এম আর ইসলাম বাবু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ পাটোয়ারী, শরিফ চৌধুরী, এএইচএম আহসান উল্যাহ, কবি ইকবাল পারভেজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযুদ্ধা সংসদের সহকারী কমাণ্ডার মুক্তিযুদ্ধা ইয়াকুব আলী মাস্টার, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, কবি ও লেখক ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া। সংক্ষিপ্ত আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের ব্যবস্থাপনায় আনন্দধ্বনির সঙ্গীতা আয়তনের পরিবেশনায় একুশকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আগামী ২১ ফেব্রুয়ারী বুধবার রাত ১০টা পর্যন্ত এই বইমেলা সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। বইমেলাকে ঘিরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে প্রতিদিন অনুষ্ঠিত হবে সাহিত্য একাডেমি, চাঁদপুর এবং স্থানীয় কবি ও লেখকদের স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা। এছাড়া প্রতিদিন থাকবে জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় চাঁদপুর শহরের প্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য নাট্য সংগঠনগুলোর পরিবেশনায় পথনাটক।

উদ্বোধনের দিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের ব্যবস্থাপনায় আনন্দধ্বনির সঙ্গীতা শিক্ষায়তনের পরিবেশনায় একুশকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এবছর চাঁদপুর অমর ২১ শে বই মেলায় ২১ টি স্টল মেলায় স্থান পেয়েছে। আগামীতে এটির পরিসর আরো বৃদ্ধি করা হবে।