Tag Archives: বঙ্গভবন

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন শেষে বঙ্গভবনে যান তিনি।

এর আগে গোপালগঞ্জ-৩ আসনের নেতারা শনিবার সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র কেনার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন দলীয় প্রধান।

দলীয় সূত্রে জানা যায়, ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম বিক্রির এ কার্যক্রম চলবে আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। এ বছর অনলাইনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এছাড়াও অনলাইনে ‘স্মার্ট নমিনেশন অ্যাপ’ নামে একটি অ্যাপ চালু করেছে ক্ষমতাসীন দলটি। গুগল প্লে স্টোর অথবা ওআইওএস অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি থেকে অনলাইনেই ফরম পূরণ করে জমা দিতে পারবেন মনোনয়নপ্রত্যাশীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৫টি উপকমিটি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার রাতে ক্ষমতাসীন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছে। গত বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফশিল ঘোষণা করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।

বঙ্গভবনে ৪ কমিশনারসহ সিইসি

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন নির্বাচন কমিশনের সদস্যরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে প্রবেশ করেন। তাদের সঙ্গে কমিশন সচিব মো. জাহাংগীর আলমও আছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্যই এ সাক্ষাৎ। এসময় নির্বাচনের তফসিল ঘোষণার দিন-তারিখের সম্মতি নিয়ে আসবে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফ করবেন সিইসি।

সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা শুরু হবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে। নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

সংসদ নির্বাচন সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় ভোটার সংখ্যা বেড়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। জেলা নির্বাচন কর্মকর্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

ইসি জানায়, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা দীর্ঘদিনের রীতি রয়েছে। এরপরই তফসিল ঘোষণা হবে।

১৪ অথবা ১৫ নভেম্বর তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় ইসি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এরই মধ্যে ১ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করেছে ইসি।

নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক, সন্ধ্যায় শপথ

 

ডেস্ক রিপোর্টঃ

নতুন ধর্ম প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের জন্য প্রস্তুতি চলছে বঙ্গভবনে। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের। এ শপথ পাঠ পর্বের মধ্য দিয়ে নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মৃত্যুবরণ করেন। ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।