স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিটঘর টিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম।
বিশেষ অতিথি ছিলেন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা খাতুন, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বেগম রোকেয়া স্বর্ণপদক প্রাপ্ত রত্নগর্ভা মা প্রফেসর জোহরা আনিস।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নত দেশগুলোতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেয়া হয়। আমাদের দেশেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অধিক গুরুত্বারোপ করেছেন। শিক্ষকের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল, উপবৃত্তি, বিনামূল্যে বই ও আধুনিক শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অতীতের অন্যান্য সময়ের চেয়ে আমুল পরিবর্তন হয়েছে। শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষা দেয়ার জন্য অনুরোধ করেন তিনি। তিনি আরো বলেন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ন।
বিশেষ অতিথি নবীনগর উপজেলার কৃতি সন্তান কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বেগম রোকেয়া স্বর্ণপদক প্রাপ্ত রত্নগর্ভা মা প্রফেসর জোহরা আনিস বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে প্রাথমিক স্তরটিই হচ্ছে মূল ভিত্তি। সে জন্য প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীরা আগামির ভবিষ্যত। তারাই একসময় উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবে। একজন ভাল শিক্ষকের গুণাবলী সম্পর্কে সকল শিক্ষকদের অবগত থাকতে হবে। শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো যত্ন নিয়ে পড়াতে হবে। তাহলেই শিক্ষার্থীরা একসময় সমাজে জ্ঞানের আলো ছড়াবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অধিক গুরুত্বারোপ করায় তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।