Tag Archives: চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে গরু ও মালিকের ছেলের উপর এসিড নিক্ষেপ!

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও প্রবাসী সহ আহত ৩

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও প্রবাসী সহ তিনজন গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে গুরুতর আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করার লক্ষ্যে ছেলের প্রবাস যাওয়া ঠেকাতে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছে ভুক্তভোগির পরিবার। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী মোল্লা বাড়ীতে। হামলায় আহতরা হলো: একই ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মোল্লার বাড়ীর মো: ইউছুফ মোল্লা (৫০), তাঁর ছেলে প্রবাসী মো: ইসমাইল মোল্লা (২৮) ও তাঁর স্ত্রী মোসা: রোকেয়া বেগম (৪৫)। এ ঘটনায় ভুক্তভোগি ইউসুফ মোল্লার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে শুক্রবার বিকালে ছয়জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ (এসডিআর নং-১৯৫৮, তারিখ: ২৪.০৫.২০২৪) দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভুক্তভোগি ইউসুফ মোল্লার সাথে তারই প্রতিবেশী মো: আবু তাহেরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিরোধীয় বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠকের মাধ্যমে বিবাদমান বিষয়টির সমাধানের চেষ্টা করা হয়। আবু তাহের গং শালিস-বৈঠকের সিদ্ধান্ত না মানায় শেষপর্যন্ত বিরোধটি মীমাংশা হয়নি।

এরই জেরে গত বুধবার (২২ মে) বিকাল অনুমান সাড়ে তিনটায় আবু তাহের তার তিন ছেলে দেলোয়ার হোসেন মোল্লা, রায়হান মোল্লা, ফাহাদ মোল্লা, আবু তাহেরের স্ত্রী পারভীন বেগম ও পুত্রবধু মোসা: ফাহিমা আক্তার সহ বেআইনী জনতায় সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগি ইউসুফ মোল্লার ছেলে মো: ইসমাইল মোল্লার বিদেশ গমন ঠেকাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দা-ছেনী, ছুরি, লোহার রড ও লাঠিসোটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউসুফ মোল্লার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ইসমাইল মোল্লার ঠোঁট, কপাল, কাঁধ ও গলার ডানপাশ সহ শরীরের বিভিন্ন স্থানে কাঁটাছেড়া, গভীর ক্ষত ও রক্তাক্ত জখম হয়। এ সময় ইসমাইলের পিতা ইউসুফ মোল্লা এগিয়ে আসলে তারও ডান হাতে ছেনীর কোপ সহ লাঠিসোটার আঘাতে শরীরের বিভিন্ন স্থানে কাঁটাছেড়া, রক্তাক্ত ও নীলাফুলা জখম হয়। এছাড়াও এ ঘটনায় ইউসুফ মোল্লার স্ত্রী রোকেয়া বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা গুরুতর আহত হয়েছে। পরে তাদের শোর-চিৎকারে প্রতিবেশী সহ স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা ইউসুফ মোল্লার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি-ধমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে গুরুতর আহত ইউসুফ মোল্লা ও তার ছেলে মো: ইসমাইল মোল্লাকে পরিবারের লোকজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে ইউসুফ মোল্লার স্ত্রী মোসা: রোকেয়া বেগম বাদী হয়ে প্রতিপক্ষের ছয়জনের নাম উল্লেখ করে শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত রেখেছে বলে জানা গেছে। উল্লেখ্য, ঘটনার একদিন পরই শুক্রবার (২৪ মে) বিকাল পাঁচটায় ভুক্তভোগি ইউসুফ মোল্লার ছেলে আহত ইসমাইল মোল্লা ছুটি শেষে ইউএস বাংলার একটি ফ্লাইটে (ফ্লাইট নং-বিএস-৩৪১, টিকেট নং-এ-পিএনআর-০৬২২২এন) করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে যাওয়ার কথা ছিলো। এ ঘটনায় তার ফ্লাইটটি বাতিল হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী জানান, ‘মারামারির সংবাদ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্লাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

 

 

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে হামলা-ভাংচুর ও লুটপাট, আহত ৫

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘরে হামলা-ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি আলহাজ্ব আইয়ুব আলী সহ অন্যান্য আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আলহাজ¦ আইয়ুব আলী, কেফায়েত উল্লাহ ও প্রতিবেশি জসিম উদ্দিন, জামশেদ আলম এবং আব্দুল মমিন গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জেরে শনিবার সকালে যাত্রাপুর গ্রামের মৃত জাফর আহমেদ এর ছেলে জামশেদ আলমের নেতৃত্বে তার ভাই জসিম উদ্দিন, একই গ্রামের হিরণ মিয়ার ছেলে সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে হানিফ, পাশ^বর্তী অলিপুর গ্রামের ঝাউ মিয়া চৌকিদারের ছেলে ফটিক মিয়া ও মানিক, একই গ্রামের সুমন সহ অজ্ঞাত প্রায় শতাধিক যুবক সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আইয়ুব আলীর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আনিকা এন্টারপ্রাইজ ও তার বাড়ী ঘরে হামলা-ভাংচুর ও লুটপাট করে। এতে বাধা দিলে হামলাকারীদের এলোপাতাড়ি কোপ ও লাঠিসোটার আঘাতে যাত্রাপুর গ্রামের হামিদ আলীর ছেলে রুহুল আমিন (৫৬), মৃত আব্দুর রশিদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৭), ছেরু মিয়ার ছেলে মাহবুবুল হক (৫০), নুরুল ইসলামের ছেলে খলিল মিয়া (৪২) ও শফিকুর রহমানের ছেলে বাহারুল আলম (৪২) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিনগর বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের সকলকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হামলায় আহত ব্যক্তিদেরকে হাসপাতালে নেয়ার পথে সন্ত্রাসীরা আবারো তাদের উপর হামলা চালায় বলে জানিয়েছেন আইয়ুব আলী সহ স্থানীয় লোকজন। ভাংচুরের ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও হামলার সময় সন্ত্রাসীরা আনিকা এন্টারপ্রাইজের ভেতরে থাকা ফ্রিজ, ফ্যান ও বিভিন্ন ইলেকট্রনিকস্ পণ্য সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল এবং দোকানের ক্যাশ থাকা নগদ ৫ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই বিকাশ বড়ুয়া ও জাহিদ হাসান রায়হানের নেতৃত্বে পুলিশের পৃথক দু’টি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ভুক্তভোগিদের পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানা ও আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই বিকাশ বড়ুয়া জানান, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘কাশিনগরের যাত্রাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে গরু ও মালিকের ছেলের উপর এসিড নিক্ষেপ!

 

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বসত বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে পাঁচটি গরু ও গরুর মালিকের ছেলেকে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এতে একটি গরু আশঙ্কাজনক অবস্থায় জবাই ও আহত গরুর মালিকের ছেলে রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের লাউলাইশ গ্রামে এ ঘটে। তবে কে বা কারা এসিড নিক্ষেপ করেছে-এমন কোন তথ্য দিতে পারেনি আহত রুবেলের ভাই আজিম উদ্দিন।

মঙ্গলবার সকালে সরেজমিন পরিদর্শনে গেলে স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে লাউলাইশ গ্রামের বাবুর্চি মাহবুবুল হকের সাথে পাশের এক পরিবারের বিরোধ চলছিল। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে মাহবুবুল হকসহ পরিবারের লোকদেরকে প্র্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। সোমবার রাতে কে বা কারা মাহবুবুল হকের গোয়াল ঘরে পাঁচটি গরুর উপর এসিড নিক্ষেপ করে। বিষয়টি টের পেয়ে মাহবুবুল হকের ছেলে মোঃ রুবেল এগিয়ে আসলে তাকেও এসিড নিক্ষেপ করে দূর্বৃত্তরা। বাড়ির লোকজন আহত রুবেলকে উদ্ধার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে জানায় তার ভাই আজিম উদ্দিন। খবর পেয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমল চন্দ্র দাশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমল চন্দ্র দাশ জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।