Tag Archives: আসিফ আকবর

এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে

এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে গাইবেন আসিফ আকবর

এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে গাইবেন আসিফ আকবর

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেটপ্রেমীদের কাছে ‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ’ শিরোনামের গানটি অত্যন্ত জনপ্রিয়। ২০০৪ সালে বিশ্বকাপে ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে এই গানটি গেয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

এরপর ২০১৯ সালের বিশ্বকাপে ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামে আরও একটি গান গেয়েছিলেন তিনি। ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে আবারও গাইবেন আসিফ আকবর।

এ ব্যাপারে বিসিবি থেকে নিশ্চিত করা হলেও, আসিফ আকবরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরকে আরও আকর্ষণীয় করার জন্য বিসিবি নতুন কিছু আয়োজনের পরিকল্পনা করেছে। এর মধ্যে বিপিএলের মাসকট ও থিম সং উন্মোচন করা হয়েছে। এছাড়া, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগানও থাকবে বিপিএলে।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবে নতুনত্বের ছোঁয়া। আয়োজনটি হবে তিন দিনের সংগীত উৎসবের মাধ্যমে, যার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে তিন পর্বে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।

আগামী ২৭ অক্টোবর কুমিল্লায় ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ

আগামী ২৭ অক্টোবর কুমিল্লায় ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ

ডেস্ক রিপোর্ট:

উপমহাদেশের প্রখ্যাত সেলিব্রিটিদের নিয়ে গঠিত হ্যালো সুপারস্টার অ্যাপ আয়োজন করতে যাচ্ছে ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের। আগামী ২৭ অক্টোবর বিকেল ৩টায় কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন হ্যালো সুপারস্টার অ্যাপের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর।

আসিফ আকবর বলেন, দেশ বিদেশের গুণীদের সমন্বয়ে গঠিত হ্যালো সুপাস্টার অ্যাপ মহৎ একটি উদ্যোগ নিয়ে পথচলা শুরু করেছিল। তারই অংশ হিসেবে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অবসরপ্রাপ্ত এবং বর্তমান দেলেট বেশ কয়েকজন এবং ভারতের অবসরপ্রাপ্ত এবং বর্তমান জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নেবেন। ভারতীয় দলের সাবেক অধিনায়ক মেহতাব হোসাইন, বাইচুং ভুটিয়া, রহিম নবী এবং বাংলাদেশের মামুনুল ইসলাম মামুন ও জাহিদ হাসান এমিলির মতো খেলোয়াড়েরা খেলায় অংশ নেবেন।

খেলাটি দেখতে বাংলাদেশে আসবেন মালয়েশিয়ার জাতির পিতার দৌহিত্র ও গ্লোবাল ফুটবল ক্যাম্পের কর্ণধার ও আইটিএম দাতো ইনদেরা টুঙ্কু হারুন্নারাশেদ পুত্রা এবং মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য ও হ্যালো সুপারস্টার অ্যাপের ট্রাস্টি তপুয়ান নূর সাজান্না আবদুল্লাহ।

এছাড়াও প্রীতি ম্যাচে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান, কুমিল্লা ৬ (সদর) আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আসিফ আকবর আরও জানায়, ওই খেলাকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুইদিন কুমিল্লায় এ উপলক্ষে বর্ণিল আয়োজন করা হবে। থাকবে কনসার্ট। যেখানে পারফর্ম করবেন আসিফ আকবরসহ বাংলাদেশ এবং ভারতের বেশ কয়েকজন সংগীতশিল্পী। এ ছাড়াও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা করা হবে।

তিনি বলেন, ম্যাচটি দেখার জন্য কোনো দর্শককে টিকিট কাটতে হবে না। শুধুমাত্র মোবাইল ফোনে হ্যালো সুপারস্টার অ্যাপ ইনস্টল করলেই একটা কোড নম্বর দেখাবে। ওই কোড নম্বরটি গেইটম্যানকে দেখালেই সহজে প্রবেশ করা যাবে গ্যালারিতে। উপভোগ করা যাবে পুরো ম্যাচ।

আসিফ আকবর জানান, আমাদের হ্যালো সুপারস্টার অ্যাপের মূল লক্ষ্য হলো, ভারত এবং বাংলাদেশ থেকে স্পেনের রিয়াল মাদ্রিদে খেলোয়াড় পাঠানো হবে প্রশিক্ষণের জন্য। তাতে উপমহাদেশ থেকে বিশ্বমানের ফুটবলার তৈরি হবে। বার্সালোনা, ডর্টমুন্ডের মতো বিশ্বমানের ক্লাবগুলোতে যখন বাংলাদেশের কোনো ছেলে খেলবে, তখন বাঙালি হিসেবে নিজেকে গর্ববোধ করতে পারবো।

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফারুক রোমেন, হ্যালো সুপারস্টার অ্যাপের অনুষ্ঠান প্রধান নবীন হোসেন, হ্যালো সুপারস্টার অ্যাপের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টংকু মুকিত, পরিচালক আনিসুর রহমান আবুল কাশেম হৃদয়সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মান-অভিমান ভুলে আবারও এক হলেন আসিফ-ন্যান্‌সি

 

বিনোদন ডেস্কঃ

সংগীতশিল্পী আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্‌সির দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হলো। সব মান-অভিমান ভুলে আবারও এক হলেন তাঁরা। বসলেন পাশাপাশি। রাজধানীর একটি রেস্তোরাঁয় দেখা হলো। একসঙ্গে ছবিও তুললেন তারা। ন্যান্‌সির উদ্যোগেই তাদের দ্বন্দ্বের ইতি ঘটল।

আসিফ বলেন, ‘একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া, আমি ন্যান্‌সি বলছি—খুব ভালো লাগল ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সব অভিযোগ-অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভালো লাগছিল। ন্যান্‌সি তো আমার ছোট, আমি তো বড়; তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।’

অনেক দিন পর দুজনের দেখা হওয়ার অনুভূতি জানিয়ে আসিফ বলেন, ‘ন্যান্‌সি আমাকে বলল, “ভাইয়া, আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন।” সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম। অনেক দিন পর স্নেহের ন্যান্‌সির সঙ্গে গল্প-গানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি। তার জন্য আমার অনেক শুভকামনা। তাকে বলেছি, গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালো লাগা। আমিও সেই দলের বাইরে নই।’

আসিফ-ন্যান্‌সির দ্বন্দ্ব শুরু হয় কয়েক বছর আগে। ফেসবুক লাইভে এসে ন্যান্‌সিকে নিয়ে আসিফের আপত্তিকর কথা বলা, সংগীতশিল্পী শফিক তুহিনের মামলায় তাঁর কারাগারে যাওয়াসহ নানা কারণে আসিফ-ন্যান্‌সির মধ্যে দূরত্ব বাড়তে থাকে। দ্বন্দ্বের মূলে ছিল আসিফ-ন্যান্‌সির গানের রয়্যালটি। ২০১৮ সালের মাঝামাঝির কথা। সে সময় তাঁদের এই ঘটনায় উত্তাল ছিল পুরো সংগীতাঙ্গন। ন্যান্‌সি দাবি করেছিলেন, ২০১৩ সালে আসিফের সঙ্গে করা “ঝগড়ার গান” অ্যালবামের প্রাপ্য সম্মানী তিনি পাননি। এ অ্যালবামে তিনি ১২টি গান গেয়েছেন। কিন্তু সম্মানী হিসাবে ২ লাখ টাকা আগাম রয়্যালটি ছাড়া আর কিছু পাননি।

ন্যান্‌সি উল্লেখ করেন, অ্যালবামের সম্মানী পাওয়ার বিষয়টি আসিফ আকবরের দায়িত্বে ছিল। এর এক বছর পর আসিফ আকবর তাঁকে আরেকটি অ্যালবাম করার প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দেন। এরপর ২০১৮ সালে আসিফ আকবর এক সাক্ষাৎকারে বলেন, ‘ন্যান্‌সি ভালো গায়। কিন্তু মানুষ খারাপ, অকৃতজ্ঞ। ছয় মাস মাথা খারাপ থাকে।’ আসিফের এ মন্তব্যের পর ন্যান্‌সি আসিফ আকবরের বিরুদ্ধে মামলাও করেন। তবে সেসব আজ অতীত। প্রায় চার বছর পর তাঁদের অভিমানের বরফ গলল।