All posts by jitu

বিএনপি গণতন্ত্রের নামে লাশের রাজনীতি করছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে। এদেশের রাজনীতিতে মানুষ পুড়িয়ে মারার যে পৈশাচিকতার প্রচলন বিএনপি করেছে, তা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিপন্থি। সরকারের দায়িত্ব হলো জনগণের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের নিরাপত্তা সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ‘বিএনপি তথাকথিত রাজনৈতিক কর্মসূচি ও অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গণতন্ত্রবিরোধী অপশক্তি বিএনপির গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার শক্তি ও সামর্থ্য নেই বলেই তারা বরাবরের মতো অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো অগ্নিসন্ত্রাসের মাধ্যমে আগুনের লেলিহান শিখায় পোড়াচ্ছে সারা দেশ; মেতে উঠেছে নির্বিচার ভাঙচুর ও সহিংসতায়।’

তিনি জানায়, ‘অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, অর্থনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করা, মানুষ হত্যা ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বিএনপি। তথাকথিত সরকার পতনের আন্দোলন ব্যর্থ হওয়ায় তাদের অন্তরের জ্বালা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যর্থতার সেই আগুনে তারা বাংলার জনগণের আগামীর সম্ভাবনাকে পুড়িয়ে ছাই করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের অগ্নিসন্ত্রাস থেকে জীবন্ত-ঘুমন্ত মানুষ এবং নারী ও শিশু কেউই রেহাই পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী সংগঠন বিএনপি নেতারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের নামে লাগাতার মিথ্যা, অপপ্রচার ও গুজব সৃষ্টি করছে। তাদের নেতাকর্মীদের সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দিচ্ছে। একই সঙ্গে বিএনপি নেতারা তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে। বিএনপির ক্যাডার বাহিনীর যারা যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে, তারা নিজেরাই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকছে। অথচ বিএনপি সরকারের বিরুদ্ধে বরাবরের মতো গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে।’

‘আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতাকর্মী বিবেচনায় নয়, কেবলমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করছে। কোনো সন্ত্রাসী আত্মগোপনে থাকলে, তার দায় সরকারের ওপর চাপানো যায় না। আওয়ামী লীগ কখনো গুম, খুন, অগ্নিসন্ত্রাস ও বিরোধী দল দমনের রাজনীতি করে না। গুম, খুন ও সন্ত্রাসের রাজনীতি হলো বিএনপির মজ্জাগত আদর্শ। বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশে গুম ও খুনের অপরাজনীতির প্রচলন করেছিল।’

‘তৎকালীন সময়ে ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা মাহফুজ বাবুকে গুমের মধ্য দিয়ে এই ধারার সূচনা করে বিএনপি। সামরিক স্বৈরশাসক জিয়া ১৯৭৯ সালে বঙ্গবন্ধুর সময়ের দেড় শতাধিক আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যকে জেলে বন্দি রেখে নির্বাচন আয়োজন করেছিল। এছাড়া আওয়ামী লীগের অর্ধশতাধিক সাবেক মন্ত্রী-এমপিদের প্রার্থিতা বাতিল করে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। ২০০১-০৬ বিএনপি-জামায়াতের আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। তারা সংবিধান পরিপন্থি অপারেশন ক্লিনহার্টের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। জনগণের শাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রবিরোধী অপশক্তির যেকোনো ষড়যন্ত্র, নাশকতা, ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা বিশ্বাস করি যে, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জীবনমানের উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন-সমৃদ্ধির চলমান অগ্রগতিকে যেকোনো মূল্যে সমুন্নত রাখবে জনগণ।’

“অপরাধটা টের পাইবি, টের পাইবি, আমি আসতাছি কিছুক্ষণ পরেই “ এমপির ফোনালাপ ফাঁস

 

স্টাফ রিপোর্টার:
আবারও আলোচনায় কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের সাংসদ অধ্যাপক ডা: প্রাণ গোপাল । এবার মুঠোফোনে চান্দিনার মহিচাইল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলামকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেন এমপি প্রাণ গোপাল।

মঙ্গলবার (৭ নভেম্বর) চান্দিনার মহিচাইলে আওয়ামী লীগের শান্তি মিছিল করার প্রাক্কালে এমপি প্রাণ গোপাল মুঠোফোনে এই হুমকি দেন। পরবর্তীতে চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গিয়াস সাব্বির মুঠোফোনে ওই আওয়ামীলীগ নেতাকে মিছিল বন্ধ করতে ও থানায় গিয়ে এক্ষুনি দেখা করতে বলতে শোনা যায়।

সাংসদ ডা. প্রাণ গোপাল মুঠোফোনে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলামকে বলেন-টিটুর (চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মুন্তাকিম আশরাফ টিটু) কি মিছিল বের করতাছো মহিচাইল বাজারে ? তখন মফিজুল ইসলাম উত্তরে বলেন- টিটুর না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিছিল বের করতাছি। তখন এমপি প্রাণ গোপাল আবার বলেন- মিছিলে টিটুর নাম উচ্চারিত হয়, একবারও যাতে না শুনি। টিটুর নামে যদি কোন শ্লোগান হয়, তাহলে এটার জবাব আমি তোমার কাছ থেকে নিবো। এটা আমার শেষ কথা। তখন মফিজুল ইসলাম বলেন- স্যার, আমার অপরাধ কি ? তখন এমপি প্রাণ গোপাল আবার বলেন- তুমি টিটুর নামে কেন শ্লোগান দিবা ? তখন মফিজুল ইসলাম বলেন- টিটু তো আওয়ামীলীগ করে, আমি আওয়ামী লীগ করি এবং আপনি আওয়ামী লীগ করেন। আপনি তো আমারে একসেপ্ট (গ্রহণ) করেননি।আমি এখনো দলেই আছি। আমার অপরাধটা কি ? তখন এমপি ডা. প্রাণ গোপাল রাগান্বিত হয়ে বলেন- অপরাধটা টের পাইবি, টের পাইবি, আমি আসতাছি কিছুক্ষণ পরেই। এই বলে ফোন কেটে দেন এমপি ডা. প্রাণ গোপাল।

এর কিছুক্ষণ পরেই চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গিয়াস সাব্বির মুঠোফোনে আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলামকে থানায় যাওয়ার জন্য বার বার বলে।এক পর্যায়ে মিছিল বন্ধ করেছে কি না জানতে চাইলে মফিজুল ইসলাম বলেন মিছিলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মিছিল করিনি।

শেখ হাসিনার মিছিল বন্ধ করা, মুন্তাকিম আশরাফ টিটুর নামে শ্লোগান না দেয়ার হুমকির ফোনালাপ ফাঁস হওয়াতে তৃণমূল আওয়ামীলীগে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক উপজেলা আওয়ামী লীগ নেতা জানান, স্থানীয় সাংসদ এর আগেও অনেকবার বির্তকিত মন্তব্য, কর্মকান্ড করেছে, যার ভিডিও ফেসবুকে অনেকবার ভাইরাল হয়েছে। রাজনীতি, সমাবেশ করার অধিকার সবার রয়েছে। টিটু তো অন্য দল করে না। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি চান্দিনার প্রাণপুরুষ সাবেক ডেপুটি স্পীকার, প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফের সন্তান। তার কি কোন রাজনীতি করার অধিকার নেই এখানে ? তাঁর নামে শ্লোগান দিলে কি সমস্যা মাননীয় সাংসদের , তা বোধগম্য নয়। উনার এমন আচরণ কাম্য নয়।

ফোনালাপের বিষয়ে জানতে চাইলে চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গিয়াস সাব্বির জানান, আমি মিছিল বন্ধ করতে বলিনি। মফিজুল ইসলাম আমার পূর্বের পরিচিত। উনাকে চা খাওয়ার জন্য থানায় আসতে বলেছি।

এ বিষয়ে জানতে সাংসদ ডা. প্রাণ গোপাল মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন সংযোগ পাওয়া যায়নি।

সাকিবের পরিবর্তে বিশ্বকাপ দলে এনামুল হক বিজয়

ডেস্ক রিপোর্ট:

আঙুলের চোটের কারণে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে শেষ ম্যাচে সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।

এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলে তিনটি সেঞ্চুরির সাহায্যে করেছেন ১ হাজার ২৫৮ রান। তিনি ২০১৫ সালের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে চোটের কারণে বাদ পড়ে যান।

গতকাল সোমবার দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। এই চোটেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। ম্যাচ শেষে আঙুলের এক্স-রে রিপোর্টে ফাটল ধরা পড়েছে। এ কারণে আজ দেশে ফিরছেন সাকিব।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে হারের বৃত্ত ভেঙেছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। কিন্তু শেষ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলো তারা।

আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ইনজুরিতে শেষ ম্যাচটি না খেলেই সাকিবকে দেশে ফিরতে হচ্ছে। এই অবস্থায় শুধু বিশ্বকাপের শেষ ম্যাচই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।

সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, সাকিব ব্যাটিং ইনিংসের শুরুতে তার বাম তর্জনীতে আঘাত পান। ব্যথা পাওয়ার পর আঙ্গুলে টেপিং দেওয়ার পাশাপাশি ব্যথানাশক ওষুধ দিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্স-রে করানো হয়, রিপোর্টে আঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এই চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।

পোশাকের কারণে আবারও কটাক্ষের মুখে দিশা পাটানি

ডেস্ক রিপোর্ট:

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন দিশা পাটানি। অভিনয়ের তুলনায় শরীরচর্চার কারণেই বিশেষে খ্যাতি যার। নিজের ফিটনেস নিয়ে দারুণ সচেতন দিশা। যদিও প্রায়শই পোশাকের কারণে কটাক্ষের মুখে পড়তে হয় তাকে।

বিশেষ করে শাড়িতে যেন একটু বেশিই নিন্দার মুখে পড়েন দিশা। কারণ এই পোশাকেও নিজেকে খোলামেলা রূপেই ফুটিয়ে তোলার চেষ্টা করেন তিনি। সম্প্রতি মণীশ মলহোত্রর বাড়ির দীপাবলির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। যেখানে তার শাড়ি পরার ধরন ভাল চোখে নেননি নেটিজেনরা।

বলিউডের যে কোনও অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কাড়ে তারকাদের পোশাক। কে কোন পোশাক পরলেন, কেমন সাজে ধরা দিলেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগীতা চলে অর্ন্তজালে।

কয়েকদিন আগে আম্বানীর বাড়িতে গনেশ পুজায় শাড়িতে হাজির হয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন দিশা। এবার মণীশের বাড়ির দীপাবলির অনুষ্ঠানেও ঘটল একই কাণ্ড। দিশা নাকি সবসময় এরকমই সাজেন। কোনও ভিন্নতা নেই।

হালকা কফি রঙের শিমারি শাড়িতে অভিনেত্রীর খোলামেলা অবতার দেখে ভক্তরাও অসন্তুষ্ট হয়েছেন। কেউ লিখেছেন, ‘শাড়িতেও যেন শরীরচর্চাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।’ কারো মন্তব্য, ‘যেকোনো পোশাকে ফিগার দেখানোই দিশার উদ্দেশ্য।’ কেউ আবার বলেছেন, ‘আম্বানীদের বাড়ির পুজাতেও এরকমই সেজেছিলেন।’

যদিও দর্শকের নেতিবাচক মন্তব্যে কান দিতে নারাজ দিশা। সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে তার বিচ্ছেদের খবর ছড়ায়। তবে খুব শীঘ্রই ফের প্রাক্তন প্রেমিকের সঙ্গে ‘হিরো নম্বর ওয়ান’ ছবিতে জুটি বাঁধবেন তিনি।

সময় বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের

সময় বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের

ডেস্ক রিপোর্ট:

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল। ঢাকা শিক্ষা বোর্ড মঙ্গলবার জানিয়েছে, বিলম্ব ফি ছাড়া ৮ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফি জমা দেওয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত।

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। আগের নির্দেশনা অনুযায়ী, ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল।

তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।

লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত

ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনের কারচুপির অভিযোগ এনেছেন প্রার্থীরা। অভিযোগ পেয়ে ওই দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা বর্তমান নির্বাচন কমিশনকে অদক্ষ আখ্যা দিয়ে উপনির্বাচনে স্থূল কারচুপির অভিযোগ তুলেছেন। সোমবার দুপুরে সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। সেই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দ্বিতীয়বারের মতো উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম নৌকা প্রতীক নিয়ে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট।

এদিকে, লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন দুই প্রার্থী।

রোববার দুপুর দেড়টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এসে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ও দুপুর ২টার দিকে জাকের পার্টির প্রার্থী শামসুল করিম খোকন ভোট বর্জনের ঘোষণা দেন।

জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের রাকিব হোসেন অভিযোগ করে বলেন, সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে আওয়ামী লীগের লোকজন ব্যাপক জাল ভোট দিয়েছে। ভোটারবিহীন ফাঁকা ভোটকেন্দ্র হলেও ব্যালট কাটা হচ্ছে।

এদিকে একই ধরনের অভিযোগ এনে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী শামসুল করিম ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ১১৫টি ভোটকেন্দ্রের মধ্যে সকাল থেকে আমি ৩৫টি কেন্দ্র ঘুরে দেখেছি। এসব কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা অনিয়ম ও কারচুপি করেছে। আমার এজেন্টদের বের করে দিয়েছে। তাই আমি ভোট বর্জন করেছি।

দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ রায়হান (৩৮) নামে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৫টায় পৌরসভার পশ্চিম মাইজপাড়া এলাকার একটি গলি থেকে তাকে আটক করা হয়। রায়হান পৌরসভার উত্তর নসরুদ্দি গ্রামের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমানের পুত্র।

দাউদকান্দি মডেল থানার ওসি মো মোজাম্মেল হক আজকের কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হানকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়। রায়হানের নামে দাউদকান্দি থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। অস্ত্র আইনে আরো একটি মামলা দিয়ে তাকে আজ (৭ নভেম্বর) মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।

বিশ্বকাপ যাত্রা শেষ সাকিবের

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। জানা যায়, সেই চোটে বাংলাদেশ দলের অধিনায়কের বিশ্বকাপ যাত্রা শেষ। তবে দলের সঙ্গে আজ (মঙ্গলবার) তাকে পুনেতে যেতে দেখা গিয়েছে।

সর্বশেষ গতকাল (সোমবার) লঙ্কানদের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান সাকিব। এরপরও নিজের পূর্ণ বোলিং কোটাই পূরণ করেছিলেন তিনি, যেখানে গুরুত্বপূর্ণ ২ উইকেটও পেয়েছিলেন। এরপর ব্যাট হাতে খেলেছিলেন ৮২ রানের দারুণ এক ইনিংস। ম্যাচ শেষে পাওয়া রিপোর্ট তার বিশ্বকাপ যাত্রা শেষ বলে জানিয়েছে। ফলে আজই দেশে ফিরে আসছেন টাইগার অধিনায়ক।

সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়েই সে ব্যাটিং চালিয়ে গিয়েছিল।’

বিশ্বকাপ চলাকালে এর আগেও একবার ইনজুরিতে পড়েছিলেন সাকিব। মিস করেন ভারতের বিপক্ষে ম্যাচ।
বিজ্ঞাপন

‘পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব’, যোগ করেন বিসিবির এই ফিজিও।

ফলে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। টুর্নামেন্টজুড়ে বড় ইনিংস খেলতে না পারা সাকিব গতকালই প্রথম ফিফটি পেয়েছিলেন। অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এরপরই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ!

শেষ সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই গ্রেপ্তার অব্যাহত থাকবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২৮ তারিখে সমাবেশের নামে বিএনপি পুলিশ হত্যা করেছে, ৩২ জন সাংবাদিককে আহত করেছে। যারা এগুলোর মূলহোতা, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। আমরা জানি তাদের কীভাবে মোকাবিলা করতে হবে। এখন তারা কর্মসূচি ঘোষণা করছে অনলাইনের মাধ্যমে এবং সেই কর্মসূচির মূল হচ্ছে অবরোধের নামে গাড়ি-ঘোড়া পোড়ানো, মানুষের ওপর আক্রমণ করা। এরা দেশ জাতি সমাজের শত্রু। এজন্যই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। শেষ সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই গ্রেপ্তার অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘ব্রিগেড ৭১’ আয়োজিত ‘ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী দলগুলোর রাজনৈতিক এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, আন্দোলনের নামে বিএনপির নেতাকর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ করছে। এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না, তারা সন্ত্রাসী হয়ে গেছে। এটা রাষ্ট্রের ওপর আঘাত, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। এদের প্রতিহত করতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির অগ্নিসন্ত্রাসীদের নির্মূলে আমরা বদ্ধপরিকর।

বিএনপির রাজনীতিকে অপরাধনীতি মন্তব্য করে হাছান মাহমুদ জানায়, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি সারা দেশে সন্ত্রাসের তাণ্ডব শুরু করেছে। ইসরায়েল বাহিনী যে কায়দায় গাজায় হাসপাতালে আক্রমণ চালিয়েছে একই কায়দায় পুলিশ হাসপাতালে আক্রমণ চালানো হয়েছে। রোগীবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরা কী মানুষ? এরা কী রাজনৈতিক কর্মী? এদের নেতারা কী রাজনৈতিক দলের নেতা? তারা (বিএনপি) হিংস্র হায়নার চেয়েও খারাপ। তাদের বিরুদ্ধে জনগণকে লড়তে হবে। ১৯৭১ সালে যেভাবে পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছে তেমনিভাবে এখন তাদেরও প্রতিরোধ করতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, অভ্যুদয়ের পর থেকেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের পর স্বাধীনতাবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। বিদেশি শক্তির সঙ্গে মিলে এরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে তাদের অপচেষ্টা কিছুটা সফল হয়েছিল। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে আওয়ামী লীগ ২১ বছর এদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ১৯৯৬ সালে নির্বাচিত হয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার কাজে অনেকেটাই অগ্রসর হয়েছিলাম। ২০০১ সালে আবারও স্বাধীনতাবিরোধী শক্তি আন্তর্জাতিক শক্তির সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসে। দেশ আবার পিছিয়ে পড়ে।

তিনি বলেন, ২০০৮ সালে জনগণের ভোটে ভূমিধস বিজয়ের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। সেই থেকে দেশ আজ পর্যন্ত দেশ উন্নয়নের ধারার এগিয়ে চলছে। আন্তর্জাতিক সম্মেলনগুলোতে বিশ্বনেতারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছে। আজ মানব উন্নয়ন, অর্থনীতি এবং স্বাস্থ্য সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। ২০২১ সালে জিডিপি পার ক্যাপিটা ইনকামে ভারতকেও পেছনে ফেলেছি। পাকিস্তানের শাসকরা এখন বাংলাদেশে উন্নয়ন দেখে দীর্ঘ শ্বাস ফেলে।

ব্রিগেড ৭১-এর সদস্য সচিব ব্যারিস্টার সৌমিত্র সরদারের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিচারপতি (অব.) শামসুদ্দিন চৌধুরী মানিক (বীর মুক্তিযোদ্ধা), লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক), সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকোট আব্দুন নূর দুলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ব্রিগেড ৭১-এর যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন প্রমুখ।

সূত্র: ঢাকা পোষ্ট

আগাম জামিন পেলেন বিএনপির তিন নেতা

ডেস্ক রিপোর্ট:

বিএনপির তিন নেতা ও সুপ্রিম কোর্টে জৈষ্ঠ আইনজীবী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। তারা হলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব এএম মাহবুবউদ্দিন খোকন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সহিংসতার ঘটনায় রমনা থানায় দায়ের হওয়া নাশকতার পৃথক দুই মামলায় তাদেরকে আগাম জামিন দিয়েছেন আদালত।

একই সঙ্গে চার সপ্তাহ শেষে মহানগর দায়রা আদালতে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আইনজীবী হিসেবে ব্যক্তিগত সুনামের দিক বিবেচনায় নিয়ে আগামী তিন সপ্তাহের জন্য তাদের জামিন দেওয়া হয়। তবে এ জামিনের আদেশ অন্য আসামিদের আগাম জামিনের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না বলেও আদেশে উল্লেখ করেন উচ্চ আদালত।

এ সময় হাইকোর্ট বলেন, প্রধান বিচারপতির বাসায় হামলা বিচারবিভাগের হৃদপিণ্ডে আঘাত। যা জাতির কাছে ভালো বার্তা দেয় না। আদালতকে নিরাপদ রাখতে এই প্রাঙ্গনের বাইরে গিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ জানান তিনি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির ডাকা মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার পুলিশ পরিদর্শক মফিজুর রহমান মামলাটি করেন। এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর কারাগারে পাঠানো হয়। মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা বেলা ১টার সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালান।