All posts by jitu

চান্দিনায় শত্রুতা জের দরে ৪৮ শতাংশ জমির শসা গাছ বিনষ্ট করলো দুর্বৃত্তরা

চান্দিনা প্রতিনিধি:

চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় ফসলী মাঠে একজন কৃষকের ৪৮ শতাংশ জমির শসা আবাদী ক্ষেত বিনষ্ট করে দুর্বৃত্তরা। এতে কৃষকের ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে ধারনা করা হচ্ছে।
রবিবার (১২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, জমিটিতে শসা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠেছিল। ফুল ও শসা এসেছিল। গাছগুলোকে বাঁশের তৈরী মাচায় উঠিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার (১০ নভেম্বর) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই জমির সব গাছ উঠিয়ে ফেলে। শনিবার জমিতে গিয়ে ওই অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ে কৃষক তাপস সরকার ও তার স্ত্রী লিপি রানী সরকার।

এদিকে ওই ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক তাপস সরকার রবিবার (১২ নভেম্বর) চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ওই ঘটনায় কারা জড়িত তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

ক্ষতিগ্রস্থ কৃষক তাপস সরকার বলেন- ৪৮ শতাংশ জমিতে গরু বিক্রির টাকা সহ সব মিলিয়ে দেড় লাখ টাকা খরচ করে তিনি শসা চাষ করেন। স্ত্রী এবং কলেজ পড়ুয়া ছেলেকে নিয়ে সার্বক্ষণিক দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেন তারা। শুক্রবার রাত ১০ টা পর্যন্ত তারা জমিতে পরিচর্যার কাজ করে বাড়িতে যান। পরদিন ভোর ৬টায় জমিতে গিয়ে দেখেন কে বা কারা সব গাছ তুলে ফেলেছে।

কথাগুলো বলতে গিয়ে কৃষক ও তার স্ত্রী হাউমাউ করে কেঁদে ফেলেন।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোরশেদ আলম বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি। একটি অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণিত কাজ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরণ রানী ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তিনি পাবেন।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, বিষয়টি আমার জানা নেই। কৃষি কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চান্দিনায় উপজেলা আওয়ামী লীগের অবরোধ বিরোধী শান্তি সমাবেশ ও মিছিল

চান্দিনা প্রতিনিধি:

সারাদেশে বিএনপি’র ডাকা অবরোধের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা অংশে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১২ নভেম্বর) সকাল থেকে মহাসড়কে উপজেলার কাঠেরপুল এলাকায় অবস্থান নেয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা দফায় দফায় অবরোধ বিরোধী মিছিল করে। দুপুরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে মিছিল শেষে কাঠেরপুল এলাকায় শান্তি সমাবেশ এর মধ্য দিয়ে শেষ হয়।

এসময় বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মো. আবদুর রব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল, সহ-সভাপতি পৌর কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, পৌরসভার মহিলা কাউন্সিলর শাহনাজ আক্তার, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ইমাম হোসেন ফরিদ, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির বাবুল, কুমিল্লা উত্তর জেলা তাঁতী লীগ যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ.বি সিদ্দীক, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বশির আহম্মেদ সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম, কাজী তোফায়েল আহমেদ জনি, কাউন্সিলর নাজমুল হাসান রোমেল, মহিলা কাউন্সিলর আমেনা আক্তার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি প্রমুখ।

 

 

যৌতুকের জন্য গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা: গ্রেপ্তার-৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে বেগমগঞ্জে যৌতুকের টাকার জন্য নাজমা আক্তার (২০) নামে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসক জানিয়েছেন তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গৃববধূর স্বামী মো.রাসেল, শ্বশুর ফখরুল ইসলাম, শাশুড়ি সফুরা বেগম ও দেবর মামুন।

রোববার (১২ নভেম্বর) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের উজির আলী জমাদার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নাজমা আক্তার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার রুস্তম ড্রাইভার বাড়ির মো.ইউসুফের মেয়ে।

ভুক্তভোগী নাজমা অভিযোগ করে বলেন, পাঁচ বছর আগে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের সিএনজি চালক মো.রাসেলের সঙ্গে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। আমাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী রাসেল বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য সংসারে কলহ করত। কিছু দিন আগে সে তার সিএনজি চালিত অটোরিকশাটি বিক্রি করে দেয়।

তিনি অভিযোগ করে আরও বলেন, গত ৬ নভেম্বর নতুন একটি সিএনজি চালিত অটোরিকশা কেনার জন্য দুই লক্ষ টাকা আমার বাবার বাড়ি থেকে এনে দেওয়ার জন্য সে আমাকে বাবার বাড়িতে পাঠায়। শনিবার দুপুরের দিকে সে আমার কাছে টাকা চেয়ে ঘরের জিনিসপত্র ভাঙতে চেষ্টা করে। ওই সময় আমি বাধা দিলে আমার শ্বশুর-শাশুড়ির উপস্থিতিতে রাসেল আমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে আমাকে ২৫০ জন্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, তৈল জাতীয় পদার্থ দিয়ে শরীরে আগুন দেওয়া হয়েছে। তার শরীরের ২৫ শতাংশ আগুনে পুড়ে গেছে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমেনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় যৌতুক আইনে মামলা নেওয়া হয়েছে। আসামিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

চৌদ্দগ্রামে চোরাই অটো সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে সিয়াম মজুমদার (২০), মো: পরান (১৯), মহব্বত গাজী (২৯) নামে আন্তঃজেলা ব্যাটারী চালিত অটো-রিকসা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সিয়াম কুমিল্লার কোতোয়ালি থানার জগন্নাথপুর ইউনিয়নের বাঁশগড্ডা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে, মহব্বত গাজী একই গ্রামের মৃত আলী গাজীর ছেলে ও পরান একই থানার দৌলতপুর এলাকার মো: আবু হানিফের ছেলে। রোববার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ নভেম্বর) রাতের বেলায় সংঘবদ্ধ একটি অটোরিকসা চোর চক্র চৌদ্দগ্রাম উপজেলাধিন কাশিনগর ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে ব্যাটারীচালিত একটি অটোরিকশা চুরি করে পলায়নকালে চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল কুদ্দুসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে একটি চোরাই অটো-রিকসা সহ সিয়াম, পরান ও মহব্বত গাজীকে কাশিনগর এলাকার সাতবাড়িয়া-দাতামা সড়কের বটতলা থেকে গ্রেফতার করা হয়৷ আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে ১টি চোরাই ব্যাটারী চালিত অটো-রিকসা সহ আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে থানা পুলিশ সদা তৎপর রয়েছে।’

কুমিল্লায় ফিলিস্তিনে নিহতদের জন্য দোয়া, গাউসুল আ’জম কনফারেন্স-২৩ অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় ইসরাইলিদের বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও হযরত আব্দুল কাদের জিলানী ( রঃ) জীবনী ও কর্মশীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত।

গত ১১ ই নভেম্বর কুমিল্লা চকবাজারস্থ গোমতি রোটারি ক্লাবে কুমিল্লা গাজীপুরী কাদ্বেরিয়া সংগঠনের আয়োজনে ইসরাইলিদের বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও হযরত আব্দুল কাদের জিলানী ( রঃ) জীবনী ও কর্মশীর্ষক “গাউছুল আ’জম কনফারেন্স-২৩” অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা গাজীপুরী ক্বাদেরীয়া সংগঠনের সভাপতি মুফতী মাওলানা আবুল বাশার আল – ক্বাদেরীর আহবানে গাউছুল আ’জম কনফারেন্সের সভাপতিত্ব করেন শাহপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে তরিকত শাহজাদা ইয়াসির আহমদ সোবহানী আলক্বাদেরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপুর দরবার শরীফের সভাপতি শাহজাদা মাহবুব ইলাহ আল-ক্বাদেরী। কনফারেন্সের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত উপদেষ্টা আলহাজ্ব শাহ মো: আলমগীর খান আল মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারোগাবাড়ি সমাজ কল্যান পরিষদের সভাপতি জনাব মুহাম্মদ আলী ফারুক, কুমিল্লা কেন্দ্রীয় ঈদ ই মিলাদুন্নবী সাঃ উদযাপন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাইনুল হাসান লেহিন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি খাদেম মুহাম্মদ ফিরোজ আল মাইজভাণ্ডারী, কুমিল্লা মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি এনামুল কবির মাইজভাণ্ডারী। কনফারেন্সে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহপুর দরবার শরীফের খলিফাবৃন্দ পীরে তরীকত মাওলানা হেদায়াতুল্লাহ আল কাদেরী, ইঞ্জিনিয়ার সাইফুল আলম শামীম আল ক্বাদেরী।

হযরত আব্দুল কাদির জিলানী (রাঃ) এর জীবনী ও কর্ম শীর্ষক কনফারেন্সের প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সংগঠনের মহাসচিব পীরে তরিকত শাহ মুহাম্মদ মামুনুর রশিদ আল আযহারী এবং কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কাজী গোলাম মোস্তফা (মা.জি.আ)।
ইঞ্জিনিয়ার সাইফুল আলম শামীম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলার সভাপতি দাউদ খান মিয়াজী অচিরেই ইসরালী আগ্রাসনের আহবান জানান।

আলহাজ্ব শাহ মো আলমগীর খান বলেন, আমেরিকার মানবাধিকারের কথা বলে, কিন্তু আজ তাদের মানবাধিকার কোথায়, তারা মানবতার কথা বলে আড়ালে ইসরায়েল কে উসকে দিচ্ছে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্যে কচুয়া উপজেলার গাউসিয়া সোবহানীয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা ফয়জুর রহমান ফিরোজ আলক্বাদেরী বলেন, আমরা বিশ্বের মুসলিম দেশগুলোকে আহ্বান করব, তারা যেন ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। এখনই ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলিরা সেখানে নারী, শিশু, যুবক কিংবা বৃদ্ধ কোনো কিছুই আর বিবেচনা করছে না।

তারা শুধু ফিলিস্তিনের নাগরিক পেলেই হত্যা করছে। ফিলিস্তিনিরা এখন মানবতার সর্বনিকৃষ্ট অবস্থায় রয়েছে। নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের চরম দুর্দিনে কোন মু’মিন মুসলমান নীরব থাকতে পারেনা। এটা ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে তুলনা করেছেন একটি দেহের সঙ্গে। দেহের এক অঙ্গের অসুস্থতায় পুরো দেহই যেমন কাতর হয়ে পড়ে, ঠিক পৃথিবীর এক অঞ্চলের একজন মুসলমানের ব্যথাও অনুভব করতে হবে অন্য সব অঞ্চলের মুসলমানদের। আর তখনই ভ্রাতৃত্বের মর্যাদা রক্ষা হবে।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ অধ্যক্ষ মুফতি কাজী আবুল বাশার গাজায় আর্থিক সহযোগিতা পাঠানোর প্রস্তাব দিলে, অচিরেই একটি আর্থিক সহযোগিতা পাঠানো হবে সভায় আশ্বস্ত শাহজাদা ইয়াসির সোবহানী ।

অনুষ্ঠান শেষে শাহজাদা ইয়াসির সোবহানী আলক্বাদেরী মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এতে গাজায় নিহত সকল শহীদের রূহের মাগফেরাত ও সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

নোয়াখালীতে আ.লীগের শান্তি সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি:

দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে হরতালের নামে প্রধান বিচারপতির বাসভবনে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।

রোববার (১২ নভেম্বর) সকালে চাটখিল উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে নোয়াখালী-১ আসন থেকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রার্থী ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি চাটখিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়।

পরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চাটখিল পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, নোয়াখালী-১ আসন থেকে নৌকা প্রতীক প্রার্থী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যা পাটোয়ারী, নোয়াখালী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাকী বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, বদলকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলাইমান শেখ, নোয়াখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মানিক, পাচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন তরুনসহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক এবং স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বক্তারা হরতাল ও অবরোধের নামে সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড সহ বিভিন্ন সহিংসতার প্রতিবাদ জানান। দলের নেতাকর্মীদের মাঠে থেকে বিএনপি-জামায়াতের এ নৈরাজ্য মোকাবেলা করতে আহবান করেন বক্তারা। এছাড়াও যতোদিন বিএনপি-জামায়াত সাধারণ মানুষের জান-মাল নিয়ে খেলা করবে ততোদিন তাদের এধরনের সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগের সকল নেতকর্মীকে প্রস্তুত থাকতে বলেন।

শান্তি সমাবেশে জাহাঙ্গীর আলম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি- জামায়াতের হরতাল ও অবরোধ প্রতিহত করার আহ্বান জানান। সেসাথে সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

নোয়াখালীতে পূজামন্ডপে হামলা, থানায় মামলা

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুরের একটি অস্থায়ী পূজা মন্ডপে হামলার ঘটনা ঘটেছে। ওই সময় হামলাকারীদের আক্রমণে তিন নারী আহত হয়। পরে বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের করিমপুর টু গণিপুর সড়কে ব্যারিকেড দিয়ে আধা ঘন্টা ব্যাপী বিক্ষোভ দেখায়।

আহতরা হলো, একই এলাকার আলো রানী, লক্ষ্মী রানী দাস ও লক্ষ্মী রানী।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর পূজা মন্ডপে এ হামলার ঘটনা ঘটে। ৩০-৩৫ ব্যক্তি এই হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন করিমপুর কালী মন্দিরের সভাপতি গণেশ রবি দাস। পরে শনিবার রাতে স্থানীয় শেখ সেলিমকে (৫০) প্রধান আসামি করে এজাহার নামীয় আরও ২জনের নাম উল্লেখ করে পূজা মন্ডপের সেবক আলো রবি দাস বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আসামি করা হয় ২০জনকে।

কালী মন্দিরের সভাপতি গণেশ রবি দাস বলেন, চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় ২৬ বছরের পুরনো প্রতিষ্ঠিত জয় শিবা রবি দাস সংঘ কালী মন্দির। এ মন্দিরের পূজা মন্ডপে কালী পূজা,স্বরসতী পূজা,বিশ্বকর্মা পূজা বেশি হয়। পূজা মন্ডপ সংলগ্ন এলাকায় দাস সম্প্রদায়ের লোকজনের বসবাস।

তিনি অভিযোগ করে আরও বলেন, এ মন্ডপে পূজা হলেই স্থানীয় বাসিন্দা সেলিম এটা নিয়ে মতবাদ তৈরী করে। শনিবার সন্ধ্যার সময় পূজা মন্ডপে পুরুষ কেউ ছিলনা। ওই সুযোগে সেলিমের নেতৃত্বে ৩০-৩৫জন লোক পূজা মন্ডপে হামলা চালায়। হামলায় তিনজন নারী আহত হয়। এছাড়া একটি বিশ্বকর্মা প্রতিমা ভেঙ্গে যায়, একটি নির্মাণাধীন প্যান্ডেল ভাঙচুর করে একটি প্রণামী বক্স ও প্রতিমার সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। বেশ কিছু দিন আগে থেকে স্থানীয় শেখ সেলিম কালী মন্দিরের এ জায়গা নিজের দাবি করে বিরোধ চালিয়ে আসছে। জায়গার বিরোধে সে এ হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, একটা সরকারি খাস জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব আছে। ওরা প্যান্ডেল বানাতে গেছে প্যান্ডেলের একটি খুঁটি নড়াচড়া করেছে প্রতিপক্ষ। পূজার প্যান্ডেল তৈরী করার সময় দুই জন লোক গিয়ে মালিকানা দাবি করে।

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় এজাহার নামীয় আসামি ৩জন এবং অজ্ঞাত আসামি ২০জন।

১৯ বছর পর নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করতে নরসিংদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ নভেম্বর) বেলা ১২টার কিছু আগে তিনি সেখানে পৌঁছান।

উদ্বোধন শেষে সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করবেন শেখ হাসিনা। সবশেষ ২০০৪ সালের ২২ এপ্রিল নরসিংদী জেলা আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়েছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা।

এরপর বিকেল ৩টার দিকে নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জনসভায় বক্তব্য শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে করে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের অক্টোবরে কারখানার নির্মাণ কাজ শুরু হয়। ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হলে প্রকল্পের অবকাঠামোর কাজ বাধাপ্রাপ্ত হয়। পরে একই বছরের ১৬ আগস্ট পূর্ণোদ্যমে কাজ শুরু হয়। যার দায়িত্ব পায় চীনের সিসি সেভেন এবং জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপর ২০২২ সালের ২১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১১০ একর জমির ওপর নির্মিত প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকার ৪ হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকা আর জাপান ও চীনের ঠিকাদারদের যৌথ কনসোর্টিয়াম ব্যাংক অব টোকিও-মিৎসুবিশি ইউএফজে লিমিটেড ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ১০ হাজার ৯২০ কোটি টাকার ঋণ দেয়।

দেবিদ্বারে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ প্রশিক্ষক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে কুমিল্লায় রোড টু স্মার্ট বাংলাদেশ প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলার দেবিদ্বার উপজেলার ভূইয়া কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

উদ্বোধন পরে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান ভিপি, দেবিদ্বার পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম। এতে উত্তর কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কুমিল্লা আঞ্চলিক সমন্বয়ক জয়জিৎ দত্তর সঞ্চালনায় প্রশিক্ষক প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা।

উদ্বোধনী বক্তব্যে রোশন আলী মাস্টার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে।

আবারও বিমান থেকে গাজায় চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিমান থেকে আবারও চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং কাতারের সহযোগিতায় সহায়তা প্রদানের এই কাজটি সম্পন্ন করে জর্ডানের সেনাবাহিনী।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহেও ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায় বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছিল জর্ডান। রোববার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় তাদের ফিল্ড হাসপাতালের জন্য চিকিৎসা সহায়তার আরেকটি চালান রয়্যাল এয়ার ফোর্সের একটি বিমান থেকে নিচে ফেলা হয়েছে বলে জর্ডানের সেনাবাহিনী রোববার জানিয়েছে।

জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতালের সক্ষমতা বাড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং কাতারের সহযোগিতায় চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ার এই অভিযানটি চালানো হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতির উদ্ধৃতি দিয়ে জর্ডানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা পেট্রা জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলের ক্রমাগত রক্তক্ষয়ী হামলার মধ্যে প্যারাসুটের মাধ্যমে হাসপাতালে ত্রাণ পাঠানো হয়েছে।

এর আগে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গত ৬ নভেম্বর জানান, জর্ডানের বিমান বাহিনী গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল সহায়তা পাঠিয়েছে।

সেসময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের বিমান বাহিনীর নির্ভীক সেনারা মধ্যরাতে জরুরি চিকিৎসা সরঞ্জাম প্যারাসুটের মাধ্যমে গাজায় অবস্থিত জর্ডানের ফিল্ড হাসপাতালে পৌঁছে দিয়েছে। গাজা যুদ্ধে আহত আমাদের ভাই ও বোনদের প্রতি এটি আমাদের দায়িত্ব। আমরা সবসময় আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে থাকব।’

অবশ্য জর্ডান কি ইসরায়েলের সঙ্গে আলোচনা করে বা আগে থেকে জানিয়ে গাজায় এই চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। কারণ ইসরায়েলের ভয়- গাজায় তাদের অনুমতি ছাড়া ত্রাণ সহায়তা পাঠালে; ত্রাণের আড়ালে অস্ত্র বা প্রতিরক্ষার সরঞ্জাম নিয়ে আসতে পারে হামাস।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের এই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১১ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে সাড়ে চার হাজারেরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারের বেশি।

এছাড়া গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর গাজাকে পুরেপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। যদিও সাম্প্রতিক দিনগুলোতে মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে পরিমাণে খুবই অল্প জরুরি ত্রাণ গাজায় পাঠানো হচ্ছে।

অবশ্য সেগুলোর ওপরও কড়া নজর রাখছে ইসরায়েল।