Tag Archives: ইউপি চেয়ারম্যান

ইউপি চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশ সনদ প্রতারণার শিকার হয়ে যুবকের জীবন অন্ধকারে

 

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকার মরহুম মোজাম্মেল হক শিকদার, বিয়ের পর সন্তান না হওয়ায় অনুমান দেড় থেকে দুই বছর বয়সী শিশুকে দত্তক এনে লালন পালন করেন। তার নাম হালিম শিকদার। হালিম স্যার নামে এলাকায় পরিচিত। লেখা পড়া শেষে সাবালক করে বিয়ে করান।

মোজাম্মেল হক শিকদারের সন্তান হিসেবেই বড় হয়। জন্ম নিবন্ধন, একাডেমিক সনদ, ভোটার আইডিসহ সবকিছুতেই পিতার নাম মোজাম্মেল হক শিকদার। একমাত্র সন্তান হিসেবে যথেষ্ট আদর যত্নে বড় করেন। ভাগ্যের নির্মম পরিহাস একটা পর্যায়ে স্বজন ক্যুর শিকার হয় সে। একটা সময় মোজাম্মেল হক শিকদার মারা যান। নেমে আসে জীবনে অমানিশার অন্ধকার। সম্পত্তি নিয়ে শুরু হয় মৌণ বিরোধ। বাপের জমিজমা নিজ নামে আনতে হবে। এই চিন্তায় আধাপাগলের মত জীবন যাপন করে। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান, গোবিন্দ পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, মাঈনুদ্দিন মুন্সি তপন ওয়ারিশ সনদ প্রদান করে। সে সনদ দেখিয়ে জমি খারিজ করেন। এর মধ্যে অনেক টাকা খরচ করে দেনাদার হয়ে গেছে। শুরু হয় পরিবারে অশান্তি। জমি বিক্রি করতে গেলে চাচাত বোনেরা সেই চেয়ারম্যানের কাছ থেকেই প্রত্যয়ন পত্র নিয়ে ভুমি অফিসে খারিজের বিরুদ্ধে মামলা করেন। পরিশেষে খারিজ বাদ হয়ে যায়।

পেশায় ছিলেন শিক্ষক, বর্তমানে দিনমজুরি করে সংসার চালান হালিম। একদিকে জমি বিক্রি করেও রেজিষ্ট্রেশন করতে না পারায় দেনা পরিশোধ করতে পারছেনা অন্যদিকে জমি রক্ষায় আদালতে মামলা করেন। এখন সবাই কোর্টে দৌড়ায়। এলাকাবাসী বলেন, চেয়ারম্যান জনসাধারণের খেদমত করবেন, সেবা দিবেন এটাই অঙ্গিকার। তা না করে পালিত সন্তান যেনেও মোটা অংকের টাকার বিনিময়ে ওয়ারিশ সনদ প্রদান করেন। যার সূত্র ধরেই খারিজ সহ জমি বিক্রি পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে আবার প্রত্যয়ন পত্র দিয়ে বাতিল করে দেয় খারিজ।ভোগ দখলে থাকলেও ওয়ারিশ সনদে প্রতারিত হয়ে মামলা পর্যন্ত গড়ায়। তাও আবার চাচাতো বোনদের সাথে।

নিয়ম বহির্ভূতভাবে কোন আইনে জেনেশুনে ওয়ারিশ সনদ প্রদান করে আবার একই চেয়ারম্যান প্রত্যয়ন প্রদান করে এ নিয়ে সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের নিকট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

হালিম শিকদার জানান,  আমার জীবনে এমন পরিস্থিতিতে পরতে হবে কখনো ভাবিনি, পৃথিবীতে জন্ম নেওয়া টাই কি আমার অভিশাপ? কান্নাজড়িত কন্ঠে বলেন আমি আমার পিতৃ পরিচয় চাই। মরহুম মোজাম্মেল হক শিকদারই আমার বাবা এটাই সত্য। গত কয়েক মাস পূর্বে এ বিষয়ে গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন বলেন সার্টিফিকেট দেখে ওয়ারিশ সনদ দেওয়া হয়েছে তবে পরবর্তীতে যখন জানতে পারি সে পালিত সন্তান তার চাচাতো বোনদের প্রত্যয়ন পত্র প্রদান করি। সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের নিকট বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন। এমনটা করতে পারেন কিনা ইউপি চেয়ারম্যান?

 

বিদেশে চিকিৎসাধীন অবস্থায়

বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থেকেও মামলার আসামি হলেন ইউপি চেয়ারম্যান মিঠু

বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থেকেও মামলার আসামি হলেন ইউপি চেয়ারম্যান মিঠু

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মিঠু চিকিৎসা ও ব্যবসার জন্য চীনে অবস্থান করেছিলেন। গত ১৮ জুলাই থেকে তিনি চীনে অবস্থান করছেন। এছাড়াও চলতি বছরের জানুয়ারি মাসে সংসদ নির্বাচনের পর থেকেই সাবেক এমপি আবুল কালাম আজাদের লোকজনের হুমকি-ধমকির জন্য এলাকায় সব সময় অবস্থান করতে পারেননি এই ইউপি চেয়ারম্যান। অথচ তাকে ৫ আগষ্ট সকাল ১০ টায় উপজেলার নিউ মার্কেট চত্ত্বরের মারধরের একটি মামলায় ৮১ নম্বর আসামি করা হয়েছে। চীনে অবস্থান করে কিভাবে মারধরের মামলার আসামি হলেন , এ বিষয়টি বেশ সমালোচনার জন্ম দিয়েছে এলাকায়।

দেবিদ্বার উপজেলার দক্ষিণ ভিংলা বাড়ির মো: নাজমুল হক বাদি হয়ে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪ নং আমলী আদালতে এ মামলাটি দায়ের করেন।

তবে স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগের মত বিএনপির মধ্যেও গ্রুপিং রয়েছে। আওয়ামী লীগে যেমন রাজী মোহাম্মদ ফখরুল ও আবুল কালাম আজাদের দুই গ্রুপ ছিল, তেমনি বিএনপিতেও সাবেক সংসদ সদস্য মনজুরুল আহসান মুন্সি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সির আলাদা আলাদা গ্রুপ রয়েছে। ফলে আওয়ামী লীগের একটা অংশ অপর অংশকে বিপদে ফেলার জন্য বিএনপির নেতাকর্মীদের সাথে সর্ম্পক উন্নয়ন করে বিভিন্ন মামলায় নাম জড়িয়ে দিচ্ছে। এতে করে কোন প্রকার সংঘর্ষে না থেকেও মামলার আসামি হচ্ছেন অনেকে। ফলে প্রকৃত ভুক্তভোগির ন্যায় বিচার পাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা।

স্থানীয় সূত্র জানায়, মহিউদ্দিন আহমেদ মিঠু স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ধামতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত সংসদ নির্বাচনে সাবেক এমপি আবুল কালাম আজাদ এবং উপজেলা পরিষদ নির্বাচনে এমপি আজাদের ভাই মামুনের পক্ষে কাজ না করায় প্রতিপক্ষের হুমকি-ধমকির ফলে ইউপি কার্যালয়েও যেতে পারতেন না চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু। চেয়ারম্যান মিঠুর বসতজমিতে হামলা-ভাংচুর হয়েছে। তাঁর জমি দখলের পায়তারাও হচ্ছে। যার ফলে বছরজুড়ে নির্যাতনের শিকার হয়েছেন এই চেয়ারম্যান। ফলে জুলাই মাসে অসুস্থ্য হয়ে চীনে যান চেয়ারম্যান মিঠু। সেখানেই বর্তমানে অবস্থান করছেন। সেই চীনে থেকে রাজনৈতিক কারনে মামলার আসামি হয়েছেন চেয়ারম্যান মিঠু।

এই বিষয়ে জানতে মামলার বাদি মো: নাজমুল হকের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

এই বিষয়ে ধামতী ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মিঠু জানান, আমি বেশ কয়েক মাস ধরে অসুস্থ্য। তাই চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছি। আমাকে অন্যায়ভাবেই মামলার আসামি করা হয়েছে। আশা করি প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ বিষয়টির সমাধান করবেন।

এই বিষয়ে জানতে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

বুড়িচংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও

বুড়িচংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও অপুর বাবা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন গ্রেপ্তার

বুড়িচংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও অপুর বাবা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর পিআরও শরীফ মাহমুদ অপুর বাবা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ আগস্ট) ভোররাতে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক।

ওসি জানান, ৫ই আগস্ট এর ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে দায়ের হয়। মামলা দায়ের পর থেকে জয়নাল আবেদীন আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানে জয়নাল আবেদীন চেয়ারম্যান কে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ৫ ই আগস্টে জয়নাল আবেদীনের ভূমিকা নিয়ে ছাত্র সমন্বয়করা তাকে গ্রেপ্তার করা ও চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে একাধিকবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিআরও শরীফ মাহমুদ অপু ক্ষমতার প্রভাব খাটিয়ে তার বাবাকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে নেয়ার অভিযোগ রয়েছে।

দেবিদ্বারে ইউপি চেয়ারম্যানের জমির পাঁচ শতাধিক কলাগাছ কেটে নিয়ে জমি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের দুয়ারিয়া এলাকায় ইউপি চেয়ারম্যান মো: মহিউদ্দিন মিঠুর বায়না করা ৫২ শতক জমির ৫ পাঁচ শতাধিক কলা গাছ কেটে নিয়ে জমির চারপাশে তার কাটা বেড়া দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির ও মকবুল হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর ছোট ভাই মোঃ সোহরাব হোসেন (৩৭) বাদি হয়ে একই এলাকার মোঃ হুমায়ুন কবির, মকবুল হোসেন, আলামিন বাশার ও আল আমিনের বিরুদ্ধে থানা পুলিশের কাছে একটি অভিযোগ করেছেন।

সোহরাব হোসেন জানান, আমার বড় ভাই ধামতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গত ২০২২ সালের ২২ জুন দুয়ারিয়া এলাকায় ৫২ শতক জায়গা হুমায়ুন কবির ও মকবুল হোসেনের কাছ থেকে কেনার জন্য বায়নাপত্র করে এবং সম্পত্তির মূল্য বাবদ ৪৩ লক্ষ টাকার চেক তাদের প্রদান করেন। তারা পরে টাকা বুঝে নিয়ে আমাদেরকে জায়গা ভোগ দখল বুঝাইয়া দিলে আমরা গত দুই বছর যাবৎ উক্ত সম্পত্তি ভোগ দখল করে সেখানে কলার বাগান করি।

আমরা বহুবার তাদেরকে সম্পত্তিটি রেজিস্ট্রি করে দিতে বললেও মকবুল হোসেন প্রবাসে থাকার বাহানা দিয়া ‘অদ্যবধি তারা আমার ভাইয়ের নামে উক্ত সম্পত্তিটি রেজিস্ট্রি করে দেয়নি। না। গত ৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টার দিকে হুমায়ুন কবির ও মকবুল হোসেনের নেতৃত্বে আলামিন বাশার ও আলামিনসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাদের বায়নাকৃত জমিতে এসে সেখানে থাকা প্রায় ৫০০টি কলা গাছ কেটে ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে।

এ ঘটনার পর আমি মকবুল হোসেন ও হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তারা আমার সাথে খারাপ আচরণ করাসহ আমাদেরকে বিভিন্ন হুমকি ধমকি প্রদর্শন করে এবং উক্ত সম্পত্তি আমাদের নামে রেজিস্ট্রি করে দিবেনা বলে জানায়।

এ জমি পুনরায় ভোগ দখল করবার চিন্তা করলে আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। তারা জমির চারপাশে তার কাটার বেড়া দেয়ার চেষ্টা করছে। আমরা এই বিষয়ে থানা পুলিশের কাছে অভিযোগ করেছি।

এ বিষয়ে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে সাংবাদিককে মারধর করলো ইউপি চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে সম্প্রতি সংখ্যালঘুর ওপর হামলা মারধরের ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলমের বিরুদ্ধে সাংবাদিক শফিউল আলম রাজীবের ওপর হামলা মারধর ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে।

সাংবাদিক শফিউল আলম রাজীব দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সরকারি বাসভবনে (গোমতী) সংবাদ সংগ্রহে গেলে ৮নং জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলমের সমর্থক বিল্লাল গাজী, আফসান রুবেলসহ ৩-৪ জন প্রথমে গালমন্দ ও পরে হামলা করে। ওই সময় সাংবাদিক রাজীব আশ্রয় ও ঘটনাটি জানাতে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে ঢুকে বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানাতে গেলে ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম পুনরায় সাংবাদিক রাজীবকে মারধর এবং মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেন।

হামলায় আহত সাংবাদিক শফিউল আলম রাজীব জানান, ঘটনার পর তাৎক্ষণিক বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউএনও নিগার সুলতানাকে অবহিত করা হয়।

দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ইউপি চেয়ারম্যান জাহিদসহ হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

হামলার বিষয়ে জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বলেন, সাংবাদিকের ওপর কোনো প্রকার হামলা বা মোবাইল ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে সাংবাদিক রাজীবের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, যা আমার করা ঠিক হয়নি।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিষয়টি মীমাংসার জন্য সুলতানপুর ও গুনাইঘর ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিতাসে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ

তিতাসে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তার কার্যালয়ে থাকা পরিষদের জরুরী অনেক কাগজপত্র পুড়ে যায়।

ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল আহমেদ বলেন, আমি বাড়িতে ছিলাম না। কেয়ারটেকার মাফিয়া বেগমের মাধ্যমে জানতে পারি আমার বসতবাড়ী দাসকান্দিতে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন দেয় দ‍ুর্বৃত্তরা। তিতাস থানা পুলিশ ও হোমনা থেকে ফায়ার সার্ভিসের গাড়ী আসার আগেই পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। দুর্বৃত্তদের দেয়া আগুনে আমার আলমিরায় রাখা সরকারী নথিপত্র পুড়ে গেছে। এর আগেও আমার বাড়ীতে আগুন দেয়ার চেষ্টা করেছে দুবৃত্তরা।

চেয়ারম্যান আরও বলেন, ইউনিয়ন যুবলীগ নেতা জহির হত্যা মামলায় আমাকে আসামী করার পর থেকেই বাদী পক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। আমাকে বাড়িতে আসতে দিচ্ছে না, তারই জের ধরে আমার পরিষদের অস্থায়ী কার্যালয়ে রাতের আঁধারে আগুন লাগিয়ে দিয়েছে। আগুনের বিষয়টি আমি উপজলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেনকে জানালে তিনি আমাকে খুব তীক্ষ্ণ ও অশ্লীল ভাষায় কথা বলেন এবং এক পর্যায়ে ঘটনাটি নাটক বলেও মন্তব্য করেন। যা আমি ওনার কাছে থেকে আশা করিনি। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে নিহত যুবলীগ নেতা জহির মোল্লার পিতা আবুল হোসেন মোল্লা বলেন, এবিষয়ে আমি এখন কিছু বলবো না,সময় হলে সব বলবো।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রতি অনুরোধ করেন।

তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, বাবুল চেয়ারম্যান আমাকে ফোন করে অগ্নিসংযোগের জন্য সরাসরি আবু মোল্লাকে দোষারোপ করায় তাকে বকাঝকা দিয়েছি। আর আগুনে পরিষদের কোন নথিপত্রের ক্ষতি হয়নি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে আমাকে নিশ্চিত করেছেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা কাঞ্চন কান্তি দাশ আজকের কুমিল্লাকে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে।

ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতার বিরুদ্ধে মসজিদ উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ

বরগুনার বেতাগীতে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ গোলাম রব শুক্কুর মীরের বিরুদ্ধে মসজিদ উন্নয়নের ৬ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

সৈয়দ গোলাম রব শুক্কুর মীর উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বরগুনা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক।

সংশ্লিষ্টরা জানান, বুড়ামজুমদার ইউনিয়নে তালবাড়ি গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি থাকা সত্যেও মসজিদ কমিটির ভুয়া সভাপতি সেজে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মসজিদ স্থানান্তরের জন্য ক্ষতিপূরণ বাবদ এলএ শাখার বরাদ্দকৃত ৬ লাখ ৬৯ হাজার ২৬১ টাকা চেকের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন।

স্থানীয়দের সহায়তায় অনুসন্ধান করে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা (ভূমি হুকুম দখল শাখা) অধিগ্রহণ মামলায় মসজিদ কমিটির সভাপতি সোবাহানকে স্থাবর সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ গ্রহণের জন্য নোটিশ প্রদান করা হয়।

উক্ত টাকা বরাদ্দের বিষয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান শুক্কুর মীরের কাছে মসজিদের সভাপতি সোবাহান পরামর্শ নিতে যান। পরে পরামর্শ না দিয়ে চেয়ারম্যান নিজেই গোপনে মসজিদের ভুয়া সভাপতি সেজে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন।

এতে ওই এলাকার মসুল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা মসজিদ ফান্ডের জন্য ওই বরাদ্দ অর্থ চেয়ারম্যানের কাছ থেকে ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান গোলাম রব শুক্কুর বলেন, আমি টাকা উত্তোলন করেছি এবং যেসব কাজে টাকা খরচ করেছি তার ভাউচার আমার কাছে আছে। খরচের পর বাকি টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা আছে।

তবে তিনি ওই মসজিদের সভাপতি কিনা এ বিষয়টি জিজ্ঞেস করলে এড়িয়ে যান।

এ ব্যাপারে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, মসজিদের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের ব্যাপারে চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে তার তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।