ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে হবে: ট্রাম্প
নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বলেছেন, আমার প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য দৃঢ়ভাবে কাজ করবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউটে ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করতে যাচ্ছি এবং রাশিয়া ও ইউক্রেনের বিষয়েও কঠোরভাবে কাজ করতে যাচ্ছি। এটি থামাতে হবে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে।
নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আজ আমি একটি রিপোর্ট দেখেছি। গত তিন দিনে হাজার হাজার লোক নিহত হয়েছে। তারা সেনা হতে পারে, তবে তারা সেনা হোক বা শহরে বসে থাকা সাধারণ মানুষ হোক—এটি নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি।
এছাড়া, মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার বিষয়ে ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণ সত্যিই একটি আশ্চর্যজনক কিছু দিয়েছেন। ১২৯ বছরে এটি সবচেয়ে বড় রাজনৈতিক জয়… আমরা সব সুইং স্টেটে জিতেছি। আমরা পপুলার ভোটেও জিতেছি।
গত ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করার পর ট্রাম্প দাবি করেছেন যে দেশটি এখন ভালো কিছু করছে। এ নিয়ে ট্রাম্প বলেন, এখন একটি বিষয় হলো স্পিকার, আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ। আপনার একটি বিল পাস করা উচিত—আমার মেয়াদ ৫ নভেম্বর থেকে শুরু হওয়া উচিত।
এবারের নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি দেশটির কংগ্রেসের উভয়কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।