All posts by jitu

চান্দিনায় নবীন বরণ অনুষ্ঠানে সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

চান্দিনা প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন- ‘জীবনে টাকা-পয়সা, ধন-সম্পদ থেকে সময়ের মূল্য অনেক বেশি। যাঁরা সময়কে কাজে লাগিয়েছেন, তাঁরাই জীবনে স্বার্থকতা অর্জন করে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। এক একজন শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো জীবনের প্রতিটি মুহুর্ত কাজে লাগিয়ে কর্মময় জীবন গড়ে তুরতে হবে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বিনামূল্যে পাঠ্যপুস্তকসহ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন- শিক্ষা জীবন থেকেই সময়ের গুরুত্ব শিখতে হবে। প্রতি ২৪ ঘন্টার একটি পরিকল্পনা করতে হবে। ২৪ ঘন্টার পরিকল্পনা যদি করতে যাও তোমাকে জানতে হবে যে ২৪ ঘণ্টার মধ্যে ১ হাজার ৪৪০ এবং ৮৬ হাজার ৪শ সেকেন্ড আছে। প্রতিটি সেকেন্ড হিসাব করে শিক্ষা নিয়ে পরিকল্পনা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু সময়ের সদ্ব্যবহার করে গেছেন। প্রতিটি মিনিট হিসাব করে জীবনের মাত্র ৫৫ বৎসরের জীবনে তিনি একটি দেশ ও জাতি গঠন করে গেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

তিনি বলেন- মানুষের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জন্য এগিয়ে যেতে হবে। স্কুল কলেজে লেখাপড়ার নির্দিষ্ট সময় থাকলেও জ্ঞান অর্জন করে শিক্ষিত হওয়ার কোন বয়স নেই। এসময় তিনি বেগম রোকেয়া, নবাব ফয়জুন্নেছা ও ডা. ফিরোজা বেগম এর মতো মহিয়সী নারীর মতো জীবন গড়তে ছাত্রীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ১৪৫জন শিক্ষার্থীর মাঝে স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত অর্থায়নে বই, ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য সৈয়দ ফয়জুর রহমান, অভিভাবক সদস্য কাজী তৌহিদুল আলম মঈন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খুরশীদ আলম, শিক্ষক হরিলাল দেবনাথ সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোশারেফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির শোয়েব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জসিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন খাঁন প্রমুখ।

কবিতা: রূপ

ইয়াছিন আরাফাত:

হিজাবের ভিতরে দেখা যায় শুধু দুটো চোখ
কি সুমিষ্ট রূপ,
দেখতে তো ইচ্ছে করে খুব।

দেখলে মনে হয় ঐ দুচোখে যেন মেদিনীর সমস্ত সুখ,
কে জানে আরো কতইনা সুন্দর, না দেখা তোমার ঐ মুখ।

কে জানে দেখেছেন কি’না কোন লোক,
দেখার পর অস্থির অস্থির করতেছে হৃদয় মুড়ানো এই বুক;
দুচোখ দেখার পর,শুরু হয়ে গেছে তোমাকে না দেখা রোগ।

 

কবিতা: কিছুই হবে না পৃথিবীর

রাহুল রাজ:

তোমার আমার মিলন না হলে কিছুই হবে না পৃথিবীর
দুঃখগুলো পুশে রেখে বুকে, দোষ দেব সব নিয়তির।

বুকের ভেতর স্মৃতিগুলো সব যতেœ রাখবো জমা
কিছুই হবে না, এই সমাজের আমরা যদি না করি ক্ষমা।

হাজার প্রেম প্রতি রোজ ভেঙে, চাপা পড়ে ইতিহাসে
কত যুগলের মন ভারি হয়ে ওঠে হতাশার নিঃশ্বাসে।

তোমার আমার মায়ার টান আবেগের সুতোয় বাঁধা
আমাদের প্রেম আমরা বুঝি, পৃথিবীর কাছে ধাঁধা।

প্রেম নদীর উল্টো স্রোতে দু’জনের দুই তীর-
তোমার আমার মিলন না হলে কিছুই হবে না পৃথিবীর।

চৌদ্দগ্রামে জেল হত্যা দিবস পালিত

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া-মুনাজাত ও আলোচনা সভার মাধ্যমে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) বিকালে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি এর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএম জাহিদ হোসেন টিপু, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, ঘোলপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নঈমুল হক মজুমদার রাফিদ, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌরসভা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি।

উপজেলা যুবলীগ নেতা গাজী কাজলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, উপজেলা কৃষক লীগ নেতা খোরশেদ আলম, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন মজুমদার, উপজেলা সৈনিক লীগের সভাপতি মীর আজীজ, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ শান্ত, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক রহমান সহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। সভার শুরুতে মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আবুল হাশেম।

ভোটে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সংবিধানে এমন কিছু বলা নেই: ফারুক খান

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেছেন, ভোটে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটা সংবিধানেও লেখা নাই, পৃথিবীর কোনো আইনেও লেখা নাই। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে না।

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। একজন প্রতিনিধি নিয়ে আওয়ামী লীগের পক্ষে সংলাপে অংশ নেন সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

সংলাপ শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন যে বক্তব্যগুলো দিয়েছে, যে ব্যবস্থাগুলো নিয়েছে, আমাদের সরকার সহায়তা করেছে, তার বাস্তব প্রতিফলন আমরা দেখছি। ১৯৭২ সালে নিয়ম ছিল যে ব্যালট পেপারের পেছনে সিল ও অফিসারের স্বাক্ষর থাকবে। তবে আটাত্তরের পর শুধু সিল রাখার ব্যবস্থা করা হয়। এবার আবার প্রতিটি ব্যালট পেপারের পেছনে সিল ও স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে। এতে নির্বাচন আরও সুষ্ঠু হবে।

এছাড়া আমাদের যে ব্রিফ দেওয়া হয়েছে, তাতে মনে করি সংবিধান সম্মতভাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ কখনো অরাজকতার নির্বাচন করেনি। আমাদের ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। এখানে যেসব রাজনৈতিক দল নাম সর্বস্ব, যাদের ভোটার নাই, তারাই এরকম অভিযোগ করতে পারে বলে আমি মনে করি। সুতরাং যেসব রাজনৈতিক দলের সক্ষমতা নেই, জনসমর্থন নাই, জনগণের যাদের উপর আস্থা নেই, তারা-তো নির্বাচনে আসবেই না।

বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সহিংসতাপূর্ণ। এটি একটি দলের রাজনৈতিক কর্মসূচি বলা যেতে পারে না। তারা টেরোরিস্ট অ্যাকশন করছে।

বিএনপিকে ইসির সংলাপে আমন্ত্রণে চিঠি দেওয়া গেল না, এটি কি স্বাভাবিক ঘটনা, এমন প্রশ্ন করলে ফারুক খান বলেন, আমি মনে করি এটা বিএনপির জন্য লজ্জার। তারা অফিসে থাকবে না কেন?

বিএনপির বর্তমান কর্মসূচির বিষয়ে কোনো শঙ্কা ইসির কাছে আপনারা জানিয়েছেন কি না, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ইসি সেটা নিজেই জানিয়েছে কী ধরনের ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনের পরিবেশ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ আছে। ভবিষ্যতে আরও ভালো হবে।

ইলেকশন কমিশন জানিয়েছে নির্বাচনে ভোটারদের উৎসাহিত করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে। আমি মনে করি জনগণ তখন আরও বেশি উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনের জন্য আসবে বলে মন্তব্য করেন ফারুক খান।

মেট্রোরেলে চড়ে ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছালেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

মেট্রোরেলে চড়ে রাজধানীর আগারগাঁও থেকে মাত্র ২৫ মিনিটে মতিঝিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্রমণকালে তিনি গণমাধ্যমকর্মী ও সফরসঙ্গীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪১ মিনিটের দিকে বিদ্যুৎচালিত দ্রুতগতির এ যানে আগারগাঁও থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর ৩টা ৬ মিনিটে রেলের মতিঝিল প্রান্তে পৌঁছান।

এর আগে তিনি আগারগাঁও স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট মেশিন থেকে মেট্রোরেলের টিকিট কাটেন।

এদিকে, দুপুর আড়াইটার দিকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জানা যায়, রোববার (৫ নভেম্বর) থেকে পুরো মেট্রোরেল সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এই অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ নভেম্বর থেকে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করা ট্রেনগুলো উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ট্রেনগুলো শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। এসময় মতিঝিল পর্যন্ত কোনো ট্রেন আর চলাচল করবে না।

ডিপো থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ২১.২৬ কিলোমিটার রেলপথে মোট স্টেশন থাকছে ১৭টি। স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ পিছিয়ে আগামী ৯ নভেম্বর

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সাক্ষাৎ পিছিয়েছে। আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) সাক্ষাতের নতুন দিন নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (রোববার) সাক্ষাতের জন্য দিন নির্ধারিত ছিল।

প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পুরো কমিশন সেদিন সাক্ষাৎ করবেন।

চলতি মাসের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল দিতে চায় ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে ভোটগ্রহণ।

এরই মধ্যে তফসিল ঘোষণার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে।

মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনজন নিহতের বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ রানা বলেন, আমি মাত্র ঘটনাস্থলে এসেছি। তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারিনি। পরিচয়ও এখনো জানা যায়নি।

শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩ জন গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট:

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শনিবার (৪ নভেম্বর) সপ্তম দিনের মতো সড়কে নেমে অবরোধের চেষ্টা করছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এক ভ্যানচালকসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয় তলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ভ্যানচালক আমিরুল (৪৫), শামীম (২৪) ও তার খালাতো ভাই তাইজুল ইসলাম (২৫)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ছয় তলা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হতে থাকে। পরে শ্রমিকরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা গলির ভেতরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ গুলি ছোড়ে। এ সময় এক ভ্যানচালক গুলিবিদ্ধ হন। এছাড়া আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ তিনজনকেই স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ভ্যানচালক আমিরুল ইসলাম বলেন, আমি বাইপাইল থেকে ১২০ টাকা ভাড়ায় একজনকে নিয়ে ছয়তলায় যাই। সেখানে গিয়ে শ্রমিক আন্দোলনের মুখে পড়ি। এসময় পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুড়লে আমি গুলিবিদ্ধ হই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।

আমিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় রড মিস্ত্রি সোহেল বলেন, আমি দেখলাম ভ্যানচালক গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। পরে আমিসহ কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসি।

গুলিবিদ্ধ তাইজুল ইসলাম বলেন, আমার মা নিউ এইজ কারখানায় চাকরি করেন। তিনি সকালে কারখানায় চলে যান। পরে আমি আমার মায়ের খোঁজে সড়কে বের হই। সড়কে মায়ের জন্য অপেক্ষা করছিলাম আর মোবাইলে কথা বলছিলাম। এসময় আমি ও আমার খালাতো ভাই গুলিবিদ্ধ হই। পরে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. জয় ভট্টাচার্য বলেন, সকালে তিনজন আমাদের হাসপাতালে আসেন। তারা স্প্লিন্টারের ইনজুরি নিয়ে এসেছেন। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সকালে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করা হলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা রাবার বুলেট ছুড়েছি। কিন্তু কাউকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি।

সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে যুক্তরাষ্ট্রের, হামাসের হুশিয়ারি

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র একসময় অতীতের বিষয় হয়ে যাবে এবং এটিরও সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে বলে হুশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা।

শুক্রবার লেবাননভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। খবর মিডল ইস্টের।

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারটি গত ২ নভেম্বর সম্প্রচারিত হয়। পরে এটি ইসরাইলি গবেষণা সংস্থা মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে অনুবাদ করা হয়।

সাক্ষাৎকারে আলী বারাকা বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত শত্রুরা পরামর্শ করছে এবং ঘনিষ্ঠ হচ্ছে। এমন দিন আসতে পারে যখন তারা একসঙ্গে যুদ্ধে যোগ দেবে এবং আমেরিকাকে অতীতের বিষয়ে পরিণত করবে। সোভিয়েত ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্রের পতন হবে।

হামাসের এ জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, শুধু উত্তর কোরিয়ারই সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর।

এ বিষয়ে আলী বারাকা বলেন, উত্তর কোরিয়ার নেতাই (কিম জং উন) সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম। তিনিই একমাত্র। এমন দিন আসতে পারে, যখন উত্তর কোরিয়া হয়তো যুক্তরাষ্ট্রে হামলা করবে, কারণ এটি আমাদের জোটের অংশ।

হামাস জানিয়েছে, তাদের প্রতিনিধিদল সম্প্রতি মস্কো সফর করেছে। আরেকটি দলের বেইজিংয়ে যাওয়ার কথাও রয়েছে।

এ নিয়ে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বারাকা বলেন, রাশিয়া আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দোহায় চীন ও রাশিয়ার প্রতিনিধিদল হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছে।

হামাসের এ কর্মকর্তার মতে, ইরানের যুক্তরাষ্ট্রে হামলা করার সামর্থ্য নেই। কারণ তাদের কাছে এমন অস্ত্র নেই। তবে গাজা যুদ্ধে হস্তক্ষেপ বাড়ালে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালায়। এর পর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে তারা। চলমান সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ২২ হাজারের বেশি। গাজায় এখনো অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।