Tag Archives: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মুদাফরগঞ্জ বাজার

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। পর্যায়ক্রমে জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

রোববার (৩ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানকালে পুলিশ সুপারের বাসভবনের উত্তর পাশ, ওয়ারলেস বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন এলাকা, ওয়ারলেস সবজি বাজার, গোশতের বাজার এবং ওয়ারলেস মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এর আগে সড়ক বিভাগ থেকে সংশ্লিষ্ট এলাকায় নোটিশ প্রদান এবং মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী জানায়, এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ এবং সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলবে। জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশের ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের আওতায় আনা হয়েছে।

তিনি আরো জানায়, উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জানান, অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ভয়াবহ ভাঙনে ঝুঁকি নিয়ে যান চলাচল

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ভারী বৃষ্টিপাতের আঘাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ভয়াবহ ভাঙন ধরেছে। ছোট-বড় অসংখ্য স্পটে এই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভেঙে যাওয়া অংশ এখনই মেরামত করা না হলে ব্যাপক ভাঙনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক দিয়ে যোগাযোগ করা অসম্ভব হয়ে যাবে।

শনিবার (১২ আগস্ট) চাঁদপুর-কুমিল্লা সড়কের সদর উপজেলার ঠাকুরবাড়ির পূর্ব দিকে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের প্রবল ভারি বৃষ্টিতে সড়কের দক্ষিণ পাশের পুকুরে গাছ পড়ে গিয়ে সড়কটি ভেঙে তলিয়ে গেছে। এছাড়া এ সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে ছোট-বড় অনেকগুলো ভাঙ্গনের ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে যান চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ব্যস্ততম এই সড়কে রাতের বেলায় যানবাহন চালক কিংবা পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে সড়কের এমন ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আমরা এ স্থানটিতে লাল কাপড় দিয়ে নিশানা টানিয়ে দিয়েছি। তবে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এসব ভাঙন কবলিত স্থানে চাঁদপুর সড়ক বিভাগ দ্রুত মেরামত না করলে যেকোন যানবাহন হঠাৎ দুর্ঘটনার শিকার হতে হবে। এ বিষয়ে কথা বলতে শনিবার দুপুরে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুজ্জোহা এর মোবাইলে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার ঠাকুরবাড়ির পূর্ব দিকে ভেঙে যাওয়া সড়কের পাশে একটি মেহগনি ও আকাশী গাছ পড়ে গেলে মহামায়া এলাকার ছিদ্দিক হোসেন ছ’মিল ব্যবসায়ী কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন স্থানীয়রা। এ বিষয়ে ছিদ্দিক হোসেন বলেন, গাছগুলো বন বিভাগের কর্মকর্তারাই কেটে মহামায়া পূর্ব বাজার আমার ছ’মিলের পাশে এনে রাখে আমার জিম্মায়।

চাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম দৈনিক চাঁদপুর খবরকে বলেন, হেলে পড়া গাছগুলো আমরাই কেটে সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতির কাছে রাখা হয়েছে। প্রতি দুই মাস অন্তর অন্তর এসব গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। এগুলোও তাই করা হবে।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাস কেড়ে নিল স্কুল শিক্ষিকার প্রাণ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাসের আঘাতে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার (৫৫) নিহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বটতলী এলাকায় পূর্বমূখী একটি যাত্রীবাহী সিএনজি কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী বোগদাদ বাসটির আঘাতে ধুমড়েমুচড়ে যায়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী শিক্ষিকা নাজমা আক্তারের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত নাজমা আক্তার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল এলাকার মৃত ফারুক আহমেদের স্ত্রী। তার বাবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড় শাহাতলী গ্রামে। দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী নাজমা আক্তার জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। তিনি চাঁদপুর পৌর শহরের ১৫নং ওয়ার্ড বিষ্ণুদী এলাকায় থাকতেন।

খবর শুনে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ হাসপাতালে যান। সেই সাথে থানায় এজহার করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং ঘাতক বোগদাদ বাস আটকের নির্দেশ দেন।

শিক্ষিকা নাজমা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় পথচারী ভিক্ষুকের মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চাপায় ঘটনাস্থলেই এক পথচারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদখার বাজার বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এদিন ৬৫-৭০ বছর বয়সী অজ্ঞাত এক নারী ভিক্ষুক সেনগাঁও গ্রাম থেকে ভিক্ষা করে রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী দ্রুতগতিতে আসা যাত্রীবাহী রিল্যাক্স (ঢাকা মেট্টো-ব ১৪-১৬৪৫) পরিবহনের একটি বাস ঐ নারীকে আঘাত করে কিছুদূর নিয়ে যায় এবং সড়কের উত্তর পাশে দাঁড় করানো ব্যাটারী চালিত একটি অটো রিক্সাকেও ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে।

অটো চালক জাকির গাজী জানান, আমি অটো রিক্সাটি অটো একটি দোকানের সামনে সড়কের পাশে রেখে পানি খেতে যাই। খেয়ে দোকান থেকে বের হওয়ার সময়ই দেখি অজ্ঞাত এই মৃত নারীকে এক্সিডেন্ট করে আমার গাড়িটিকেও ধাক্কা দিয়ে রিল্যাক্স বাসটি চলে যায়। তখন বাস চালক মিয়ার বাজার এলাকায় বাসটি সাইট করে রেখে পালিয়ে যান।

দুর্ঘটনার পাশের স্থানীয় কয়েকজন মহিলা বলেন, এই মহিলা আমাদের বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসেন। কিছু খেতে দিতে চাইলে শবে বরাতের রোজা আছেন বলেন জানান নিহত এই ব্যক্তি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আমরা ওনাকে সবসময় বিভিন্ন বাড়ি কিংবা দোকানে দোকানে ভিক্ষা করতে দেখেছি। মুখ চেনা চেনা লাগে কিন্তু পরিচয় জানি না। তবে পাইকাস্তা কিংবা মুন্সিরহাট এলাকায় হতে পারে নিহত এই বৃদ্ধার বাড়ি।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন।  রিল্যাক্স বাস ও ক্ষতিগ্রস্ত অটো রিক্সাটিকে জব্দ করে থানায় নিয়ে যান। সেই সাথে অজ্ঞাত এই নারীর মৃতদেহও থানায় নিয়ে যান।

চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি এবং বাসসহ অটোরিক্সাকেও জব্দ করি। নিহতের পরিচয় পাওয়া গেলে ও মামলা করা হলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ছোট বড় মিলিয়ে প্রায় ২০টি হাট-বাজার যান চলাচলে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সড়কে কাঁচা বাজার এবং যত্রতত্র যানবাহন থামানোর কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কোথাও সড়ক দখল করে গড়ে উঠেছে দোকান-পাট। এসব হাট-বাজারে দীর্ঘক্ষণ আটকে থেকে যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।

মহাসড়কের উপর বসানো বাজারগুলোতে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। বেশিরভাগ স্থানেই মহাসড়ক ঘেঁষে বসেছে হাট-বাজার। আবার কোথাও কোথাও সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট ও অস্থায়ী বাজার। এসব বাজার ও দোকানপাট ঘিরে নীরবে চলছে চাঁদাবাজি। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ব্যস্ততম বাজারগুলোর মধ্যে- ওয়ারলেস বাজার, বাবুরহাট বাজার, মহামায়া বাজার, বাকিলা বাজার, বলাখাল বাজার, হাজীগঞ্জ বাজার, উয়ারুক বাজার, দোয়াভাঙ্গা বাজার, কালিয়া পাড়া বাজার, মুদাফ্ফরগঞ্জ বাজার। এছাড়াও মহাসড়কের মধ্যে প্রায় সময়ই যানজট লেগে থাকে চেয়ারম্যান ঘাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাঁদখার বাজার, দেবপুর বাজার, কৈয়ারপুল, আলীগঞ্জ, উয়ারুক রাড়া মৌলুভী বাজারসহ অসংখ্য বাজারে। উপরোক্ত বাজারগুলোতে এলোপাতাড়ি গাড়ি রেখে মালামাল তোলা কিংবা নামানোর কারণে যানজট লেগেই থাকে। মহাসড়কের এইসব বাজারে রাস্তার দুইপাশেই বসে বাজার।

তবে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট পশ্চিম ও পূর্ব বাজার, মহামায়া বাজার, বলাখাল বাজার, হাজীগঞ্জ বাজার, উয়ারুক বাজার, দোয়াভাঙ্গা বাজার, কালিয়া পাড়া বাজার ও মুদাফ্ফরগঞ্জ বাজারের দুইপাশ জুড়ে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। সড়কের উপর করা হয়েছে সিএনজি কিংবা অটো স্ট্যান্ড। বাজারগুলোতে মহাসড়ক ঘেঁষে বসে সাপ্তাহিক হাট। অনেকগুলো বাজারে মহাসড়কের ফুটপাত দখল করে বসানো হয়েছে ফল ও সবজির দোকান। এসব দোকানগুলোয় ফুটপাত দখলের পাশাপাশি উপরে টানানো হয়েছে বড় বড় ছাতা। যেগুলোর কারনে যানবাহনসহ বাজারে আগত মানুষরা চলাচলে পেতে হয় বাঁধা। অন্যদিকে আশেপাশের এলাকায় চলাচলকারী সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড করা হয়েছে সড়কের উপরেই। সবমিলিয়ে উপরোক্ত সমস্যা আর অনিয়মত্রান্ত্রিক যানবাহন চলাচলের কারনে দূর্ভোগ পোহাতে হচ্ছেন এ সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীগণ। এসব যানজটের মধ্যে আটকে থাকতে হয় রোগী কিংবা লাশবাহী এ্যাম্বুলেন্স-সিএনজি, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা বাহিনীর ভ্যানসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গাড়ি। কিছু কিছু বাজারে ট্রাফিক পুলিশ থাকলেও পর্যাপ্ত না থাকায় যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে না। তবে জেলা শহর ও উপজেলা শহরেই একমাত্র ট্রাফিক পুলিশ নিয়োজিত আছেন। তবে সরকার দলীয় কিংবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কোন ব্যক্তির আগমনে ছোট ছোট বাজারগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য রাখা হয় পুলিশ। আর ঐ সময়টাতেই এসব বাজারের চিত্র সম্পূর্ণ বদলে যায়।

এদিকে স্থানীয়রা বলছেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বোগদাদ, রিলাক্স, পদ্মা, সৌদিয়া, তিশা, আল আরাফা, বিআরটিসি বাসগুলোই মূলত যানজটের কারণ। এসব বাসের চালক হেলপাররা যাত্রী উঠা নামাসহ ধীরগতিতে বাজার অতিক্রম করার জন্যে যানজটের সৃষ্টি হয়। বাজারগুলোতে দুই দিক থেকে আসা বাসগুলো তাদের যাত্রী উঠা নামার ফলে অন্যান্য গাড়ীগুলো আর সামনে এগোনোর সুযোগ পায় না। এদের সাথে পাল্লা দিতে যানজটের আরেক কারন ছোট বড় সিএনজি, অটোরিকশা, মিশুক, ভটভটি। এসব যানবাহনের অদক্ষ চালকরা অনিয়ন্ত্রিতভাবে যেখানে সেখানে পার্কিং করে তৈরি করে দীর্ঘ যানজট। সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মালবাহী ট্রাক কিংবা কার্গো এবং বিভিন্ন কোম্পানির ভ্যানগুলো মহাসড়কের উপরে রেখে বাজার ব্যবসায়ীদের মালামাল নামানোর চিত্র দেখা যায়। এতে অন্যান্য গাড়ীগুলো চলাচলে মারাত্মক সমস্যার মধ্যে পড়ে থাকে।

আঞ্চলিক মহাসড়কের কয়েকজন যাত্রী জানান, চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের বিভিন্ন বাজারের যানজট এ সড়কের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এখানে সড়ক দখলের কারণে দুইটি বাস ক্রস করতে গিয়ে যানজট লেগে যায়। অন্যদিকে মহাসড়কে অদক্ষ সিএনজি কিংবা অটোরিকশা চালকরা তাদের ইচ্ছেমত চালানোর কারনেও যানজটের সৃষ্টি হয়। সেই সাথে তাদের কারনে বিভিন্ন স্থানে ঘটছে দূর্ঘটনা। এতে প্রাণহানির স্বীকার হতে হয় বহু নিষ্পাপ যাত্রীসহ পথচারীকে। এ সড়কে চলাচলকারী যাত্রীসহ যানবাহন চালকরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে যানজট মুক্ত মহাসড়ক গড়ে তুলতে জোড় অনুরোধ জানান।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মুদাফরগঞ্জ বাজার, যেখানে থেমে যায় জীবনের গতি

 

মোঃ রুহুল আমিনঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক যা যুক্ত করেছে দুই জেলাকে। এই সড়ক পথে চাঁদপুর থেকে কুমিল্লা বিশ্বরোড় হয়ে রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে যাতায়ত করতে হয়। দৈনিক চাঁদপুর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যাতায়ত করে শতশত বাস, ট্রাক, প্রাইভেট গাড়িসহ বিভিন্ন যানবাহন। চাঁদপুর থেকে কুমিল্লা জেলা শহরের দূরত্ব ৬৮ কিলোমিটার। যাতায়তে সময় লাগে ২ ঘন্টা।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক পথে বেশ কয়েকটি প্রসিদ্ধ বাজার রয়েছে। তন্মেধ্যে চাঁদপুর থেকে বাবুরহাট, হাজীগঞ্জ ও মুদাফরগঞ্জ অন্যতম। এ পথে যাতায়তকারি মানুষ যাওয়া-আসার পথে থাকা এই বাজারগুলি পার হতে বেশ ভোগান্তিতে পড়ে। বিশেষ করে হাটবারের দিনগুলিতে ভোগান্তি হয় চরম।

তন্মেধ্যে চাঁদপুর থেকে কুমিল্লা জেলার লাকসামের অংশে থাকা প্রথম ও প্রধান বাজার মুদাফরগঞ্জ। এবাজার পারাপারে যাত্রিদের ভোগান্তি সবচেয়ে বেশি হয়। বাজারটি কুমিল্লা জেলা শহরের পশ্চিম দিকের শেষ প্রান্তে এবং চাঁদপুর থেকে আসার পথে জেলার পূর্বদিকে শেষ প্রান্তে অবস্থিত। মুদাফরগঞ্জ বাজারের মাঝদিয়ে বয়ে চলা এই রাস্তাটি ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার তুলনায় অনেক সরু।এপথ ধরে নিয়মিত যাতায়তকারি যাত্রিদের নির্দিষ্ট সময়ে গন্তব্য স্থলে পৌঁছা সম্ভব হয় না। বিশেষ করে বাজারবারের দিন সোম ও শুক্রবার এক থেকে দেড় কিলোমিটার যানজট তৈরি হয়। কখনো কখনো এই বাজারটি পার হতে এক ঘন্টারও বেশি সময় রাস্তায় বসে থাকতে হয়। এই বাজারটি পার হতে দেখা যায় রাস্তা দখল করে বিভিন্ন ব্যবসার পশরা সাজিয়ে বসে আছে বিভিন্ন খুচরা ব্যবসায়ীরা।

দেখা যাচ্ছে বাজারের পূর্ব দিকের দক্ষিণ পার্শে রাস্তার কোল ঘেঁসে নতুন করে জেলা পরিষদ মার্কেট তৈরি করছে। রাস্তার দুই পার্শ্বে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে অটো-রিক্সা সিএনজি সহ বিভিন্ন ছোট-বড় যানবাহন। বাজারটি অত্র অঞ্চলে মাংসের জন্য বিখ্যাত। অনেক দূর-দূরান্ত থেকে লোকজন বিভিন্ন অনুষ্ঠান ও পর্ব উপলক্ষ্যে এখানে মাংস কিনতে আসে। বাজারের দক্ষিণ ও উত্তরে থাকা জনবসতির মানুষ সবচেয়ে বেশি আসে এখানে বাজার করতে। বাজারটির অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও অপরিকল্পিতভাবে গড়ে উঠার কারণে এর বাণিজ্যিক গুরুত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে। কেউ কর্তৃপক্ষ আছে বলে মনে হয়না।

এপথে নিয়মিত সিএজি চালান জনৈক জাকির হোসেন জানতে চাইলে বলেন, আমরা ভাড়ায় এপথে গাড়ি চালাই। কিন্তু পারত পক্ষে মুদাফরগঞ্জ বাজারটি দিয়ে আসতে চাইনা। কারণ অনেক সময় মুদাফরগঞ্জ বাজার পার হতে আমাদের এক ঘন্টারও বেশি সময় লেগে যায়। যার কারণে মালিকের ভাড়া শোধ দিয়ে বাড়িতে যাওয়ার সময় হাতে খুব একটা টাকা থাকে না। তিনি দাবি করেন কর্তৃপক্ষ রাস্তার উপর থাকা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে একটু কর্তৃপক্ষকে লিখুন।

রাস্তায় বসা একজন ক্ষুদ্র ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমরা কম ভাড়ায় যদি পরিকল্পিত একটি জায়গা পাই তবে রাস্তায় ব্যবসা নিয়ে বসতে হয়না আর গাড়ির যটও থাকে না।

এলাকাবাসিরা মনে করেন, পরিকল্পিতভাবে মুদাফরগঞ্জ বাজার ব্যবস্থাপনা করা গেলে এবাজারের গুরুত্ব আরও বাড়বে এবং সেই সাথে এই এলাকাটিও সমৃদ্ধশালী হবে।