All posts by jitu

চান্দিনায় অবরোধের দ্বিতীয় দিনেও মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান উপজেলা আ’লীগের

 

চান্দিনা  প্রতিনিধি:

সারাদেশে বিএনপি’র ডাকা অবরোধের প্রতিবাদে সোমবার (৬ নভেম্বর) দ্বিতীয় দিনেও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা অংশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ ও অবরোধের বিরুদ্ধে মিছিল করে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে মহাসড়কে উপজেলার মাধাইয়া বাস স্ট্যান্ড ও কাঠেরপুল এলাকায় অবস্থান নেয় তারা। চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি’র নেতৃত্বে ওই কর্মসূচি পালন করে তারা।

এতে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহাদাৎ মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, অধ্যাপক হেদায়েত উল্লাহ্, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মো. আবদুর রব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবি ছিদ্দিক, দপ্তর সম্পাদক বশির আহম্মেদ সরকার, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান অহিদ উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল, সহ-সভাপতি কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, কাজী শামসুল আলম মন্টু, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুস ছালাম, মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভুঁইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ইমাম হোসেন ফরিদ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম, কাজী তোফায়েল আহমেদ জনি, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, সহ-সভাপতি মো. সোহাগ মিয়া, উপজেলা তাতীলীগ আহবায়ক আবদুল হালিম, মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি প্রমুখ।

রাজধানীর মিরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি দিশারী পরিবহণের বাস, অন্যটি আলিফ পরিবহণের।

সোমবার বেলা ১১টায় মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা রোডে দিশারী পরিবহণের একটি ও বিকাল ৪টায় সনি সিনেমা হলের সামনে আলিফ পরিবহণের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

এ সময় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম জানান, মিরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি নেই। এ ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে।

এর আগে রোববার বিকালে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বাসটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

সরকারের পদত্যাগে এক দফাসহ বিভিন্ন দাবিতে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।

একদিন বিরতি দিয়ে বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা।

সোমবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে সোমবার দুপুরে এলডিপির পক্ষ থেকেও অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়।

২৮ অক্টোবর রাজনৈতিক সংঘাতের পর এটি বিএনপি ও সমমনা দলগুলোর তৃতীয় বারের মতো অবরোধ কর্মসূচির ঘোষণা।

বিএনপির দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি মঙ্গলবার সকাল ৬টায় শেষ হচ্ছে।

অবরোধ কর্মসূচি সফলের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানান রিজভী।

রিজভী অভিযোগ করেন, বাড়িতে বাড়িতে গ্রেফতার অভিযান চলছে। এখন নারী নেতাকর্মীরাও গ্রেফতার থেকে রেহাই পাচ্ছেন না। নারীদেরকে পুরুষ পুলিশ সদস্যরা গ্রেফতার করছেন, যা কোনো আইনে নেই। র‌্যাবকে আবারও বিরোধী দল দমনে নামানো হয়েছে।

বিএনপির এই নেতা দাবি করেন, ক্ষমতাসীনরা বাসে আগুন দিয়ে দায় চাপায় বিরোধীদের। বাসে আগুন দিয়ে ধরা পড়ছে আওয়ামী লীগের নেতাকর্মী, যা ইতোমধ্যে প্রমানিত। অথচ তাদের আইনের আওতায় আনা হচ্ছেনা। মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী, আদালত সরকারের কব্জায়। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস করলেও মিডিয়ায় প্রচার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীরা করছে। এটি একটি সরকারের মাস্টারপ্লানেরও অংশ। যতই ষড়যন্ত্র করা হোক না কেন জনগণ এবার আর একদলীয় নির্বাচন করতে দেবে না।

পতনের আগে শেষ তাণ্ডব শুরু করেছে সরকার উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভাষা বুঝলে অবিলম্বে পদত্যাগ করুন। কোনভাবেই এই গণজোয়ার ঠেকানো যাবে না। আন্দোলন সফল হবেই, জনগণের বিজয় হবেই।

গ্রেফতারের তথ্য তুলে ধরে রিজভী বলেন, রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৭৫’র বেশি নেতাকর্মীকে। মামলা হয়েছে ১০টি, আসামী ৯৯৫ জনের অধিক নেতাকর্মী।

চৌদ্দগ্রামে হঠাৎ আলোচনায় উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান

ষ্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ক্ষমতাসীন সরকার দলীয় নেতা-কর্মীদের মাঝে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন বাজার থেকে প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকানে আলোচনার খোরাক, কে হচ্ছেন এ আসনে নৌকার কান্ডারী। আসনটিতে অতীতে খুব একটা বিভক্তি দেখা গেলেও ২০১৮’র একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে ক্ষমতাসীন আ’লীগে একাধিক প্রার্থী মনোনয়ন দৌড়ে নেমে পড়েছেন।

নির্বাচনী মাঠের অগ্রিম সমীকরণ বুঝা না গেলেও এই আসনে প্রার্থী পরিবর্তন হলে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন এ আসনের বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস সোবহান ভূইয়া হাসান।

জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার ইকোনমিক্স এরিয়াতে অবস্থিত একমাত্র চৌদ্দগ্রাম আসনটি। ভারত সীমান্ত লাগোয়া হওয়ায় এটি সকলের কাছে অধিক জনপ্রিয়। এখানে শিক্ষা-হার অন্যান্য উপজেলা থেকে অনেকটা এগিয়ে। আধুনিক নগরায়ন খ্যাত এই আসনে প্রায় ৪ লাখ ২৩ হাজার ভোটারের পাশাপাশি কেন্দ্র রয়েছে ১০৭ টির অধিক। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ন্যায়বিচার, সুষম বণ্টন স্লোগানের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহানের অনুসারিরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দীর্ঘদিন ধরে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।

সমাজসেবক, মানবতাবাদী, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ও দুর্নীতি প্রতিরোধকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া হাসান এমপি প্রার্থী হওয়ায় চৌদ্দগ্রামে বিরাজ করছে নির্বাচনী আমেজ। গণতন্ত্রের মূলমন্ত্রে আসিন হয়ে তিনি দীর্ঘ ৫০ বছর যাবৎ আওয়ামী পরিবারের সাথে সংম্পৃক্ত থেকে দলীয় সকল কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ২০০৩ সাল থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং ২০০৯ সাল থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যান্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এর আগে সংসদ সদস্য পদে মনোনয়ন চাইলেও দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছেন নিরলসভাবে। যার ফলে বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক বিগত কয়েকটি উপজেলা নির্বাচনে আবদুস সোবহান ভূঁইয়া হাসানের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। এক কথায় টানা তিনবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে কোন দুর্ণীতি, অনিয়মের অভিযোগ উঠে নাই আবদুস সোবহান ভূঁইয়া হাসানের বিরুদ্ধে।

মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সোবহান ভূইয়া হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, চৌদ্দগ্রামের অবহেলিত মানুষের সুখ-দুঃখের সাথে সর্বদাই তার মন মিশে আছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নমূলক সকল কর্মকান্ড ও মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক অনেক কাজ করেছি। দলীয় সকল কর্মসূচিতে নেতাদের সাথে একাগ্রচিত্তে সব সময় বলিয়ান হয়েছি। এবার দলীয় মনোনয়ন প্রত্যাশি আমি। যদি দলীয় মনোনয়ন পেয়ে এমপি হতে পারি তাহলে এই উপজেলার উন্নয়নের কাজে অংশীদার হব এতে কোন সন্দেহ নেই। চৌদ্দগ্রামের আওয়ামীলীগকে আরোও শক্তিশালী করে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে ও মধ্যময়ী দেশে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে বেগমান করবো। ক্লিন ইমেজখ্যাত এই আওয়ামীলীগ নেতা আরো বলেন, পাশাপাশি ক্লান্তিলগ্নে জামায়াতের দূর্গে দলের হাল ধরেছি বেশ শক্তভাবে।

দূরপাল্লার বাসগুলোতে স্কট দিচ্ছি: র‍্যাব

ডেস্ক রিপোর্ট:

দূরপাল্লার বাসগুলোতে স্কট সেবা দিচ্ছে র‌্যাব। সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

খন্দকার আল মঈন জানান, আজকের অবরোধ উপলক্ষে দেশব্যাপী ৪৬০টি টহল দল দিয়েছি। আমরা সম্মিলিত টহল দিচ্ছি ও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন দূরপাল্লার পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আমরা সমন্বয় করছি। দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময়ে স্কট দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে দিচ্ছি।

গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন,গত শনিবারে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা বেশ কয়েক জন ঢাকা, গাজীপুর, সাভার এবং কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় যেখানে বিপুল পরিমাণে গার্মেন্টস রয়েছে সেখানে পরিদর্শন করেছি। সেখানে পরিদর্শন পরবর্তীতে আমরা কিন্তু যারা গার্মেন্টস সেক্টরকে নষ্ট করার জন্য সহিংসতা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর বার্তা দিয়েছি।

তিনি জানায়, যারা গার্মেন্টস শ্রমিক কিংবা কর্মী না বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট, গার্মেন্টসে অরাজকতা করে বা উস্কে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চাই এমন কয়েকজনকে আমরা আটক করেছি। আমাদের এই কঠোর বার্তার কারণে এবং যারা পিছন থেকে উস্কে দিচ্ছিলেন তাদের আটকের ফলে গার্মেন্টস সেক্টরে কিছুটা শান্তি বিরাজ করছে। গার্মেন্টস শ্রমিক ও কর্মীরা নিরাপদে কাজ করছেন।

কতগুলো প্রেম করেছেন সালমান খান?

ডেস্ক রিপোর্ট:

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হওয়ার পাশাপাশি আরও এক তকমা রয়েছে সালমান খানের। তিনি নাকি বলিপাড়ার ‘ব্যর্থ প্রেমিক’। বারবার প্রেম এসেছে তার জীবনে। তবে সম্পর্ক টেকেনি। ষাটের কাছাকাছি বয়সে এসেও এখনো পর্যন্ত সংসার পাততে পারেননি বলিউডের ভাইজান।

তার ভুলেই নাকি বারবার সম্পর্ক ভেঙেছে, এ কথা একাধিক সাক্ষাৎকারে স্বীকারও করেছেন সালমান। সম্পর্ক না টিকলেও এখন পর্যন্ত ঠিক কতগুলো প্রেম করেছেন সালমান?

সামাজিক মাধ্যমের পাতায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সালমানকে তার প্রেমিকার সংখ্যা জিজ্ঞাসা করছেন স্বয়ং কাজল। সালমান যে চেয়ারে বসে সেই চেয়ারের একদিকে রয়েছে সবুজ আলো, অন্যদিকে লাল। সত্যি বললে জ্বলে উঠবে সবুজ আলো, মিথ্যা বললে লাল।

কাজলের প্রশ্নে সালমান জানান, তার পাঁচজন প্রেমিকা ছিলেন। তবে সালমানের এই উত্তর মানতে রাজিই নন কাজল। মঞ্চেই মজার ছলে ভাইজানকে ‘মিথ্যাবাদী’ বলে দাগিয়ে দিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অঞ্জলি। সত্যিই কি মাত্র পাঁচজনের সঙ্গে প্রেম করেছেন সালমান?

হাতে গুনতে শুরু করলে আরও অবিশ্বাস বাড়ে কাজলের। এদিকে সালমানের চেয়ারে ততক্ষণে লাল আলো জ্বলছে নিভছে। অন্যদিকে কাজলের স্বামী ও বলিউড অভিনেতা অজয় দেবগন সালমানকে প্রশ্ন করেন, ‘একসঙ্গে পাঁচজনের সঙ্গে প্রেম করেছেন?’ অজয়ের প্রশ্ন শুনে হাসেন কাজলও!

প্রায় তিন দশকের অভিনয় জীবনে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে সালমানের। সেই তালিকায় নাম রয়েছে ঐশ্বরিয়া, ক্যাটরিনার মতো তারকাদের। যদিও কারও সঙ্গে সম্পর্ক টেকেনি তার। অভিনেত্রী সংগীতা বিজলানির সঙ্গে বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল সালমানের। তবে কানাঘুষা শোনা যায়, বিয়ের আগেই নাকি সোমি আলির সঙ্গে সালমানকে দেখে বিয়ে ভাঙেন সংগীতা। কয়েক বছর আগে বিদেশিনী ইউলিয়া ভন্তুরের সঙ্গেও সম্পর্কে ছিলেন সালমান।

অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:

যানবাহনে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ সোমবার ডিএমপির সদরদপ্তরে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে কমিশনার এ ঘোষণা দেন।

হাবিবুর রহমান জানায়, ‘গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাকে ২০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।’

থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার জানান, ‘যেসব থানা এলাকায় পেট্রোল পাম্প রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন।

পেট্রোল পাম্পগুলোর সঙ্গে পুলিশে সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সবসময় রাখতে হবে।’
এ সময় নিকটস্থ থানার ওসি ও ডিউটি অফিসারের নম্বর পেট্রোল পাম্পে রাখার মালিকদের অনুরোধ জানান কমিশনার।

রাজধানীতে বিকল্প পরিবহনের বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শেখ হাসিনার নির্বাচনি প্রচার শুরু করবেন সিলেট থেকে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ নির্বাচনি প্রচার সিলেট থেকে শুরু করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনি জনসভা সিলেট থেকে শুরু হবে। সেখানে আপনারা দলে দলে যোগ দেবেন।

রাজধানীর তেজগাঁওয়ে সোমবার ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কাদের। এ সময় তিনি ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সঙ্কটকালে সৌদি আমাদের পাশে দাঁড়াবে। আর এ দুঃসময়ে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে একটি দল আন্দোলন করছে। তারা একজন নন্দিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন করছে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, যেটাই করুক। আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে জেলে থাকা ৮ হাজার নেতাকর্মীদের (বিএনপি) মুক্তি দেওয়ার জন্য। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না। তবে তাদের তথ্যে ঘাটতি আছে। তাদের প্রতি আহ্বান থাকবে, তারা খোঁজখবর নিয়ে বক্তব্য দেবেন এবং বক্তব্যে সংশোধন করবেন। আমরা তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না। আমরা বাংলাদেশেও ঝগড়া চাই না।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকব। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত না, আমরা ভয় পাই না।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা সতর্ক থাকবেন। আগুন নিয়ে নেমেছে, অস্ত্র নিয়ে নেমেছে। তারা এখন চোরাগোপ্তা হামলা করে আন্দোলন করতে চায়, সরকার হটাতে চায়। এটা হলো তাদের এখনকার মোটিভ এবং এ লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছে।

তিনি বলেন, ‘হারানোর কিছু নেই, আমরা ইলেকশনে জিতব ইনশাল্লাহ। কাজেই এ ধরনের চোরাগোপ্তা হামলা ভয় পেলে আমাদের চলবে না। আমরা মোটেই আতঙ্কিত না। আমরা জনগণকে বলব, এসব চোরাগোপ্তা হামলা দীর্ঘ দিন চালানো যায় না। এরা তো অনেক কিছুই করবে বলেছিল, এখন কোথায়?’

এ সময় পুলিশকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন সেতুমন্ত্রী। দায়িত্ব পালনকালে কোনো নিরীহ মানুষকে হয়রানি না করার অনুরোধও করেন তিনি।

নেতাকর্মীর স্বজনদের থানায় নিয়ে নির্যাতন করা হচ্ছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, পুলিশ দিনে-রাতে যেকোনো সময় নেতা-কর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতাকর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন একাত্তর সালের দুর্বিষহ দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে। সেই সময় দেশের মানুষ যেমন হানাদার বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াত, স্বাধীনতার অর্ধ শতাব্দী কাল পরেও তেমনিভাবে এ দেশের মানুষ এখন আওয়ামী স্বৈরশাসকের আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

রিজভী আরও জানায়, বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে শুরু হয়েছে স্বৈরশাহীর মহাতাণ্ডব। তবে বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে। জনগণকে সাথে নিয়ে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।

সূত্র: ঢাকা পোষ্ট