Tag Archives: হামলা

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৮০ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, শনিবার গাজার উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরে জোড়া হামলার ঘটনায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ইসরায়েল-হামাস যুদ্ধে বাস্তুচ্যুত লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত জাতিসংঘের একটি স্কুলও রয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ওই শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত আল ফাখুরা স্কুলে হামলার ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ছয় সপ্তাহ ধরে ধরা এই সংঘাতে গাজা উপত্যকার ভেতরে প্রায় ১৬ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। সেখানে শিশু, নারী ও পুরুষ নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস।

জাবালিয়া শরণার্থী শিবিরে শনিবার অপর একটি হামলায় একই পরিবারের ৩২ জন নিহত হয়েছে। হামাসের কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জনই শিশু।

জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির আবাসস্থল। গত ১৫ নভেম্বর আল-শিফা হাসপাতালের ভেতরে অভিযান শুরু করে ইসরায়েল। রোগী, চিকিৎসাকর্মী ও আশ্রয় নেওয়া মিলিয়ে ৭ হাজার লোক হাসপাতালটিতে আটকা পড়েছে।

মিশর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি সরবরাহ করা হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার গাজায় জ্বালানি সরবরাহ করেছে মিশর। এদিন সংঘাতপূর্ণ গাজায় এক লাখ ২৩ হাজার লিটার (৩২ হাজার ৪৯৩ গ্যালন) জ্বালানি সরবরাহ করা হয়।

এর আগে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা যুক্তরাষ্ট্রের অনুরোধের পর প্রতি দুই দিন পর পর গাজা উপত্যকায় এক লাখ ৪০ হাজার (৩৭ হাজার গ্যালন) জ্বালানি সরবরাহের অনুমতি দেয়। এরপরেই মিশর থেকে সেখানে জ্বালানি সরবরাহ করা হলো।

চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে পারবে না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (বিএনপি) অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।

তিনি জানান, চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে পারবে না বিএনপি-জামায়াত। কারণ তাদের সঙ্গে জনগণ নেই।

রোববার বিকাল ৪টায় নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। কেউ কি হাসপাতালে আক্রমণ করে? তারেক জিয়ার চামচারা এসব হামলা করছে বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।

জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে শেখ হাসিনা বলেন, কেউ যদি বাসে আগুন দিতে যায় তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা।

এর আগে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা ১২টা ৪৫ মিনিটে এই কারখানার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন। এর আগে বেলা ১২টার কিছু আগে এখানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানানো হয়।

উল্লেখ্য, নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের অক্টোবরে কারখানার নির্মাণ কাজ শুরু হয়। ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হলে প্রকল্পের অবকাঠামোর কাজ বাধাপ্রাপ্ত হয়। পরে একই বছরের ১৬ আগস্ট পূর্ণোদ্যমে কাজ শুরু হয়।

১১০ একর জমির ওপর নির্মিত প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকার ৪ হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকা আর জাপান ও চীনের ঠিকাদারদের যৌথ কনসোর্টিয়াম ব্যাংক অব টোকিও-মিৎসুবিশি ইউএফজে লিমিটেড ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ১০ হাজার ৯২০ কোটি টাকার ঋণ দেয়।

তুরস্কে মার্কিন বিমান ঘাঁটিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের হামলা

ডেস্ক রিপোর্ট:

তুরস্কের দক্ষিনাঞ্চলীয় প্রদেশ আদানার ইনকিলরিক শহরের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। আইএইচএইচ হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন নামের একটি ইসলামিক সহায়তা সংস্থা রোববার এই বিক্ষোভ সংগঠিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিক্ষোভের বিভিন্ন ছবি ও ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওচিত্রে দেখা গেছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে বিমান ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করছেন এবং পুলিশ টিয়ার শেল ও স্মোক বম্ব ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

জবাবে বিক্ষোভকারীদেরকেও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল, প্লাস্টিকের চেয়ার ও অন্যান্য জিনিস ছুড়তে দেখা গেছে। পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়াতে দেখা গেছে অনেককে। তবে কিছু সময় এই অবস্থা চলার পর তাদের সরিয়ে দিতে সক্ষাম হয়েছে পুলিশ।

রোববার আঙ্কারা সফরে এসেছিলেন মার্কিন পররাষ্টমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি আঙ্কার পৌঁছানোর দুই ঘণ্টা আগে বিক্ষোভ হয় ইনকিলরিক ঘাঁটিতে।

ইনকিলরিকের এই ঘাঁটিটি থেকে মূলত সিরিয়া ও ইরাকের কিছু অঞ্চলে ক্ষমতাসীন আন্তর্জাতিক সংন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। আইএসকে প্রতিহত করতে যে আন্তর্জাতিক জোট গঠিত হয়েছে, যুক্তরাষ্ট্র ও তুরস্ক উভয়ই সেই জোটের সদস্য। মার্কিন বিমান বাহিনীর একটি দল ২৪ ঘণ্টা এই ঘাঁটি এলাকায় অবস্থান করেন।

রোববারের বিক্ষোভের সংগঠক আইএইচএইচ হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বুলেন্ত ইয়িলদিরিম রয়টার্সকে জানিয়েছেন, হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে তুরস্কের জনগণ ক্ষুব্ধ এবং তারা চায় তুরস্ক থেকে সব মার্কিন সেনা বিদায় হোক।

বিক্ষোভের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইয়িলদিরিমও। পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতের সময় তাকে বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে দেখা গেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চলানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে।

হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৩৪ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস।

অন্যদিকে, ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৯ হাজার। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ১৯৫৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল-আকাস অঞ্চলে।

পুলিশের ওপর হামলা-অগ্নিসংযোগে জড়িতদেরই গ্রেপ্তার করা হচ্ছে: আইজিপি

ডেস্ক রিপোর্ট:

পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগে যারা জড়িত তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিএনপির মহাসমাবেশে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে এমন মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, আমরা তাদের (বিএনপি) শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দিয়েছিলাম। সেখানে তারা প্রথমে প্রধান বিচারপতির বাসায় হামলা চালায় এবং আমাদের পুলিশকে পিটিয়ে হত্যা করে। কীভাবে শান্তিপূর্ণ সমাবেশে তারা আমাদের ওপর হামলা করে আমাদের পুলিশ সদস্যদের আহত করেছে। আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারা মহাসমাবেশে যোগ দেওয়ার আগেই বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনার সঙ্গে যেসব দুষ্কৃতিকারী জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে।

সাংবাদিকদেরকেও টার্গেট করে হামলা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা তাদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন। তাদেরকেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে। তারা যে অপরাধ করছে সাংবাদিকদের মাধ্যমে সেটি তাদের বিরুদ্ধে চলে যাবে, সেজন্য তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, রাস্তায় মানুষ নিরাপদে চলতে পারবে সেটাও যেমন তার অধিকার, রাজনৈতিক দল প্রোগ্রাম করবে সেটাও তাদের অধিকার। কিন্তু মানুষ নিরাপদে চলাচলের ক্ষেত্রে কেউ যদি বাধা সৃষ্টি করে জান-মালের ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জো বাইডেনের কথিত উপদেষ্টা এবং একজন সাবেক সেনা কর্মকর্তাকে আপনারা গ্রেপ্তার করেছেন, এর পেছনে আর কারা জড়িত আছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর পেছনে কারা জড়িত আছে সে বিষয় নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। এ বিষয়টি তদন্তাধীন, তাই মন্তব্য করতে চাই না।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাবেশ ও হরতালে হামলা ভাঙচুর আগুনে ৮৮ লাখ টাকার ক্ষতি: বিআরটিসি

সমাবেশ ও হরতালে হামলা ভাঙচুর আগুনে ৮৮ লাখ টাকার ক্ষতি: বিআরটিসি

ডেস্ক রিপোর্ট:

সমাবেশ ও হরতালের দুই দিনে বাস ডিপোতে হামলা, বাসে ভাঙচুর-আগুনের ঘটনায় ৮৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিসি)।

রোববার (২৯ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো বিআরটিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৮ অক্টোবর আনুমানিক বিকেল ৪টায় বিএনপি-জামায়াতের সমাবেশে অংশগ্রহণকারী প্রায় ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে অতর্কিতভাবে হামলা চালায়। ডিপোর গেট টপকে ডিপোর অভ্যন্তরে প্রবেশ করে প্রশাসনিক ভবনের নিচতলায় আন্তর্জাতিক সার্ভিসের কাউন্টার ও বিশ্রামাগার এবং ট্রাফিক শাখায় ভাঙচুরসহ তাণ্ডব চালায়। একপর্যায়ে দুষ্কৃতকারীরা নিচতলায় আন্তর্জাতিক সার্ভিসের কাউন্টারে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। হামলায় ঢাকা-আগরতলা, ঢাকা-কলকাতা, আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক কাউন্টারের অভ্যন্তরে কম্পিউটার, টেবিল, চেয়ার, সোফা, রুমের জানালার গ্লাস সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ২৫ লাখ টাকা আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

ডিপোর নিরাপত্তার দায়িত্বে ১০ জন আনসার সদস্য ও ১০০ জন নিজস্ব জনবল দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করা হয়। কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় ডিপোর জানমালের নিরাপত্তার স্বার্থে আনসার সদস্য কর্তৃক ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। ঘটনার একপর্যায়ে বাংলাদেশ পুলিশের প্রায় ৫০ জন সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সবার যৌথ প্রচেষ্টায় দুষ্কৃতকারীরা পিছু হটে।

গত ২৮ অক্টোবর আনুমানিক বিকেল ৪টার দিকে বিএনপি-জামায়াতের সমাবেশে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা শাহাজাহানপুরে ঢাকা মেট্রো-ব-১১-৬২৫৭ রেজিস্ট্রেশন নম্বরের বাসে অগ্নিসংযোগ করে। এতে বাসটির সম্পূর্ণ অংশ পুড়ে যায়। ফলে বিআরটিসির ৬০ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়। দুষ্কৃতকারীর হামলায় বাসে নিয়োজিত চালক গুরুতর আহত হয়। এ বিষয়ে ২৮ অক্টোবর মতিঝিল থানায় এবং ২৯ অক্টোবর শাহজাহানপুর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়।

২৯ অক্টোবর আনুমানিক সকাল সাড়ে ৮টায় উত্তরার জসিমউদ্দিন এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সার্ভিসের চারটি বাস ভাঙচুর করা হয়। বাসের জানালার গ্লাস ও উইন্ডশিল্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। এছাড়া দুষ্কৃতকারীরা বেলা ১১টার দিকে জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণাধীন ঢাকা মেট্রো-ব-৫০৯৮ নম্বর বাসে টঙ্গী চেরাগ আলী নামক স্থানে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের তিনটি সিট পুড়ে যায়। এ ঘটনায় এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। উভয় ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৫৯ কর্মী নিহত

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহত হয়েছেন জাতিসংঘের ৫৯ কর্মী। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অবিরাম বিমান হামলায় প্রাণ হারিয়েছেন তারা। অন্যদিকে একই সময়সীমায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা আট হাজার ছাড়িয়েছে।

নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় সাড়ে ৫ হাজার। রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলার কারণে গাজায় ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনডব্লিউআরএ) ৫৯ জন কর্মী নিহত হয়েছেন বলে রোববার জানিয়েছে জাতিসংঘ।

ইউএনআরডব্লিউএ-এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় হামলায় প্রাণ হারানো ইউএনআরডব্লিউএ কর্মীদের সম্মান জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের সহকর্মীদের নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘ এবং ইউএনআরডব্লিউএর জন্য প্রতিটি দিন এক একটি অন্ধকার দিন হয়ে উঠছে।’

প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

হামাসের এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪০০ ইসরায়েলি। নিহতদের মধ্যে ২৮৬ জন সেনাসদস্য রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। হামাসের হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি। এছাড়া আরও ২২৯ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস।

এই ঘটনার জের ধরে গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫ জনে। নিহতদের মধ্যে ৩ হাজার ৩৪২ শিশু, ২ হাজার ৬২ জন নারী এবং ৪৬০ জন বয়স্ক মানুষ।

এছাড়া ইসরায়েলের এই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে। একইসঙ্গে গত ৮ অক্টোবর থেকে গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করে রেখেছে ইসরায়েল।

উল্লেখ্য, প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের পরে ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় ইউএনডব্লিউআরএ। প্রতিষ্ঠার পর থেকে সংস্থটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, সিরিয়া এবং লেবাননে স্কুলিং (শিক্ষা), প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তাসহ অন্যান্য মানবিক সেবা প্রদান করে আসছে।

সন্ত্রাসীদের হামলায় আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল মারা গেছেন

সন্ত্রাসীদের হামলায় আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল মারা গেছেন

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার দুপুরে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ও তার স্ত্রীকে চেম্বারে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা।

ডাক্তার জহিরুল হককে প্রথমে কুমেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। পরে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত সাড়ে ৪ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত ডাক্তার জহিরুল হক কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার বাসিন্দা।

তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের সাবেক শিক্ষক ছিলেন। তিনি নগরীর রেইসকোর্স এলাকায় চেম্বার করে নিয়মিত রোগী দেখতেন।

কুমিল্লা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের পরিচালক ডা: আজিজুর রহমান সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে জেলা পুলিশ।

ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি ইসরায়েলের

ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ যেন অন্যত্র ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে কাজ করছে আরব দেশগুলোর নেতারাও।

তবে পশ্চিমাদের হুঁশিয়ারি এবং আরব নেতাদের চেষ্টার পরও হামাস-ইসরায়েলের যুদ্ধে ইতিমধ্যে ‘কিছুটা’ জড়িয়ে গেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননভিত্তিক এই মিলিশিয়া বাহিনী গত কয়েকদিন ধরে ইসরায়েলের সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সামনের দিন গুলোতে দুই পক্ষের মধ্যে বড় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এখন।

তবে হিজবুল্লাহ যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাত।

রোববার (২২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, হিজবুল্লাহকে দিয়ে ইরানই মূলত ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে।

তিনি বলেছেন, ‘ইরানের লক্ষ্য হলো ইসরায়েলের ওপর সব দিক দিয়ে হামলা চালানো। যদি আমরা বুঝতে পারি তারা (হিজবুল্লাহ) ইসরায়েলে হামলা চালাতে চায়, শুধুমাত্র আমাদের সব ফ্রন্টে নয়, আমরা সাপের মাথা, ইরানের ওপরও হামলা চালাব।’

ইসরায়েলি অর্থ ও শিল্পমন্ত্রী হুঁশিয়ারির সুরে বলেছেন, যদি হিজবুল্লাহ ইসরায়েল-লেবানন সীমান্তে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে তাহলে এর ফলাফল হিসেবে ‘পৃথিবীর বুক থেকে হিজবুল্লাহ নিশ্চিহ্ন হয়ে যাবে।’

সূত্র: হারেৎজ

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ধসে পড়েছে গাজার ঐতিহাসিক মসজিদ

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ধসে পড়েছে গাজার ঐতিহাসিক মসজিদ

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ধসে পড়েছে গাজা উপত্যকার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ। গাজার উত্তরাঞ্চলে অবস্থিত মসজিদটি ধ্বংস হওয়ার তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক মাইক্রো ব্লগিং সাইট এক্সে শুক্রবার একটি পোস্টে মসজিদটির তিনটি ছবি প্রকাশ করেছে।

ছবিগুলো দেখে যা বোঝা যাচ্ছে, যেখানে নামাজ আদায় করা হতো সেখানে বোমা ফেলা হয়েছে। তবে মসজিদটির মিনার ও গম্বুজটি অক্ষত আছে। ছবিগুলোতে সবুজ রঙের গম্বুজ ও সাদা রঙের মিনারটি দেখা যাচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের এ নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যাই ১ হাজার ৫০০ জনের বেশি।

যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামাসের যোদ্ধাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার বেসামরিক মানুষ।

বোমা হামলার পাশাপাশি গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করেছে ইসরায়েল। এরমাধ্যমে ছোট এই উপত্যকায় খাদ্য, পানি, জ্বালানিসহ সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ রেখেছে তারা। আর অতিপ্রয়োজনীয় এসব পণ্যের অভাবে এখন গাজায় মানবিক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

মানুষের ওপর হামলার ঘটনা ঘটলে কোনো ছাড় নয়: প্রধানমন্ত্রী

মানুষের ওপর হামলার ঘটনা ঘটলে কোনো ছাড় নয়: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের নামে সন্ত্রাসবাদ বা একইভাবে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না।

লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে তার সম্মানে আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে, বিএনপি-জামায়াত জোট ২০১৩-১৪ সালে যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চসহ বহু ধরনের যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ করে জনগণকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে, সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করে সারাদেশে তাণ্ডব চালিয়েছিল। তথাকথিত আন্দোলনের নামে।

তিনি জানায়, অগ্নিসংযোগের ঘটনায় নারীসহ অনেক লোক গুরুতরভাবে দগ্ধ হয়েছিল এবং তারা তাদের আঘাত নিয়ে অমানবিক জীবনযাপন করছে।

প্রধানমন্ত্রী জানান, আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। সন্ত্রাসবাদে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা এবং দেশের সম্পত্তি নষ্ট করা তাদের আন্দোলন। এর আগে ২৯ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। দুর্দশাগ্রস্ত মানুষের জীবন নিয়ে এমন কোনো চেষ্টা করা হলে কোনো ক্ষমা করা হবে না।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জানান, গণতন্ত্রের কথা বলা বিএনপির পক্ষে শোভা পায় না কারণ তারা জনগণের ভোটাধিকার নিয়ে ধোঁকাবাজি খেলেছে।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি একটি প্রহসনমূলক নির্বাচন করে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যেই দেশের জনগণ তাদের ক্ষমতা থেকে উৎখাত করে।

তিনি বলেন, দেশের জনগণ কখনই ভোট কারচুপিকারীদের ক্ষমতায় বসতে দেয় না। বিএনপি-জামায়াত জোট ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার নিয়ে ভোটার তালিকা তৈরি করে এবং সেই তালিকা দিয়ে নির্বাচন করার চেষ্টা করে।

উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের অনেকেই তাদের জীবন উৎসর্গ করেছেন।

প্রধানমন্ত্রী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, তার সরকার নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়নের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সমস্ত সংস্কার করেছে।

তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা স্বচ্ছ ব্যালট বক্স চালু করেছে এবং ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছে।

শেখ হাসিনা জানায়, বিএনপি এখন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আন্দোলন করছে। সরকারপ্রধান হিসেবে তার ওপর ন্যস্ত নির্বাহী ক্ষমতা দিয়ে এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলায় কারাদণ্ড স্থগিত করার পর খালেদা জিয়াকে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে তার কিছুই করার নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি আইন অনুযায়ী যা করতে পারেন তাই করেছেন।

অনেকেই এখন যুক্তি দিচ্ছেন, ‘আইন নিজের গতিতে চললেও খালেদা জিয়ার প্রতি আমি বেশি সহানুভূতি দেখাতে পারি’। ১৫ আগস্ট, ১৯৭৫ সালের হত্যাকাণ্ড, ২১ আগস্ট, ২০০৪ গ্রেনেড হামলা, শেখ রেহানার বাড়িটিকে একটি পুলিশ ফাঁড়িতে পরিণত করা, যা তিনি জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রণীত আইনের অধীনে পেয়েছিলেন এবং তা বিএনপি সরকারের লঙ্ঘনের ঘটনা উল্লেখ করেন। ছেলে কোকোর মৃত্যুর পর তাকে (শেখ হাসিনা) খালেদা জিয়ার বাড়িতে প্রবেশের অনুমতি না দেবার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা কীভাবে খালেদা জিয়ার জন্য আমার কাছ থেকে আরও সহানুভূতি আশা করে।

তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্তর্ভুক্ত প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদানের কথা স্মরণ করেন।

চলমান ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির পটভূমিতে, অনুমোদন এবং পাল্টা নিষেধাজ্ঞা, তিনি খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরতা কমাতে এক ইঞ্চি জমি ছেড়ে না দেওয়ার জন্য সবাইকে আহ্বান করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে তার সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশকে একটি উন্নয়নশীল ও ডিজিটাল দেশে রূপান্তরিত করেছে এবং এখন ২০৪১ সালের মধ্যে এটিকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।