Tag Archives: তিতাস

দাউদকান্দি তিতাসের পূজামন্ডব পরিদর্শন করেন সুবিদ আলী ভূইয়া

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এমপি ।

তিনি সোমবার (২৩অক্টোবর) শারদীয় মহানবমীর দিনে বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত পুজামণ্ডপ পরিদর্শনে গিয়ে আইন-শৃঙ্খলাসহ দুর্গা উৎসবের নানান বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁর সঙ্গে যুক্ত হন।

পুজামণ্ডপ পরিদর্শনকালে সুবিদ আলী ভুইয়া বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষের জন্য ধর্ম পালনে সমান অধিকার প্রদান করেছে। পারস্পরিক ভাতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে অতীতের মতো আওয়ামী লীগ সরকার সবসময় দেশের হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের সংগঠনের নেতাকর্মীরা মণ্ডপ ও তার আশেপাশে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব শ্রেণির মানুষ একসঙ্গে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর দেশকে আবারো পাকিস্তানী চেতনায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র শুরু হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিতে আহবান জানান তিনি।

পূজামণ্ডপসমূহ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক। এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ , দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া, মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরনবী, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মমিনুল হকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তিতাসে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ

তিতাসে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তার কার্যালয়ে থাকা পরিষদের জরুরী অনেক কাগজপত্র পুড়ে যায়।

ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল আহমেদ বলেন, আমি বাড়িতে ছিলাম না। কেয়ারটেকার মাফিয়া বেগমের মাধ্যমে জানতে পারি আমার বসতবাড়ী দাসকান্দিতে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন দেয় দ‍ুর্বৃত্তরা। তিতাস থানা পুলিশ ও হোমনা থেকে ফায়ার সার্ভিসের গাড়ী আসার আগেই পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। দুর্বৃত্তদের দেয়া আগুনে আমার আলমিরায় রাখা সরকারী নথিপত্র পুড়ে গেছে। এর আগেও আমার বাড়ীতে আগুন দেয়ার চেষ্টা করেছে দুবৃত্তরা।

চেয়ারম্যান আরও বলেন, ইউনিয়ন যুবলীগ নেতা জহির হত্যা মামলায় আমাকে আসামী করার পর থেকেই বাদী পক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। আমাকে বাড়িতে আসতে দিচ্ছে না, তারই জের ধরে আমার পরিষদের অস্থায়ী কার্যালয়ে রাতের আঁধারে আগুন লাগিয়ে দিয়েছে। আগুনের বিষয়টি আমি উপজলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেনকে জানালে তিনি আমাকে খুব তীক্ষ্ণ ও অশ্লীল ভাষায় কথা বলেন এবং এক পর্যায়ে ঘটনাটি নাটক বলেও মন্তব্য করেন। যা আমি ওনার কাছে থেকে আশা করিনি। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে নিহত যুবলীগ নেতা জহির মোল্লার পিতা আবুল হোসেন মোল্লা বলেন, এবিষয়ে আমি এখন কিছু বলবো না,সময় হলে সব বলবো।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রতি অনুরোধ করেন।

তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, বাবুল চেয়ারম্যান আমাকে ফোন করে অগ্নিসংযোগের জন্য সরাসরি আবু মোল্লাকে দোষারোপ করায় তাকে বকাঝকা দিয়েছি। আর আগুনে পরিষদের কোন নথিপত্রের ক্ষতি হয়নি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে আমাকে নিশ্চিত করেছেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা কাঞ্চন কান্তি দাশ আজকের কুমিল্লাকে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে।

কুমিল্লা তিতাসে যৌতুকের বলি গৃহবধূ, আটক স্বামী

কুমিল্লা তিতাসে যৌতুকের বলি গৃহবধূ, আটক স্বামী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুরে যৌতুকের জন্য স্বামীর হাতে গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর গ্রামে। নিহত গৃহবধূ আঁখি আক্তার (২১) লালপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে সাইদুল ইসলাম মেন্টুর (৪০) স্ত্রী। পুলিশ খবর পেয়ে ঘাতক স্বামী মেন্টুকে আটক করে এবং নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। নিহত গৃহবধূর ১৭ মাসের একটি পুত্রসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত গৃহবধূ আঁখি আক্তারের দুই বছর আগে সাইদুল ইসলাম মেন্টুর (৪০) সঙ্গে বিয়ে হয়। আঁখি আক্তারকে তার বাবা-মা পালক এনে বড় করে তার কাছে বিয়ে দেন। বিয়ের পরপরই ঘাতক স্বামী সাইদুল ইসলাম মেন্টু যৌতুকের জন্য প্রায়ই শারীরিক নির্যাতন করতেন।

আজ সকালে শারীরিক নির্যাতনের একপর্যায়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছেন বলে এলাকাবাসী জানায়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

এদিকে নিহত গৃহবধূর মা রেহেনা বেগম বলেন, ‘আমাদের কোনো সন্তান নেই, পালক এনে আঁখিকে অনেক আদর-যত্ন করে বড় করেছি। অনেক টাকার মালামাল দিয়ে বিয়ে দিয়েছি।

বিয়ের পর কিছুদিন ভালো ছিল। একটা পুত্রসন্তানও হয়েছে। মেন্টু নেশার জগতে গিয়ে যৌতুকের জন্য প্রায়ই আমার মেয়েকে নির্যাতন করত। শেষমেশ যৌতুকের জন্য আমার মেয়েটাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলছে রে বাবা। কথাগুলো বলেই কাঁদতে শুরু করেন।

তিতাস থানার কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস জানান, গৃহবধূ আঁখি আক্তার হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।

 জামাল হত্যাকান্ডে জড়িত সোহেলসহ ৩ জন গ্রেফতার, বিদেশে পালিয়েছে ৫ জন

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লার দাউদকান্দিতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যা মামলার অন্যতম মাষ্টারমাইন্ড সোহেল সিকদারসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। হত্যাকান্ডে সরাসরি অংশ নেওয়া ৫ আসামি বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে একাধিক সূত্র জানায়। এতে করে কিলিংয়ে অংশ নেওয়া আসামিরা গ্রেফতার না হওয়ার আশংকা রয়েছে।

রবিবার (৭ মে) বেলা ১১ টায় প্রেস ব্রিফিং করে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মোঃ ইসমাইল (৩৬), তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রামের মো: আক্তার হোসেন শিকদারের ছেলে মোঃ শাহীনুল ইসলাম @সোহেল শিকদার (৪০) দাউদকান্দি উপজেলার গোপচর গ্রামের মৃত. বজলুর রহমানের ছেলে শাহ আলম @পা কাটা আলম (৩৬)।

গত ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজার সংলগ্ন মসজিদের সামনে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪৫) খুন হন। ঐ দিন রাত আনুমানিক ২০:১০ ঘটিকায় ০৩ জন বোরকা পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী পূর্ব পরিকল্পনানুযায়ী গৌরীপুর পশ্চিম বাজার সংলগ্ন মসজিদের পাশে একটি দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় জামাল হোসেনের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এই সময়ে বোরকা পরিহিত হামলাকারীরা জামালের উপর এলোপাথাড়িভাবে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। অতঃপর জামাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারী সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত জামালকে ঘটনাস্থলের উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। হত্যাকান্ডের পরপরই র‌্যাব-১১ ও র‌্যাব সদর দপ্তরের একাধিক গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আসামীদের সনাক্তকরণের নিমিত্তে কাজ শুরু করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় গত ০২ মে নিহতের স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ৭/৮ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাস্থল ও ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, বোরকা পরিহিত ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী স্বাভাবিক পথচারীর বেশে ঘটনাস্থলে আসে। এ সময়ে ভিক্টিম জামাল , হত্যায় জড়িত ৩ নং আসামী মোঃ ইসমাইল (৩৬) ও এলাকার পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তির সাথে একটি দোকানের সামনে অবস্থান করছিল। বোরকা পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘটনাস্থলে পৌঁছে অতর্কিত ভিকটিম জামালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় ভিকটিম জামাল এর সাথে বোরকা পরিহিত একজন অস্ত্রধারী সন্ত্রাসীর ধস্তাধস্তি হয় এবং ভিকটিম জামাল তাকে ঝাপটে ধরে ফেলে। তখন সাথে থাকা বোরকা পরিহিত অপর একজন অস্ত্রধারী সন্ত্রাসী জামালকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয় এবং বোরকা পরিহিত অপর ব্যক্তি তার সাথে থাকা পিস্তল দিয়ে ভিকটিম জামালকে খুব কাছ থেকে মাথায় ও বুকে গুলি করে দ্রুত ঐ স্থান ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনায় অন্য আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামীরা দৌড়ে পালানোর সময় একজনের বোরকার মুখের আবরণ খুলে যায় ও একজনের সাথে আরেকজনের ধাক্কা লেগে একজন আসামীর হাত থেকে তার সাথে থাকা আগ্নেয়াস্ত্রটি মাঠিতে পড়ে যায়। পরবর্তীতে অস্ত্র কুড়িয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, আমরা ঘটনাস্থলের আশেপাশের আরো কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পাই ঘটনাস্থলে আসার যে রাস্তা আসামীরা ব্যবহার করেছে সেই একই রাস্তায় ঘটনাস্থল ত্যাগ না করে সামান্য পরিবর্তিত রাস্তায় তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এই ফুটেজটি বিশ্লেষণ করে আমরা আসামীদের হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি বোরকা ও দুইটি হিজাব উদ্ধার করতে সক্ষম হই এবং বোরকা উদ্ধারের নিকটবর্তী একটি ফুটেজ বিশ্লেষণ করে আমরা দেখতে পাই তিনজন ব্যক্তি যাদের মুখমন্ডল দেখা না গেলেও অবয়ব দেখে বোঝা যায় তারা দ্রুতগতিতে হেটে চলে যাচ্ছে। ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় কিলিং মিশনে অংশগ্রহণকারী বোরকা পরিহিত ব্যক্তিদেরকে আমরা মোটামুটি নিশ্চিতভাবে সনাক্ত করতে পেরেছি। তবে তদন্ত ও গ্রেফতারের বিষয়টি মাথায় রেখে এই মূহুর্তে তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রদান করা সম্ভব হচ্ছে না।

সকল তথ্য উপাত্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, মাঠ পর্যায় হতে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৬ মে দিনে ও রাতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার আগ্রাবাদ এলাকা, ঢাকা জেলার রায়েরবাগ এলাকা ও কালশী, মিরপুর এলাকা হতে উক্ত হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ৩ নং আসামী মোঃ ইসমাইল, ৪ নং আসামী মোঃ শাহীনুল ইসলাম @সোহেল শিকদার এবং ৭ নং আসামী শাহ আলম @পা কাটা আলমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জামালের হত্যার বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। মূলত এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকান্ডটি সংঘঠিত হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ ইসমাইল এর বিরুদ্ধে ২ টি হত্যা মামলাসহ মোট ৩ টি মামলা, শাহীনুল ইসলাম @সোহেল শিকদার এর বিরুদ্ধে ৩ টি হত্যা মামলাসহ মোট ৯ টি মামলা ও মোঃ শাহ আলম এর বিরুদ্ধে ১ টি হত্যা মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে।

উল্লেখ্য যে, এই মামলার এজাহারভুক্ত ০৯ জন আসামীর মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এজাহারনামীয় ০১ নং আসামী সুজন নেপালে, ০২ নং আসামী আরিফ নেপালে, ০৫ নং আসামী বাদল দুবাইতে, ০৬ নং আসামী শাকিল ভারতে, ০৮ নং আসামী অলি হাসান সৌদি আরবে পালিয়েছে ও ০৯ নং আসামী কালা মনির পলাতক অবস্থায় আত্নগোপনে রয়েছে। বিদেশে অবস্থানরত আসামীদের দেশে ফেরাতে এবং হত্যার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাব-১১ এর প্রচেষ্টা চলমান রয়েছে বলে র‌্যাব জানায়।

গ্রেফতারকৃত আসামীদের দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।