Tag Archives: করোনা ভাইরাস

কুমিল্লায় বেড়েছে করোনা রোগীর সংখ্যা, আজ শনাক্ত ৩৯ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ নতুন করে শনাক্ত হয়েছে ৩৯ জন। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৯২ জন।

আজ আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনের ৩৬ জন, বরুড়ার ২ জন, চৌদ্দগ্রামের ১ জন।

আজ নতুন কোনো মৃত্যু হয়নি। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৮৭ জন।

আজ করোনা থেকে সুস্থ্য হয়েছে সিটি করপোরেশনের ৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৩০ জন।

দেবিদ্বারে বিশাল শোডাউন করে দায়িত্ব গ্রহণের পরেই করোনায় আক্রান্ত উপজেলা চেয়ারম্যান আজাদ

 

স্টাফ রিপোর্টারঃ

কয়েকদিন পূর্বে মোটরসাইকেলের ব্যাপক শোডাউন করে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। দায়িত্ব নেয়ার কয়েক দিনের মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন সনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতেও রাজনীতিবিদদের মধ্যে সচেতনতার অভাব দেখা দিচ্ছে। সভা সমাবেশ ও শোডাউন করেই যাচ্ছে রাজনীতিবিদরা। ফলে ব্যাপক সংখ্যক মানুষের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিচ্ছে। করোনা ভাইরাসের মহামারির মধ্যে সেই পথেই হাটলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

স্থানীয় সূত্র জানায়, ২৫ মার্চ প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল ও অসংখ্য মাইক্রোবাস নিয়ে বিশাল শোডাউন করেই উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করতে যান আবুল কালাম আজাদ। এর দুদিন পরেই এই চেয়ারম্যানের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বের হয়। চেয়ারম্যানের পরিবার ও নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া কামনা করে পোস্ট করেন।

করোনায় নিভে গেলো হোমনা উপজেলা বিএনপির উদিয়মান এক প্রদীপ

 

এমডি আতিক:

কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক মোল্লা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আজ রবিবার (২১ মার্চ) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর করোনা বিশেষায়িত ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মরহুমের স্ত্রী নাজমা হক মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেছেন বুধবার (১৭ মার্চ) তিনি করোনা আক্রান্ত হয়ে সস্ত্রীক ইমপালস হাসপাতালে ভর্তি হয়। তাঁর আবস্থার অবণতি ঘটলে তাকে আইসিওতে রাখা হয়েছিল।

মরহুম একেএম ফজলুল হক মোল্লা কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

তিনি ঘারমোড়া এ,কে,এম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ, কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুঞ্জুরুল হাসান মুন্সি, সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।

দীর্ঘদিন বন্ধ থাকায় মেস ভাড়া নিয়ে ভোগান্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

 

ডেস্ক রিপোর্টঃ

করোনার কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় মেস ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এছাড়া মেস মালিকরাও সম্মুখীন হচ্ছেন আর্থিক ক্ষতির।

বিশ্ববিদ্যালয়ের নজরুল হল সংলগ্ন নিরিবিলি ছাত্রী নিবাসের বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রওনক জাহান বলেন, ‘পরীক্ষার জন্য এই মাসের ফেব্রুয়ারির মাঝামাঝিতে মেসে ফিরেছি৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আমার ৬০ শতাংশ ভাড়া দেয়ার কথা থাকলেও বাড়িওয়ালা এখন পুরো ভাড়া চাচ্ছেন’।

নিরিবিলি ছাত্রী নিবাসের মালিক মুজিবুর রহমান বলেন, ‘যারা মেসে এসে অবস্থান করছে কেবল তাদের থেকেই পুরো ভাড়া আর যারা বাড়িতে আছেন কিন্তু মেস ছাড়েন নাই তাদের থেকে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ীই ৬০ শতাংশ ভাড়া নিচ্ছি’।

পুরো ভাড়া নেয়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘যারা মেসে থাকছেন, তারা গ্যাস-বিদ্যুৎ এসব ব্যবহার করছেন। এগুলোর বিল তো আমাদের দিতে হচ্ছে। পুরো ভাড়া না নিলে তো আমাদের চলা মুশুকিল’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘মেস ভাড়া দিয়েই অনেক বাড়ির মালিকদের সংসার চলে। তাই নির্দেশনা থাকলেও দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় মানবিক দিক বিবেচনায় বাড়ির মালিকদের চাপ দিতে পারছি না। তাই শিক্ষার্থীদের বলবো, তারা যেন মেস মালিকদেরকে সঙ্গে কথা বলে ভাড়া সমন্বয় করে। তারপরও যদি বাড়ির মালিকরা না মানে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব’।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ জুলাই করোনাকালীন সময়ে মেসে অবস্থানরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়। যা গত বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হয়ে বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত বলবৎ থাকবে বলেও নির্দেশনা দেয়া হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের করোনা ভ্যাকসিন গ্রহণ

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান মঙ্গলবার দুপুর সোয়া বারোটায় দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আহাম্মদ কবীর, উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ এনামুল হোক চৌধুরী, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন দুলালসহ আরও অনেকে।

রাকিব হাসানকে ভ্যাকসিন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল ট্যাকনোলজিস্ট (ই.পি.আই) জসিম উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ভ্যাকসিন নেওয়ার পর বলেন, কেউ যেন ভ্যাকসিন (টিকা) নিয়ে অপপ্রচার চালাতে না পারে সেজন্য আমি নিজেই টিকা নিলাম। তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের টিকা নিশ্চিত করা হবে। যাতে করে সাধারণ মানুষ করোনা প্রতিরোধক টিকা (ভ্যাকসিন) নিতে আগ্রহী হয়।

ফেব্রুয়ারিতে খুলছে স্কুল-কলেজ, নেয়া হবে আংশিক ক্লাস

ডেস্ক রিপোর্ট:

ফেব্রুয়ারি থেকে খুলে দেয়া হবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুরুতে সব প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আংশিক উপস্থিতিতে ক্লাস নেয়া হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে।

মাউশি সূত্র জানায়, করোনা পরিস্থিতি বিবেচনায় চলমান স্কুল-কলেজের ছুটি বাড়ানো হয়েছে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদরাসা এ ছুটির আওতামুক্ত থাকবে।

চলমান ছুটি ১৬ জানুয়ারি শেষ হওয়ার পর আর কতদিন বাড়ানো যায় সে বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মতামত চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এ নিয়ে গত ১৪ জানুয়ারি সকালে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে একটি সভা করে। সেখানে বর্তমান করোনা পরিস্থিতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতামত নিয়ে ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়।

এদিকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসাইমেন্ট দেয়ার জন্য সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর নতুন করে বাড়ানো হবে না, আগামী মাসের (ফেব্রুয়ারি) শুরু থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। ফেব্রুয়ারি থেকে সব শিক্ষার্থীর ক্লাস শুরু হবে না। এ ক্ষেত্রে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে ক্লাস শুরু করা হবে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস শুরু করা হবে।

জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে প্রতিদিন একটি বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। বর্তমানে সে ধরনের ক্লাস রুটিন তৈরির কাজ শুরু করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিতে যাচ্ছে মাউশি।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারিতে স্কুল খুলে দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন। এ জন্য তারা প্রস্তুতি শুরু করেছেন বলেও জানান। এরপর থেকে সংশ্লিষ্ট দফতর-সংস্থাগুলো এ বিষয়ে কাজ করেছে বলে জানা গেছে।

জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক রোববার বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কাজ শুরু করা হয়েছে । পরিস্থিতি অনুকূলে থাকলে ফেব্রুয়ারির শুরুতে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। শুরুতে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও সব শিক্ষার্থীর ক্লাস শুরু করা হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের আংশিক আকারে ক্লাস নিয়ে সিলেবাস শেষ করা হবে।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দেয়ার পর শিক্ষামন্ত্রী দীপু মনি এ বিষয়ে নির্দেশনা দেন। তার প্রেক্ষিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করতে বলা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম করতে নির্দেশনা দেয়া হবে।’ দ্রুত এ বিষয়ে মাউশি থেকে নির্দেশনা জারি করা হবে বলেও জানান মহাপরিচালক।

এদিকে বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর আগে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। সেটি আরও এক দফা বাড়িয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

বুড়িচংয়ে ৫২০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

নাছরিন আক্তার হীরা:
কুমিল্লা সেনাবাহিনীর ৬ ইষ্ট বেংগলের উদ্যোগে জেলার বুড়িচং উপজেলায় স্থানীয় ৫২০ জন দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার বেলা ১১ টায় উপজেলার নিমসার ইউনিয়নের শিকারপুর এলাকায় ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১০১ পদাতিক ব্রিগেড এর ৬ ইষ্ট বেংগল টিম সামাজিক দূরত্ব বজায় রেখে ৫২০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করেন ।

শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করেন ৬ ইস্ট বেংগলের অধিনায়ক লে: কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো: মাহফুজ আলমসহ অন্যান্য সদস্যগণ।

৬ ইষ্ট বেংগল এর অধিনায়ক লে: কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি বলেন, “ ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়ার উদ্যোগে ১০১ পদাতিক ব্রিগেডের নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও এই কর্মসূচীকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে নিমসার ইউনিয়নের স্থানীয় গরীব, দু:স্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে এ সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের আর্তমানবতার সেবা ও দেশগঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য যে, বিগত বছরের ২৭ ডিসেম্বর থেকে ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১০১ পদাতিক ব্রিগেড এর ৬ ইষ্ট বেংগল নিমসার এলাকায় শীতকালীন অনুশীলন শুরু করে। অনুশীলনের শুরু থেকেই বিভিন্ন সময়ে স্থানীয় গরীব-দু:স্থদের মাঝে ৬ ইষ্ট বেংগল ত্রাণ ও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া প্রতিবছরই শীতকালীন প্রশিক্ষণ চলাকালিন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় দু:স্থদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করে থাকে।

এমন আজব স্বাস্থ্যমন্ত্রী থাকলে দেশে ভ্যাকসিন কীভাবে?

 

ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এমন আজব স্বাস্থ্যমন্ত্রী থাকলে দেশে ভ্যাকসিন কীভাবে? পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশে এখনও হয়নি।’

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রচারদলের উদ্যোগে ‘ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রীকে ‘আজব’ বলে অভিহিত করেন তিনি।

মান্না বলেন, সরকার বলেছে, জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আসবে। একজন বলছেন, আমরা সরকারের সাথে সরকারি চুক্তি করেছি। আরেকজন এমপি বলেছেন, সরকারের সাথে সরকারের কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সাথে প্রাইভেট কোম্পানির চুক্তি করেছি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

উল্লেখ্য, ৫ হাজার ৬৫৯ কোটি টাকায় করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

২০২০ সালের এপ্রিলে অনুমোদন দেয়া, ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে সংশোধনী এনে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এবার বাংলাদেশেও নতুন করোনা ভাইরাস শনাক্ত

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশেও নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এই ভাইরাসের সঙ্গে যুক্তরাজ্যে পাওয়া নতুন করোনা ভাইরাসের মিল আছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা বলছেন, করোনা ভাইরাসের নতুন একটি স্ট্রেইন বাংলাদেশে শনাক্ত হয়েছে, যেটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের সাদৃশ্য রয়েছে।

বিসিএসআইআরের বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে করোনা ভাইরাসের নতুন ধরনের এই স্ট্রেইন শনাক্ত করেন বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান।

চান্দিনায় করোনা আক্রান্ত হয়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় করোনা আক্রান্ত হয়ে বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা নাছরিন (৫৯) মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাহানারা নাছরিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী গ্রামের ইঞ্জিনিয়ার মো. সালাহ উদ্দিনের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বিকালে স্বামীর বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জাহানারা নাছরিনের মৃত্যুতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান ভূঁইয়াসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমণ্ডলী, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকমণ্ডলী, কর্মচারী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।