All posts by jitu

ভারতকে দুটি বন্দর ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

বন্দর ব্যবহারে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতীয়দের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ বিষয়ে বাংলাদেশের নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল বলেছেন, এটি নতুন কোনো খবর নয়। প্রক্রিয়াটি শুরু হয়েছিল সাত-আট বছর আগে। তাদের (ভারতকে) বন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার বিনিময়ে আমরাও কলকাতা বন্দর ব্যবহার করছি।

বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের বরাতে ‘বাংলাদেশ বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। পরে এ বিষয়ে সিনিয়র সচিব মোস্তফা কামালের কাছে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার মুম্বাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (আইআইএম) শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বন্দর ব্যবহারের বিষয়ে কথা বলেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান কানেক্টিভিটির প্রশংসা করে তিনি বলেন, ‘ভারতীয়দের প্রথমবারের মতো বাংলাদেশ তার বন্দরগুলো (চট্টগ্রাম ও মোংলা) ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনীতি বদলে যাবে।

এস জয়শঙ্কর বলেন, আপনি যদি আজ বাংলাদেশে যান, তাহলে দেখবেন দুই দেশের মধ্যে ট্রেন চলছে, বাস চলছে…। প্রথমবারের মতো ভারতীয়দের বাংলাদেশের বন্দরগুলো ব্যবহারের অনুমতি দেওয়ায় এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে (অর্থনীতিতে) বিশাল প্রভাব ফেলবে।

জয়শঙ্কর বলেন, এটি (বাংলাদেশের অনুমতি) না হলে উত্তর-পূর্বাঞ্চলের মানুষকে শিলিগুড়ি দিয়ে এসে তারপর ভারতের পূর্বাঞ্চলের বন্দরগুলোতে যেতে হতো। তারা এখন চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, আগরতলা-আখাউড়া রেললাইনের ফলে বাংলাদেশ এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর মধ্যে ভ্রমণের সময় ও দূরত্ব কমে যাবে। বৃহত্তর বাজারে প্রবেশাধিকার, পণ্য পরিবহন ও দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ বাড়বে।  ভাষাগত ও সাংস্কৃতিক সংযোগ এবং সাহিত্য, সংগীত ও শিল্পের প্রতি একই অনুরাগ ভারত-বাংলাদেশের অভিন্ন ঐতিহ্যকে আরও শক্তিশালী করে বলে তিনি উল্লেখ করেন।

মুম্বাইয়ে জয়শঙ্করের কাছে সাংবাদিকরা জানতে চান, মালদ্বীপের পর বাংলাদেশেও ‘ভারত খেদাও’ আন্দোলন শুরু হয়েছে। এটা কী ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা?

জবাবে ব্যর্থতার অভিযোগ নাকচ করে তিনি বলেন, চীন একটি বড় অর্থনীতির দেশ। তারাও তাদের প্রতিবেশীদের (মালদ্বীপ, শ্রীলংকা, বাংলাদেশ) প্রভাবিত করার চেষ্টা করছে। বৈশ্বিক প্রতিযোগিতার এ যুগে আমাদের আরও ভালো করতে হবে।

সূত্র: যুগান্তর।

কনসার্ট শেষে কুবির কেন্দ্রীয় মাঠ পরিষ্কার করলো প্লাটফর্মের সদস্যরা

 

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিউ ইয়ার কনসার্ট শেষে মাঠ, শহীদ মিনার, অনুষ্ঠান স্থল নিজেরাই পরিষ্কার করেছে প্লাটফর্মের সদস্যরা।

গত বুধবার (৩১ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে নিউ ইয়ার কনসার্টের আয়োজন করে প্ল্যাটফর্ম। কনসার্টে অনেক দর্শক অংশ নেওয়ার ফলে কেন্দ্রীয় খেলার মাঠ সহ আশেপাশের স্থান নোংরা হয়ে যায়। পরবর্তীতে কনসার্ট শেষ হওয়ার পরপরই সংগঠনের সদস্যরা বিলম্ব না করে শুরু করে দেন শহীদ মিনার চত্বরসহ পুরো মাঠজুড়ে পরিষ্কার অভিযান। সদস্যরা মাঠ ঘুরে ঘুরে ময়লা একত্রিত করে বস্তায় ভরে ফেলে দেন নির্ধারিত স্থানে। এটি দেখে অনেকেই মন্তব্য করেছেন এমন দায়িত্বশীল ও পরিচ্ছন্নতা সম্পন্ন মানুষ হতো তাহলে কোথাও কোনো ময়লা আবর্জনা থাকতো না। এতে অংশ নেন সংগঠনের সাধারণ সদস্য সহ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা।

এবিষয়ে জিলান আল সাদ ইহসান বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কনসার্ট শেষে মাঠের উচ্ছিষ্ট পরিষ্কার করেছে ‘প্ল্যাটফর্ম’। আমরা প্রশাসনের দিকে না থাকিয়ে আমরা নিজেরাই ক্যাম্পাস আমাদের পরিষ্কার করার দায়িত্ব।

এবিষয়ে প্লাটফর্মের সভাপতি মাসুম বলেন, ‘প্রথমত আমরাই কনসার্টটি আয়োজন করেছি। এছাড়াও সচেতন নাগরিক হিসেবেও এই কাজ করা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। প্ল্যাটফর্মের সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা পরিষ্কার কাজে অংশগ্রহন করেছে।

ভাবির ব্যক্তিগত ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল: দেবর গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে এক গৃহবধূকে ব্ল্যাকমেইল করে ২ লক্ষ টাকা চাঁদা দাবি ও অনৈতিক প্রস্তাবের অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিওসহ একটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তার মোশারফ হোসেন টিটু (২২) কবিরহাট থানার সুন্দলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লাতু সওদাগর বাড়ির মৃত মিয়াধনের ছেলে। সে পেশায় একজন মোবাইল মেকানিক।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বিকেলের দিকে জেলা শহর মাইজদী সুপার মার্কেটের ফুড ফিয়েস্তা চাইনিজ রেস্টুরেন্ট সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযোগকারীনি একজন গৃহিনী। তার স্বামী ওমান প্রবাসী। তার প্রতিবেশী মোশারফ হোসেন টিটু একজন মোবাইল মেকানিক এবং সম্পর্কে ভুক্তভোগী নারীর দেবর হয়। অনুমান দেড় বছর পূর্বে অভিযোগকারীনির মোবাইল ফোনে সমস্যা দেখা দিলে অভিযোগকারীনি তার মোবাইল ফোনটি ঠিক করে দেয়ার জন্য দিলে টিটু ফোনটি ঠিক করে দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযোগকারীনির স্বামী প্রবাসী হওয়ায় তিনি তার স্বামীর অনুরোধে নিজে একটি ব্যক্তিগত ভিডিও তৈরী করে তার স্বামীকে পাঠান এবং পরবর্তীতে ভিডিওটি ডিলিট করে দেন। কিন্তু ভিডিওটি মোবাইলের রিসাইকেল বিনে গিয়ে জমা হয়, সেটা অভিযোগকারিনীর জানা ছিল না। টিটু মোবাইল ঠিক করার সময় ভাবির মোবাইল সেটের রিসাইকেল বিন চেক করে ভিডিওটা পেয়ে তার মোবাইলে নিয়ে যায়। গত ৮ জানুয়ারি রাতে টিটু ভাবির মোবাইলে কল দিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ভুক্তভোগী এত টাকা দিতে পারবেনা বললে সে তাকে তারে সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর ভুক্তভোগী গৃহববধূ তার স্বামীর পরামর্শে পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ভারতে ভেঙে ফেলা হলো ৬০০ বছরের পুরোনো আকঞ্জি মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে কয়েক শতাব্দী প্রাচীন আকঞ্জি মসজিদ। ভবনটির ব্যবস্থাপনা কমিটির এক সদস্য বৃহস্পতিবার জানান, সংরক্ষিত বন থেকে অবৈধ অবকাঠামো অপসারণের অংশ হিসেবে মসজিদটি ভেঙে ফেলা হয়।

গত মঙ্গলবার মেহরাউলিতে অবস্থিত মসজিদটি ভেঙে ফেলা হয়।

ভারতে এমন এক স্পর্শকাতর সময়ে মসজিদটি ধ্বংস করা হলো যখন জাতীয়তাবাদী কর্মীরা বেশ কয়েকটি মসজিদকে মন্দির দিয়ে প্রতিস্থাপনের দাবিতে প্রচারণা চালাচ্ছে।

আকঞ্জি মসজিদের তত্ত্বাবধানকারীদের মতে, মসজিদটি প্রায় ৬০০ বছরের পুরোনো। সেখানে একটি বোর্ডিং স্কুলে থাকত ২২ জন শিক্ষার্থী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাফর এএফপিকে বলেন, মসজিদটি রাতের অন্ধকারে ধ্বংস করা হয়েছে। এর আগে তারা কোনো নোটিশ পায়নি।

মসজিদ কম্পাউন্ডের অনেক কবর অপবিত্র করা হয়েছে এবং মসজিদটি ভেঙে ফেলার আগে কাউকে কোরআনের কপি বা অন্যান্য সামগ্রী বের করার অনুমতি দেওয়া হয়নি বলে জানান জাফর। তিনি বলেন, আমাদের অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং আমার নিজের পূর্বপুরুষদের সেখানে সমাহিত করা হয়েছে। এখন কবরের কোনো চিহ্ন নেই। মসজিদ ও কবরের ধ্বংসস্তূপ সরিয়ে অন্য কোথাও ফেলা হয়েছে।

শহরের প্রধান ভূমি ব্যবস্থাপনা সংস্থা দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটি এ ঘটনা তদারক করেছে। এসব অভিযোগের ব্যাপারে সংস্থাটি গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বৃহস্পতিবার আকঞ্জি মসজিদ এলাকায় উপস্থিত ছিল বিপুলসংখ্যক পুলিশ। রাস্তায় ব্যারিকেড দিয়ে এলাকাটিতে সর্বসাধারণের প্রবেশাধিকার বন্ধ করে দেয় তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরের শহর অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির উদ্বোধনের সপ্তাহখানেক পরেই আকঞ্জি মসজিদ ভাঙার ঘটনা ঘটল। অন্যদিকে, বুধবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পূজা করার অনুমতি দিয়েছে একটি আদালত।

খালেদা জিয়া ক্ষমতায় এসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ বন্ধ করেছিল: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ বন্ধ করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারপ্রধান এ মন্তব্য করেন।

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সংস্কৃতি সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন প্রমুখ।

রক্ত দিয়ে আমরা যেদিন ভাষার অধিকার আদায় করেছি সেই দিনটি এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি যখন আমরা পেলাম, তখন আমি সিদ্ধান্ত নিই- এখানে একটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে তুলব।

ভিত্তিপ্রস্তরও স্থাপন করি। আমার সঙ্গে জাতিসংঘের মহাসচিব (তৎকালীন) কফি আনান ছিলেন। কাজ শুরু করি। কিন্তু ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি। তখন খালেদা জিয়া সেই কাজটি বন্ধ করে দিয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, আমি ধন্যবাদ জানাই তাকে (খালেদা জিয়া), বন্ধ করে দিয়েছিলেন, ভালো হয়েছিল। কারণ, দ্বিতীয়বার যখন আমি সরকারে আসি, সেটা প্রতিষ্ঠা করি। এখন সেখানে সারা বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা হচ্ছে। এটা যেন আরও সমৃদ্ধ হয়, সেটা আমি চাই।

ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস উল্লেখ করে সরকারপ্রধান বলেন, এ আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির সত্তা জাগ্রত হয়। এই পথ বেয়েই আমরা পেয়েছি স্বাধীনতা। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষায় কথা বলি। এই অধিকারটাও আমাদের রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে।

তিনি আরও বলেন, বাংলা একাডেমি আমাদের অনেক আন্দোলন সংগ্রামের সূতিকাগার। বইমেলা আমাদের প্রাণের মেলা।

রাষ্ট্রপতির কাছে ৭ দেশের অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে নিযুক্ত সাত দেশের অনাবাসিক রাষ্ট্রদূতরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নতুন এসব অনাবাসিক রাষ্ট্রদূত তাদের পরিচয়পত্র পেশ করেন।

নতুন অনাবাসিক রাষ্ট্রদূতরা হলেন- মঙ্গোলিয়ার গ্যানবোল্ড দাম্বাজাভ, উত্তর মেসিডোনিয়ার স্লোবোডান উজুনভ, পেরুর হ্যাভিয়ের ম্যানুয়েল পাউলিনিচ ভেলার্দ, স্লোভাক প্রজাতন্ত্রের রবার্ট ম্যাক্সিয়ান, স্লোভেনিয়ার মাতেজা ভোদেব ঘোষ, উরুগুয়ের আলবার্তো এ গুয়ানি এবং ভেনেজুয়েলার ক্যাপায়া রড্রিগুয়েজ গঞ্জালেজ।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান তাদের জানান, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে তিনি অবকাঠামো, জ্বালানি ও তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে কাজ করতে নতুন রাষ্ট্রদূতদের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ তৈরি পোশাক, ওষুধ, সিরামিকসহ বিশ্বমানের নানান পণ্য উৎপাদন করে থাকে। বাংলাদেশ থেকে এসব পণ্যের আমদানি বাড়াতে রাষ্ট্রদূতদের কাজ করতে বলেন তিনি।

সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূতরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

এর আগে সকালে রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) অশ্বারোহী চৌকস দল তাদের ‘গার্ড অব অনার’ প্রদান করে।

মঞ্চে প্রথম লাইভ শো পারফর্ম করলেন পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক:

পরিণীতি চোপড়ার কর্মজীবন মুম্বাইয়ে, কিন্তু শ্বশুরবাড়ি দিল্লিতে। ফলে দুই শহরে যাতায়াত লেগেই রয়েছে তার। বিয়ের পর বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেননি প্রিয়াঙ্কা চোপড়ার বোন। সিনেমার প্রচার থেকে ফ্যাশন সংক্রান্ত নানা অনুষ্ঠানে দেখা গেছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর থেকে জানা যায়, এবার গানকেই পেশা হিসেবে বেছে নিলেন অভিনেত্রী। নতুন বছরে মঞ্চে পারফর্ম করলেন পরিণীতি। মুম্বাইয়ে ছিল তার প্রথম শো। অসম্ভব চাপ অনুভব করছিলেন। তবে স্বামীর এক ফোনেই চাঙ্গা হয়ে যান তিনি।

অভিনয়ের পাশাপাশি গানের তালিমও নাকি ছোট থেকেই পেয়েছেন পরিণীতি। তার গলা যে বেশ সুরেলা, সেই প্রমাণ মিলেছে ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমাতে। ওই সিনেমাতে গায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে প্লেব্যাকও করেছিলেন পরিণীতি। নিজের বিয়েতে স্বামী রাঘবের জন্য একটি গান রেকর্ড করেন তিনি।

পরিণীতির রাঘবের দিকে হেঁটে যাওয়ার সময় আবহে চলেছিল সেই গানই। মাঝে মধ্যেই সমাজমাধ্যমের পাতায় নিজের গানের ভিডিও পোস্ট করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

তবে এ বার একেবারে দর্শকের সামনে ‘লাইভ কনসার্ট’ করলেন পরিণীতি। হাজার হাজার দর্শকের সামনে মাইক্রোফোন তুলে গান গাইতে খানিক চাপ অনুভব করছিলেন অভিনেত্রী। নিজেই জানাচ্ছিলেন উদ্বেগের কথা।

সেই সময় ফোন আসে রাঘবের। ফোনে তিনি পরিণীতির হাল হকিকত জানতে চান। স্টেজের ছবি দেখান পরিণীতি। তখনই রাঘব বলেন, তুমি বাড়তি চাপ নিচ্ছ না তো, মঞ্চ তৈরি। আমার শুভেচ্ছা সর্বদা তোমার সঙ্গে রয়েছে।

স্বামীর সঙ্গে কথোপকথোনের এই ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন অভিনেত্রী।

খুব শিগগিরই আসতে যাচ্ছে তার প্রথম অ্যালবাম। দিন কয়েক আগেই পরিণীতি জানিয়েছিলেন, তিনি নাকি নিজের প্রথম গানের অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন। সমাজমাধ্যমের পাতায় নিজের স্টুডিওর ছবি পোস্ট করে তিনি লেখেন, গান আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা। বহু গায়ককে মঞ্চে পারফর্ম করতে দেখেছি। এ বার আমিও সেই জগতে পা রাখতে চলেছি। জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি।

চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির কমিটি গঠন, সভাপতি: মনোয়ার, সম্পাদক: কামাল

ফখরুদ্দীন ইমন:

বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (৩১ জানুয়ারি) বিকালে সংগঠনের কুমিল্লা জেলা সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক শাহজাদা এমরান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নয় সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টিভি’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো: কামাল হোসেন নয়ন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আনন্দ টিভি’র চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনু সহ-সভাপতি, বিজয় টিভি’র প্রতিনিধি মনির উল্লাহ ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক, জনতার বার্তার মোতালেব হোসেন অর্থ সম্পাদক, আমাদের সময় ডটকম এর এম এ আলম দপ্তর সম্পাদক, ঢাকা টাইমস্ এর শাহরিয়ার ইমন জয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, কালের কণ্ঠের আবুল বাশার রানা ও বাঙলার জাগরণ এর আবদুল মান্নান নির্বাহী সদস্য।

বুধবার বিকেলে নতুন কমিটির অনুমোদিত তালিকা ও দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, সহ-সভাপতি ওমর ফারুক তাপস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও দফতর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু প্রমুখ।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার সকাল১০টা হতে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের শহিদনগর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে কয়েকটি এস্কেভেটর দিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে শহিদনগর ট্রমা সেন্টারের সামনে, শহিদনগর বাসস্ট্যান্ড ও শহীদ নজরুল ইসলাম সড়কের দু’পাশে চায়ের দোকান, খাদ্যের দোকান, হোটেল, বেকারি, ফলের দোকান, ওয়াকসব ও ওষুধের দোকানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা মহাসড়কের পাশের সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণসহ পাকা স্থাপনা নির্মাণ করে।

কানেক্টিভিটি প্রজেক্টের আওতায় মহাসড়কটির অনেক বড় আকাড়ে সম্প্রসারণ করার পরিকল্পনা চলছে ।
উচ্ছেদের বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দখলদাররা আছেন। সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম। আগে লাল চিহ্ন দেয়া হয়েছে এবং গতকাল(বুধবার) মাইকিংও করা হয়েছে। যারা অবৈধ দলখদার তারা নিজেরাই জানেন অবৈধ, এখানে নোটিশ করার কোন কিছু আছে কিনা আমার জানা নেই । আমরা আমাদের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছি এটা আমাদের নিয়মিত কার্যক্রম