Tag Archives: করোনাভাইরাস

৯ মাসে করোনায় মৃত্যু প্রায় ৫শ’ সাংবাদিকের

 

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের ৫৬ দেশে গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কমপক্ষে ৪৮৯ সাংবাদিক। গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে। খবর আনাদোলু এজেন্সি’র।

খবরে বলা হয়, নভেম্বরে করোনা মহামারীতে মারা গেছেন ৪৭ জন সাংবাদিক। অক্টোবরে এ সংখ্যা ছিল ২২ জন।

পিইসির মহাসচিব ব্লাইস লেমপেন বলেন, করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে আছেন ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকোর সাংবাদিকরা।

সবচেয়ে বেশি মারা গেছেন লাতিন আমেরিকায় ২৭৬ জন। এর পর এশিয়ায় ১২৫, উত্তর আমেরিকায় ২৬ এবং আফ্রিকায় মারা গেছেন ২৪ সাংবাদিক।

এবার চীনা বিজ্ঞানীদের দাবি, করোনা এসেছে বাংলাদেশ বা ভারত থেকে

 

তারিক চয়নঃ

চীনের শহর উহান যে করোনাভাইরাসের উৎপত্তিস্থল তা নিয়ে সারা বিশ্বের বিজ্ঞানী তথা মানুষের মাঝে কোন সন্দেহ না থাকলেও এবার চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, করোনা এসেছে ভারত বা বাংলাদেশ থেকে! ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে তারা উহানের বিরুদ্ধে উঠা অভিযোগ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন।

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা সান এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছেঃ

করোনা এসেছে ভারত বা বাংলাদেশ থেকে, এমন দাবি করে চীনা বিজ্ঞানীরা নিজেদের শহর উহানের বিরুদ্ধে উঠা অভিযোগ স্থানান্তরের চেষ্টা করছেন।

চীনের সাংহাই ইনস্টিটিউট ফর বায়োলজিকাল সায়েন্সের গবেষকদের একটি গবেষণাপত্রে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে উহানে প্রাদুর্ভাবের আগেই ভারতীয় উপমহাদেশে ভাইরাসটির অস্তিত্ব ছিল। তবে এই তত্ত্বটি বিতর্কিত।

‘দ্য আর্লি ক্রিপটিক ট্রান্সমিশন অ্যান্ড ইভলিউশন অফ সার্স-কোভ -২ ইন হিউম্যান হোস্টস’ শীর্ষক এই গবেষণাটি উহানের ওয়েট মার্কেট থেকেই ভাইরাসটির উদ্ভব হয়েছিল বলে বিজ্ঞানীদের মধ্যে থাকা সাধারণ ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

এটি ১৭ নভেম্বর বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেটের প্রিপ্রিন্ট প্ল্যাটফর্ম SSRN.Com-এ পোস্ট করা হয়েছে এবং ১৭ টি ভিন্ন দেশ প্রদত্ত ভাইরাসের স্ট্রেইনের উপর ভিত্তি করে করা হয়েছে।

গবেষকরা লিখেছেন: “আমাদের ফলাফল দেখায় যে উহান সেই জায়গা নয় যেখানে মানুষ থেকে মানুষে SARS-CoV-2 সংক্রমণ প্রথম ঘটেছিল।”

এতে আরও বলা হয়, প্রথম প্রাদুর্ভাবের ক্ষেত্রটির মধ্যে সবচেয়ে বড় জিনগত বৈচিত্র্য থাকতে হবে – যেমন ভারত এবং বাংলাদেশের শহরগুলো।

উল্লেখ্য, চীনের উহানের একটি বাজার থেকেই যে প্রথম করোনাভাইরাস ছড়িয়েছিল- এমন দাবি প্রত্যাখ্যান করে গত মাসেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক সংবাদ ব্রিফিংয়ে দাবি করে বলেছিলেন, ‘গত বছর বিশ্বের বিভিন্ন জায়গায় ভাইরাসটি ছড়িয়েছিল। আমরাই প্রথম সবাইকে এ বিষয়ে জানিয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’।

ফাইজারের করোনা ভ্যাকসিনের পরিবহন শুরু

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পাওয়ার পর শুক্রবার (২৭ নভেম্বর) ফাইজার উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিন পরিবহন শুরু হয়েছে বলে জানা গেছে। আর এই কাজটি করছে ইউনাইটেড এয়ারলাইন্স। খবর- ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ।

‘আকাশপথে ভ্যাকসিনের প্রথম বড় চালানের’ অংশ হিসেবে শিকাগোর ও’হেয়ার এয়ারপোর্ট থেকে ব্রাসেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউনাইটেড।

উল্লেখ্য, সম্প্রতি জানা গিয়েছিল, এফডিএ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ফাইজার দ্রুত ভ্যাকসিন পরিবহনের কাজ শুরু করেছে। তার পরপরই এই কাজে চার্টার্ড বিমান ব্যবহারের খবর সামনে এল।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্লেস্যান্ট প্রেইরি ও জার্মানির কার্লশ্রুর গুদামের সংরক্ষণ ক্ষমতা বাড়িয়েছে ফাইজার। কার্গো বিমান ও ট্রাকের ভেতরে স্যুটকেসের মতো হিমায়িত বক্সে করে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা রয়েছে তাদের।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার কিংবা ইউনাইটেড এয়ারলাইন্স।

করোনা ভ্যাকসিনের দাম জানালো রাশিয়া

 

ডেস্ক রিপোর্টঃ

সারাবিশ্বে করোনাভাইরাসের তাণ্ডবে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের দাম জানালো রাশিয়া। দেশটির তৈরি স্পুটনিক-৫ ভ্যাকসিনটি আন্তর্জাতিক বাজারে ২০ ডলারের কমে পাওয়া যাবে। এছাড়াও এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯৫ শতাংশ কার্যকরী ভূমিকা পালন করবে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

জানা গেছে, রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই স্পুটনিক-৫ ভ্যাকসিন আগামী বছরের মধ্যেই যাতে দেশ-বিদেশের বাজারে বিক্রি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ১ বিলিয়ন ডোজ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছেন গবেষকরা।
এই বিষয়ে ‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের’ টুইটার পেজ থেকে একটি টুইট বার্তায় দাবি করে বলা হয়েছে যে, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যেই দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই ভ্যাক্সিনের প্রতি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) স্পুটনিক-৫ ভ্যাকসিনটির বিকাশে সহায়তার পাশাপাশি এর বিপণন করছে।