Tag Archives: কুমিল্লা জেলা

চান্দিনা পৌর নির্বাচন: মেয়র পদে ৮ প্রার্থী ও কাউন্সিলর পদে ৫৬ জনের মনোনয়ন দাখিল

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভায় মনোনয়নপত্র জমা প্রদানের শেষদিন পর্যন্ত মোট ৬৪ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীসহ ৮ জন প্রার্থী, ৯টি ওয়ার্ড থেকে ৪৯ জন কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড থেকে ৭ জন নারী কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী রবিবার (২০ ডিসেম্বর) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল ৫টা পর্যন্ত উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

 

মেয়র পদে ৮ প্রার্থী হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. শওকত হোসেন ভূইয়া, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো. মফিজুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জামশেদ আহম্মদ জাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজী রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শামীম হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আব্দুল মান্নান সরকার, হুমায়ূন কবির।

প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব প্রমুখ।

 

বর্ণাঢ্য আয়োজনে দাউদকান্দিতে দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে কেক কাটা, র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপনসহ বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় পত্রিকাটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ আবু সালাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহনিুর আলম সুমন, উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক রাষ্ট্রীয় পদক প্রাপ্ত কৃষিবিদ মতিন সৈকত, আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল উদ্দিন, দাউদকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ হানিফ খান, বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম সরকার, দাউকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম লিপু, তিতাস প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম, সূচনা কমিউনিটি টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ, সাহিত্য সংগঠন স্বৃষ্টির সভাপতি শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ রূপান্তর পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি জাকির হোসেন হাজারী। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা টিভি’র সম্পাদক ওমর ফারুক মিয়াজী, ইনকিলাব প্রতিনিধি সেলিম আহমেদ, দাউদকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম বাবু, বাংলা টিভির প্রতিনিধি আপেল মাহমুদ, আনন্দ টিভি’র প্রতিনিধি সোহেল আহম্মেদ প্রমূখ। আলোচনা সভা শেষে সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ আবু সালাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহনিুর আলম সুমন, উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষিবিদ মতিন সৈকত কেক কেটে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করেন।

পরে একটি র‌্যালী হাসপাতাল চত্বর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বের করা হয়।

 

কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ও অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউস থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত অবৈধভাবে ফুটপাত দখলকারীদেরকে অর্থদন্ড প্রদান ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) বিকালে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী একটি ব্যাটলিয়ন টিম নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় রাজগঞ্জ বাজারের সভাপতি তফাজ্জল মিয়া উপস্থিত ছিলেন।

এসময় যারা অবৈধভাবে ফুটপাত দখল করেছিল এমন ৮টি দোকানকে উচ্ছেদসহ দন্ডবিধি ১৮৬০এর ২৯০/৯১ ধারায় ৩ হাজার ৮০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ বলেন, অন্যান্য জেলার ন্যায় কুমিল্লাকেও একটি সুন্দর জেলায় পরিণত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ। সাধারণ জনগণের চলাচলে যেন বাধা সৃষ্টি না হয় সে জন্য নির্মাণ করা হয়েছে ফুটপাত। কিন্তু অবৈধভাবে ফুটপাত দখলকরীদের থেকে ফুটপাত দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদক সেবনে বাধা দেওয়ায় কুমিল্লায় তালাবদ্ধ করে কিশোরকে পুড়িয়ে হত্যা !

 

ডেস্ক রিপোর্ট:

মাদক সেবনে বাধা দেয়ায় আরাফাত হোসেন (১৫) নামের এক কিশোরকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। সে কুমিল্লা শহরতলী চাঁনপুর এলাকার মো. আবুল বারেকের ছেলে। মঙ্গলবার নগরী সংলগ্ন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি দোকান পুড়ে যায়।

নিহত আরাফাতের বাবা মো. আবদুল বারেক বলেন, আরাফাত থাই গ্লাসের মিস্ত্রি হিসেবে কাজ করে। মঙ্গলবার দুপুর ১টায় তার ছেলে আরাফাতকে বাড়ি থেকে চারজন ছেলে ডেকে বউবাজারে নিয়ে আসে। তিনি ঘটনাস্থলে এসে শুনতে পান একটি দোকানে আরাফাতকে তালাবদ্ধ করে বাইরে থেকে আগুন দেয়। এ ঘটনায় আরাফাত আগুনে পুড়ে মারা যায়।

তিনি আরও জানান, যারা তার ছেলেকে হত্যা করেছে তারা সবাই মাদকসেবী। কিছুদিন আগে তাদের বাড়িরপাশে বসে গাঁজা সেবন করছিলো ওই ছেলেগুলো। আরাফাত তাদেরকে বাড়ির পাশে গাঁজা সেবন করতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আরাফাতকে আগুনে পুড়িয়ে হত্যা করে।
কারা আরাফাতকে বাড়ি থেকে ডেকে এনেছিলো এমন প্রশ্নের জবাবে আবদুল বারেক বলেন, তাদের নাম পুলিশের কাছে বলবো।

মনির হোসেন নামের একজন দোকানী জানান, দুপুর দেড়টায় হঠাৎ করে দোকানের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় নয়টি দোকান ঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

এদিকে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তুপের ভেতর থেকে আরাফাতের লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন ও পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল। তারা বলেন, ঘটনা শুনে মনে হচ্ছে এটা পরিকল্পিত। তবে পুলিশী তদন্তে ঘটনার বিস্তারিত বেরিয়ে আসবে।

নিহত আরাফাতের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে আচ্ছন্ন পুরো এলাকা।
স্বজনরা জানান, আবদুল বারেকের চার ছেলে। তার মধ্যে আরাফাত হোসেন সবার ছোট। তার মা মারা গেছেন ১২ বছর আগে। তখন থেকে আরাফাত তার ফুফু নাজমা বেগমের কাছে বড় হন।

ভাইয়ের ছেলেকে সন্তানের মত লালন পালন করেছিলেন নাজমা বেগম। এখন সেই ভাইপোকে হারিয়ে পাগলপ্রায়। নাজমা বেগম দাবি করেন তার ভাইয়ের ছেলেকে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এদিকে ঘটনার বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হক বলেন, আমরা আরাফাতের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আমরা ঘটনার আদ্যপান্ত্য খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনাটি পরিকল্পিত মনে হয়েছে। আমরা আরাফাতের বাবাকে থানায় এনেছি। স্থানীয়দের স্বাক্ষ্য প্রমাণ নিচ্ছি। আশা করি তদন্তে সব বেরিয়ে আসবে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন নিহত আরাফাত হোসের পরিবারকে নগদ ২০ হাজার টাকা দিয়েছেন। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে ভাড়াটিয়াদের সাড়ে ৭ হাজার টাকা ও দোকান মালিকদের ১২ হাজার টাকা ও ৩ বান্ডেল টিন দেয়া হবে বলে জানান।

কুমিল্লা সদরের সাতরায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের আড়াইওড়ার চম্পকনগর সাতরা এলাকার জহির নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

(বিস্তারিত আসছে——-)

কুমিল্লায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তায় যুক্ত করা হয়েছে সিসি ক্যামেরা ও প্রহরী

ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের পর কুমিল্লার সকল ধরনের ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিফলকে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এছাড়া যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান স্ব-স্ব উদ্যোগে নিরাপত্তা জোরদার করেছে। কোথাও কোথাও ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা প্রহরীর সংখ্যা।

সূত্র মতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে সিসি ক্যামেরা ছাড়াও অতিরিক্ত দুই জন নিরাপত্তা প্রহরী যুক্ত করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে ছয়টি সিসি ক্যামেরা ও উচ্চ মাধ্যমিক শাখায় অবস্থিত কলেজ প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়ের ভাস্কর্যে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা বলয়ে থাকা সত্ত্বেও ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালকে ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের অধীনস্থ ভাস্কর্য গুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া জানান, ৫ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও কলেজ প্রতিষ্ঠাতার ভাস্কর্যে সিসি ক্যামেরা স্থাপন করেছি। এছাড়া সিকিউরিটি গার্ডের সংখ্যা দ্বিগুণ করেছি। পুলিশ সুপারকে চিঠি দিয়ে কলেজের ম্যুরাল, ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভের নিরাপত্তা বাড়াতে অনুরোধ করেছি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য আগে থেকেই সিসি ক্যামেরার আওতায় ছিল। পরিস্থিতি বিবেচনায় দুইজন গার্ড বিশেষভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরাল নিরাপত্তা বলয়ের ভিতরেই আছে। তারপরও আনসার সদস্যদের সতর্ক করা হয়েছে, যাতে কোনও অপরিচিত ব্যক্তি বোর্ড আঙিনায় প্রবেশ করতে না পারে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মীর শওকত হোসেন জানান, ভাস্কর্য নিয়ে কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে না তৈরি হয়, তার জন্য আমরা সজাগ রয়েছি।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ কুমিল্লায় স্থাপিত বিভিন্ন ভাস্কর্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যক্তি উদ্যোগে বিশেষ করে ম্যুরাল গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানকে আহ্বান করছি।

চৌদ্দগ্রামে সম্পত্তির জন্য দুদিন ধরে পড়ে আছে পিতার লাশ, দাফনে বাধা সন্তানদের

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুই পরিবারের সন্তানদের মাঝে পৈতৃক সম্পত্তি নিয়ে সঠিকভাবে বণ্টন না করায় মো. নুরুল হক ভূঁইয়া (৭৮) নামের এক বৃদ্ধের লাশ দাফনে বাধা দিয়েছে সন্তানরা।

মৃত্যুর দুদিন অতিবাহিত হলেও বিবাদমান বিষয়টি নিয়ে কোনো সমাধান না হওয়ায় নিহতের নিথর দেহ এখনো পড়ে আছে নিজগৃহে। উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে ঘটেছে এই ঘটনা।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমস্যা নিরসনের জন্য কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও লাশ দাফন করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নুরুল হক ভূঁইয়া তাঁর নিজ ঘরে ব্রেইন স্ট্রোক করলে পরিবারের লোকজন তাকে প্রথমে কুমিল্লা মুন হাসপাতালে নিয়ে যায়। পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোমবার সকাল নয়টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

পরে মরদেহ বাড়িতে নিয়ে গেলে তাঁর দুই পরিবারের সন্তানরা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জেরে মরদেহ দাফনে জটিলতা তৈরি করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নুরুল হক ভূঁইয়া প্রায় পঞ্চাশ বছর পূর্বে উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামের মজুমদার বাড়ীর আয়েশা আক্তারকে ইসলামী শরীয়াহ্ মোতাবেক বিবাহ করেন। নুরুল হক-আয়েশা দম্পতির সংসারে ছয় কন্যা সন্তান রয়েছে। চট্টগ্রাম স্টিল মিলে চাকরির সুবাধে সুরমা আক্তার নামে সন্দ্বীপের আরেক নারীকে বিয়ে করেন। নুরুল হকের দ্বিতীয় সংসারে দুই ছেলে দুই মেয়ে রয়েছে। তিনি নতুন বাড়ি করে দ্বিতীয় স্ত্রীর সাথে বসবাস করতে থাকেন। দ্বিতীয় বিয়ের পর থেকে নুরুল হক ভুঁইয়া তাঁর প্রথম স্ত্রী ও সন্তানদের প্রতি অবহেলা করতে থাকেন। এরই সুবাধে দ্বিতীয় স্ত্রী তাঁর সন্তানরা মিলে নুরুল হক ভুঁইয়াকে ফুসলিয়ে ১৪০ শতক জমি কবলা তাদের নামে নেন। এ বিষয়ে প্রতিবাদ করলে প্রথম স্ত্রী ও তাঁর কন্যাদেরকে হুমকি প্রদর্শন করে দ্বিতীয় স্ত্রীর ছেলে-মেয়েরা।

পরে নুরুল হক ভুঁইয়ার প্রথম স্ত্রী বাদী হয়ে সম্পত্তির ন্যায্য হিস্যা দাবি করে চেয়ারম্যান বরাবর আবেদন করে। স্থানীয়ভাবে বিষয়টির নিষ্পত্তি করা হলেও বাড়িতে এসে প্রথম স্ত্রীর সন্তানরা আবারও সম্পত্তি থেকে তাদের বঞ্চিত রাখে। সমস্যা সমাধান না করেই নুরুল হক ভুঁইয়া সোমবার সকালে মৃত্যুবরণ করলে পিতার সম্পত্তির ন্যায্য হিস্যার দাবিতে গ্রামবাসীকে সাথে নিয়ে লাশ দাফনে বাধা প্রদান করে প্রথম স্ত্রীর ছয় ‘মেয়ে’ সন্তান।

এ সময় দ্বিতীয় স্ত্রীর সন্তানরা প্রথম স্ত্রীর কন্যাদেরকে সম্পত্তি নিতে অস্বীকার করে প্রবাস থেকে ছেলে নুরুল আফছার মোবাইলে গ্রামবাসীকে বলেন, ‘বাবার লাশ দাফনের দরকার নেই, আমরা কাউকে এক কড়া সম্পত্তিও দেব না’।

স্থানীয় ইউপি সদস্য পেয়ার আহমেদ বলেন, ‘নিহত নুরুল হক ভুঁইয়ার দুই পরিবারের শান্তির জন্য এবং তাঁর মরদেহ দাফনের ব্যবস্থায় গ্রামবাসীকে সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি’।

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার এসআই কামাল হোসেন বলেন, ‘সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে পিতার মরদেহ দাফনে বাধা দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পরিবার ও এলাকাবাসীকে সাথে নিয়ে আলোচনা স্বাপেক্ষে সমাধান করা হচ্ছে। শিগগিরই নিহতের মরদেহ দাফন করা হবে’।

কুমিল্লার চান্দিনায় নারী কেলেঙ্কারী ও অর্থ আত্মসাতের অভিযোগে কলেজ অধ্যক্ষ বরখাস্ত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় নারী কেলেঙ্কারী ও অর্থ আত্মসাতের অভিযোগে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেমকে।

অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২২ নভেম্বর কলেজ পরিচালনা পর্ষদ সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন। তাকে বিধিমোতাবেক স্থায়ী চাকুরীচ্যুৎ করার জন্য গত ৪ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ড. রেদোয়ান আহমেদ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরুল ইসলাম। ঘটনার তদন্তের জন্য কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. আবু জাফর খানকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার মাধাইয়া এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ নামে ১৯৯৯ সালে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০০৪ সাল থেকে ওই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পান অধ্যক্ষ আবুল কাশেম। ২০১৩ সালে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের এক শিক্ষিকার সাথে দীর্ঘদিন পরকিয়া সম্পর্কে জড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অধ্যক্ষ আবুল কাশেম। এছাড়া কলেজের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অমান্য করায় চাকুরী বিধি লঙ্ঘনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই অধ্যক্ষকে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরুল ইসলাম জানান, কলেজ শিক্ষিকার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে বিয়ে করার বিষয়টি নিয়ে প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. রেদোয়ান আহমেদ বেশ কয়েকবার সাবধান করেছিলেন। পরবর্তীতে কলেজের প্রায় ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। তদন্ত কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিস্কার করা হবে।

তবে বিষয়টি অস্বীকার করে মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের অধ্যক্ষ আবুল কাশেম জানান, সম্পূর্ণ ঘটনা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি ২০১৩ সালে ইসলামী শরীয়ত মোতাবেক ওই শিক্ষিকাকে বিয়ে করেছি। সাত বছর যাবৎ সংসার করছি। ৭ বছর পর বিয়ে করাকে অনৈতিক কাজ দাবী করছেন তারা। এছাড়া অর্থ আত্মসাতের বিষয়টিও ভিত্তিহীন। ষড়যন্ত্র করে আমাকে এক মাসের ছুটিতে পাঠিয়ে আমার অনুপস্থিতিতে তদন্ত কমিটি গঠন করে তদন্ত ও অডিট করা হয়েছে। যা সম্পূর্ণ বে-আইনি। সুষ্ঠু তদন্তের জন্য আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার কানিজ আফরোজ জানান, বিষয়টি আমি জানতাম না। কলেজের পক্ষ থেকে তদন্ত কমিটিতে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে আমাকে রাখার পর বিষয়টি জেনেছি। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

বরুড়ায় কর্মরত ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের প্রথম বর্ষপূর্তি উদযাপন

 

স্টাফ রির্পোটার:

কুমিল্লার বরুড়ায় কর্মরত ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মধ্যভোজের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে কেক কেটে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বেগম নাহিদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিশাত সুলতানা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, বরুড়া পল্লী বিদ্যুৎ ডিজিএম জালাল উদ্দীন, সরকারি মেডিকেল অফিসার ডা. জামিল সিদ্দিকী, ডা. ওমর ফারুক, বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ, দপ্তর সম্পাদক এমডি. আজিজুর রহমান ।

এ ছাড়াও ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী সার্জন ডা. নোমান সিদ্দিকী, ডা. শাহেদুল ইসলাম, ডা. মাহফুজা খাতুন, মেডিকেল অফিসার ডা. ভাস্কর, ডা. কামরুল হাসান, ডা. ইউছুফ রানা, ডা. ফয়সাল গনি ভূইয়া, ডা. আফরিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্তরা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামের সাথে একবছর কর্মজীবন অতিবাহিত করেছেন। আপনারা বরুড়ার প্রান্তি জনগোষ্ঠীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। অগামী দিনগুলো ভালো হউক এবং আপনাদের জসখ্যাতি দেশজুড়ে ছড়িয়ে পড়ুক বলে বক্তারা মন্তব্য করেন।

চান্দিনা পৌর নির্বাচন: মেয়র পদে আ’লীগের মনোনয়ন ক্রয় করলেন ৩ প্রার্থী

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার নির্বাচন সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ক্রয় করেন মেয়র পদে সম্ভাব্য ৩ জন প্রার্থী।

তারা হলেন, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. শওকত হোসেন ভূইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডীস্থ আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে ওই মনোনয়ন সংগ্রহ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ.বি সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, উপ-দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন সরকার লিটন, পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগ নেতা মো. আবদুল বাতেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি সাকিব মাহমুদ ভূইয়া তানিন প্রমুখ।