Tag Archives: কুমিল্লায় সাবেক মেয়র

কুমিল্লায় সাবেক মেয়র

কুমিল্লায় সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলি চালানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আবু সাঈদ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে প্রধান আসামি করে ১০৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুসহ সিটি করপোরেশনের ৫ কাউন্সিলর। এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইউপি সদস্যদের আসামি করা হয়েছে।

গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকার নন্দনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে গুলি ছোড়ে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এই ঘটনার জেরে সোমবার মামলা দায়ের করা হয়।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।