Tag Archives: জমি দখল

দেবিদ্বারে ইউপি চেয়ারম্যানের জমির পাঁচ শতাধিক কলাগাছ কেটে নিয়ে জমি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের দুয়ারিয়া এলাকায় ইউপি চেয়ারম্যান মো: মহিউদ্দিন মিঠুর বায়না করা ৫২ শতক জমির ৫ পাঁচ শতাধিক কলা গাছ কেটে নিয়ে জমির চারপাশে তার কাটা বেড়া দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির ও মকবুল হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর ছোট ভাই মোঃ সোহরাব হোসেন (৩৭) বাদি হয়ে একই এলাকার মোঃ হুমায়ুন কবির, মকবুল হোসেন, আলামিন বাশার ও আল আমিনের বিরুদ্ধে থানা পুলিশের কাছে একটি অভিযোগ করেছেন।

সোহরাব হোসেন জানান, আমার বড় ভাই ধামতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গত ২০২২ সালের ২২ জুন দুয়ারিয়া এলাকায় ৫২ শতক জায়গা হুমায়ুন কবির ও মকবুল হোসেনের কাছ থেকে কেনার জন্য বায়নাপত্র করে এবং সম্পত্তির মূল্য বাবদ ৪৩ লক্ষ টাকার চেক তাদের প্রদান করেন। তারা পরে টাকা বুঝে নিয়ে আমাদেরকে জায়গা ভোগ দখল বুঝাইয়া দিলে আমরা গত দুই বছর যাবৎ উক্ত সম্পত্তি ভোগ দখল করে সেখানে কলার বাগান করি।

আমরা বহুবার তাদেরকে সম্পত্তিটি রেজিস্ট্রি করে দিতে বললেও মকবুল হোসেন প্রবাসে থাকার বাহানা দিয়া ‘অদ্যবধি তারা আমার ভাইয়ের নামে উক্ত সম্পত্তিটি রেজিস্ট্রি করে দেয়নি। না। গত ৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টার দিকে হুমায়ুন কবির ও মকবুল হোসেনের নেতৃত্বে আলামিন বাশার ও আলামিনসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাদের বায়নাকৃত জমিতে এসে সেখানে থাকা প্রায় ৫০০টি কলা গাছ কেটে ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে।

এ ঘটনার পর আমি মকবুল হোসেন ও হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তারা আমার সাথে খারাপ আচরণ করাসহ আমাদেরকে বিভিন্ন হুমকি ধমকি প্রদর্শন করে এবং উক্ত সম্পত্তি আমাদের নামে রেজিস্ট্রি করে দিবেনা বলে জানায়।

এ জমি পুনরায় ভোগ দখল করবার চিন্তা করলে আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। তারা জমির চারপাশে তার কাটার বেড়া দেয়ার চেষ্টা করছে। আমরা এই বিষয়ে থানা পুলিশের কাছে অভিযোগ করেছি।

এ বিষয়ে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

ব্যাংকের জমি উদ্ধার করার এক সপ্তাহের মধ্যেই স্ত্রীর মালিকানা দিয়ে ফের দখলে নিলেন হাজী সেলিম

 

ডেস্ক রিপোর্টঃ

সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বেদখল করা শত কোটি টাকার জমি উদ্ধার করে এক সপ্তাহও রাখতে পারেনি সরকারি মালিকানাধীন অগ্রণী ব্যাংক। ব্যাংকের নির্মাণসামগ্রী সরিয়ে জমিতে হাজী সেলিমের স্ত্রীর মালিকানা দাবির সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। সীমানা প্রাচীরের ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে তালা। এদিকে ব্যাংকের কর্মকর্তারা ভয়ে সেই জমিতে যাচ্ছেন না। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের দখল ফিরে পেয়ে অগ্রণী ব্যাংক স্থাপনা নির্মাণের জন্য যেসব নির্মাণসামগ্রী রেখেছিল, সেগুলোও সরিয়ে নিয়েছেন হাজী সেলিমের লোকজন।

এ ঘটনার পর গত ৫ নভেম্বর চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ। এ ব্যাপারে র‌্যাবকেও চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই জমিটি সে সময়ের হাবিব ব্যাংকের ছিল। ১৯৭১ সালে স্বাধীনতার পর হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংক একীভূত করে গঠন করা হয় অগ্রণী ব্যাংক। আর সেখানেই করা হয় ব্যাংকটির শাখা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শাখার উদ্বোধন করেন। সেখানে তার একটি ব্যাংক হিসাবও ছিল।

ওই জমিতে জায়গা সংকুলান না হওয়ায় পরে ব্যাংকটির শাখা পাশের একটি ভবনে সরিয়ে নেওয়া হয়। আর এই জমিতে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

চলতি বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর ব্যাংকের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। এই সুযোগে হাজী সেলিমের লোকজন জায়গাটি দখল করে নেয়। তারা বুলডোজার দিয়ে পুরনো ভবন গুঁড়িয়ে দিয়ে সীমানা প্রাচীর তুলে দেয়।

এই ঘটনায় গত ২০ মে চকবাজার থানায় লিখিত অভিযোগ করেন ওই শাখার দায়িত্বে থাকা সহকারী মহাব্যবস্থাপক বৈষ্ণব দাস মণ্ডল। ১৫ জুন র‌্যাব-৩ এর কাছেও অভিযোগ দেন তিনি।

সে সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনও ব্যবস্থা না নিলেও গত ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে গ্রেফতারের পরদিন জমিটি উদ্ধার করে ব্যাংক কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। তবে ৪ নভেম্বর রাতে আবার হাজী সেলিমের লোকজন জমিটি দখল করে নেয় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। যদিও ব্যাংকটির কোনও কর্মকর্তা নিজের পরিচয় দিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

এদিকে ব্যাংকের গড়ে তোলা সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিয়ে প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দিয়েছে হাজী সেলিমের লোকজন। গেটে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাতে জমির মালিক হিসেবে হাজী সেলিমের স্ত্রী গুলশানারা বেগমের নাম লেখা রয়েছে।
সূত্র-বা:ট্রি