All posts by jitu

বক্সার আমির খানের স্ত্রীকে ইসরাইলি সংস্থার হুমকি

ডেস্ক রিপোর্ট:

হামাস ইসরাইল সংঘাতে ইসরাইলের পক্ষ না নেওয়ায় সাবেক ব্রিটিশ বক্সার আমির খানের স্ত্রী ফারিয়াল মাখদুমকে হুমকি দিয়েছে ইসরাইলের একটি সংস্থা। সেইসঙ্গে ইসরাইলকে সমর্থন দিলে তাকে পুরস্কৃত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

ফারিয়াল মাখদুমকে হোয়াটসঅ্যাপে এ হুমকি ও প্রস্তাব দেওয়া হয়েছে। আর সেই হুমকির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটারে) শেয়ার করেছেন তিনি।

ওই স্ক্রিনশটে দেখা যায়, যুক্তরাষ্ট্রের একটি নম্বর থেকে তাকে একটি মেসেজ পাঠানো হয়েছে। মেসেজে বলা হয়েছে, আপনি যদি ইসরাইলকে সমর্থন করেন এবং ফিলিস্তিন সম্পর্কে পোস্ট করা বন্ধ করেন তবে আপনাকে পুরস্কৃত করা হবে। আর যদি তা না করেন এবং এই মেসেজ সম্পর্কে সবাইকে জানিয়ে দেন তবে আপনাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

তবে এ হুমকিতে দমে যাওয়ার পাত্রী নন ফারিয়াল মাখদুম। স্পষ্টভাবে তা জানিয়ে দিয়েছেন ক্যাপশনে। তিনি লিখেছেন, এটি কি আমাকে থামিয়ে দেবে? না।

প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে তিন হাজার ৮২৬ জনই শিশু। পাশাপাশি নিহতদের মধ্যে দুই হাজার ৪০৫ জন নারীও রয়েছেন। এই সময়ে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩২ হাজার ৫০০ ফিলিস্তিনি।

আমেরিকার নৌবাহিনীতে প্রথম নারী প্রধান

ডেস্ক রিপোর্ট:

মার্কিন নৌবাহিনীর নেতৃত্ব দেবেন লিসা ফ্র্যানকেতি। তিনিই হবেন আমেরিকার নৌবাহিনীর প্রথম নারী প্রধান।

মার্কিন সিনেট লিসাকে নৌবাহিনীর প্রধান করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। তিনিই আমেরিকার ইতিহাসে প্রথম নারী, যিনি জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবে কাজ করবেন। তাকে চিফ অব নেভাল স্টাফ করার জন্য সিনেটে ভোটাভুটি হয়। লিসার পক্ষে ৯৫টি ও বিপক্ষে একটি ভোট পড়ে।

প্রেসিডেন্ট জো বাইডেন গত জুলাই মাসে লিসাকে নৌবাহিনীর প্রধান করতে চেয়েছিলেন; কিন্তু তার ও সেনাবাহিনীর আরও বেশ কয়েকজনের পদোন্নতির বিষয়টি আটকে গিয়েছিল।

রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিলের আপত্তির জন্যই এতদিন তা থেমে ছিল। গর্ভপাতের ক্ষেত্রে সেনা সদস্যদের ট্রাভেল নীতি নিয়ে টমির আপত্তি ছিল।

গত বছর সুপ্রিমকোর্ট এ বিষয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা জানিয়ে দেয়, গর্ভপাত হলো সাংবাধানিক অধিকার। তাই সেনা-সদস্যরা কোনো রাজ্যের বাইরে গিয়ে গর্ভপাত করাতে পারবেন। পেন্টাগন তার খরচ দেবে।

আমেরিকার অনেক রাজ্যেই গর্ভপাত করা নিয়ে কড়াকড়ি আছে। পেন্টাগনের মত ছিল- কোনো সেনা সদস্যকে কোনো রাজ্যে কাজের জন্য থাকতে হতে পারে; কিন্তু অন্য রাজ্যে গিয়ে গর্ভপাত করানোর অধিকার তার আছে।

লিসার নৌবাহিনীতে ৩৮ বছরের অভিজ্ঞতা আছে। তিনি প্রায় সবপর্যায়ে কমান্ডার ছিলেন। তিনিই দ্বিতীয় নারী যাকে ফোর স্টার অ্যাডমিরাল করা হয়েছিল।

কারা মজুত করে জনগণের পকেট কাটছে খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

কারা মজুত করে জনগণের পকেট কাটার চেষ্টা করছে তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবজি আমাদের দেশে উৎপাদন হয়। এটা বাজারে না এনে রেখে দেবে। দাম বাড়িয়ে দেবে। কারা মজুত করে জনগণের পকেট কাটার চেষ্টা করছে খুঁজে বের করতে হবে।

শুক্রবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনা বলেন, সবাইকে যার যার এলাকায় ঐক্যবদ্ধ হতে হবে। অগ্নিসন্ত্রাস যারা করে, তাদের ধরে ওই আগুনে ফেলতে হবে। যে হাতে আগুন দেয় ওই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। তা না হলে তাদের শিক্ষা হবে না। প্রত্যেক এলাকায় কত বিএনপি-জামায়াত আছে, খুঁজে বের করতে হবে। এদের ধরিয়ে দিতে হবে। এরা যাতে মানুষের জান-মাল নষ্ট করতে না পারে।

তিনি বলেন, দুষ্কৃতিকারী কয়েকজনের লাফালাফিতে নির্বাচন বানচাল হবে না। তাদের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তারা নির্বাচনে আসবে কি না, জানি না। এলেও আসবে ওই নমিনেশন বাণিজ্য করতে।

মনোনয়ন নিয়ে বিভাজন না করার জন্য সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। এ কথা ভাবলে চলবে না, ওরা (বিএনপি) তো আসবে না। একটা সিট না পেলে কী হবে! এ চিন্তা যেন কারো মাথায় না থাকে। আমরা মনোনয়নে যে সিদ্ধান্ত দেবো, সেটা মানতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আবারও ভোটের মাধ্যমে সরকারে আসতে হবে।

ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে কী হচ্ছে? হাসপাতালেও বোমা মারছে। মা ভেবেছিলেন, সন্তান নিয়ে হাসপাতালে নিরাপদ থাকবেন। কিন্তু সেখানেও ইসরায়েলিরা বোমা হামলা করছে। আমরা খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছি। ঢুকতে দিচ্ছে না। পাশে মিশরে রেখেছি। আমাদের দেশে বিএনপিও হাসপাতালে হামলা করেছে। তারা ফিলিস্তিনের ইস্যুতে কোনো কথা বলে না।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন তারা কাকে নিয়ে করবে? নির্বাচন করলে ওদের নেতা কে? কাকে প্রধানমন্ত্রী করবে? কাকে নিয়ে মন্ত্রিসভা করবে? তাদের চেয়ারপার্সন তো দুর্নীতির দায়ে জেলে। অসুস্থতা বিবেচনায় আমি তাকে বাসায় থাকতে দিলাম। একটা কুলাঙ্গার ছেলে তৈরি করে দিয়ে গেছে জিয়াউর রহমান। ১০ ট্রাক অস্ত্র মামলা ও মানিলন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত। ২১ আগস্ট গ্রেনেডে হামলায় জড়িত, তাতে তো সন্দেহ নাই।

তিনি বলেন, আজকের বিএনপির অগ্নিসন্ত্রাস, তাদরে যে বীভৎস চেহারা। এটা তারা ২০১৩, ১৪ ও ১৫ সালেও ঘটিয়েছে। ২০০১ সালেও আমরা তাদের চেহারা দেখেছি। এরা দেশের ক্ষমতায় যখন ছিল তখন আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে, নির্যাতন করেছে, জেলে পুড়িয়েছে। এরা খুন করা ছাড়া কিছুই বুঝে না, জানে না। তত্ত্বাবধায়কের আমলে মুচলেকা দিয়ে চলে যায়। এখন না কি ওখানে বসে জুয়া খেলে আর টাকা ইনকাম করে। আর ওখান থেকে জ্বালাও-পোড়াও করার নির্দেশ দেয়। বিএনপিতে আর কোনো নেতা নাই? ওই সাজাপ্রাপ্ত আসামিকে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে।

শেখ হাসিনা বলেন, ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ড থেকেই হত্যা ক্যু ষড়যন্ত্রের শুরু হয়। সেখান থেকেই মুক্তিযুদ্ধের চেতনার ধ্বংস শুরু। জিয়াউর রহমান মুখে বলেন, তিনি মুক্তিযোদ্ধা। তিনি যদি মুক্তিযোদ্ধা হবেন, তাহলে তার আমলে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হয় কীভাবে?

আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগে আলটিমেটাম ইসলামী আন্দোলনের

ডেস্ক রিপোর্ট:

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ও অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ সব বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয় গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের আলটিমেটাম দিয়েছে দলটি।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত মহাসমাবেশ এ ঘোষণা দেন দলটির আমির ও পির সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে ও জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয় গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপির সব নেতাদের মুক্তি ও রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে হবে। দাবি না মানলে সরকার পতনের দাবিতে আন্দোলনরত বিরোধীদলের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ও অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ সব বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থন ঘোষণা করছি।

দলের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এই দাবি নিয়ে এসেছি। আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা ও গরিবের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ক্ষমতায় থাকতে চায় জানিয়ে তিনি বলেন, সরকার ক্ষমতার মজা পেয়ে গেছে। গোটা দেশের মানুষ জেলখানায় আবদ্ধ। এদেশের মানুষের স্বাধীনতা নাই। এই জেলের তালা ভাঙতে হবে। কোন ছলচাতুরি চলবে না। আমরা কারও বিরুদ্ধে নই। এই আন্দোলন যারা ভোট দিতে চায় তাদের জন্য।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, নিরেপেক্ষ নির্বাচন না হওয়ায় বিদেশি শক্তি নাক গলাচ্ছে। আপনি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে আমরা লড়াই করবো।

দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মহাসমাবেশে লাখ লাখ মানুষ এসেছে। কাউকে ভাড়া করে আনা হয় নাই। সবাই নিজের পকেটের টাকা খরচ করে পির সাহেবের চরমোনাইয়ের নির্দেশনা পালন করেছে। আগামীতে পির সাহেবের ঘোষিত যে কোনো কর্মসূচি আমরা পালন করবো।

দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, এ সরকারকে দেশের মানুষ বিশ্বাস করে না। আপনাদের অধীনে নির্বাচন তো দূরের কথা, আপনাদের আর এক মুহূর্তে ক্ষমতায় দেখতে চায় না। যত দ্রুত ক্ষমতা থেকে যাবেন তত দ্রুত দেশের মানুষ মুক্তি পাবে।

তিনি বলেন, সরকারবিরোধী দলকে নিশ্চিহ্ন করতে পারেননি। দেশের আইন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাচন কমিশনসহ গোটা দেশকে ধ্বংস করেছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পদত্যাগ করেন, বিরোধী দলের সঙ্গে সংলাপে বসেন।

আমীর খসরু ও স্বপন ৬ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার তাদের কনস্টেবল হত্যা মামলায় আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পরিদর্শক তরিকুল। অপরদিকে তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও শেখ শাকিল আহম্মেদ রিপন জামিন চেয়ে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী জামিন আবেদন নামঞ্জুর করে ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই দিন বিকেলে গুলশান থেকে জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করা হয়।

২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ ঘিরে সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় দলটির নেতাকর্মীদের ঢল নামে। দুপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হলে একপর্যায়ে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

সংঘর্ষ চলাকালে ফকিরাপুলের বক্স কালভার্ট রোড এলাকায় মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান দায়িত্বরত পুলিশ সদস্য আমিরুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমিরুলের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়।

এ ঘটনায় ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়।

এছাড়া একই মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

লিবিয়াতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:

লিবিয়াতে এক অস্ত্রধারী সন্ত্রাসী বাংলাদেশী এক প্রবাসী যুবককে গুলি করে হত্যা করেছে।

নিহত জগদীশ চন্দ্র দাস (৩৬) নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাট দাস পাড়ার গোকুল চন্দ্র দাসের ছেলে।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান। এর আগে, গতকাল বৃহস্পতিবার ২ নভেম্বর বাংলাদেশ সময় দুপুরের দিকে লিবিয়ায় সাফা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর তার টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়।

নিহতের বাবা গোকুল চন্দ্র দাস জানায়, জগদীশ ৬ বছর আগে জীবিকার তাগিদে লিবিয়ায় সাফা এলাকায় পাড়ি জমায়। সে এক সন্তানের জনক ছিল। সেখানে সে সবজিও নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের গাছ চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। এ নিয়ে সে যে মালিকের অধীনে কাজ করে তার ভাতিজাকে একাধিকবার অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গত কিছু দিন আগে জগদীশ মালিকের ভাতিজাকে বলেন দাদা দেখেন আপনার ছাগল আমার নার্সারির কতগুলো গাছ নষ্ট করে পেলেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মালিকের ভাতিজা তার কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছেনা বলে অভিযোগ তুলে। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জগদীশ খেতে বসলে মালিকের ভাতিজা আকস্মিক এসে তাকে গুলি করে হত্যা করে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লিবিয়ায় থাকা আমার ছোট ছেলে সন্তোষ মুঠোফোনে তার বড় ভাইয়ের মৃত্যুর বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমাদেরকে অবহিত করা হয়নি। তবে নিহতের পরিবার অফিসিয়ালি সহযোগিতা চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করব।

নোয়াখালীতে ১৪৪ ধারা জারির পর মিছিল-সমাবেশ, হামলায় আহত ৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারির পর পৌর এলাকার বাইরে সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। তবে পৌর যুবলীগের সমাবেশ স্থগিত করলেও তাদের হামলায় উপজেলা যুবলীগের ৮ নেতা-কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন মাঠে উপজেলা যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।

নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, তারুণ্যের জয় যাত্রায় আসার সময় কবিরহাট উপজেলা যুবলীগের ৮ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছে পৌর যুবলীগের নেতা-কর্মীরা। আহত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম (৩২), ধানসিঁড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন মেম্বার (৩৩), বাটইয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন (৩৫) ও ঘোষবাগ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল (৩০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের বিরোধের জেরে পৌরসভা যুবলীগকে ব্যবহার করে উপজেলা যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচিকে পণ্ড করতে চেয়েছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। বিষয়টি জেলা নেতাদের জানিয়েছি’।

পৌর যুবলীগের সভাপতি আবুল বাসার বাবুল বলেন, ‘প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমাবেশ স্থগিত করা হয়েছে। তবে আমাদের সমর্থনে প্রত্যেক ইউনিয়নে যুবলীগ কর্মসূচি পালন করেছে’।

নেতাকর্মীদের ওপর হামলাসহ আহতের বিষয়ে তিনি বলেন, ‘কালামুন্সি বাজার উপজেলা যুবলীগ নেতাদের সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতি হয়েছে। তবে এতে কেউ আহত হয়েছে কি না আমার জানা নেই’।

কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন, আমরা মূল সংগঠনের পক্ষ থেকে যুবলীগের বিরোধ মীমাংসার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সমঝোতা না হওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে পৌর যুবলীগকে সমর্থন ও উপজেলা যুবলীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়ে জানতে চাইলে ব্যস্ততা দেখিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এর আগে ২ নভেম্বর দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত কবিরহাট পৌরসভা ও এর আশপাশের ৯টি ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। তিনি বলেন, বিকেল ৩টায় যুবলীগের উপজেলা ও পৌরসভা শাখা কবিরহাট বাজারে আলাদা হয়ে একই স্থানে সমাবেশের ডাক দেওয়ার কারনে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। এবং পাশাপাশি ‌র‌্যাব ও বিজিবির টহল জোরদার ছিল। পৌর এলাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

কুবিতে জেলহত্যা দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা

কুবিতে জেলহত্যা দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষ্যে শোক র‌্যালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের দুটি পক্ষ । শুক্রবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কর্মসূচি পালন করা হয়।

এ সময় শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশী মেসবাহুল আলম শান্ত এবং ইসরাত জাহান জেরিনের নেতৃত্বে ইমাম হোসেন মাসুমসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা একটি পক্ষে উপস্থিত ছিলেন। র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত শোক সভা করেন।

অন্যদিকে আরেক পদপ্রার্থী মমিন শুভ, মাহী হাসনাইন, নূরউদ্দিন হোসাইনের নেতৃত্বে অন্যান্য নেতা-কর্মীরা পৃথকভাবে র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের সভাপতি ইসরাত জাহান জেরিন বলেন, ‘আজকের দিনটি জাতিগতভাবে শোকের দিন। স্বাধীনতা বিরোধী ও বিএনপি-জামায়াতের রক্ত যাদের শরীরে বইয়ে বেড়াচ্ছে তাদের বংশধরেরা বাংলার সন্ত্রাস- নৈরাজ্য চালাচ্ছে। তারা ১৯৭৫ সালের আজকের এই দিনে জাতীয় চার নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যা করে জাতিকে নেতৃত্ব শূন্য করার একটা প্রচেষ্টা করেছিল। ভবিষ্যতে স্বাধীন বাংলার বুকে এমন পাশবিক নির্যাতন চালাতে না পারে সেজন্য বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার ছিল, সোচ্চার আছে এবং থাকবে’।

ইমাম হোসেন মাসুম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে আগেই বাংলাদেশকে হত্যা করে ফেলেছে। এরপর ৩ নভেম্বর যারা আমাদের আশার বাতি ছিল জাতীয় চার নেতাকে হত্যা করেছিল ঘাতকরা। আমরা সেই ঘাতকদের জানিয়ে দিতে চাই আমরা একাত্তরেও ছাড়ি নাই এখনো ছাড়বো না। এই ঘাতক দালালের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের সবসময় সোচ্চার আছে।

সন্ত্রাসীদের দলের সঙ্গে সংলাপ নয় : তথ্যমন্ত্রী

সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ নয় : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে। কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না।

আজ (শুক্রবার) সকালে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, বিএনপি যে সন্ত্রাসী দল তা ২৮ অক্টোবর আবারও প্রমাণিত হয়েছে। সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য।

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা জনসম্পদের ওপর হামলা করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী দলকে নির্মূল করা হবে।

২৮ অক্টোবর মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত তাণ্ডব চালিয়েছে দাবি করে এর নিন্দা জানান তথ্যমন্ত্রী।

এর আগে জেলহত্যা দিবস উপলক্ষ্যে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বনানীতেও ১৫ আগস্ট ও ৩ নভেম্বর শহীদদের কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা।

সূত্র: ঢাকাপোষ্ট