Tag Archives: পরীক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে পরীক্ষায় পাস করলেন মা ও মেয়ে

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে চলতি বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাস করেছে মা ও মেয়ে।

মা নুরুন্নাহার বেগম ও মেয়ে নাসরিন আক্তার নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাস করেন।

রবিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মেয়ে নাসরিন মানবিক বিভাগ থেকে জিপিএ-২.৬৭ পেয়েছে। নুরুন্নাহার একই বিদ্যালয়ের কারিগরি (ভোকেশনাল) শাখা থেকে জিপিএ-৪.৫৪ পেয়েছেন।

নুরুন্নাহারের বয়স ৪৪ বছর ও নাসরিনের বয়স ১৮ বছর। নুরুন্নাহার বেগম নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের (১.২.৩ নম্বর ওয়ার্ডের) সংরক্ষিত সদস্য।

এসএসসি পরীক্ষায় মা ও মেয়ের একসঙ্গে পাস করার ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। লোকজন ইউনিয়ন পরিষদ মেম্বার নুরুন্নাহার বেগমের প্রশংসা করছেন।

নুরুন্নাহার বেগম জানান, আমার মেয়েও আমার সাথে পাস করেছে। এতে আমি মহাখুশি। তিনি বলেন, আমি আরও পড়তে চাই। নিজের দুই সন্তানকেও পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পড়াশোনার কোনো বয়স নেই বলে তিনি মনে করেন।

তিনি বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায়। শ্বশুর বাড়ির লোকজন ছিলেন রক্ষণশীল। এ অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। এক পর্যায়ে মেম্বার নির্বাচিত হই। এ নিয়ে দুইবার মেম্বার। সবার অনুমতি নিয়ে আবার পড়াশোনা করি। কেননা, লেখাপড়ার কোনো বিকল্প নেই বলে মনে করি।

ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত থাকছে না আর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা

ডেস্ক রিপোর্ট:

দেশের সরকারি-বেসরকারি স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে প্রকাশিত শিক্ষাপঞ্জি (অ্যাকাডেমিক ক্যালেন্ডার) থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৪ সাল থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে দুটি সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। বছরের মাঝামাঝি হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বছর শেষে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। আর দশম শ্রেণিতে অনুষ্ঠিত হবে প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং নির্বাচনি পরীক্ষা।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৪ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুলগুলোর নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও প্রাক-নির্বাচনি পরীক্ষা শুরু হবে মে মাসে। ২৩ মে থেকে মূল্যায়ন শুরু হয়ে চলবে ৯ জুন পর্যন্ত। ১০ জুলাই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। ২১ নভেম্বর থেকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে, চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। আর মূল্যায়নের ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, এই সূচি অনুযায়ী ষান্মাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করতে হবে। মূল্যায়নের কাগজপত্র অন্তত এক বছর স্কুলে সংরক্ষণ করতে হবে। মূল্যায়নের তারিখ পরিবর্তন করা যাবে না। বিশেষ পরিস্থিতিতে পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অনুমতি নিতে হবে। মূল্যায়নের প্রশ্ন শিক্ষকদের নিজেদের প্রণয়ন করতে হবে। কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নে মূল্যায়ন করা যাবে না।

এ ছাড়া ২০২৪ সালে প্রাথমিক বিদ্যালয়েও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান হবে। এই তিন শ্রেণিতেও কোনো পরীক্ষা থাকবে না। শুধু চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৫ সাল থেকে সেটাও বাতিল হবে। ওই বছর থেকে চতুর্থ-পঞ্চমে নতুন শিক্ষাক্রম চালু হবে। ফলে আগামী দুই বছর পর প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে।

আগামী রবি ও সোমবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রবি ও সোমবার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে অবহিত করা হবে। এ ছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

কাল খুলছে কুবির সীলগালা হল,তবে পরীক্ষা স্থগিত থাকবে

 

কুবি প্রতিনিধি:

আগামীকাল (৯ অক্টোবর) ১২ টায় কুবির সকল সীলগালা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ (৮ অক্টোবর) ১২ টায় উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরো জানানো হয়, হলে আবাসিক শুধু মাত্র আবাসিক শিক্ষার্থীরা উঠতে পারবে। যাদের আবাসিকতা নেই কিন্তু পূর্বে হলে অবস্থান করতো তারা আইডি কার্ড দেখিয়ে হলে উঠতে পারবে। এছাড়া ১০ থেকে ১৭ অক্টোবর পরিক্ষা স্থগিত থাকবে আগের সিদ্ধান্ত অনুযায়ী।

গত ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ‘বিলুপ্তি’ ঘোষণাকে কেন্দ্র করে ১ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টা পাল্টি অস্ত্র মহড়ায় অস্থিতিশীল হয়ে উঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ অক্টোবর (রোববার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরী মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য সীলগালা করা হয়। এমনকি ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের সকল পরীক্ষা স্থগিত করা হয়।