Tag Archives: দাউদকান্দির পদুয়া ইউপি চেয়ারম্যানের মৃত্যু

দাউদকান্দির পদুয়া ইউপি চেয়ারম্যানের মাস্ক বিতরণ

 

জাকির হোসেন হাজারীঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাস্ক বিতরণ করেন পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেন।

রবিবার (১১ এপ্রিল) সকাল থেকে পদুয়া ইউনিয়নের খালিসা বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে দিনব্যাপি এ কর্মসূচী পালন করেন।

এসময় মনির চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের বলেন, করোনা সংক্রমন থেকে আমার ইউনিয়নের মানুষকে নিরাপদ রাখতে এ উদ্যোগ নিয়েছি। জনস্বার্থে এই কার্যক্রম চলমান রাখবো।

মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা ডালিম ভূইয়া, সৈয়দ রাকিব, কবির হোসেনসহ আরও অনেকে।

দাউদকান্দির পদুয়া ইউপি চেয়ারম্যানের মৃত্যু, যুবলীগ নেতার ঘুষিতে নাকি স্ট্রোকে ?

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পদুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউলের ধাক্কায় পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল হোসেন তালুকদার নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চেয়ারম্যানের মৃত্যু হয়েছে বলে অন্য একটি পক্ষ প্রচার করছে।

নিহত বাবুল হোসেন তালুকদার উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

মঙ্গলবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের সৈয়দখার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে পদুয়া ইউনিয়নের সৈয়দখার কান্দি গ্রামে ফজলু মেম্বার ভিজিএফের চাল বিতরণ করছিলেন। এমন সময় সাবেক ছাত্রলীগ নেতা ও বতর্মানে ইউনিয়নের যুবলীগ সভাপতি রবিউল চাল কম করে বিতরণ করার  জন্য ফজলু মেম্বারকে চাপ দেয়। এ বিষয় নিয়ে যুবলীগ নেতা রবিউল ও ফজলু মেম্বারের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন তালুকদার, তার ভাই ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে। তখন রবিউলের সাথে ইউপি চেয়ারম্যান বাবুলের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান বাবুলকে ধাক্কা ও ঘুষি মারে যুবলীগ নেতা রবিউল। পরে স্থানীয়রা রবিউলকে সরিয়ে নেয়। একটু পরেই বাবুল চেয়ারম্যানের ভাইদের সাথে রবিউলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বাড়িতে এসে কক্ষে ঢুকে অসুস্থ হয়ে পড়েন চেয়ারম্যান বাবুল। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শাখাওয়াত হোসেন জানান, শুনেছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। আবার স্থানীয় অনেকে বলছেন ধাক্কা ও ঘুষিতে তার মৃত্যু হয়েছে। তাই মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু রহস্য জানা যাবে। আমরা এ বিষয়টি তদন্ত করে দেখছি।