Tag Archives: হামাস

হামাসের টানেল নেটওয়ার্ককে ডুবিয়ে দিতে পানির পাম্প বসিয়েছে ইসরাইল

ডেস্ক রিপোর্ট:

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় হামাসের নিয়ন্ত্রণে থাকা টানেল নেটওয়ার্ককে সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দিতে চায় ইসরাইল। যাতে এসব টানেলে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের বাইরে বের করে আনা যায়। এই লক্ষ্যে দেশটি এরই মধ্যে বিশাল সেচ ব্যবস্থার জোগাড় করে ফেলেছে।

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত নভেম্বরের মাঝামাঝি থেকেই ইসরাইল এ পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছে। এরই মধ্যে তারা সমুদ্র থেকে পানি টেনে আনার জন্য গাজা আল-শাতি শরণার্থী শিবিরের পাশে অন্তত পাঁচটি পানির পাম্প স্থাপন করেছে। যেগুলো প্রতি ঘণ্টায় কয়েক হাজার ঘনমিটার পানি বয়ে আনতে পারবে। সেই হিসাবে একবার পানি টানা শুরু করলে কয়েক সপ্তাহের মধ্যেই গাজার টানেলগুলো পানিতে ভরে যাবে।

তবে এখনো বিষয়টি নিশ্চিত নয় যে, ইসরাইল সব জিম্মিকে মুক্ত করার আগেই এসব পাম্প ব্যবহার করবে কিনা। কারণ এখনো হামাসের কাছে শ’খানেক ইসরাইলি জিম্মি রয়ে গেছে। হামাস জানিয়েছে, এসব জিম্মি টানেলের ভেতরে সুরক্ষিত অবস্থানে রয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে এক মার্কিন কর্মকর্তা বলেন, টানেলগুলো ব্যবহারের অনুপযোগী করে তোলাটা ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি করতে গিয়ে দেশটি নতুন কোনো পদ্ধতির আশ্রয় নিতেই পারে। তবে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী হামাসের সক্ষমতাকে ছিন্নভিন্ন করে দিতে বিভিন্ন কৌশলে কাজ করছে। তারা বিভিন্ন সামরিক কৌশল ও যন্ত্রপাতিও ব্যবহার করছে।

ওই মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ইসরাইল সরকার গত নভেম্বরে যুক্তরাষ্ট্রকে এ পরিকল্পনার বিষয়ে জানায়। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এ পরিকল্পনা বাস্তবায়নে কতদূর এগিয়েছে, সেই বিষয়ে এখনো নিশ্চিত নন তিনি।

তবে ওই মার্কিন কর্মকর্তা জানান, ইসরাইল এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে দেশটি এ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও উড়িয়ে দেয়নি।

দক্ষিণ গাজায় ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা, হামাস কমান্ডারকে হত্যার দাবি

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আকাশপথে হামলার পাশাপাশি এবার ট্যাংক নিয়ে সেখানে ঢুকে পড়েছে দখলদার বাহিনী।

এ অভিযানে গাজা নগরীতে হামাসের একজন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সংগঠনটির প্রধান দাবি লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি করেন, ইসরায়েলের সেনারা গাজায় হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। ওই ব্যক্তি গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পেছনে জড়িত ছিলেন।

সেনাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আগে আমরা উত্তর গাজায় জোরালো ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি। এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে। ’

একই তথ্য দেওয়া হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রেডিওতে। এতে বলা হয়েছে, খান ইউনিসের উত্তরাঞ্চলে অভিযান চালানো হচ্ছে।

সেখানে স্থল হামলায় অংশ নেওয়া একটি ট্যাংকের ছবি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কাছে এসেছে। বিবিসি ওই ছবির সত্যতা নিশ্চিত করেছে।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দুই দফায় মোট ৭ দিন যুদ্ধবিরতি দেয় ইসরায়েল। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের নতুন করে প্রস্তাববে উপেক্ষা করে গত ১ ডিসেম্বর সকাল থেকে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

নির্মমতার ধারাবাহিকতায় গতকাল ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করে ইহুদি কর্তৃত্ববাদী ‘রাষ্ট্রটির’ সেনাবাহিনী।

সূত্র: বিবিসি

নারী জিম্মিকে ছেড়ে দেওয়ায় হামাসকে ধন্যবাদ জানাল রাশিয়া

ডেস্ক রিপোর্ট:

দুই রাশিয়ান-ইসরায়েলি নারী জিম্মিকে ছেড়ে দেওয়ায় হামাসকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। গতকাল বুধবার রাতে এ দুই নারীকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

জিম্মিদের মুক্তি দেওয়ায় ধন্যবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে তারা বলেছে, ‘আমাদের আবেদনের প্রতি সাড়া দেওয়ায় হামাসের নেতৃবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞ। গাজা উপত্যকায় আরও যেসব রাশিয়ান আটকা আছেন তাদের দ্রুত মুক্তির ব্যাপারে আমরা কাজ করে যাব।’

পশ্চিমা দেশগুলো হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করলেও রাশিয়া হামাসকে দেখে স্বাধীনতাকামী গোষ্ঠী হিসেবে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন। রাশিয়ার সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপরই ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয়।

পশ্চিমারা হামাসের নিন্দা জানালেও; রাশিয়া এখন পর্যন্ত নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। এর বদলে হামাসের জ্যেষ্ঠ নেতাদের রাজধানী মস্কোতে বৈঠকের জন্য ডেকেছিল তারা।

হামাসের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেভাবে বিনাশর্তে অস্ত্র ও সহায়তা দিয়ে গেছে; সেটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া।

এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছে মস্কো।

এর আগে হামাস জানিয়েছিল, ফিলিস্তিনের প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের কৃতজ্ঞতা স্বরূপ রাশিয়ান-ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে তারা।

সূত্র: আলজাজিরা

আরও ৩৩ বন্দির মুক্তি দিলো ইসরায়েল, ১১ জনকে ছাড়ল হামাস

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি বন্দি। হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া চারদিনের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে চতুর্থ দফায় এই ৩৯ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে হামাস গাজা থেকে আরও ১১ বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে বন্দিদের ফিরিয়ে আনার জন্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে আরও ৩৩ ফিলিস্তিনি বন্দিকে ‘রাতে’ মুক্তি দেওয়া হয়েছে বলে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ মঙ্গলবার ভোরে জানিয়েছে।

সর্বশেষ এই বন্দি মুক্তির ফলে যুদ্ধবিরতির চার দিনে ইসরায়েলের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোট ফিলিস্তিনি বন্দির সংখ্যা ১৫০ জনে পৌঁছেছে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজা উপত্যকা থেকে ১১ জন বন্দিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস মুক্তি দিয়েছে। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘রেড ক্রসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুক্তি পাওয়া ওই ১১ জন বন্দি বর্তমানে ইসরায়েলি ভূখণ্ডের পথে রয়েছেন।’

এর কিছুক্ষণ পরই মুক্তি পাওয়া বন্দিরা ইসরায়েলে পৌঁছান। ইসরায়েলি সামরিক মুখপাত্র পরে জানান, মুক্তি পাওয়া বন্দিদের মেডিকেল পরীক্ষা করা হবে এবং তারপরে তাদের পরিবারের সাথে তারা পুনরায় মিলিত হবে।

চলমান সংঘাতে মধ্যস্থতা প্রচেষ্টায় মুখ্য ভূমিকা পালনকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছয়জন আর্জেন্টিনার, তিনজন ফরাসি নাগরিক এবং দুইজন জার্মান নাগরিক।

উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। এ চুক্তি অনুযায়ী, হামাস ৫০ বন্দিকে মুক্তি দিয়েছে। অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। সোমবার ছিল এই চুক্তির শেষ দিন।

যদিও ইসরায়েল হুমকি দিয়ে এসেছে, যুদ্ধবিরতি শেষ হলেই তারা আবারও গাজায় হামলা চালানো শুরু করবে। তবে শেষমুহূর্তে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ আরও দু’দিনের জন্য বাড়ানো হয়।

৭০ জিম্মিকে ছাড়তে হামাস যে শর্ত দিল ইসরাইলকে

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তাদের কাছে জিম্মি থাকা সর্বোচ্চ ৭০ নারী ও শিশুকে ছেড়ে দিতে প্রস্তুত তারা। তবে এক্ষেত্রে পাঁচ দিনের টানা যুদ্ধবিরতি দিতে হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা আল কাসসাম বিগ্রেডের পক্ষ থেকে সোমবার (১৩ নভেম্বর) এ কথা জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দার বক্তব্য ধারণ করা একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি হতে হবে পূর্ণমাত্রার এবং যুদ্ধবিরতির এই সময় গাজা উপত্যকার সবখানে ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে।

আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের (সেটলার) হামলার প্রতিবাদে গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিন থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে দখলদার রাষ্ট্রটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলা শুরুর পর সেখানকার ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর ৪০ শতাংশই শিশু। সেই সঙ্গে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ভেঙ্গে পড়েছে উপত্যকাটির স্বাস্থ্য ব্যবস্থা।

জাতিসংঘ ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে ত্রাণবাহী কিছু ট্রাক গাজায় প্রবেশ করলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগন্য।

সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে যুক্তরাষ্ট্রের, হামাসের হুশিয়ারি

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র একসময় অতীতের বিষয় হয়ে যাবে এবং এটিরও সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে বলে হুশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা।

শুক্রবার লেবাননভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। খবর মিডল ইস্টের।

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারটি গত ২ নভেম্বর সম্প্রচারিত হয়। পরে এটি ইসরাইলি গবেষণা সংস্থা মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে অনুবাদ করা হয়।

সাক্ষাৎকারে আলী বারাকা বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত শত্রুরা পরামর্শ করছে এবং ঘনিষ্ঠ হচ্ছে। এমন দিন আসতে পারে যখন তারা একসঙ্গে যুদ্ধে যোগ দেবে এবং আমেরিকাকে অতীতের বিষয়ে পরিণত করবে। সোভিয়েত ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্রের পতন হবে।

হামাসের এ জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, শুধু উত্তর কোরিয়ারই সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর।

এ বিষয়ে আলী বারাকা বলেন, উত্তর কোরিয়ার নেতাই (কিম জং উন) সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম। তিনিই একমাত্র। এমন দিন আসতে পারে, যখন উত্তর কোরিয়া হয়তো যুক্তরাষ্ট্রে হামলা করবে, কারণ এটি আমাদের জোটের অংশ।

হামাস জানিয়েছে, তাদের প্রতিনিধিদল সম্প্রতি মস্কো সফর করেছে। আরেকটি দলের বেইজিংয়ে যাওয়ার কথাও রয়েছে।

এ নিয়ে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বারাকা বলেন, রাশিয়া আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দোহায় চীন ও রাশিয়ার প্রতিনিধিদল হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছে।

হামাসের এ কর্মকর্তার মতে, ইরানের যুক্তরাষ্ট্রে হামলা করার সামর্থ্য নেই। কারণ তাদের কাছে এমন অস্ত্র নেই। তবে গাজা যুদ্ধে হস্তক্ষেপ বাড়ালে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালায়। এর পর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে তারা। চলমান সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ২২ হাজারের বেশি। গাজায় এখনো অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

ইসরায়েলের সঙ্গে ‘তাৎক্ষণিক’ বন্দি বিনিময়ের প্রস্তুত হামাস

ইসরায়েলের সঙ্গে ‘তাৎক্ষণিক’ বন্দি বিনিময়ের প্রস্তুত হামাস

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের সঙ্গে ‘তাৎক্ষণিক’ বন্দি বিনিময়ের জন্য প্রস্তুত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক থাকা সকল ফিলিস্তিনি বন্দির মুক্তি চায় তারা। গাজা উপত্যকার এই প্রতিরোধ গোষ্ঠীটি এমন কথাই জানিয়েছে।

মূলত বন্দি সংকট মেটাতে পর্দার আড়ালে উভয়পক্ষের সঙ্গে কাতার কাজ করে চলেছে এবং দেশটির এই প্রচেষ্টার মধ্যেই হামাসের পক্ষ থেকে এই বক্তব্য সামনে এলো। রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে ‘তাৎক্ষণিক’ বন্দি বিনিময়ের জন্য হামাস প্রস্তুত বলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর নেতা ইয়াহিয়া সিনওয়ার জানিয়েছেন।

সিনওয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে একটি বন্দি বিনিময় চুক্তি করতে প্রস্তুত। যার মধ্যে ইসরায়েলি জেল থেকে সমস্ত ফিলিস্তিনি বন্দিকে মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হাতে আটক থাকা সমস্ত বন্দির মুক্তি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।’

আল জাজিরা বলছে, কাতার তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পর্দার অন্তরালে কূটনৈতিক নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে হামাস কর্মকর্তা ও ইসরায়েলের সাথে দেশটি কথাও বলে চলেছে। এই মধ্যস্থতার অংশ হিসেবে গত সপ্তাহে দুই আমেরিকান বন্দি – যাদের একজন মা ও মেয়ে – এবং দুই বয়স্ক ইসরায়েলি নারীকে মুক্তি দেওয়া হয়।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের মধ্যে ১৯টি কারাগার রয়েছে এবং অন্য একটি কারাগার রয়েছে অধিকৃত পশ্চিম তীরের ভেতরে। এসব কারাগারে হাজার হাজার ফিলিস্তিনিকে বন্দি করে রেখেছে ইসরায়েল।

এদিকে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির বিষয়টি যুদ্ধকালীন মন্ত্রিসভায় আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া এ বিষয়ে আরও বিশদ কোনও বিবরণ দিতে অস্বীকার করেছেন তিনি।

নেতানিয়াহু বলেছেন, এ বিষয়ে কোনও বিবরণ প্রকাশ করা হলে তা বিপরীতমুখী ফলাফল সামনে আনতে পারে।

এছাড়া গাজায় স্থল আক্রমণের সময়ও বন্দিদের মুক্তির জন্য যোগাযোগ অব্যাহত থাকবে কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হলে নেতানিয়াহু উত্তর দেন: ‘হ্যাঁ’।

এর আগে হামাসের মুখপাত্র আবু ওবাইদা বলেছিলেন: ‘শত্রু যদি আটকদের মুক্তির বিষয়টি একসঙ্গে সম্পন্ন করতে চায়, আমরা তার জন্য প্রস্তুত। তারা যদি (বন্দি মুক্তির বিষয়টি) ধাপে ধাপে করতে চায়, আমরা সেটির জন্যও প্রস্তুত।’

প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এই অভিযানে কার্যত হতবাক হয়ে পড়ে ইসরায়েল।

হামাসের এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪০০ ইসরায়েলি। নিহতদের মধ্যে ২৮৬ জন সেনাসদস্য রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। হামাসের হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি। এছাড়া আরও ২২৯ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস।

হামাসের হাতে আটক বিপুল এসব বন্দির মধ্যে ইসরায়েলি-আমেরিকান দ্বৈত নাগরিকও রয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও গাজায় আটক সব বন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

এবার দুই ইসরায়েলিকে মুক্তি দিলো হামাস

এবার দুই ইসরায়েলিকে মুক্তি দিলো হামাস

ডেস্ক রিপোর্ট:

আরও দুই জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মুক্তি পাওয়া দুজনই ইসরায়েলি নারী। সোমবার (২৩ অক্টোবর) দিনগত রাতে তাদের মুক্তি দেওয়া হয়।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, যে দুজনকে হামাস মুক্তি দিয়েছে তারা হলেন ৮৫ বছর বয়সী ইউখেবেদ লিফশিতজ ও ৭৯ বছরের নূরিত কুপার। ইসরায়েল জানিয়েছে, রাফাহ ক্রসিংয়ে ওই দুই নারীকে মিশরীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

গত ৭ অক্টোবর যখন হামাস ইসরায়েলের কিব্বুতজ এলাকায় হামলা চালায়, তখন এই দুজনকে জিম্মি হিসেবে ধরে এনেছিল। তবে এই দুই নারীকে মুক্তি দেওয়া হলেও তাদের স্বামীদের মুক্তি দেওয়া হয়নি।

লিফশিতজের মেয়ে শ্যারন লিফশিতজ মায়ের মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, মায়ের মুক্তিতে কী যে স্বস্তি পেয়েছি, তা বলে বোঝাতে পারবো না। তবে আমি হামাসের হাতে জিম্মি বাকি ২০০ নিরপরাধ ইসরায়েলি বন্দীর মুক্তি চাই।

এর আগে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেয় হামাস। তাদের দুজনকেও কিব্বুতজ থেকে জিম্মি করা হয়েছিল। তাদের মুক্তির বিষয়টি জানিয়ে হামাস বলেছিল, মানবিক কারণে দুই মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। জিম্মিদের মুক্তি দেওয়ার মাধ্যমে হামাস মার্কিন জনগণ ও বিশ্বের কাছে প্রমাণ করতে চায় যে, বাইডেন ও তার প্রশাসনের দাবিগুলো ভিত্তিহীন।

এদিকে হামাস আরও দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার ওই দুই জিম্মিকে মুক্তি দেওয়ার পরও দক্ষিণ গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলে। তাতে অন্তত ৫৩ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের বরাতে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ জন খান ইউনিসের। ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের একটি আবাসিক এলাকায় হামলা চালালে এ প্রাণহানি ঘটে। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ গাজার মিসর সীমান্তবর্তী অঞ্চল রাফাহে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে আরও ৩০ জন। এখানে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় হামলা চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে।

সূত্র: আনাদোলু এজেন্সি

গাজায় জিম্মি মার্কিনি মা ও মেয়েকে মুক্তি দিল হামাস

ডেস্ক রিপোর্ট:

গাজায় জিম্মি করে রাখা মার্কিনি নারী এবং তার মেয়েকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। মূলত হামাসকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ফ্যাসিবাদী মন্তব্যকে ভুল প্রমাণ করতে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার মুক্তি পাওয়ার পর মার্কিনি নারী ও তার মেয়ে ইসরায়েলে পৌঁছান। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল, আইডিএফ ও সমগ্র নিরাপত্তা সংস্থা নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে এবং জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং শুক্রবার গভীর রাতে ইসরায়েলে পৌঁছেছেন।

এদিকে, মার্কিনি নারী ও তার মেয়েকে মুক্তি দেওয়ার আগে টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি দিয়েছে হামাস। এতে বলা হয়েছে, কাতারের প্রচেষ্টায় আল-কাসাম ব্রিগেডস মানবিক কারণে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। এর মাধ্যমে আমেরিকার জনগণ এবং বিশ্বকে প্রমাণ করতে যে, বাইডেন এবং তার ফ্যাসিবাদী প্রশাসনের দাবিগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনেক দিনের মধ্যস্থতার ফলে এই মুক্তি মিলেছে। কাতার আশা করে যে, সংলাপের মাধ্যমে সকল বেসামরিক জিম্মিদের মুক্তি দেওয়া হবে।

দুই আমেরিকান-ইসরায়েলি জিম্মি হলেন ইহুদিত ও নাটালি শোশানা রানান। গত ৭ অক্টোবর থেকে তারা হামাসের হাতে বন্দি ছিলেন।

নাটালির বয়স ১৭, সবেমাত্র হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন। তিনি ইসরায়েলে ছুটি কাটাচ্ছিলেন। আর তার মা ইহুদিত একজন শিল্পী এবং শিকাগো এলাকার বেশ কয়েকটি হাসপাতালের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

সূত্র : জেরুজালেম পোস্ট

হামাস-ইসরায়েল যুদ্ধে নিহত ১১ সাংবাদিক

হামাস-ইসরায়েল যুদ্ধে নিহত ১১ সাংবাদিক

ডেস্ক রিপোর্ট:

অব্যাহত বিমান হামলা, স্থল লড়াই আর ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের মাঝে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও ইসরায়েলের চলমান যুদ্ধের সংবাদ পরিবেশন সাংবাদিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। শনিবার সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বলেছে, হামাস-ইসরায়েল যুদ্ধে এক সপ্তাহে অন্তত ১১ সাংবাদিক নিহত হয়েছেন।

সংগঠনটি বলছে, নিহত সাংবাদিকদের মধ্যে ৯ জন ফিলিস্তিনি, একজন লেবানন এবং একজন ইসরায়েলি বংশোদ্ভূত। এছাড়া যুদ্ধের সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি এক সাংবাদিক নিখোঁজ এবং আরও অনেকে আহত হয়েছেন।

চলমান যুদ্ধে গাজা উপত্যকায় অথবা এর কাছের এলাকায় নিহত, আহত এবং নিখোঁজ অন্যান্য সাংবাদিকদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংগঠন। সিপিজে বলছে, শুক্রবার লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর গোলার আঘাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একজন ভিডিওগ্রাফার নিহত এবং আরও কমপক্ষে ৬ সাংবাদিক আহত হয়েছেন।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের মধ্যপ্রাচ্য সমন্বয়ক শেরিফ মনসুর বলেছেন, গাজার সাংবাদিকরা সেখানকার তথ্য সংগ্রহ এবং প্রকাশের চেষ্টা করছেন। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের যুদ্ধের ময়দান থেকে সরিয়ে নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক লড়াই করছেন।

তিনি জানান, ইসরায়েলি হামলায় অনেক সাংবাদিক তাদের বাড়িঘর এবং অফিস হারিয়ে ফেলেছেন। বর্তমানে অনেকে হাসপাতালে থেকে কাজ করছেন। কারণ সাংবাদিকের কাজের জন্য এখন এটাই একমাত্র জায়গা; যেখানে তারা বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা পেতে পারেন।

সিপিজে বলছে, গাজার সাংবাদিকরা চলমান বিমান হামলার মাঝে সংবাদ সংগ্রহ এবং পরিবেশনে উচ্চ ঝুঁকির মুখোমুখি হয়েছেন।

শেরিফ মনসুর জানায়, সাংবাদিকরা সংকটের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বেসামরিক ব্যক্তি এবং যুদ্ধরত পক্ষগুলোর সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়। সাংবাদিকরা এই গুরুত্বপূর্ণ সংঘাতের খবর পরিবেশনের জন্য অঞ্চলজুড়ে ব্যাপক ত্যাগ স্বীকার করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সুত্র: ওয়াশিংটন পোস্ট, আনাদোলু।