Tag Archives: বিমান হামলা

সিরিয়ায় আসাদের পতনের পর

সিরিয়ায় আসাদের পতনের পর যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা

সিরিয়ায় আসাদের পতনের পর যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা

ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল আইএস গোষ্ঠীর বিভিন্ন স্থাপনা। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার জানিয়েছে, তারা সিরিয়ায় ৭৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় আইএস নেতা, তাদের ক্যাম্প এবং অভিযান কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছে। সেন্টকমের দাবি, আসাদের পতনের পর আইএস যাতে সুবিধা নিতে না পারে, সেজন্যই এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল ইরিক কুরিলা এক বিবৃতিতে বলেন, “আমরা আইএসকে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুবিধা নিয়ে পুনর্গঠনের সুযোগ দিতে পারি না। সিরিয়ায় সক্রিয় সব গোষ্ঠীকে জানিয়ে দেওয়া হচ্ছে, আইএসকে সহায়তা করলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।”

সেন্টকম দাবি করেছে, এই হামলাগুলোতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। তবে সিরিয়ার কোন কোন অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট করেনি সংস্থাটি।

সেন্টকম আরও জানিয়েছে, আইএসের সক্ষমতা কমানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্র এবং অংশীদারদের সঙ্গে নিয়ে সিরিয়ায় অভিযান অব্যাহত রাখবে।

এদিকে মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “বছরের পর বছর আসাদের প্রধান সমর্থক ছিল ইরান, হিজবুল্লাহ এবং রাশিয়া। কিন্তু গত সপ্তাহে তাদের সমর্থন ভেঙে পড়েছে। আমি দায়িত্ব নেওয়ার সময়ের তুলনায় এখন তারা অনেক দুর্বল।”

লেবাননে ইসরায়েলের বিমান হামলা

ডেস্ক রিপোর্ট:

হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার জবাবে শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ বলেছে, উত্তর ইসরায়েলে রকেট হামলার জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সামরিক বাহিনী। বিমান হামলায় হিজবুল্লাহর কোনও সদস্য হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীর লেবাননে বিমান হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আইডিএফের ভিডিওতে লেবাননের দক্ষিণাঞ্চলের রামিশ গ্রামের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়।

আর হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটিও পরিষ্কার নয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলার খবর দেওয়া হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে ইসরায়েলে এসব হামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সীমান্তের কাছাকাছি ইসরায়েলের দিশোন এবং মালকিয়ার গ্যালিলির একাধিক এলাকায় রকেটের সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের অন্যান্য মিত্রদের দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলে তীব্র রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মাঝে বাসিন্দাদের সতর্ক করছে কর্তৃপক্ষ।

দিশোন ও মালকিয়ার গ্যালিলির ছাড়াও শনিবার উত্তর ইসরায়েলের রোশ হানিকরা এলাকায় কয়েকটি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। তবে এই শহরে বাসিন্দাদের সতর্ক করে দিতে সাইরেন বাজানো হয়নি। রকেট হামলায় রোশ হানকিরায় কেউ আহত হননি বলে জানিয়েছে আইডিএফ। সৈন্যরা লেবাননের ভূখণ্ডে রকেটের উৎস লক্ষ্য করে গোলাবারুদ নিক্ষেপ করছেন।

হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর দিন অর্থাৎ গত ৮ অক্টোবর থেকে এই যুদ্ধে হিজবুল্লাহ জড়িয়েছে বলে শুক্রবার দেওয়া এক ভাষণে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। তখন থেকে প্রায় প্রত্যেক দিনই ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সীমান্তে ইসরোয়েলি সৈন্যদের সাথে সংঘর্ষে জড়িয়েছেন হিজবুল্লাহর সদস্যরা।

ইসরায়েলের সাথে সংঘাতে হিজবুল্লাহর এখন পর্যন্ত ৫৭ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। গত প্রায় এক মাসের যুদ্ধে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৯ হাজার ৬১ জনে। নিহতদের অধিকাংশই শিশু-নারী ও বেসামরিক লোকজন। আর হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

গাজায় ভোরে ইসরাইলি বিমান হামলায় ১৬ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

গাজাজুড়ে ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার ভোরে গাজায় ইসরাইলি বাহিনী এই হামলা চালায়। খবর আলজাজিরার।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, ইসরাইলি হামলা উত্তরে জাবালিয়া, তাল আল-হাওয়া, মধ্য গাজার আল-নুসিরাত শরণার্থী শিবির এবং দক্ষিণে খান ইউনিসের আবাসিক এলাকায় আঘাত হানে।

এছাড়া গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। এখানেও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

বিবৃতিতে আরও জানা যায়, উত্তর গাজার শুজাইয়াহ, শেখ রাদওয়ানেও বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই পালটা আক্রমণ শুরু করে ইসরাইল। এরপর থেকে নির্বিচার হামলা চলছে। অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা।

গাজায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরাইলের নির্বিচার হামলায় পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত ১৫ হাজারের বেশি মানুষ। নিহতের মধ্যে শিশুর সংখ্যাই দুই হাজার।

অন্যদিকে ইসরাইল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের দেশে নিহত মানুষের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ৪ হাজারের বেশি। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য রয়েছেন।

সুদানে বিমান হামলায় নিহত ৪৩

সুদানে বিমান হামলায় নিহত ৪৩

ডেস্ক রিপোর্ট:

উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানীতে বিমান হামলা চালানো হয়েছে। এতে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে।

আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন।

রোববার সকাল সোয়া ৭টার দিকে কুরো মার্কেট এলাকায় এ বিমান হামলা চালানো হয়।

রাজধানীতে সুদানের সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আধাসামরিক গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড লড়াইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে।

সুদানের লোকাল অ্যাসিসটেন্ট কমিটি হামলার জন্য দেশটির বিমানবাহিনীকে দায়ী করেছে। নিহতের সংখ্যা ৪০ জন বলছে তারা।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘সকাল ৭টা ১৫ মিনিটে সামরিক বিমান কুরো মার্কেট এলাকায় বোমা হামলা চালায়। কুরো মার্কেট গণহত্যার মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে। ’

ইমার্জেন্সি রুম অ্যাক্টিভিস্ট গ্রুপও বিমান হামলায় নিহতের সংখ্যা ৪০ জন বলেছিল।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি মেডিকেল গ্রুপের মতে, রোববার সুদানের রাজধানী খার্তুমের একটি বাজারে বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।

একটি বিবৃতিতে সুদানের ডাক্তার সিন্ডিকেট বলেছে, দক্ষিণ খার্তুমের মায়ো পাড়ায় একটি খোলা বাজারকে লক্ষ্য করে হামলায় ৫৫ জন আহত হয়েছে।

বিমান হামলার পেছনে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়।

আরএসএফ ওই বিমান হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে।

তবে সুদানের সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। দাবিটিকে ‘বিভ্রান্তিকর’ এবং ‘মিথ্যা’ বলে অভিহিত করেছে।

গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগলো মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এরপর দুই বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই বাহিনীর লড়াইয়ের মাঝে পড়ে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রোববারের এ বিমান হামলাটি দ্বন্দ্ব শুরু হওয়ার পর বেসামরিকদের ওপর সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা।

বিভিন্ন সূত্র ও তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। তবে স্থানীয়দের আশঙ্কা এ সংখ্যা আরও অনেক বেশি।

সূত্র: এএফপি