All posts by jitu

ইসরাইলগামী সব জাহাজে হুথির হামলার হুমকি

ডেস্ক রিপোর্ট:

ইসরাইলগামী সব জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। একই সঙ্গে ইসরাইলি বন্দরগুলোতে যাওয়া এবং সেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্কও করেছে গোষ্ঠীটি।

এর আগে চলতি মাসেই ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালান ইয়েমেনের ইরানসমর্থিত এই বিদ্রোহীরা। খবর রয়টাসের।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়তা যেটাই হোক না কেন, ইসরাইলগামী সব জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে শনিবার হুশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুথি আন্দোলন। একই সঙ্গে ইসরাইলি বন্দরগুলোতে যাওয়া ও সেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্কও করেছে গোষ্ঠীটি।

টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল এবং তাদের এই বর্বর হামলার মধ্যেই ইরানসমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি হুশিয়ারি আঞ্চলিক সংঘাতের ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে।

রয়টার্স বলছে, হুথিরা লোহিতসাগর এবং ওই সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে ইসরাইলি-সংযুক্ত বেশ কয়েকটি জাহাজ আক্রমণ চালানোর পাশাপাশি জব্দও করেছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করে থাকে। এ ছাড়া হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপও করেছে হুথিরা।

হুথি কর্মকর্তারা বলছেন, তাদের কর্মকাণ্ড ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের প্রদর্শন। অন্যদিকে ইসরাইল বলেছে, জাহাজে হামলা ‘ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ এবং এটি আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার জন্য হুমকি।

হুথি গেষ্ঠিীর একজন সামরিক মুখপাত্র বলেছেন, লোহিতসাগর এবং আরব সাগর থেকে সব জাহাজকে ইসরাইলি বন্দরগুলোর দিকে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যদি গাজা তার প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তা হলে লোহিতসাগরে ইসরাইলি বন্দরগুলোর দিকে যাওয়া সব জাহাজ তাদের জাতীয়তা নির্বিশেষে আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

তাৎক্ষণিকভাবে এই আদেশ কার্যকর হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের কয়েকটি সামরিক চৌকিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি গোষ্ঠী। তবে ওই হামলায় ইসরাইলে কোনো ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

অবশ্য যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সেই সময় জানান, বুধবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ছোড়া একটি ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের আরলে বার্ক ডেস্ট্রয়ার। তবে এতে কোনো ক্ষতি কিংবা হতাহত হয়নি। এ ছাড়া ড্রোনটির লক্ষ্যবস্তুও পরিষ্কার ছিল না।

মূলত গত ৭ অক্টোবর হামাস-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দক্ষিণ লোহিতসাগরে ষষ্ঠবারের মতো ড্রোনে গুলি চালিয়েছে মার্কিন নৌবাহিনী। মধ্যপ্রাচ্যের জলসীমায় ইসরাইলি কয়েকটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক একের পর এক হামলার মাঝেই গত সপ্তাহে ওই হামলার ঘটনা ঘটে।

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শুরু

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন শুরু করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে, কর্মসূচি ঘিরে প্রেস ক্লাবের সামনে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিন সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবসহ কদম ফোয়ারা এবং মৎস্য ভবনসহ এর আশপাশের এলাকায় সতর্কাবস্থানে থাকতে দেখা গেছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে।

৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ছে হজের নিবন্ধনের সময়

ডেস্ক রিপোর্ট:

হজের নিবন্ধনের সময় আরও ২১ দিন বাড়ানো হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সময় বাড়িয়ে রোববার (১০ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে জানা গেছে।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে কোটা ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়।

আগামী বছর (২০২৪ সাল) হজে যেতে সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর। নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা রোববার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত সব হজযাত্রী নিবন্ধন করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বশেষ নিবন্ধনের ক্রমিক ৯১০০৯৬।

কিন্তু শনিবার পর্যন্ত পাঁচ শতাংশ হজযাত্রীও নিবন্ধিত হয়নি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম শনিবার জাগো নিউজকে বলেন, ‘হজের নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে। রোববার এ বিষয়ে নোটিশ জারি করা হবে।’

তিনি বলেন, ‘এরপর হয়তো আমাদের আর নিবন্ধনের সময় বাড়ানো সম্ভব হবে না। ওই সময় পর্যন্ত যারা নিবন্ধন করবেন, তারাই এবার হজ পালন করতে পারবেন।’

হজ এজেন্সি মালিকরা জানান, আগামী ৭ জানুয়ারি নির্বাচন, অনেকেই নির্বাচন নিয়ে ব্যস্ত। আর চলছে টানা অবরোধ ও হরতাল। বেশির ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না। অন্যদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছিল, নিবন্ধন চলে এপ্রিল পর্যন্ত। কিন্তু এবার সৌদি সরকার হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনায় হজ চুক্তির আগেই হজের নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে। আগেভাগে নিবন্ধনের তথ্য অনেকে জানেনও না। তাই এবার নিবন্ধনে খুবই ধীরগতি।

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় বুড়িচংয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখায় ও বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আগামী মার্চ পর্যন্ত ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে দাম বেড়ে যায়।

পেঁয়াজের দাম বাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নির্দেশে শনিবার বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখায় পাঁচজন বিক্রেতাকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ছামিউল ইসলাম।

ছামিউল ইসলাম যুগান্তরকে বলেন, পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস (৮) নিহত হয়েছেন। সে উপজেলার দুর্গাপুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে ও দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম।

নিহতের খালাতো ভাই হৃদয়সহ স্থানীয়রা জানান, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার চিওড়া পাম্পের উত্তর পাশে সড়ক পার হওয়ার সময় জান্নাত ফেরদৌসকে একটি মোটর সাইকেল ধাক্কা দেয়। এতে জান্নাতুল ফেরদৌসের প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।

হেফাজতে ইসলামের সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে ইসি

ডেস্ক রিপোর্ট:

আগামী ২৯ ডিসেম্বর হেফাজতে ইসলামীর ডাকা সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

শনিবার (০৯ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম এ কথা জানান।

২৯ ডিসেম্বর হেফাজতে ইসলাম সমাবেশের ডাক দিয়েছে, তারা অরাজনৈতিক সংগঠন। এ বিষয়ে ইসির করণীয় জানতে চাইলে ইসি সচিব বলেন, বিষয়টি আমার পত্রিকার মাধ্যমে জেনেছি। বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। কমিশন যদি মনে আরও কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন আছে, তাহলে কমিশন সেটা করবে।

বিএনপি মানববন্ধনের কর্মসূচি দিয়েছে, বিষয়টিতে ইসি কিছু করণীয় আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দেখভাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ গ্রহণ করেছে তা সেখান থেকেই গণমাধ্যমকে জানতে হবে।

যেসব রাজনৈতিক দল নির্বাচনের বাইরে আছে, তারা যদি কোনো সভা সমাবেশ করে তাহলে সেটা ইসির এখতিয়ারের মধ্যে কি-না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে কোনো কার্যক্রম অবশ্যই নির্বাচনী পরিপন্থি হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে যে প্রচলিত বিধি-বিধান ও আইন আছে, তা সবার জন্য প্রযোজ্য হবে।

আওয়ামী লীগ নেতা ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য নির্বাচন কমিশন তবল করেছে, বিষয়টি সামনে আনা হলে ইসি সচিব বলেন, ঝালকাঠি-২ আসনের একজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন বিধায় রিটার্নিং অফিসার রিপোর্ট করেছেন, সেই ভিত্তিতে তাকে আগামী ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় সশরীরে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।

শিক্ষার্থীরা যেন পিছিয়ে না থাকে তা আমরা নিশ্চিত করতে চাই: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বের যে কোনো শিক্ষার্থীর চেয়ে এক বিন্দু পিছিয়ে না থাকে তা আমরা নিশ্চিত করতে চাই।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বিষ্ণুদী ফাজিল মাদ্রাসায় শিক্ষার আধুনিকায়নে চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা যে জায়গায় পৌঁছেছে, সেটির জন্য আমরা মুগ্ধ। শিক্ষকরা মাদ্রাসার শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে যেমন গড়ে তুলছেন। একইভাবে ধর্মীয় ও নৈতিক শিক্ষাসহ অন্যান্য সাধারণ শিক্ষার সঙ্গে প্রযুক্তিতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছেন।

দীপু মনি বলেন, দীর্ঘ ১৫ বছর আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সেবা করার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আল্লাহর রহমতে আগামীতে সুযোগ পেলেও আপনাদের সেবা করে যাব। আর মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং আধুনিকায়নের বিষয়ে শিক্ষকরাই সবচাইতে ভালো জানেন। কারণ শিক্ষকরাই সেটি বাস্তবায়ন করে আসছেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা নীতি প্রণয়ন করেন এবং যারা সিদ্ধান্ত নেন তারা অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেন ও অভিজ্ঞতা বিনিময় করেন। কিন্তু সেটি কতটুকু এবং কীভাবে বাস্তবায়িত হলো, তার ফলাফল কতটা ইতিবাচক, কোনো সমস্যা আছে কিনা, কি কি চ্যালেঞ্জ আছে, সেগুলো থেকে উত্তরণের জন্য কি করণীয় আছে সেগুলোর জন্য পরামর্শ দেওয়ার কাজগুলো শিক্ষকরা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

নাসুম আহমেদকে চড় মারা প্রসঙ্গে মুখ খুললেন পাপন

ডেস্ক রিপোর্ট:

গুঞ্জন আছে, সর্বশেষ বিশ্বকাপ চলাকালে নাসুম আহমেদের গায়ে হাত তুলেন চন্ডিকা হাথুরুসিংহে। এমন কাণ্ডে তদন্ত করার কথাও জানিয়েছিল পেশাদার ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ মিরপুরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমি জানি না (নাসুমকে চড় মারার ঘটনা)। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিনি একটা টিভিতে প্রচার করার আগে। কিন্তু এখানে বলা হয়েছে আমি জানি।’

নাসুমের সঙ্গে এমন কাণ্ড সামনে আসে দেশের এক টিভি চ্যানেলে সংবাদ প্রচারের পর। সেই প্রতিবেদনে দাবি করা হয়, এ ঘটনা প্রসঙ্গে অবগত আছেন পাপন। তবে বিসিবি সভাপতি এটাকে মিথ্যা বলেছেন।

পাপন বলেন, ‘আমাকে বলা হয়েছে। আমি গিয়ে আবার কোচকে শাসিয়েছি। এরকম কিছু। আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা আমি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন।’

‘সমস্যাটা হয়েছে এখানে একাধিক। আমি শুধু মিডিয়াকে দোষ দিচ্ছি না। আগে একটা সময় আমি আরও অনেক বেশি জড়িত ছিলাম এ সমস্ত ব্যাপারে। এই সাত-আট মাস আমি যখন এটা বন্ধ করেছি, আসলে বিসিবির যোগাযোগটাও বন্ধ হয়ে গেছে। বিসিবি থেকে কেউ কথা বলছে না। একেকজন হয়তো নিজের মত দিচ্ছে, কিন্তু বিসিবিকে প্রতিনিধিত্ব করছে না।’-যোগ করেন পাপন।

প্রার্থিতা ফিরে পেতে পাঁচ দিনে ইসিতে ৫৬১ প্রার্থীর আপিল

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে পাঁচদিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন ৫৬১ প্রার্থী।

শনিবার (৯ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে এ আপিল আবেদন করেন তারা।

ইসি কর্মকর্তারা বলেন, প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন এবং আজ ১৩০ জন আপিল করেছেন। পাঁচদিনে মোট ৫৬১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। এরমধ্যে বেশ কিছু বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনও করা হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু হয়, শেষ হয় ৪ ডিসেম্বর সন্ধ্যায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

নোয়াখালীতে ভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন মা-মেয়ে

নোয়াখালী প্রতিনিধি:

বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে নোয়াখালীর জেলা ও বেগমগঞ্জ উপজেলা পর্যায়ে ভিন্ন ক্যাটাগরীতে একসাথে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন মা ও মেয়ে।

শনিবার (৯ ডিসেম্বর) “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় “সফল জননী” নারী ক্যাটাগরী”তে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে মা – বিবি মরিয়ম এবং শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে তারই বড় মেয়ে ও পুলিশের এডিশনাল এসপি আকলিমা আক্তার এই সম্মাননা পেয়েছেন।

মা-বিবি মরিয়ম উপস্থিত থেকে সম্মাননা গ্রহন করলেও তার মেয়ে আকলিমা আক্তার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালির মিনুসমাতে বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্বরত থাকায় তারই বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ছেলে শাদমান সাকিব মায়ের পক্ষে এই গৌরবমন্ডিত সম্মাননা গ্রহণ করেন।

“সফল জননী” বিবি মরিয়মের চার সন্তানের মধ্যে বড় মেয়ে ৩৪ তম বিসিএস (পুলিশ) ক্যাডার, ছোট ছেলে ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার, বড় ছেলে প্রথম শ্রেণীর অনার্স-মাস্টার্স সম্পন্ন করে এখন সফল ব্যবসায়ী, ছোট মেয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমান উচ্চ শিক্ষায় আমেরিকায় অধ্যয়নরত রয়েছেন। মুক্তিযোদ্ধা আব্দুর রবের বিধবা কন্যা বিবি মরিয়ম, তার চার সন্তানকে প্রতিষ্ঠিত করে আজ সফল জননী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অন্যদিকে “সাফল্য অর্জনকারী নারী” হিসাবে তারই বড় মেয়ে ও পুলিশের এডিশনাল এসপি আকলিমা আক্তার কলেজের গণ্ডি পেরনের আগেই বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুরবাড়ি একান্নবর্তী পরিবার ও স্বামী সন্তানদের দায়-দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন এবং পরে বিবিএ-এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রথম শ্রেণীতে এমবিএ-ও ডিগ্রী অর্জন করেন।

৩৪ তম বিসিএসে গেজেটেড মুক্তিযোদ্ধার নাতনী হিসেবে “মুক্তিযোদ্ধা কোটা” পাওয়ার চেষ্টা না করে সবার সাথে প্রতিযোগিতা করে মেধার ভিত্তিতে তিনি ‘পুলিশ ক্যাডারের’ জন্য সুপারিশ প্রাপ্ত হয়ে পুলিশে যোগদান করেন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে “মাষ্টার্স অব পুলিশ সাইন্সে” কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে তৃতীয় মাস্টার ডিগ্রী অর্জন করেন।

আট বছর বাংলাদেশ পুলিশের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার বিক্ষুব্ধ দেশ মালির মিনুসমায় বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের প্লাটুন কমান্ডার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এ অবস্থিত নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে (এষড়নধষ ঝবপঁৎরঃু, ঈড়হভষরপঃ গধহধমবসবহঃ ্ ঈুনবৎ ঈৎরসব) বিষয়ে অধ্যয়নের জন্য আকলিম আক্তারকে আমন্ত্রণ জানিয়ে অফার লেটার প্রেরণ করা হয়। জাতিসংঘের মিশনে শেষে তিনি সেখানে ভর্তি হবেন বলে জানান।

শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে আকলিম আক্তারের দীর্ঘ সংগ্রামী জীবনের অসামান্য সাফল্যে, সমাজের বিভিন্ন বাধা-বিপত্তির কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া মেয়েদের আত্মবিশ্বাস সৃষ্টিতে অনুপ্রেরণা যোগাবে বলে অনেকেই মনে করছে।

বেগম রোকেয়া দিবস ২০০৩ উপলক্ষে দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্র জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ
পরিচালক কামরুল নাহারের সভাপতিত্ব অনুষ্ঠিত সংবর্ধনা সভায় নোয়াখালী জেলার পাঁচজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯ টায় বেগমগঞ্জ উপজেলা অফিসে, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত উপজেলার পাঁচজন জয়িতার মাঝেও সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।