Tag Archives: আহত ১০

দেবিদ্বারে বিএনপি সমর্থককে কুপিয়ে হত্যা করলো সাবেক এমপি আজাদের নেতাকর্মীরা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপির সমর্থক সিদ্দিকুর রহমানকে (৫০)  কুপিয়ে  হত্যা করেছে আওয়ামী লীগের  নেতাকর্মীরা। এ সময় অন্তত ১২ জন আহত হয়। হামলাকারিরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদের অনুসারি। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান (৫০) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি বিএনপির সমর্থক।

 

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে শেখ হাসিনা ও সাবেক এমপি আবুল কালাম আজাদের ছবি নামানোকে কেন্দ্র করে  বাক-বিতণ্ডা হয়। পরে সমাধানের আশ্বাসে শুক্রবার সকাল ৯টায় সালিশী বৈঠকের আয়োজন করে স্থানীয়রা৷ ওই বৈঠকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও সাবেক এমপি আবুল কালাম আজাদের  ভাগ্নে  আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় সিদ্দিকুর ঘটনাস্থলেই নিহত হন৷ এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নয়ন মিয়া বলেন,  মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় আ’লীগের দু'গ্রুপের সংঘর্ষে নি’হত ১, আ’হত ১০

কুমিল্লায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নি’হত ১, আ’হত ১০

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিজাম উদ্দিন নামে এক সেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার সকালে উপজেলার চালিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত নিজাম উদ্দিন (৪০) চালিভাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং নলডাঙ্গা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার এবং বালু ব্যবসা নিয়ে জেলা পরিষদ সদস্য কাইয়ুম হোসেন এবং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে গত তিনদিন যাবত বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার সকালে চালিভাঙ্গা এলাকায় দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কাইয়ুম গ্রুপের হানিফ (৪৫) ওয়াসিম (৩৫) আহত হন। হুমায়ন চেয়ারম্যান গ্রুপের টিটু (৩০), রমজান (৩৫), ইব্রাহীম (২৮), শাকিল (২২), খালেদ হাসান (১৯), দেলোয়ার (৩২), আনিছ সরকার (২৫), সুমন (২৪) আহত হন।

আহত সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে গুলি এবং টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মারা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ রতন শিকদার বলেন, নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনার পর কাইয়ুম গ্রুপের ক্যাডাররা বেশ কিছুদিন যাবত এলাকার বাইরে অবস্থান করছিল। গত দুই তিনদিন থেকে এলাকায় এসে আধিপত্য প্রতিষ্ঠার জন্য মহড়া দেয়া শুরু করে। এতে হুমায়ন কবির চেয়ারম্যান গ্রুপের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

মেঘনা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১২ আগস্ট) বিকালে শহরের পাওয়ার হাউজ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ১০ আগস্ট জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর থেকেই জেলা বিএনপির একটি অংশের নেতা-কর্মীরা ঘোষিত কমিটিকে ফরমায়েশী কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে শুক্রবার বিকালে প্রতিবাদ সমাবেশ করে। এরই জেরে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বিকালে নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম পৌর এলাকার শেখ হাসিনা সড়ক সেতু এলাকায় একটি আনন্দ র‌্যালি বের করেন। অপরদিকে একই সময়ে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে পাওয়ার হাউজ রোডে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ৫৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে।

আনন্দ র‌্যালি কিছু দূর যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, আনন্দ র‌্যালি শেষ করে আমি ঘটনাস্থল ত্যাগ করি। পরে সংঘর্ষ হয়েছে তা শুনেছি।

জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, এমন ব্যক্তিকে আহ্বায়ক করায় জেলা বিএনপির নেতা-কর্মীরা বিব্রতকর। এই কমিটি বাতিল করে নতুন করে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হোক। বিচ্ছিন্নভাবে কিছু নেতা-কর্মী সংঘর্ষে জড়িয়েছে বলে জানতে পেরেছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসাইন বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, জেলা বিএনপি’র অধিকাংশ সিনিয়র নেতাদের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের আবদুর রহমান সানী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী। আবদুর রহমানের বড় ভাই কবির আহমেদ ভূইয়া তার ছোট ভাইয়ের প্রভাবকে ব্যবহার করে এই কমিটি দিয়েছেন। কবির আহমেদ ভূইয়া আখাউড়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে সহ-সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। জেলা ও উপজেলাসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল কমিটিতে কবিরের পছন্দের অনুসারীরা গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন। এনিয়ে বিভিন্ন সময় ত্যাগী পদবঞ্চিতদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠনের ক্ষেত্রে কবিরের অনুসারীরা পদ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে পুরো জেলা বিএনপি’র মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

লাকসামে বিএনপি নেতা কালামের বাড়িঘর ভাংচুর ও নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১০

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালামের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এর আগে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত ১০জন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (২৬ জুন) আবুল কালামের ছোট ভাই ও লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম এ অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের জানান, রোববার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ও ছাত্রলীগের লোকজন আবুল কালামের লাকসাম পৌরভবন সংলগ্ন বাড়িতে হামলা করে। এসময় ফাঁকা তিনতলা বাড়ির তালা ভেঙে কক্ষগুলোতে প্রবেশ করে। জানালা ও দরজার কাঁচগুলো ভেঙে দেয়। এর আগে গত শুক্রবার (২৩ জুন) ছিল লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।

এছাড়া সম্মেলনের আগের দিন বৃহস্পতিবার (২২ জুন) রাতে হামলা করা হয় বিএনপির লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর শোকরের বাড়িতে। এ সময় পা ভেঙে দেওয়া হয় তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ কালামের। পরিবারসহ হামলার শিকার হন সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাজমুল হাসান রনি। একই দিনে হামলা চালানো হয় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল হোসেন, নরপাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী হোসেনসহ কান্দিরপাড় ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে। হামলায় গুরুতর আহত হন- কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, যুবদল সভাপতি মোহাম্মদ মাসুদ, মো. সোহাগ, কান্দিরপাড় উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরু কাতারীসহ নেতাকর্মীরা। এদের কারো হাত ভেঙেছে, কারো পা। অনেককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তদন্ত চলছে এ বিষয়ে। তদন্ত করার পর কথা বলবো।

লাকসাম পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরা বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়।

চৌদ্দগ্রামে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোটার:

কুমিল্লার চৌদ্দগ্রামে শক্তিমত্তা প্রদর্শন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদেরকে প্রকাশ্যে পাইপগান, পিস্তলসহ দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া দিতে দেখা যায়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে।

মঙ্গলবার (৬ জুন) সকাল থেকেই দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় চৌদ্দগ্রাম বাজার ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিনত হয়৷ এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে বর্তমান এমপি মুজিবুল হক গ্রুপের বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির পাটোয়ারী ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান গ্রুপের পৌর আ’লীগ নেতা মনসুর আলম আজাদ, পৌর যুবলীগ নেতা ফরাস উদ্দীন রিপন এবং আরিফুর রহমান মামুন এর পরিচয় পাওয়া গেছে। বাকী আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার শুরু থেকেই চৌদ্দগ্রাম বাজার সহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে কমপক্ষে ২০০ পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান মঙ্গলবার রোড শো করার অনুমতি চায় পুলিশ প্রশাসনের কাছে। এদিকে বর্তমান এমপি মুজিবুল হক মুজিব এর অনুসারীরা উপজেলা আ’লীগের পক্ষ থেকে জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষনা করে। এতে উভয়পক্ষের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে যান চলাচল কিছুটা বাধাগ্রস্ত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত চৌদ্দগ্রাম বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। প্রতিদিনের ব্যস্ত বাজারটি আজ অনেকটাই ফাঁকা। সাধারণ মানুষের আনাগোনা নেই বললেই চলে। এদিকে মুজিবুল হক মুজিব এমপি গ্রুপের নেতাকর্মীদের একাংশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের নেতৃত্বে মিয়াবাজারস্থ তাজমহল হোটেলের সামনে, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরুর নেতৃত্বে চৌদ্দগ্রাম বাজারে অবস্থান করছে। অপরদিকে সাবেক মেয়র মিজানের অনুসারীরা দোয়েল চত্বর এলাকায় অবস্থান করছে। আবারো সংঘর্ষের আশংকায় বাজারে এখনো পুলিশ মোতায়েন রয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ীতে উপজেলা ছাত্রলীগের বর্তমানে দুটি কমিটি রয়েছে। তারা আলাদা আলাদা ভাবে কার্যক্রম চালাচ্ছে। পুরনো কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিন। গত বছর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়। ওই দিনই নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের নতুন একটি কমিটি ঘোষণা করে। কমিটিতে আরিফ হোসেনকে সভাপতি ও রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়। ছাত্রলীগের বিবদমান অপর গ্রুপ অভিযোগ করে, জেলা ছাত্রলীগ টাকা নিয়ে এই কমিটি দেয়। যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ জেলা কমিটি ভেঙ্গে দিছে। সে ক্ষেত্রে জেলা ছাত্রলীগের এই কমিটি দিতে পারেনা। এরপর আরিফ-রাসেলের নতুন এই কমিটিকে কেন্দ্রীয় কমিটি বৈধ ঘোষণা করেছে বলে দাবি করে তারা। এই বৈধতার আলোকে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আফম বাবু ও জেলা পরিষদের সদস্য বাহার প্রমূখ। সেখানে ভিডিও কনফারেন্সে নতুন উপজেলা ছাত্রলীগের কমিটিকে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা বৈধ ঘোষণা করে বক্তব্য রাখার কথা ছিল। এমন খবর পেয়ে সেখানে উপজেলা ছাত্রলীগের পুরনো কমিটির সভাপতি সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল তাদের অনুসারীদের নিয়ে সভাস্থলে গিয়ে সভা পন্ড করে দেয়। ওই সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের পুরনো কমিটির সাধারাণ শ্যামল উদ্দিন বলেন, সংঘর্ষ ধাওয়া ও পাল্টা ধাওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে আমাদের ৩-৪জন নেতাকর্মি আহত আছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত শিবির থেকে আগত নেতারা আজকে ছাত্রলীগের নামে সভা করতে চেয়েছিল। ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মিরা বিষয়টি টের পেয়ে সভা বন্ধ করে দেয়। এই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সাধারাণ রাসেল মাহমুদ বলেন,আমরা আমাদের কার্যক্রম করছি। প্রতিপক্ষ নেতারা বিবাহিত ও বাচ্চা-কাচ্চা আছে। তারা ৮-১০ বছর আগের কমিটির নেতা ছিল। জেলা ছাত্রলীগ তাদের কমিটি বিলুপ্ত করে গত বছরের ১৫ মে সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে। অপর এক প্রশ্নের জবাবে, এই ছাত্রলীগ নেতা বলেন, বিএনপি জামায়াতের সাথে হাত করে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতারা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় আমাদের ৩-৪জন ছাত্রলীগ নেতা আহত হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের সংঘর্ষের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এখানে কেন্দ্র একটি কমিটি দিয়েছে। উপজেলা ছাত্রলীগের পুরনো কমিটি বাদ দিয়ে নতুন কমিটি দেওয়া হয়েছিল। আজকের সভায় ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় কমিটি সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে বৈধ কমিটি হিসেবে ঘোষণা দেওয়ার কথা ছিল। উপজেলা ছাত্রলীগের বিবদমান অপর গ্রুপ বলতেছে তারা এ সভা করতে দেবেনা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক সাংবাদিকদের জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিয়ে নিয়ে মত বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে নিয়ে মত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০) এবং আবু হানিফ (৪৫)।

বিজয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস জানান, ডালপা গ্রামের বাসিন্দা খুরশিদ মিয়ার মেয়ের সাথে গত ৪-৫ দিন আগে একই গ্রামের দানু মিয়ার ছেলের বিয়ে হয়। কিন্তু খুরশিদের অন্য ভাইয়েরা এই বিয়েতে মত দেয়নি। এ নিয়ে রোববার খুরশিদের সাথে তার ভাই সাচ্চুর কথা কাটাকাটি হয়। পরে এটি গোষ্ঠিগত বিবাদে রূপ নেয়। সোমবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হয়েছেন কয়েকজন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আটক করে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে সিনিয়রদের সামনে জুনিয়রদের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার দুপুরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির ছাত্রদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মাসুদ মাহমুদ নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে বিদ্যালয়ের গেটে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করতে উপজেলা ছাত্রলীগের কয়েকজন শিক্ষার্থী ও স্কুলের শিক্ষক আসেন। কিন্তু দ্বিতীয় শিফটে এসএসসি পরীক্ষার্থীদের ছুটির সময় দশম শ্রেণির ছাত্ররা তাদের ওপর লাঠি, রামদা ও রড নিয়ে আক্রমণ করে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে এসএসসি পরীক্ষার্থী ইলিয়াস বাদশা জানান, সিনিয়রদের সামনে জুনিয়র এক ছাত্র সিগারেট খাচ্ছিল। এ সময় তাকে নিষেধ করা হলে সে সিনিয়র এক ছাত্রকে থাপ্পড় মারে। বিষয়টি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাবেদকে জানালে তিনি বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবকে পাঠিয়ে শিক্ষকদের সঙ্গে বসে মীমাংসা করে দেন। পরে স্কুল ছুটির সময় জুনিয়ররা এসএসসি পরীক্ষার্থীদের ওপর লাঠি, রামদা ও লোহার রড নিয়ে হামলা করে।

বিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেন বলেন, দশম শ্রেণির ছাত্র রিফাত, সিফাতসহ আরও অনেক ছাত্র লাঠি নিয়ে ছুটে আসে। হামলাকারীদের বাধা দেওয়ার পরও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

চরজব্বার থানার এসআই উৎপল দেওয়ান বলেন, ছাত্রদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল বাঁচাতে গিয়ে উল্টে গেল বাস, আহত ১০

 

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চাতালমাঠে যাত্রীবাহী বাস উল্টে ১২ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইর বাস-স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ শাহজালাল আলম সাংবাদিকদের বলেন, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের যাত্রীবাহী বাসটি আশুগঞ্জ উপজেলার বগইর বাসস্ট্যান্ডে গেলে একটি মোটরসাইকেল অতর্কিতভাবে সামনে এসে যায়।

এসময় বাসটি মোটরসাইকেলটিকে রক্ষা করতে গিয়ে পাশে একটি চাতালকলের মাঠে আছড়ে পড়ে। এতে অন্তত বাসে থাকা ১০/১২ যাত্রী আহত হয়। আশপাশের লোকজন তাৎক্ষাণিকভাবে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

মোবাইলে দুই কিশোরীর ছবি তোলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর বেগমগঞ্জে দুই কিশোরীকে (১৫) ইভটিজিংয়ের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যার পর উপজেলার গোপালপুর ইউনিয়নে পূর্ব মধুপুর গ্রামের চুঙ্গার পোল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- গোপালপুর ইউনিয়নের মির্জা নগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মো. বেচু মিয়া (৫০) ও তার ছেলে মো. নুর নবী (১১) এবং মধুপুর গ্রামের আবদুর রবের ছেলে মো. হাসান (২৬)।

এছাড়া স্থানীয় আবুল খায়েরের ছেলে আবুল হোসেন (৪১), জসিম উদ্দিনের ছেলে মো.আলা উদ্দিনসহ (৪০) আরও অন্তত সাতজন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপালপুর ইউনিয়নে পূর্ব মধুপুর গ্রামের দুই কিশোরী (সামলা ও শান্তা) সাজগোজ করে বাড়ির পাশে ঘুরতে বের হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকার পশ্চিম মধুপুর গ্রামের কয়েকজন বখাটে তাদের ইভটিজিং করে এবং একপর্যায়ে বখাটেরা মুঠোফোনে দুই কিশোরীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করে।

বিষয়টি পূর্ব মধুপুরের কয়েকজন ছেলের নজরে পড়লে তারা পশ্চিম মধুপরের ছেলেদের ছবি তুলতে বারণ করে এবং এতে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। অন্যদিকে ইভটিজিংয়ের শিকার কিশোরীরা বিষয়টি বাড়িতে গিয়ে স্বজনদের জানালে তারাও অভিযুক্ত ছেলেদের শাসিয়ে যায়।

পরে এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার পর বখাটেদের পক্ষ নিয়ে পশ্চিম মধুপুরের অস্ত্রধারী ১৫-২০ জনের দল পূর্ব মধুপুর গ্রামে এসে এলাকাবাসীর ওপর গুলি ছোঁড়ে। এতে দুই পথচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয় এবং ছুটোছুটিতে আরও সাতজন আহত হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’