Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে কুবি

আতিকুর রহমান তনয়, কুবি:

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে ২-০ তে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ভলিবল টিম।

সোমবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সাভারের গণবিশ্ববিদ্যালয়ে ভলিবল টুর্নামেন্টটির খেলা অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে খেলোয়াড় হিসেবে ছিলেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিক তানিম, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রফিকুল হৃদয়, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান তানিম ও মাহমুদুল হাসান মাসুক এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কাতিব হাসান মুরাদ ও আদনান সামি।

প্রথম রাউন্ডে জয়লাভের বিষয়ে অধিনায়ক রাশেদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে আমাদের খেলা স্থগিত হওয়ায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং আমাদের পয়েন্ট সমান হয়ে যায়। এখানে টস ও খেলার অপশন থেকে আমরা খেলাকে বেছে নেই এবং ২-০ সেটে জয়লাভ করি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো যেন আন্তঃবিশ্ববিদ্যালয় খেলাধুলাতে শিক্ষার্থীদের অংশগ্রহণের ধারা চলমান রাখে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে প্রায় ১০৭ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে এবং টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবলসহ জনপ্রিয় সব সেগমেন্টগুলোর আয়োজন করা হয়।

“বেঁচে থাকার জন্য প্রয়োজন মানসিক সুস্থতা”

ফাহিমা আক্তার:

স্বাস্থ্য এক অমূল্য সম্পদ। বলা হয়ে থাকে যে ‘ স্বাস্থ্যই সকল সুখের মূল’। বেঁচে থাকার জন্য সুস্থতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানুষের মধ্যে সাধারণত দুই ধরণের অসুস্থতা লক্ষ্য করা যায়-শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা। আমরা সাধারণত শারীরিক সুস্থতাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও যে জরুরী সেটা কি আমরা আদৌ ভেবে দেখেছি?

অনেকেই আছেন মানসিক অসুস্থতাকে অবহেলা করে থাকেন। অনেকে আবার এমনও বলে থাকেন, ” মানসিক অসুস্থতা বলতে কিছু নেই, এটা হলো মনের শয়তানি। ” দুঃচিন্তা, হতাশা, ব্যর্থতা থেকে মানসিক অসুস্থতার সুত্রপাত ঘটলেও তা ধীরে -ধীরে মারাত্মক আকার ধারণ করে। একমাত্র ভুক্তভোগীই উপলব্ধি করতে পারেন এর যন্ত্রণা কতটা তীব্র, কতটা ভয়ানক এবং কতটা কষ্টদায়ক। এর ফলে ব্যক্তি হয়ে যায় নিজেই নিজের শত্রু। তখন হয়ত ভুক্তভোগীর কাছে বেঁচে থাকাটা অর্থহীন মনে হয়। কেউ আবার পরিবারের সমর্থন পায় না বলে চিকিৎসকের শরণাপন্ন হতে পারে না।কেউ কেউ আবার মানসিক অসুস্থতার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো ঘৃণিত পথ বেছে নেয়।

ব্যক্তির মন ভালো না থাকলে কোনো কিছুতেই প্রকৃত সুখ – শান্তিও পাওয়া যায় না। বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন কারণে মানসিক অসুস্থতায় ভোগেন। অনেক ছাত্র -ছাত্রীও এই যন্ত্রণার শিকার। তাই বাবা -মায়েদের কর্তব্য হলো: আপনার সন্তানের দিকে বিশেষ খেয়াল রাখুন, তাদের উপর কোনো কিছু চাপিয়ে দিবেন না, তারা যদি কোনো কারণে মানসিক অসুস্থতায় ভোগে, তাদের প্রয়োজনীয় পরামর্শ দিন, প্রয়োজন হলে চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করুন কারণ বেঁচে থাকার জন্য মানসিক সুস্থতা অতীব প্রয়োজন।

– ফাহিমা আক্তার
বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

কুবির ছাত্রলীগ সভাপতি ইলিয়াস : ১৫ বছর ধরে নানা অনিয়মের অভিযোগ তাঁর বিরুদ্ধে

 

০ ইলিয়াস ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে রয়েছেন।

০ অস্ত্রসহ ধরা পড়েছিলেন র‌্যাবের হাতে।

০ ছাত্ররাজনীতি করবেন না মর্মে অঙ্গীকার করে কুবিতে ভর্তি হতে হয় শিক্ষার্থীদের।

ডেস্ক রিপোর্ট:

ছাত্ররাজনীতি করবেন না মর্মে অঙ্গীকার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি হতে হয় শিক্ষার্থীদের। তবে বিশ্ববিদ্যালয়টিতে শুধু ছাত্রলীগের প্রকাশ্য রাজনীতি রয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির নিয়ন্ত্রণ বর্তমান সভাপতি মো. ইলিয়াস মিয়ার হাতে। তাঁর ছাত্রত্ব নেই। তিনি বিবাহিত ও কন্যাসন্তানের জনক। বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন (স্নাতক ও স্নাতকোত্তর) পাঁচ বছরের হলেও তিনি ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আছেন। থাকছেন হলে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইলিয়াসের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিয়োগ-বাণিজ্য, দরপত্র ও ঠিকাদারি নিয়ন্ত্রণ, শিক্ষকের ওপর হামলা, হল দখল, অস্ত্রবাজি, খুনসহ নানান অপ্রীতিকর ঘটনা ও অপরাধ ঘটিয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী চাকরি ও ঠিকাদারি কাজ দেওয়ার দাবিতে উপাচার্যের গাড়ি আটকে রাখেন।

উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে অসহায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও বর্তমান উপাচার্য এ এফ এম আবদুল মঈন বলছেন, ‘আমি নিয়মের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় চালাব, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে কাজ করব।’

ছাত্রলীগের রাজনীতি শুরু যেভাবে:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালের ২৮ মে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাম দিয়ে লোকপ্রশাসন বিভাগের তৎকালীন শিক্ষার্থী মাহমুদুর রহমান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আল আমিন ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফোরাম নাম দিয়ে মার্কেটিং বিভাগের তৎকালীন শিক্ষার্থী মইনউদ্দিন সফিকুর রহমান চিশতী ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এমদাদুল বারী ছাত্রলীগের রাজনীতি শুরু করেন।

এই দুই পক্ষের মধ্যে প্রায়ই মারামারি হতো। এক মারামারির ঘটনায় মইনউদ্দিন প্রতিপক্ষের হাতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এতে তাঁর পিঠে ১২৭টি সেলাই পড়ে। একপর্যায়ে এই পক্ষ পিছু হটে।

এরপর ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সর্বশেষ ২০১৭ সালের ২৮ মে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ইলিয়াস মিয়াকে সভাপতি ও গণিত বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি হয়। এরপর ২০১৭ সালের ২২ নভেম্বর ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এই কমিটির মেয়াদ শেষ। এ ছাড়া নেতাদের অর্ধেকের ছাত্রত্ব নেই। বেশির ভাগই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন। এই কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার আসামিরাও।

এদিকে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রদলের একটি কমিটি রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তাদের কোনো কার্যক্রম নেই।

সূত্র: প্র. আ. ।

কুবিতে আবাসিক হলগুলো বিদ্যুৎহীন, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট:
বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা। গত ১৬ মার্চ রাত থেকে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের বঙ্গবন্ধু হলের পুরাতন অংশ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও মেয়েদের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে এ বিদ্যুৎ সংকট দেখা দেয়।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির নজরুল হলের শিক্ষার্থী মজুমদার মোহাম্মদ কাইয়ূম বলেন, দুইদিন যাবত হলে বিদুৎ নেই। কালেভদ্রে আসে, এক দুই মিনিট থেকে আবার চলে যায়। ওয়াই ফাই, পানি কিছুই নেই। সামনে পরীক্ষা, পড়াশোনাই করা যাচ্ছে না। রাতে গরমে ঘুমানো যায় না। এই সমস্যার সমাধান চাই।

ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থী তাহমিনা পাপিয়া বলেন, এমনিতেই এত গরম। তার উপর বিদ্যুৎ নেই৷ এ অবস্থায় যারা উপর তলায় থাকে, তারা ঘুমাতে পারছে না গরমে। যদিও হল ছাড়া বাকি আশেপাশে সব জায়গায় বিদ্যুৎ আছে।

এ সমস্যার সমাধান নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: জাকির হোসেন বলেন, মূল ফটকের কাছে হলের লাইনগুলোতে সমস্যা দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দ্রুতই সমস্যার সমাধান হবে।

সূত্র:এমসিজে নিউজ।

কুবিতে জাতীয় শিশু দিবস পালিত

কুবি প্রতিনিধি:

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। বৃহস্পতিবার (১৭ মার্চ) এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিবসটি উপলক্ষে এদিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। এরপর শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন হল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার অমর কাব্যের কবি। তিনিই আমাদের ঐক্যের প্রতীক। গায়ে মুজিব কোট আর স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করলে চলবে না। তাঁর আদর্শকে কতটুকু হৃদয়ে ধারণ করতে পারি সেটাই মূল বিষয়।

উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষের নেতা, বঙ্গবন্ধু শ্রমিকদের নেতা, বঙ্গবন্ধু কৃষকদের নেতা। বঙ্গবন্ধুর মতো নেতা আর বিশ্বে একটাও জন্মাবে না। আমরা আজকের এই দিনে এই মহান নেতাকে স্মরণ করি। বঙ্গবন্ধুর শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা ছিলো তা অপরিসীম। আমরা বঙ্গবন্ধুর গুণাবলি ধারণ করবো। ঘরে ঘরে যেন বঙ্গবন্ধুর মতো নেতা তৈরি হয় সেজন্য চেষ্টা চালাতে হবে।

আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সিনিয়র কর্মকর্তাকে গালমন্দ ও হুমকি কুবি কর্মকর্তার

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালককে অকথ্য ভাষায় গালমন্দ ও দেখে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীর বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ড. মোঃ শাহাবুদ্দিন অডিট সংক্রান্ত দাপ্তরিক কাজে অর্থ দপ্তরের কর্মকর্তা এস. এম. মাহমুদুল হকের কক্ষে গেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, ড. মোঃ শাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়ের অডিট সংক্রান্ত দাপ্তরিক কাজে অর্থ ও হিসাব দপ্তরে গেলে একাউন্টস অফিসার মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিষয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে জাকির হোসেন চৌধুরী ঐ কর্মকর্তাকে ‘রেজিস্ট্রারের দালাল’ বলে গালমন্দ করেন। পরে এর প্রতিবাদ করলে এক পর্যায়ে জাকির মা-বাবার নাম নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। পরে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা জাকির হোসেনকে বাহিরে নিয়ে গিয়ে শান্ত হতে বলেন। কিন্তু ফিরে এসে তিনি আবারও গালমন্দ শুরু করেন এবং হুমকি-ধামকি দেন।

এ বিষয়ে ভুক্তভোগী ড. মোঃ শাহাবুদ্দিন বলেন, আমি সেখানে দাপ্তরিক কাজে যাই। কিন্তু কোন কারণ ছাড়াই জাকির হোসেন আমার কাছে এসে বিভিন্ন কথা বলতে থাকে। এক পর্যায়ে সে আমাকে যাচ্ছে-তাই ভাষায় গালি দিতে থাকে। এমন গালমন্দ করেছে, যা ভাষায় প্রকাশ করতে পারছিনা। আমি বিষয়টি কর্মকর্তা সমিতির সভাপতি এবং সেক্রেটারিকে জানিয়েছি। সেখানে সভাপতি নিজেই উপস্থিত ছিল। আমি প্রয়োজনে লিখিত অভিযোগ দিব। আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।

তবে অভিযুক্ত জাকির হোসেন চৌধুরীর কাছে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি পত্রিকার কোনো রিপোর্টারের সাথে কথা বলতে ইচ্ছুক নয় বলে জানান। এসময় তিনি সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, আপনার কাজ পড়াশোনা করা। আপনার পড়াশোনার কোন কাজে আসলে কথা বলতে পারি। আপনি লাইব্রেরির কথা লিখবেন, ডরমিটরির কথা বলবেন। পাঠাগারের কথা লিখবেন। এক পর্যায়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তাকে জিজ্ঞেস করেন। আমি এ বিষয়ে কিছু বলব না, কিছু জানি না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ বলেন, জাকির হোসেন চৌধুরী অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। সমিতির সভাপতি আজকে ব্যাস্ত ছিল তাই আমরা এ বিষয়ে আলোচনা করে ব্যাবস্থা নিব।

জুনিয়র কর্মকর্তা একজন সিনিয়র কর্মকর্তাকে এভাবে গালমন্দ করতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ আবু তাহের বলেন, আমাদের দুই কর্মকর্তার মধ্যে ঝামেলা হয়েছে। জাকির হোসেন চৌধুরী গালমন্দ করেছেন বলে অভিযোগ পেয়েছি। আমরা কথা বলে দুইজনকে মিউচুয়াল করে দিব।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, এইরকম কোন অভিযোগ পাইনি। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আমরা পদক্ষেপ নিব।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় শিক্ষক-কর্মকর্তাদের সাথে খারাপ ব্যাবহার অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন কর্মচারীর কাছে সুদের ব্যাবসাও করেন বলে অভিযোগ রয়েছে।

তথ্য সরবরাহের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি কুবি শিক্ষকের

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল নিয়ে গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য সরবারহের বিষয়টি অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এসময় তিনি উচ্চতর তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলারকারীদেরও বিচার দাবি করেছেন।

মাহবুবুল হক ভূইয়াঁ বলেন, ২০১৯ সালের ভর্তি পরীক্ষায় একজন পরিক্ষার্থী পরীক্ষা না দিয়েও ১২তম হয়। এ ঘটনায় গণমাধ্যমকর্মীরা সংবাদ প্রকাশ করলে ওই ভর্তি প্রক্রিয়া বন্ধ করা হয়। গতকাল ২৮ জুন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি যে, এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি উক্ত ঘটনায় আমি গণমাধ্যমে তথ্য সরবরাহ করেছি বলে প্রমাণ পেয়েছেন। তাদের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আমি উক্ত ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহবান জানিয়ে তিনি বিলেন, আমি যে তথ্য দিয়েছি সে প্রমাণ আপনারা জনসমুক্ষে প্রকাশ করুন। তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করুন। আমিও জানতে চাই আমি কীভাবে জড়িত।

তিনি আরও বলেন, একজন পরীক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে অনুপস্থিত থেকেও যে ১২তম হলো সেটি কীভাবে হলো, তার প্রকৃত তথ্য জানতে চাই। পাশাপাশি যাদের কর্তব্য অবহেলা, গাফিলতির কারণে ঘটনাটি ঘটলো তাদের বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, এখনোত বিচার হয়নি। এটা মাত্র ফ্যাক্ট চ্যাকিং কমিটির তদন্ত হলো। আমরা ২০১৮ সালের বিভাগীয় বিধি অনুযায়ী ব্যাবস্থা নিবো। তখন অবশ্যই তদন্ত প্রতিবেদন প্রকাশ হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৯ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে ‘কুবিতে পরীক্ষা না দিয়ে মেধা তালিকায় ১২ তম’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির শঙ্কা সৃষ্টি হলে ৩০ নভেম্বর ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ৩ ডিসেম্বর সেই তদন্ত কমিটি সংবাদ সম্মেলন করে জানায়, জালিয়াতি নয় বরং অন্য এক শিক্ষার্থী ভুল রোল নাম্বার ভরাট করায় এবং এ শিক্ষার্থী অনুপস্থিত থাকায় অনুপস্থিত শিক্ষার্থীর ও.এম.আর মেশিনে ফলাফল চলে আসে। এতে এ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়েও মেধাতালিকায় ১২ তম হয়। সেই সময়ে অভিযোগ উঠে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কোন এক সদস্য উউদ্দেশ্যপ্রণোদিতভাবে এ তথ্য সরবারহ করার অভিযোগ উঠে। এরপর ৫ ডিসেম্বর ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্টকারী ব্যক্তি বা গোষ্ঠির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি’তে শিক্ষক সমিতি মানববন্ধন করে। এরপর এ ঘটনায় তথ্য সরবরাহের অভিযোগ এনে ‘উচ্চতর তদন্ত কমিটি’ নামে আরেকটি কমিটি গঠিত হয়।

কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের ৮০ তম সিন্ডিকেট সভা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভুইয়াঁকে দোষী সাব্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বাড়ি পৌছে দিতে যাবে গাড়ি

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরণের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিকেল ৪টায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি জানান, গতকাল পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ট্রেজারার স্যারের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সমন্বয়ে আগামীকাল থেকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বাস যাবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায়োরিটির ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা নেয়া হবে।

করোনা টিকার জন্য ইউজিসিতে কুবির ৫৩৮ জনের তালিকা

 

কুবি প্রতিনিধি:

করোনা ভ্যাকসিনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫৩৮ জন শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠানো হয়েছে। তবে শিক্ষার্থীরা কবে নাগাদ পেতে পারে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইউজিসিতে তালিকা প্রেরণের প্রায় ৩ মাস পেরিয়ে গেলেও কুমিল্লা সিভিল সার্জন জানিয়েছে, কুবি শিক্ষার্থীদের তালিকা তারা পাননি।

এদিকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৮টি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করোনার টিকার জন্য ১ লাখ ৩ হাজার ১৫২ জন আবাসিক শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। ইউজিসি সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার ২৫৪ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ হাজার ১৩০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ১ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ হাজার ৬৩০ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১ হাজার ৯৮৭ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৫০০ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৬৬৯ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫৫৩ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৯০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৪৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ২১৪ জন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৬৫৩ জন শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়েছে ইউজিসি তে। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ৫৩৮ জন শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছেন প্রায় সাত হাজার। গত ফেব্রুয়ারীতে আবাসিক হলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার লক্ষে শিক্ষার্থীদের তালিকা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ১৩৮ জন, শহীদ ধীরেন্দ্রেনাথ দত্ত হলের ১১৬ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১৫ জন এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের ১৬৯ জন শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ও গণমাধ্যম সূত্রে জানা যায়, কুমিল্লায় তৃতীয় ধাপে গত ১৬ জুন ৩৩ হাজার ২০০ ডোজ সিনোভ্যাক ভ্যাকসিন এসেছে। গত ফেব্রুয়ারিতে আবাসিক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় থেকে একটি তালিকা ইউজিসিতে পাঠানো হয়। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় হয়ে কুমিল্লা সিভিল সার্জনের পাঠালে ভ্যাক্সিন পাবার কথা শিক্ষার্থীদের।

কিন্তু কুমিল্লা সিভিল সার্জন অফিসার ডঃ মোবারক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এখন পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাক্সিনের দেওয়ার তালিকা আমাদের হাতে আসেনি।’ ফলে কবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাক্সিন পাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে তালিকা অনুসারে জেলার বিভিন্ন উপজেলার চিকৎসক, স্বাস্থ্য সহকারী, সম্মুখ সারির কর্মী, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্যদের ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও খুব সহসাই টিকা পাচ্ছেন না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কুমিল্লা সিভিল সার্জন অফিসার সিভিল সার্জন ড. মোঃ মোবারক হোসেন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা তালিকা হাতে পেলে আমরা দ্রুত তাদের জন্য টিকার ব্যবস্থা করবো।

এ বিষয়ে ভ্যাক্সিন কার্যক্রম কতটুকু এগিয়েছে জানার জন্য যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু তাহের বলেন, আমরা আবাসিক শিক্ষার্থীদের তালিকা ইউজিসিতে পাঠিয়ে দিয়েছি। তবে অনাবাসিক শিক্ষার্থীদের ভ্যাক্সিনের তালিকা কবে করা হবে তা নিশ্চিত ভাবে বলতে পারছিনা।

অনুষ্ঠানে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে কুবিতে ভিসি-ট্রেজারার দ্বন্দ্ব প্রকাশ্যে

 

কু্বি প্রতিনিধি:

বেশ কিছুদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানের মধ্যে বিরোধের গুঞ্জন থাকলেও অনুষ্ঠানে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তারা একে অপরকে দোষারোপ করে বক্তব্য প্রদান করেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে কানাঘুষার সৃষ্টি হয়েছে। এ দ্বন্দ চলমান থাকলে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি অনেক কষ্ট করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তিলে তিলে দেশের কাছে পরিচিত করেছি। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সবাই আপনাদের প্রশংসা করে। আপনাদের এই সম্পদ আপনাদেরই রক্ষা করতে হবে। কারন লোভী মানুষ কোথাও গেলে সে সবকিছু তছনছ করে ফেলে। আমার কোন সমস্যা হবে না কারন আমি দূরে থাকব। স্বার্থপর এবং লোভী মানুষগুলো খুব খারাপ। যখনি তাদের স্বার্থে কোন আঘাত লাগে তারা হট্টগোল বাধিয়ে দেয়। আপনারা সতর্ক থাকবেন। যখনি দেখবেন অসৎ মানুষগুলো বিশ্ববিদ্যালয়ের সম্পদের অপচয় করছে আপনারা তা প্রতিহত করবেন। এটাই আমার ঐকান্তিক ইচ্ছা।

এরপর বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্যকে উদ্দেশ্য করে ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি কাউকে হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প শুনাতে আসি নাই। ন্যায়সঙ্গত কাজ করতে এসেছি। চ্যালেঞ্জে যাবেন? যান, আসেন। আপনার জন্য সবজি নিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ঢাকায় যেতে হয়, সপ্তাহে ২-৩ বার ঢাকায় যেতে হয় আপনাকে সার্ভ করার জন্য। আপনাকে সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিনিয়ত আপনি আমাকে অপমান করছেন, অপদস্থ করছেন। সহ্য করছি কিছু বলি নাই আপনাকে। আমাকে কর্মচারী ভেবেছেন আপনি? আপনার থেকে কম লেখাপড়া করেছি? আপনার থেকে কম গবেষণা জানি? আপনার সাথে আমি একদিনের জন্য উচ্চবাচ্য করিনি। দিনের পর দিন তিনি আমাকে ইনসাল্ট করেছেন। কেনো? আপনি আজকেও সেই একই কথা বলার চেষ্টা করেছেন।

তিনি এসময় আরো বলেন, আপনিও সার্বক্ষণিক কর্মকর্তা, আমিও সার্বক্ষণিক কর্মকর্তা। আপনি কতদিন এখানে এসে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন? আপনার অফিসে গিয়ে আমি কেঁদে দিয়েছি।

পারস্পরিক আক্রমণাত্মক বক্তব্য প্রদানের বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এমন কিছু বলার প্রশ্নই আসে না। কোথায় বলবো আমি এসব। কেনো আমি এসব বলবো। আমি এমন কিছু বললে তো তোমাদের চোখ এড়াতো না।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্রে জানা যায়, ট্রেজারারের গাড়ি ব্যবহার করা নিয়ে ভিসির সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। পরবর্তীতে ট্রেজারারকে দীর্ঘদিন একটি পিকআপ ভ্যান ব্যবহার করতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন বিষয়ে ভিসি-ট্রেজারের মধ্যে মনোমালিন্য ছিলো বলে জানা যায়।