All posts by jitu

ব্যালট ছাড়া অন্যসব উপকরণ পাঠানো শেষ করলো ইসি

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাড়া অন্যসব উপকরণ উপজেলা পর্যায়ে পাঠানো শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এগুলোর মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্রসহ ৯ ধরনের উপকরণ রয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) ৯ ধরনের উপকরণ পাঠানো মধ্যে দিয়ে এই কাজ শেষ হলো বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

যেসব উপকরণ পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে- অমোচনীয় কালি, বিভিন্ন ধরনের ফরম ও প্যাকেট, ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, প্রশিক্ষণ ম্যানুয়েল, নির্দেশিকা, সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার।

এগুলো ছাড়াও ভোটগ্রহণের জন্য ১৩ ধরনের উপকরণের প্রয়োজন পড়ে। যার মধ্যে রয়েছে- ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, সিল, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি প্রভৃতি। গত নভেম্বরে মাঠ পর্যায়ে এগুলো পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের পর ব্যালট পেপার ছাপানো শুরু হবে। এবার আপিল শুনানি শেষে বৈধ প্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার ২৬০ জনে। এই সংখ্যা কিছুটা কমতে-বাড়তে পারে।’

প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতি শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রদূতের

ডেস্ক রিপোর্ট:

মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শ‌নিবার (১৬ ডিসেম্বর) রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাসে বিজয়ের ৫২ বছর পূর্তিতে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, বর্তমানে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের মধ্যে পারস্পরিক বিনিয়োগের মাধ্যমে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। আগামী দিনে সৌদি আরব বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বলেন, দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক তৈরির লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিজনেস ফোরাম গঠিত হয়েছে, যার আওতায় এরইমধ্যে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত পা‌টোয়ারী। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও রিয়াদে প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রদূত দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ফুল দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় রাষ্ট্রদূত পাটোয়ারী বলেন, সৌদি আরবে বসবাসরত নতুন প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসা, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানে সবসময়ই স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়। রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা, ইতিহাস সম্পর্কে জানাতে হবে। এছাড়া নতুন প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসা অনুধাবনের জন্য শেকড়ের কাছাকাছি নিয়ে যাওয়ার কথা বলেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠান উপস্থাপনা করেন দূতাবাসের কার্যালয় প্রধান কাউন্সেলর মো. বেলাল হোসেন।

কুয়েতের নতুন আমির মিশাল আল-আহমাদের নাম ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। শনিবার ৮৬ বছর বয়সি আমিরের মৃত্যুর খবর ঘোষণা করে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা।

নাওয়াফের মৃত্যু হওয়ায় এখন কুয়েতের পরবর্তী আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা হয়েছে।

নতুন আমির হতে যাওয়া মিশালও এখন বৃদ্ধ হয়ে গেছেন। তার বর্তমান বয়স ৮৩ বছর। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন মিশাল। এর মাধ্যমে বিশ্বের ইতিহাসে ‘সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স’ হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।

নাওয়াফ ২০২০ সালে আমির হয়েছিলেন। কিন্তু ওই সময় থেকেই নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০২১ সালে চিকিৎসার জন্য একবার যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি। তবে গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। ওই সময় থেকেই নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি। ৮৬ বছর বয়সে আজ তার মৃত্যু হয়েছে।

সদ্যই প্রয়াত নাওয়াফ অসুস্থ থাকায়— কুয়েতের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন ক্রাউন প্রিন্স মিশাল। নাওয়াফের বদলে কয়েকদিন আগে মিশাল যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছিলেন। এছাড়া কুয়েতের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণাও এসেছিল তার মুখ থেকে।

২০২০ সালে মিশালকে যখন ক্রাউন প্রিন্স বানানো হয়; তখন এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। মূলত তার বয়সের কারণেই এমনটি হয়েছিল। তবে বিশ্লেষকরা তখন জানান, কুয়েতের শাসকরা এখনই পরবর্তী প্রজন্মের হাতে শাসনভার দিতে চান না। এ কারণে তরুণদের বদলে বুড়ো মিশালকে ক্রাউন প্রিন্স বানানো হয়েছিল।

সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

ডেস্ক রিপোর্ট:

‘আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফশিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে’ দফায় দফায় অবরোধের পর এবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল ডেকেছে বিএনপি। আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার সন্ধ্যার দিকে অনলাইনে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি। সর্বশেষ গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মমতাজ বেগমকে শোকজ

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংগীতশিল্পী মমতাজ বেগমকে শোকজ করা হয়েছে।

শনিবার মানিকগঞ্জ-২ নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ রেমিন সুলতানার সই করা এ সংক্রান্ত একটি চিঠি মমতাজকে পাঠানো হয়েছে।

চিঠিতে আগামী সোমবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।

২০১৪ সাল থেকে নিয়ে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন মমতাজ বেগম।

উল্লেখ্য, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভা, হরিরামপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও মানিকগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত।

ঘোষিত তফশিল অনুসারে ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন বাছাই করা হয়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।

বর্ণাঢ্য আয়োজনে ভিক্টোরিয়া কলেজে বিজয় দিবস উদযাপন

 

আল-আমিন কিবরিয়া,

বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে ভিক্টোরিয়ার হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছে কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ, শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা হয়।

ভিক্টোরিয়া কলেজর বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এম.এম শফিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন। এ সময় কলেজের অন্যন শিক্ষক ও শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ভিক্টোরিয়া কলেজের দ্বি-মাসিক সৃজনশীল মুখপত্র ক্যাম্পাস বার্তার উদ্যোগে প্রকাশিত বিজয়ের দেয়ালিকার মোড়ক উন্মোচন করেছেন কলেজের অধ্যক্ষ। এতে কলেজে সাংবাদিক সমিতি ও ক্যাম্পাস বার্তার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. আবু জাফর খান আলোচনা সভায় সকলকে শুভেচ্ছা  জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের স্বপ্নকে অনুসরণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। তার কার্যকর পদক্ষেপের ফলে বাংলাদেশ একটি গতিশীল অর্থনীতি ও সম্ভাবনার দেশে পরিণত হয়েছে। দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে

মারা গেছেন কুয়েতের আমির

ডেস্ক রিপোর্ট:

উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমাদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন। শনিবার কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে কুয়েতের আমিরের মৃত্যুর ঘোষণায় আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল-সাবাহ বলেন, ‘‘আমরা গভীরভাবে শোকাহত। আমরা— কুয়েতের জনগণ, আরব ও ইসলামিক বিভিন্ন দেশ এবং বিশ্বের বন্ধুত্বপূর্ণ জনগণ— আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শোক প্রকাশ করছি। যিনি আজ সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন।’’

তবে বিবৃতিতে কুয়েতের আমিরের মৃত্যুর কোনও কারণ জানায়নি কর্তৃপক্ষ।

এর আগে, গত নভেম্বরে শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবেরকে জরুরি পরিস্থিতিতে হাসপাতালে নেওয়া হয়। ওই সময় দেশটির সরকারি একজন কর্মকর্তা জানান, প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমিরের শপথগ্রহণ করেন। ৯১ বছর বয়সী সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর কুয়েতের নতুন আমিরের দায়িত্ব নেন নাওয়াফ।

ক্ষমতায় আসার কয়েক দশক আগে থেকেই কুয়েতের সরকারি বিভিন্ন উচ্চপর্যায়ের অফিসে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০০৬ সালে কুয়েতের আমিরের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ১৯৯০ সালে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে ইরাকি সৈন্যদের হামলার সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

এছাড়া কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন নাওয়াফ। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দেশটির বিভিন্ন সশস্ত্রগোষ্ঠীর কাছ থেকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি। কুয়েতের আল-সাবাহ পরিবারের সদস্যদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে শেখ নাওয়াফের। সদা বিনয়ী আর সাদামাটা জীবনযাপনের জন্য তার বেশ সুনামও রয়েছে।

দেশটিতে ব্যাপক জনপ্রিয় শেখ নাওয়াফের মৃত্যুতে তার সৎ ভাই শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের (৮৩) এখন আমিরের দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেওয়া হয়নি।

গত নভেম্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহকে জরুরিভাবে হাসপাতালে নেওয়া হয়। তবে ওই সময় তার শারীরিক অসুস্থতার কোনও কারণ প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ। এছাড়া তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছেন সেই বিষয়েও কোনও তথ্য জানানো হয়নি।

শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত না জানানো হলেও অতীতে কয়েকবার তার ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন শেখ নাওয়াফ। এর আগে, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ২০২১ সালের মার্চে যুক্তরাষ্ট্রে যান তিনি।

শেখ নাওয়াফের মৃত্যুর খবরে শোক জানিয়ে কুয়েত ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক বাদের আল সাইফ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, ‘‘আজ কুয়েতের জন্য অত্যন্ত দুঃখের দিন। শেখ সাহেব কেবল দেশের জন্য ভালো কাজ করেছেন। তার কর্মকাণ্ড স্মরণীয় হয়ে থাকবে। তার শাসনামল উল্লেখযোগ্য। যদিও কুয়েতের ইতিহাসে তৃতীয় সংক্ষিপ্ততম শাসনামল ছিল এটা।’’

১৯৩৭ সালে কুয়েতে জন্মগ্রহণ করেন শেখ নাওয়াফ। ১৯২১ থেকে ১৯৫০ সাল পর্যন্ত কুয়েতের আমিরের দায়িত্ব পালন করা শেখ আহমদ আল-জাবের আল-সাবাহর পঞ্চম পূত্র ছিলেন শেখ নাওয়াফ। কুয়েতে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা লাভ করেছিলেন তিনি। তবে উচ্চ শিক্ষা গ্রহণ করেননি। মাত্র ২৫ বছর বয়সে কুয়েতের হাওয়ালি প্রদেশের গভর্নর হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি ।

সূত্র: আলজাজিরা, এপি।

কুবিতে উদযাপিত হলো ৫২তম বিজয় দিবস

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

সকাল ১০টা ২০মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে শহীদ মিনারের উদ্যেশ্যে বিজয় র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় পরিবারের থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু ভাস্কর্যে পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির।

উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ূন কবির বলেন, ত্রিশ লক্ষ মানুষ হাসিমুখে বিদায়ের পরিবর্তে আজ বাংলাদেশ। বাংলার মানুষ বাঁশ লাঠি নিয়ে রাইফেলের সামনে ঝাপিয়ে পড়েছিলেন। আজ আমরা তাদের আত্নত্যাগ ভুলে যাচ্ছে। আমরা দলে উপদলে বিভক্ত হয়ে বঙ্গবন্ধুর আর্দশ ভুলে যাচ্ছি। সময় এসেছে আজ বিভেদ ভুলে ঐক্য হওয়ার।

উপাচার্য ড. এএফএম আবদুল মঈন বলেন, আমি সচক্ষে মুক্তিযুদ্ধের সাক্ষী। তারা মেরে লাশ নদীতে ফেলে দিত। পাক আর্মির থেকে বাংলাদেশের ক্ষতি করছে রাজাকাররা। বর্তমানে সমানে নির্বাচনকে সামনে সেই মানুষ গুলো আবারও সোচ্চার হচ্ছে। বিদেশিরা কখনো বাংলাদেশের ভালো চায় নাই। তারা এখন বাংলাদেশের নির্বাচনের হস্তক্ষেপ করার চেষ্টা করতেছে।

এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে আলোকসজ্জা, আবাসিক হলে উন্নত মানের খাবার পরিবেশন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

নিষেধাজ্ঞা আসলে নতুন আরেকটি নির্বাচন হবে: পার্থ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, চলমান প্রক্রিয়ায় ভোট হলে নির্বাচনের পর আসতে পারে পশ্চিমাদের নিষেধাজ্ঞা,হতে পারে নতুন আরেকটি নির্বাচন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেছেন তরুণ এ রাজনীতিবিদ।

ব্যারিস্টার পার্থ বলেন, সরকারের মাথায় এটা চিন্তা আছে যে, তারা এ ধরণের বানোয়াট অবস্থায় নির্বাচন করলে বৈশ্বিকভাবে কি কি চাপ আসতে পারে। বিশেষ করে বাংলাদেশের ওপর পশ্চিমাদের স্যাংশন, ইমবার্গো আসতে পারে এটা মাথায় আছে এবং এটা নিয়ে চিন্তায় আছে সরকার।

বৈশ্বিক চাপগুলো সরকার নিতে পারবে কিনা, সরকারের হাতে অপশন আছে কিনা এগুলো নিয়ে ভাবছে। যদি না নিতে পারে, তাহলে আবার সংলাপ করে পুনরায় নির্বাচনে যেতে পারে সরকার।

সূত্র: যুগান্তর

বিএনপি-জামায়াতের অপরাজনীতি নির্মূল করতে হবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের অপরাজনীতি নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের অপরাজনীতি যদি না থাকত বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যেত। বাংলাদেশকে স্বপ্নের ঠিকানা নিয়ে যেতে হলে এই অপরাজনীতি এবং এই অপরাজনীতি যারা করে তাদেরকে নির্মূল করতে হবে।

বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক বলেন, আমরা আরো বহুদূর এগিয়ে যেতে পারতাম। কিন্তু আজকে ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেমন নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালিয়ে হত্যা করেছে, আজকে নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি।

তিনি বলেন, তারা আজকে সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করছে, সাধারণ মানুষকে জিম্মি করছে, গাড়িঘোড়াতে আগুন দিচ্ছে। নব্য হানাদার হিসেবে রূপান্তরিত হয়েছে বিএনপি জামায়াত।