Tag Archives: কুমিল্লা বিভাগ

মেঘনায় আওয়ামী নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি–গণ অধিকার–ইসলামী আন্দোলন, নির্দেশনা পায়নি জামায়াত

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের “ঢাকা লকডাউন” কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে জামায়াতে ইসলামী বলছে, তাদের হাইকমান্ডের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।

আজ বুধবার (১২ নভেম্বর) মুঠোফোনে যোগাযোগ করলে উপজেলার এসব রাজনৈতিক দলের নেতারা দৈনিক আজকের কুমিল্লাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকবেন।

দলের স্থানীয় নেতা বলেন, “আমরা মাঠে থাকবো যাতে কোনোভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান বলেন গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ নিয়ে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ঠেকাতে আমরা মাঠে থাকবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মেঘনা উপজেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ আখতার হোসেন বলেন,আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন, যেন আওয়ামী সন্ত্রাসীরা কোনো নাশকতা করতে না পারে।

অন্যদিকে জামায়াতে ইসলামী মেঘনা শাখার আমীর মো. লোকমান হোসেন বলেন,আমাদের হাইকমান্ড থেকে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে আমরা সাংগঠনিক কার্যক্রম নিয়মমাফিক চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অনলাইনে আগামী ১৩ নভেম্বর “ঢাকা লকডাউন” কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওসহ নাশকতা চালাচ্ছে এবং ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিছ আক্তারকে স্বপদে বহালের দাবী

স্টাফ রিপোর্টার:

বিশিষ্ট নাগরিকের বিবৃতি
—————
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ২০১৪ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা কালেক্টরেট স্কুল, বর্তমানে স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠাকাল থেকেই ভালো পড়াশুনা এবং ভালো ফলাফল করে আসছিল। ৫ই আগস্ট ২০২৪ এর পর স্কুলটিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই পরিস্থিতির কারণে অধ্যক্ষ নার্গিছ আক্তারকে তাঁর দায়িত্ব পালন করতে দিচ্ছে না। আমরা মনে করি এটা অন্যায় ।

অধ্যক্ষের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আইন-আদালতের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অধিকার করো আছে বলে আমরা মনে করি না । আর যেহেতু এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এটি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে, তাই জেলা প্রশাসকের কাছে অধ্যক্ষকে পূর্ণ নিরাপত্তাসহ কর্মস্থলে যোগদান করানোর দাবী জানাচ্ছি।

ইতোমধ্যে অনেক দিন হয়ে গেছে, অধ্যক্ষবিহীন বা অধ্যক্ষের অনুপস্থিতে পড়াশুনা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তাই অবিলম্বে অধ্যক্ষ মহোদয়কে সম্পূর্ণ নিরাপত্তাসহ যোগদান করানোর জন্য জেলাপ্রশাসকে আহ্বান জানাই ।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন- জহিরুল হক দুলাল- সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শফিকুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ, হাজী মো. ফরিদ উদ্দীন– মুক্তিযোদ্ধা, আবদুর রাজ্জাক – রাজনীতিক, আবুল কাশেম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শেখ আবদুল মান্নান রাজনীতিক, আহসানুল কবীর– লেখক ও গবেষক, সফিকুল বোরহান– কবি ও কথাশিল্পী, হালিম আবদুল্লাহ– কবি ও প্রকাশক, শিহাব উদ্দিন– কবি ও গীতিকার, মো. শাহ আলম– চিত্রশিল্পী, নন্দন ভৌমিক– নাট্যকর্মী, গাজী মোহাম্মদ ইউনুস– কবি ও কথাশিল্পী, জসীম উদ্দিন আহমেদ– সংস্কৃতি কর্মী, নির্মল সূত্রধর– সংগীত শিল্পী, স্বর্ণকমল নন্দী পলাশ– আইনজীবী।

ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে রাতের আঁধারে গুলি করে হত্যা

মাসুদ হোসেন, চাঁদপুর:

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক সেলসম্যান নিহত হয়েছেন। গুলি করে হত্যার সংসদ পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব,অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও হাজীগঞ্জ -ফরিদগঞ্জ সার্কেল মুকুর চাকমা ঘটনাস্থলে আসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সমিতির পোলের গোড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার মিজি বাড়ির হোসেন মিজির বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিটি কোম্পানির বেঙ্গল গ্রুপের সেলসম্যান হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।

প্রত্যক্ষদর্শী রাড়ি বাড়ি জামে মসজিদের ইমাম মো. কাউসার বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমি দোকানের সামনে বসে ছিলাম। হঠাৎ গৃদকালিন্দিয়া সড়ক দিক থেকে দ্রুতগতিতে একজন লোক দৌড়ে এসে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে। পরে লোকটি রাড়ি বাড়ির ভেতরে ঢুকে যায়। তার পেছন পেছন একটি জিক্সার মোটরসাইকেলে করে দুজন লোক ভেতরে ঢোকে। কিছুক্ষণ পরই তারা দ্রুত বের হয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এসময় ব্রিজের পাশে মাছ ধরছিল সোহেল নামে এক যুবক। সন্ত্রাসীরা পালানোর সময় সোহেল তাদের বাধা দেয় এবং একজনকে টেঁটা দিয়ে আঘাত করে। তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর কিছুটা দূরে পশ্চিম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুহুল আমিন। ঘটনাটি মাত্র আধা মিনিটের মধ্যেই ঘটে যায়।

গুলির শব্দে মুহূর্তেই আশপাশের লোকজন ছুটে এসে ভিড় করে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতির ঘটনা নাকি পূর্ব শত্রুতার জেরে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। আমাদের এলাকায় এই প্রথম প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটল। উল্লেখ্য: গুলিবিদ্ধ যুবকের বুকে গুলির চিহ্ন রয়েছে।

মুরাদনগরে মানবপাচার ও পতিতাবৃত্তির অভিযোগে ৬ জন আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানব পাচারের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার চাপিতলা গ্রামের শাহ পরান (২১), মুরাদনগর সদরের নাঈম আহমেদ (১৮), রানীমুহুরী গ্রামের রাকিব (১৮), চাপিতলা গ্রামের রুমা আক্তার (১৯), রাণীমুহুরী গ্রামের সাদিয়া (১৯), ও নবীপুর পশ্চিম পাড়ার নুরুন্নাহার (২০)। তবে এই ব্যবসার মূল হোতা লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন অভিযান শুরুর আগেই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর এলাকার খাদিজা আক্তার বাদী হয়ে ৮ জনের নামে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী খাদিজা আক্তার জানান, রামচন্দ্রপুর বাজার থেকে তার মেয়ে সুমনা আক্তারের সাথে শাহপরান নামে একটি ছেলের পরিচয় ঘটে। সেই পরিচয় থেকে শাহপরান তার মেয়ে সুমনাকে নিমাইকান্দি এলাকার ওই বাসায় নিয়ে যায় । ওখানে পূর্বে থেকে অবস্থানন করা বাকী আসামীরা সুমনার সাথে থাকা স্বর্নের চেইন, কানের দোল আংটি ও পায়ের নুপুর ছিনিয়ে নেয়। এছাড়াও তাঁকে যৌন নিপীড়নের জন্য প্রচুর নির্যাতন করেন। এসময় তিনি উল্লেখিত আসমীদ্বয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন ও তার স্ত্রী লুনা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এর আগেও তারা একাধিকবার একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু আইনের দুর্বলতার কারণে অল্প সময়ের মধ্যেই তারা জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, মানবপাচার ও পতিতাবৃত্তি ব্যবসার অভিযোগে ৮ জনের নামে মামলা রুজু করা হয়েছে। এদের মধ্যে ৬ জন গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মূল হোতা বিল্লাল হোসেন ও তার স্ত্রী লুনাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকা শহরের আমলারা নিজেদেরকে বড় আওয়ামী লীগার মনে করে: এমপি বাহার

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, আপনারা (ইঞ্জিনিয়াররা) আমলাদের বিরুদ্ধে দুঃখের কথা বলেছেন। তাদের কথা কি বলবো? ঢাকা শহরের আমলারা নিজেদেরকে এমপি বাহারের চেয়েও বড় আওয়ামী লীগার মনে করে!

শনিবার (৮ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) কুমিল্লার ২৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন বাহার বলেন, আমেরিকায় নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পও হতাশ। তিনি ফলাফল মেনে নিতে চাননি। সেখানে আনকনটেস্টে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এক-তৃতীয়াংশ প্রার্থী নির্বাচিত হন। বাংলাদেশে ইঞ্জিনিয়ার সবুর (অনুষ্ঠানের বিশেষ অতিথি আবদুস সবুর) আনকনটেস্টে জিতলে সমস্যা?

কুমিল্লা-৬ আসনের এই সাংসদ বলেন, যেখানে (মেঘনা নদী) বঙ্গবন্ধুর খুনি মোশতাক গোসল করতো, সে নদীর নামে কীভাবে কুমিল্লা বিভাগ হয়? এই কুমিল্লার অনেক সমৃদ্ধ ইতিহাস আছে। ১৫শ’ বছর আগে এখানে বিশ্ববিদ্যালয় ছিল। এই কুমিল্লার সন্তান বাবু ধীরেন্দ্রনাথ দত্ত পার্লামেন্টে মাতৃভাষা বাংলার দাবিতে কথা বলেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তিনি জীবন দিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। বেগম রোকেয়ার জন্মের সাত বছর পূর্বে নবাব ফয়জুন্নেছা নারী শিক্ষার অগ্রযাত্রায় কুমিল্লায় স্কুল প্রতিষ্ঠা করেছেন। কুমিল্লার সন্তান শচীন দেব বর্মণের গান ভারতবর্ষে মুগ্ধতা ছড়িয়েছে। কুমিল্লা আদালতে ১৮৬৭ সালে প্রথম বাংলায় রায় দেওয়া হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের কথা ভেবে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই দিন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবি’র সাবেক সভাপতি মো. নুরুল হুদা, অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া, মো. আব্দুস সবুর এবং বর্তমান সভাপতি শাহাদাৎ হোসেন শিবলু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইবি কুমিল্লার সম্পাদক প্রকৌশলী মো. মীর ফজলে রাব্বী। আলোচনা সভা শেষে দু’টি সেমিনার, বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকৌশলী রহমত উল্লাহর একটি চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কুমিল্লা বিভাগ: অপেক্ষার অবসান কবে ?

বিশেষ প্রতিবেদন:
কুমিল্লা বিভাগ হচ্ছে, হবে এমন আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত কুমিল্লার জনগণ। কুমিল্লাকে বিভাগ করা নিয়ে এত আলোচনা, এত বাহানা। উপমহাদেশের প্রাচীণ জনপদ কুমিল্লাকে কেন অবহেলা করা হচ্ছে ? কুমিল্লার এত মন্ত্রী – সাংসদ তারাই বা কেন এক সাথে এ দাবিতে সোচ্ছার হচ্ছে না ? একজন দুইজন দাবি তুললে অন্যরা কেন সেই দাবির সাথে এক হতে পারছে না ? কেন তারা কুমিল্লা বিভাগের দাবির প্রশ্নে নিস্ক্রিয় থাকছে ? আবার বিভাগের নাম পাল্টে ময়নামতি নামে করার পক্ষে আছেন দুই একজন জনপ্রতিনিধি । কেন একটি উপজেলার একটি ইউনিয়নের নামে হবে কুমিল্লার বিভাগ ? এমন হাজারো প্রশ্নের অন্তরালে চাপা পড়ে আছে কুমিল্লার বিভাগ বাস্তবায়ন।

কুমিল্লা অনেক আগেই যৌক্তিকভাবে বিভাগ হওয়ার অন্যতম দাবিদার ছিল। কুমিল্লার যে ঐতিহ্য তাতে রংপুর, সিলেট, ময়মনসিংহের আগেই কুমিল্লা বিভাগ হওয়ার দাবিদার। সরকার যেভাবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করছে, তাতে পূর্বাঞ্চলে একটি নতুন বিভাগ করা যেতেই পারে। আর তার জন্য রাজধানী ঢাকা আর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঠিক মাঝখানে শিক্ষা-সংস্কৃতি-যোগাযোগের কেন্দ্রে থাকা প্রাচীন জনপদ কুমিল্লার চেয়ে ভালো কোনো বিকল্প নেই। কিন্তু তারপরেও নানা ইস্যু, না বাহানার ছলে কুমিল্লা এখনো বিভাগ বঞ্চিত।
এক সময় অবিভক্ত ভারতের শিল্প-সাহিত্য-সংস্কৃতি-অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল কুমিল্লা। গোমতী-মেঘনা-তিতাস-ডাকাতিয়া বিধৌত কুমিল্লা একসময় অবিভক্ত ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানীও ছিল। বাংলাদেশ শুধু নয়, এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন জনপদের একটি কুমিল্লা। এই জনপদের স্তরে স্তরে লুকিয়ে আছে হাজার বছরের ঐতিহ্য। কুমিল্লার আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নজরুলের অনেক স্মৃতি। এই শহরে নজরুল ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, এই শহরে নজরুল হাঁটতেন, এখানে বসে নজরুল কবিতা লিখতেন, এখানে আড্ডা মারতেন, এই কুমিল্লার বাতাসে ভেসে আসে উপমহাদেশের সংগীত সাধক শচীন দেব বর্মণের কণ্ঠ । এখানে এসেছেন অহিংসার বাণী নিয়ে ভারতবর্ষের মহান নেতা মহাত্মা গান্ধী। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলিতে ধন্য হয়েছে এই কুমিল্লা। বুদ্ধদেব বসুর জন্ম কুমিল্লায়। ওস্তাদ আয়েত আলী খাঁ’দের সেতার ঝঙ্কার তুলেছে কুমিল্লার বাতাসে। পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষার প্রস্তাবক ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লার সন্তান। বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা করার অন্যতম সহযোদ্ধা রফিকুল ইসলামও কুমিল্লার। এখানে রয়েছে শতবর্ষের ঐতিহ্যে লালিত দেশের একমাত্র সার্ভে প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট। কুমিল্লায় রয়েছে অষ্টম শতকে নির্মিত কোটবাড়ীর শালবন বৌদ্ধবিহারসহ প্রায় অর্ধশতাধিক প্রত্নসম্পদ। রয়েছে ময়নামতি জাদুঘর। আরো রয়েছে লালমাই পাহাড়,শাহ সুজা মসজিদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সিমেট্রি, নানা ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা আকর্ষণ করে ইতিহাসবিদ ও পর্যটকদের। এখানকার কোটবাড়িতে রয়েছে ড. আখতার হামিদ খানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড), যেখানের সমবায় ধারণা আলোচিত বিশ^জুড়ে। কুমিল্লার খাদি শিল্প, তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎ ও কারু শিল্প, রসমালাই, মিষ্টি, ময়নামতির শীতল পাটি সুনাম দেশজুড়ে। রসমালাই আর খাদির সুনাম তো বিশ্বজুড়ে । ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার রাজেশপুরে রয়েছে ইকোপার্ক। কুমিল্লা ইপিজেড, কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর, কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন, দিদার সমবায় সমিতি, দাউদকান্দির প্লাবনভূমিতে মৎস্য চাষ এখানকার অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছে। সব মিলিয়ে দেশের অন্যান্য জেলার চেয়ে কুমিল্লা অনেক বেশি সমৃদ্ধ। এই কুমিল্লাকে বলা হতো ব্যাংক আর ট্যাংকের শহর। যদিও অনেক দীঘি-পুকুর ভরাট করে ফেলেছে ভূমিদস্যুরা। তবু এখনও ঐতিহ্যে ভরপুর ধর্মসাগর, রাণীর দীঘি, নানুয়ার দীঘির মত অনেক জলাশয় টিকে আছে। একসময় অবিভক্ত ভারতের ব্যাংকিং আর সমবায়ের প্রাণকেন্দ্র ছিল কুমিল্লা।

কুমিল্লায় সরকারের প্রায় সব ধরনের প্রতিষ্ঠান রয়েছে। একটি পরিপূর্ণ আবাসিক জেলা হিসেবে কুমিল্লার সুনাম রয়েছে। ভৌগোলিক ও উন্নত যোগাযোগব্যবস্থার কারণে কুমিল্লা খুবই সমৃদ্ধ জনপদ। এ ছয় জেলার মানুষের সঙ্গে সড়ক, রেল ও নদীপথে যোগাযোগ অত্যন্ত মসৃণ। দাপ্তরিক বেশির ভাগ কাজেই ছয় জেলার মানুষ কুমিল্লায় জড়ো হন। এখানে দিনে এসে দিনে কাজ করে বাড়ি ফিরে যাওয়া সম্ভব। ছয় জেলার মানুষের আঞ্চলিক ভাষাও কাছাকাছি। কুমিল্লা সবকিছুতেই অগ্রসরমাণ। কুমিল্লায় সিটি করপোরেশন ও শিক্ষা বোর্ডসহ সরকারের অনেকগুলো দপ্তরের বিভাগীয় কার্যালয় এখানে বিদ্যমান রয়েছে। কুমিল্লায় সরকার আইটি ভিলেজ করার উদ্যোগ নিয়েছে। কিন্তু নানা কারণে কুমিল্লা অবহেলার পাত্রেই রূপ নিয়েছে।

প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্গত ছিল কুমিল্লা এবং পরবর্তীতে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়েছিল। কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত মতের মধ্যে মোটামুটি গ্রহণযোগ্য তথ্য পাওয়া যায় চৈনিক পরিব্রাজক ওয়াং চোয়াঙ কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে। তার বর্ণনায় কিয়া-মল-ঙ্কিয়া নামের যে স্থানের উল্লেখ পাওয়া যায় তা থেকেই কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন। সেই ঐতিহাসিক কুমিল্লা নাম বাদ দিয়ে কুমিল্লা বিভাগের নামকরণের জন্য বেছে নেয়া হয়েছিল ময়নামতি নামটি। তখন ক্ষোভে ফেটে পড়ে কুমিল্লাবাসি। এটি নিয়ে কুমিল্লা ও সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুমিল্লার সন্তানরা তীব্র প্রতিবাদ করে। এক সময় আবার থমকে যায় কুমিল্লার বিভাগ বাস্তবায়নের বিষয়টি।

কুমিল্লা বিভাগ করার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল সেই অনেক বছর আগে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কুমিল্লা টাউন হল মাঠে জনসভা হয়। ১৯৬০ সালে প্রশাসন বিকেন্দ্রীকরণের ফলে কুমিল্লা পৃথক জেলার মর্যাদা পায়। গোমতী নদীর তীরে এ শহরের অবস্থান। একে বলা হয় পথিকৃৎ কুমিল্লা। ১৯৮৬ সালে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সাধারণ সম্পাদক ছিলেন তৎকালীন কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ও বর্তমানে কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। ১৯৮৯ সালে বৃহত্তর কুমিল্লার কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া এবং বৃহত্তর নোয়াখালীর নোয়াখালী, ফেনী ও লক্ষèীপুরসহ ছয়টি জেলা নিয়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার দাবি শুরু হয়। কুমিল্লা গণফোরাম নামের একটি সামাজিক সংগঠনের ব্যানারে ওই দাবি নিয়ে আন্দোলন শুরু হয়। পরে সংগঠনের নাম হয় কুমিল্লা গণদাবি পরিষদ।

অনেক দাবির পর ২০১৫ সালের ২৬ জানুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষèীপুর জেলা নিয়ে কুমিল্লা বিভাগ করার ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করতে নির্দেশনা দেন। এরকম নির্দেশনা শুনে প্রধানমন্ত্রীর প্রতি বৃহত্তর কুমিল্লাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবার ওই বছরের ৪ মার্চ মহান জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দেন। কুমিল্লা নামে বিভাগ নিয়ে যখন প্রক্রিয়া শেষের দিকে এগুচ্ছিল তখন একনেকের সভায় কুমিল্লা নামের পরিবর্তনের সিদ্ধান্ত আসলে বৃহত্তর কুমিল্লাবাসী রাজপথে আন্দোলনে নামে। এমনিভাবে বিভাগ বাস্তবায়নের বিষয়টি বিলম্বিত হতে থাকে।

এছাড়াও বৃহত্তর কুমিল্লার সাথে বৃহত্তর নোয়াখালী জেলার নোয়াখালী, ফেনী, লক্সীপুর থাকা না থাকা নিয়ে টানাপোড়েন দেখা দেয়। শেষ পর্যন্ত বৃহত্তর নোয়াখালী বৃহত্তর কুমিল্লার সাথে থাকছেনা এমন আভাসই দিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আইনমন্ত্রী কুমিল্লা বিভাগ প্রসঙ্গে জানান, কুমিল্লা নামেই বিভাগ হচ্ছে। যাদের সঙ্গে নিতে চেয়েছিলাম তারা আসবে না। তবে ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর থাকছে কুমিল্লার সঙ্গে। কুমিল্লা বিভাগ হওয়ার সিদ্ধান্ত এবং সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তবে জানা যায়, কুমিল্লা জেলাকে ভেঙ্গে আরেকটি জেলা হতে পারে। সেটি হতে পারে লাকসাম বা দাউদকান্দি জেলা। কারণ বিভাগ করতে হলে অন্তত ৪টি জেলা লাগবে। সবই এখন পর্যন্ত ধোয়াশা। তবে কবে হবে এটি বাস্তবায়িত তা কেউই বলতে পারছে না।

দেখা যাক উপমহাদেশের প্রাচীন জনপদ ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ, অথচ নানা কারণে অবহেলিত এই কুমিল্লা কবে বিভাগে বাস্তবায়িত হয় । তবে কুমিল্লার জনপ্রতিনিধিদের মধ্যে ঐক্য না হলে বিভাগের স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

মাদক সেবনে বাধা দেওয়ায় কুমিল্লায় তালাবদ্ধ করে কিশোরকে পুড়িয়ে হত্যা !

 

ডেস্ক রিপোর্ট:

মাদক সেবনে বাধা দেয়ায় আরাফাত হোসেন (১৫) নামের এক কিশোরকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। সে কুমিল্লা শহরতলী চাঁনপুর এলাকার মো. আবুল বারেকের ছেলে। মঙ্গলবার নগরী সংলগ্ন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি দোকান পুড়ে যায়।

নিহত আরাফাতের বাবা মো. আবদুল বারেক বলেন, আরাফাত থাই গ্লাসের মিস্ত্রি হিসেবে কাজ করে। মঙ্গলবার দুপুর ১টায় তার ছেলে আরাফাতকে বাড়ি থেকে চারজন ছেলে ডেকে বউবাজারে নিয়ে আসে। তিনি ঘটনাস্থলে এসে শুনতে পান একটি দোকানে আরাফাতকে তালাবদ্ধ করে বাইরে থেকে আগুন দেয়। এ ঘটনায় আরাফাত আগুনে পুড়ে মারা যায়।

তিনি আরও জানান, যারা তার ছেলেকে হত্যা করেছে তারা সবাই মাদকসেবী। কিছুদিন আগে তাদের বাড়িরপাশে বসে গাঁজা সেবন করছিলো ওই ছেলেগুলো। আরাফাত তাদেরকে বাড়ির পাশে গাঁজা সেবন করতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আরাফাতকে আগুনে পুড়িয়ে হত্যা করে।
কারা আরাফাতকে বাড়ি থেকে ডেকে এনেছিলো এমন প্রশ্নের জবাবে আবদুল বারেক বলেন, তাদের নাম পুলিশের কাছে বলবো।

মনির হোসেন নামের একজন দোকানী জানান, দুপুর দেড়টায় হঠাৎ করে দোকানের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় নয়টি দোকান ঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

এদিকে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তুপের ভেতর থেকে আরাফাতের লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন ও পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল। তারা বলেন, ঘটনা শুনে মনে হচ্ছে এটা পরিকল্পিত। তবে পুলিশী তদন্তে ঘটনার বিস্তারিত বেরিয়ে আসবে।

নিহত আরাফাতের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে আচ্ছন্ন পুরো এলাকা।
স্বজনরা জানান, আবদুল বারেকের চার ছেলে। তার মধ্যে আরাফাত হোসেন সবার ছোট। তার মা মারা গেছেন ১২ বছর আগে। তখন থেকে আরাফাত তার ফুফু নাজমা বেগমের কাছে বড় হন।

ভাইয়ের ছেলেকে সন্তানের মত লালন পালন করেছিলেন নাজমা বেগম। এখন সেই ভাইপোকে হারিয়ে পাগলপ্রায়। নাজমা বেগম দাবি করেন তার ভাইয়ের ছেলেকে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এদিকে ঘটনার বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হক বলেন, আমরা আরাফাতের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আমরা ঘটনার আদ্যপান্ত্য খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনাটি পরিকল্পিত মনে হয়েছে। আমরা আরাফাতের বাবাকে থানায় এনেছি। স্থানীয়দের স্বাক্ষ্য প্রমাণ নিচ্ছি। আশা করি তদন্তে সব বেরিয়ে আসবে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন নিহত আরাফাত হোসের পরিবারকে নগদ ২০ হাজার টাকা দিয়েছেন। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে ভাড়াটিয়াদের সাড়ে ৭ হাজার টাকা ও দোকান মালিকদের ১২ হাজার টাকা ও ৩ বান্ডেল টিন দেয়া হবে বলে জানান।

কুমিল্লা বিভাগ, জেলা লাকসাম না বরুড়া?

 

স্টাফ রিপোর্টারঃ
অচিরেই হতে যাচ্ছে কুমিল্লা বিভাগ। প্রথমে ময়নামতি নামে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে কুমিল্লাবাসীর আন্দোলনের মুখে কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করা হবে বলে সিদ্ধান্ত হয়। বাস্তবায়ন হলে এটি হবে দেশের নবম বিভাগ।

বিভাগ হতে গেলে প্রয়োজন কমপক্ষে পাঁচটি জেলার। কিন্তু কুমিল্লা বিভাগের রুপরেখা অনুযায়ী বর্তমানে এর অন্তর্ভূক্ত হবে এমন জেলা আছে চারটি । প্রয়োজন নতুন একটি জেলার। বর্তমানে কুমিল্লা বিভাগের অধীনে প্রস্তাবিত জেলাগুলো হল, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া। যদিও ইতোপূর্বে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়েছে চারটি জেলা নিয়েই।

আর, এই প্রস্তাবনাকে কেন্দ্র করে নতুন করে জেলা হতে যাচ্ছে লাকসাম। নতুন করে হতে যাওয়া এই জেলা মোট পাঁচটি উপজেলার সমন্বয়ে হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই পাঁচটি উপজেলা হচ্ছে লাকসাম, নাঙ্গলকোট, শাহরাস্তি, মনোহরগঞ্জ ও বরুড়া।

কিন্তু বরুড়াবাসী থাকতে চায় না গঠিত হতে যাওয়া লাকসাম জেলায়। এ লক্ষ্যে আজ সকাল ১০টায় বরুড়া অধিকার রক্ষা পরিষদের ব্যানারে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের পূবালী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে বরুড়াবাসী।

এ সময় তাঁরা বলেন ‘বরুড়াকে কুমিল্লা জেলা থেকে বাদ দিয়ে অন্য কোনো নতুন জেলায় অন্তর্ভূক্তি করা যাবে না এবং কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা জেলার অধীনে থেকে বরুড়া উপজেলার সকল কার্যক্রম করা হোক। প্রয়োজনে, বরুড়া উপজেলাকে নতুন জেলা হিসেবে ঘোষণা দেয়া হোক। তবুও আমরা অন্য জেলায় যেতে চাই না। এ সময় বক্তারা আরও বলেন, ‘বরুড়াকে নব্য গঠিত হতে যাওয়া লাকসাম জেলার অধীনে নেওয়ার পাঁয়তারা চলছে, এমন কিছু হলে তীব্র আন্দোলন করা হবে। কুমিল্লা প্রাণের স্পন্দন।’

এদিকে লাকসাম জেলার অন্তর্ভূক্ত হতে চায় না শাহরাস্তিবাসীও। এ নিয়ে জনমনে হতাশা ও ক্ষোভ দেখা গেছে। শাহরাস্তিবাসী থাকতে চায় আগের জেলা ইলিশের বাড়ি বলে খ্যাত চাঁদপুরেই।

চার জেলা নিয়ে “কুমিল্লা” নামেই বিভাগ চাইবো- অর্থমন্ত্রী লোটাস কামাল

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, চার জেলা নিয়ে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ চাইবো। বিভাগ করার জন্য চারটি জেলা দরকার হয়। কিন্তু আমাদের আছে তিনটি জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। আমাদের পার্শ্ববর্তী ফেনি, নোয়াখালী ও লক্ষীপুর জেলাকে আমরা আমাদের সাথে চেয়েছিলাম। কিন্তু তারা আসতে রাজি হয় নি। এখন কি আর করা। আরেকটি নতুন জেলা করে চারটি জেলা নিয়ে কুমিল্লা বিভাগ হবে। এ জন্য দেরি হচ্ছে। আশা করি অচিরেই কুমিল্লা বিভাগ হবে।

বুধবার ইতালির রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী কুমিল্লার বিভাগ হওয়া প্রসঙ্গে এসব কথা বলেন।

উল্লেখ্য যে, কুমিল্লা জেলাকে ভেঙ্গে দুটি জেলা করা হতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।