Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

দুর্ঘটনার কবলে কুবির মাইক্রোবাস, নিহত ১

 

শাহাদাত বিপ্লব, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিতে থাকা একজন নিহত এবং চালকসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাইতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা-চ ৫১০০৮৩ নম্বরের মাইক্রোবাসটি কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে বুড়িচং উপজেলার কোরপাই নামক স্থানে সামনের একটি চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ছিটকে পড়ে গুরতর আহত হলে তাদের ইস্টার্ন মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎসক আহম আলী নামের একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত আহম আলী জেলার চান্দিনা উপজেলার মহরমপুর গ্রামের বাসিন্দা। মাইক্রোবাস চালক সাইফুল এবং সিএনজি চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন বলেন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস ঢাকায় যাচ্ছিলো, এ সময় মাইক্রোবাসটির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। এঘটনায় হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য সংস্কারের জন্য একজন বিশেষজ্ঞকে আনার জন্য মাইক্রোবাসটি ঢাকা যাচ্ছিল। এমন সময় দুর্ঘটনা ঘটে। আমরা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেছি। উভয় পক্ষ বসে একটা সমাধান করা হবে।’

অন্তরের চিকিৎসায় টাকা হস্তান্তর করেছে কুবির ইংরেজি বিভাগ

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর শাহার চিকিৎসার জন্য ২লক্ষ ৭৬ হাজার ৫০০টাকা হস্তান্তর করেছে ইংরেজী বিভাগ। কিডনিজনিত সমস্যায় তিনি দীর্ঘদিন ধরে ভূগছেন।

বুধবার (৬ জানুয়ারি) ইংরেজি বিভাগের প্রধানের কক্ষে এ টাকা হস্তান্তর করা হয়। অন্তরের পক্ষে টাকা গ্রহণ করেন তার সহপাঠীরা।

এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক বনানী বিশ্বাস, ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক রেনেসাঁ আহমেদ সায়মা, বিভাগের সাংস্কৃতিক সংগঠন লিবারেল মাইন্ডসের আহ্বায়ক সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ এবং সহকারী অধ্যাপক নকীবুন নবী।

উল্লেখ্য, দুইটি কিডনি বিকল আবস্থায়ই তিন বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন অন্তর শাহা। অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেননি, তাই গোপন রেখেছিলেন নিজের ভয়ংকর ব্যাধির কথা। সহপাঠীরা জানলে তাদের উদ্যোগে শুরু হয় অন্তরের চিকিৎসা।
কিডনির ব্যাবস্থা করতে পারলেও টাকার কারনে আটকে আছে চিকিৎসা। বাঁচতে হলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এছাড়া হাসপাতালের বকেয়া, ওষুধপত্র বাবদ আরও ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন। এত পরিমাণ অর্থ তার পরিবার কিংবা সহপাঠীদের জন্য যোগাড় করা প্রায় দুঃসাধ্য।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

বিকাশ (পার্সোনাল) : ০১৬২২-৬৭৬৮৬৮

রকেট : ০১৬২২-৬৭৬৮৬৮১
নগদ : ০১৬২২-৬৭৬৮৬৮
জনতা ব্যাংক অ্যাকাউন্ট : ১০০০০২২৭৭২৫৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয় : সমাবর্তনে বছর শুরু, শিক্ষক রাজনীতির উত্তাপে শেষ

 

 

শাহাদাত বিপ্লব:

সমাবর্তনের আমেজেই শুরু হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বছর। প্রতিষ্ঠার ১৩ বছর পর ১ম সমাবর্তন পেয়ে আনন্দের কোন কমতি ছিল না বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে। তবে এর কিছু দিন পরেই করোনা মহামারীতে দেশের অন্যসব প্রতিষ্ঠানের মতোই থমকে যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। আবার বছরের শেষটায় দেখা যায় ভিন্ন চেহারা। উত্তপ্ত হয়ে উঠে ‍শিক্ষক রাজনীতি। শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীপন্থী শিক্ষকদের পাল্টাপাল্টি নির্বাচন কমিশন গঠন ও বঙ্গবন্ধু পরিষদের পাল্টা কমিটি গঠনের মধ্য দিয়ে শিক্ষকদের মধ্যে বিভেদ প্রকাশ্যে আসে। এছাড়া বছরজুড়েই নানা ঘটনার মধ্য দিয়ে আলোচনায় ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বড় প্রপ্তি সমাবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০০৭ সালে একাডেমিক কার্যক্রম শুরু হলেও ১৩ বছর পর ২০২০ সালের ২৭ জানুয়ারি ১ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তনে পাঁচটি অনুষদের মোট ২ হাজার ৮৮৮ জন গ্র্যাজুয়েট অংশ নিয়েছেন। যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী ১ হাজার ২২২ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রিধারী ১ হাজার ৬৬৫ জন। এদিকে শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ১৪ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষক সমিতির পাল্টাপাল্টি নির্বাচন কমিশন

কয়েক বছর ধরে শান্ত থাকার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে শিক্ষক রাজনীতি। নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর শিক্ষক সমিতির সাধারণ সভায় ১৩ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়। তবে শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠনের বাধ্যবাধকতা থাকায় একই দিন নির্বাচন কমিশন গঠনে কার্যনির্বাহী সভা ডাকা হলেও তাতে সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদারের অনুসারীরা অংশ নেয়নি। পরে সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ পন্থীরা নির্বাচন কমিশন গঠন করে। পরে ৩ ডিসেম্বর পাল্টা কমিশন গঠন করেন সাধারণ সম্পাদক পন্থীরা। এমন উদ্ভূত পরিস্থিতিতে ১০ ডিসেম্বর এক জরুরি সিন্ডিকেট ডাকা হয়। সিডিকেট থেকে নতুন নির্বাচন গঠন করলে ১৩ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদে ফাটল

এদিকে শিক্ষক সমিতির গ্রুপিংয়ের আঁচড় পড়ে বঙ্গবন্ধু পরিষদের উপর। আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের কাজী ওমর-জিয়া কমিটিকে মেয়াদোত্তীর্ণ দাবি করে ৬ ডিসেম্বর তাদের প্রতি অনাস্থা জানিয়ে ড. জ.এম.মনিরুজ্জামানকে আহবায়ক এবং ড. মো. মোকাদ্দেস-উল-ইসলামকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি করে শিক্ষকদের একাংশ। পরে ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের দু’পক্ষই নিজেদের নীল দল আখ্যা দিয়ে পাল্টাপাল্টি প্যানেল ঘোষণা করে এবং নির্বাচনে অংশ নেয়।

ফেল করা প্রার্থীকে নিয়োগ

গত ৯ মার্চ কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে নিয়োগ প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হয় ১১ এবং ১৫ মার্চ। এরপর গত ১৮ অক্টোবর এই তিন পদে চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের নিয়োগ দেয়া হয়।

নিয়োগ চূড়ান্ত হওয়ার পর থেকেই এই নিয়োগের নানা অসঙ্গতি নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ৫ নম্বর রোলধারী প্রার্থী নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষায় ফেল করলেও প্রকাশিত ফলাফলে তাকে পাস দেখিয়ে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠে।

যৌন হয়রানির বিচারে উদাসীন প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত ১১ মাসেও মাসেও শেষ করতে পারেনি তদন্ত কমিটি। তিন সপ্তাহের ভেতর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হলেও কোন এক ‘অদৃশ্য’ কারণে এখনও প্রতিবেদন জমা হয়নি। চলতি বছরের ১৫ জানুয়ারি অভিযুক্ত ইংরেজী বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইংরেজি বিভাগের সান্ধ্য কোর্সের প্রোগ্রাম পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন বিভাগটির সান্ধ্য কোর্সের ৮ম ব্যাচের এক ছাত্রী।

৩ বছর পর নতুন ট্রেজারার

প্রায় ৩ বছরের বেশি সময় ধরে খালি থাকার পর গত ৪ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। তিনি ৪ বছরের জন্য ট্রেজারার পদে নিযুক্ত হন।

দুর্ঘটনায় দুই ‍শিক্ষার্থী নিহত

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্‌ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সুজন আহাম্মেদ নিহত হয়েছেন। এছাড়া ২ জুন কুমিল্লার দেবিদ্বারে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৃবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সোহরাওয়ার্দী ভূঁইয়া রাফীর মৃত্যু হয়েছে ।

ঘরবন্দি শিক্ষা কার্যক্রম:

বিশ্বব্যিাপী করোনা মহামারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ১৭ মার্চ বন্ধ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। পরে করোনা পরিস্থিতি বিবেচনায় ৬ জুলাই থেকে সীমিত পরিসরে দপ্তরগুলো খুলে দেয়া হয়। এছাড়া ২৭ জুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস গ্রহণ করার বিষয়ে এক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সভায় ১৫ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর স্নাতক চূড়ান্ত সেমিস্টারে থাকা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০ ডিসেম্বর থেকে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ২০২০ এ আমাদের বড় অর্জন ছিলো ১ম সমাবর্তন। বাকী সময়তো করোনাই কেড়ে নিলো। ২০২১ যে ২০২০ সালের মতো হবেনা তা আপাতত বলা যাচ্ছে না। ভ্যাক্সিন কবে আসে আর কবে আমরা স্বাভাবিল জীবনে ফিরবো তার কোন নিশ্চয়তা নেই। আমার ইচ্ছা ছিলো ২০২১ এও সমাবর্তন করবো। আমাদের সামনে এখন মেগা প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ। আপাতত সেদিকেই নজর দিচ্ছি।

দীর্ঘদিন পর কুবি ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টার, ঘন্টা না যেতেই ছিঁড়ে ফেলল ছাত্রলীগ!

 

কুবি প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে লাগানো শাখা ছাত্রদলের পোস্টার এক ঘন্টার ব্যাবধানে ছিঁড়ে ফেলেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ভবনের দেয়ালে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগায় শাখা ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক পদ প্রত্যাশী মোস্তাফিজুর রহমান শুভসহ কয়েকজন নেতা-কর্মী। তবে এর কিছুক্ষণ পরই সাড়ে ১১ টার দিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ এবং উপ মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহসহ আরও কয়েকজন নেতাকর্মী এসব পোস্টার ছিঁড়ে ফেলেন।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শুভ বলেন, ‘আমরা ক্যাম্পাসে প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার লাগিয়েছি৷ বিশ্ববিদ্যালয় হচ্ছে উন্মুক্ত জায়গা। এখানে সবাই নিজ নিজ আদর্শের রাজনীতি চর্চা করবে৷ অথচ ছাত্রলীগ আমাদের পোস্টার গুলো ছিঁড়ে ফেলেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিব্দ জানাচ্ছি।

তবে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ পোস্টার ছেঁড়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে এসে দেখি কে বা কারা পোস্টার ছিঁড়ে ফেলেছে। আমি ছিঁড়িনি। যারাই করেছে কাজটি ভালো করেনি।’

কুবি কর্মচারী পরিষদের নেতৃত্বে সাইফুল-মিজান

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি (গ্রেড ১৭-গ্রেড ২০) নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নির্বাচন শেষে রাত নয়টায় এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম ৫৮ ভোট পেয়ে জয় লাভ করেন।প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির হোসেন পেয়েছেন ৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শামসু মিয়া পেয়েছেন ৪৭ ভোট।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছে, সহ-সভাপতি পদে খন্দকার মোঃ জাহিদ হাসান, মোঃ ইউছুপ মিয়া ও মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক পদে মোঃ জসিম উদ্দীন ও মোঃ শিপন, কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক পদে নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মনির হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান অপু, সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ হাসান এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে অহিদা বেগম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যকরী সদস্য পদে আব্দুল ছাত্তার, মোঃ আবু হানিফ, মোঃ রাসেল, মোঃ কবির হোসেন, বেলায়েত হোসেন, মোঃ শাহ আলম এবং নারায়ন চন্দ্র দাশ নির্বাচিত হয়েছেন।

কুবি তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ সমিতির সভাপতি দিপক সম্পাদক মহসিন

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ সমিতি নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে দিপক চন্দ্র মজুমদার সভাপতি ও মো: মহসিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২২ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটিতে শাহিনুর রহমান সহ-সভাপতি, মো. আমিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, বিল্লাল হোসাইন কোষাধ্যক্ষ, মো: মাসুদ আলম সাংগঠনিক সম্পাদক, মো: আলমগীর হোসাইন দপ্তর ও আন্ত:বিশ্ববিদ্যালয় সম্পাদক, মো: শওকত প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো: সোহাগ হোসেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়াও মো:আবুল বাশার, মোহাম্মদ খলিলুর রহমান এবং মো: বিল্লাল হোসেন মজুমদার কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ সমিতি নির্বাচন ২০২১-এর প্রধান নির্বাচন কমিশনার মো. আবু তাহের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন মো: আবুল কালাম , মো: মোশারফ হোসেন, মো: আলমগীর হোসেন ও ওমর ফারুক। নির্বাচনে ৯৭ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

কুবি শিক্ষকদের বিরোধ: সিন্ডিকেটে নির্বাচন কমিশন পুনর্গঠনের সিদ্ধান্ত

 

কুবি প্রতিনিধিঃ

আসন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২১ নিয়ে শিক্ষকদের দুই পক্ষের বিরোধ নিরসনে অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভায় দুই পক্ষের পাল্টাপাল্টি গঠিত নির্বাচন কমিশন পুর্নগঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

ট্রেজারার সূত্রে জানা যায়, যেহেতু সব পক্ষ নির্বাচন চায় সেজন্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ট্রেজারারের তত্তাবধানে প্রধান নির্বচান কমিশনার হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, নির্বাচন কমিশনার হিসেবে পূর্বে গঠিত শিক্ষক সমিতির সভাপতি পক্ষের কমিশন প্রধান রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন ও সাধারণ সম্পাদকের পক্ষের গঠিত কমিশনের প্রধান এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল হকে সমন্বয় করে নির্বাচন কমিশন পুনর্গঠন করার সিদ্ধান্ত হয়। পুর্নগঠিত এ কমিশন পূর্বের ঘোষণা অনুযায়ী ১৩ ডিসেম্বরই নির্বাচন করবে। এসময় ট্রেজারার আরো জানান, আওয়ামীপন্থি নীল দলের দুই পক্ষ এবং বিএনপিপন্থি সাদা দল সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে পুর্নগঠিত কমিশনের অধীনে নির্বাচনে যেতে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর শিক্ষক সমিতির সাধারণ সভায় ১৩ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়। তবে শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠনের বাধ্যবাধকতা থাকায় একই দিন নির্বাচন কমিশন গঠনে কার্যনির্বাহী সভা ডাকা হলেও তাতে সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদারের অনুসারীরা অংশ নেয়নি। পরে সভাপতি মো: রশিদুল ইসলাম শেখপন্থীরা নির্বাচন কমিশন গঠন করে। পরে তিন ডিসেম্বর পাল্টা কমিশন গঠন করেন সাধারণ সম্পাদকপন্থীরা। এছাড়া ৬ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের কাজী ওমর- জিয়া কমিটিকে মেয়াদর্ত্তীণ দাবি করে তাদের প্রতি অনাস্থা জানিয়ে ড. জ.এম.মনিরুজ্জামান কে আহ্বায়ক এবং ড. মো: মোকাদ্দেস-উল-ইসলামকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি করে শিক্ষকদের একাংশ। পরে ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের দুইপক্ষই নীলদল আখ্যা দিয়ে পাল্টাপাল্টি প্যানেল ঘোষণা করে।

কুবির শিক্ষক সমিতির নির্বাচন: নীল দলের প্যানেল দিয়েছে বঙ্গবন্ধু পরিষদের ২ পক্ষই

 

কুবি প্রতিনিধিঃ

আসন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি নির্বাচন কমিশন ঘোষণার পর এবার পৃথক প্যানেল ঘোষণা করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের দুইটি অংশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু পরিষদের (মনিরুজ্জামান-মোকাদ্দেস) অংশ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। এদিকে বঙ্গবন্ধু পরিষদের (কাজী ওমর-জিয়া) পক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাল্টা প্যানেল ঘোষণা করেছে। তবে নিজেদের নীল দল বলে দাবি করেছে দুটি পক্ষই।

বঙ্গবন্ধু পরিষদের (মনিরুজ্জামান-মোকাদ্দেস) পক্ষে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলামকে সভাপতি এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি- মোহাম্মদ মাকসুদুল করিম, মো: সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক- মো: মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ-মো: আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো: রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- শাহ একলিমুর রেজা। কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, মো: রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো: তোফায়েল আহমেদ, মো: আমান মাহবুব এবং মো: নাজমুল হক ।

অপরদিকে বঙ্গবন্ধু পরিষদের (কাজী ওমর-জিয়া) অংশের পক্ষে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরীকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন কে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি-মো: আব্দুর রহমান,জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-মো: মাহবুবুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ- মুহাম্মদ রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মো: মোশারফ হোসাইন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- কাজী এম. আনিছুল ইসলাম। কার্যকরী সদস্য পদে ড. স্বপন চন্দ্র মজুমদার, ড. মোহাম্মদ মিজানুর রহমান, মো: জিয়া উদ্দিন, কাজী ওমর সিদ্দিকী, মো: এমদাদুল হক, হাসেনা বেগম, জয় চন্দ্র রাজবংশী।

এর আগে, গত ৩০ নভেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৩ ডিসেম্বর নির্বাচনের লক্ষ্যে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করা হয়। এরপর ৩ ডিসেম্বর আগের কমিশনকে অবৈধ দাবি করে সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন একাংশ নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হককে প্রধান নির্বাচন কমিশনার করে পাল্টা আরেকটি নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দেন।

এদিকে ৩০ তারিখ গঠিত হওয়া কমিশনের কাছে ৩ সদস্যের আংশিক প্যানেলে মনোনয়ন জমা দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকরা। সাদা দলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে মার্কেটিং বিভাগের ড. মোহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও সদস্য পদে একই বিভাগের ড. মো: আবদুল হাকিম।

উল্লেখ্য, সম্প্রতি বঙ্গবন্ধু পরিষদের বর্তমান কমিটির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণের অভিযোগ তুলে এবং কমিটির প্রতি অনাস্থা জানিয়ে নতুন করে গত ৬ ডিসেম্বর ৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করে শিক্ষকদের অপরপক্ষ। সম্প্রতি বঙ্গবন্ধু বাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদেও আলাদা আলাদা ব্যানারে মানববন্ধন করে তারা।

 

কুবি শিক্ষক সমিতির নির্বাচন: ২ কমিশন হতে ৫৪টি মনোনয়ন গ্রহণ

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে শিক্ষকদের দুই পক্ষের পাল্টাপাল্টি নির্বাচন কমিশন গঠনের পর এবার পৃথক পৃথক নির্বাচন কমিশন হতে মনোনয়ন সংগ্রহ করছেন পদ প্রত্যাশীরা। দুইটি নির্বাচন কমিশনের প্রধানই মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩০ নভেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৩ ডিসেম্বর নির্বাচনের লক্ষ্যে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নকীবুন নবী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: সিদ্দিকুর রহমানকে নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করা হয়। সেই নির্বাচন কমিশন ২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এরপর ৩ ডিসেম্বর নির্বাচনের বৈধতার বিষয়ে প্রশ্ন তুলে সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন একাংশ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হককে প্রধান নির্বাচন কমিশনার, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো: এনামুল হক এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: জুলহাস উদ্দিনকে নির্বাচন কমিশনার করে পাল্টা আরেকটি নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দেন। এই কমিশন ৫ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী দুই নির্বাচন কমিশনই মনোনয়ন সংগ্রহের জন্য ৭ ডিসেম্বর ১১টা থেকে ১টা পর্যন্ত সময় নির্ধারণ করেন। এদিকে পাল্টা গঠিত এই কমিশনেরও বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদলিপি প্রকাশ করেন সভাপতির নেতৃত্বাধীন শিক্ষকদের এ অংশ।

মনোনয়ন সংগ্রহের বিষয়ে ৩০ নভেম্বর ঘোষিত হওয়া কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন বলেন, আমাদের কাছ থেকে নীল দলের ১৮ টি এবং সাদা দলের পক্ষে ৪ টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

এদিকে ৩ ডিসেম্বর হওয়া কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আইনুল হক বলেন, আমাদের কাছ থেকে সর্বমোট ৩২ টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে একজন শিক্ষক ১৭ টি, অন্য একজন ১৫টি মনোনয়ন নিয়েছেন।

তবে শিক্ষক সমিতির দুই পক্ষের এমন পাল্টাপাল্টি কমিশন করার ঘটনায় সাধারণ শিক্ষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হলে কে কোথায় ভোট দিবে এ নিয়ে দ্বিধাদ্বন্ধে ভুগছেন শিক্ষকরা। এছাড়া একই স্থানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একাধিক সাধারণ শিক্ষক আক্ষেপ প্রকাশ করে বলেন, একবার নির্বাচন কমিশন গঠন হয়ে যাওয়ার পর পাল্টা আরেকটি নির্বাচন কমিশন গঠন হওয়া এবং পৃথক পৃথক কমিশন হতে মনোনয়ন সংগ্রহের ঘটনা সকল শিক্ষকের জন্যই বিব্রতকর। শিক্ষকদের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এমন বিভেদ তৈরী করা হয়েছে।

কুবিতে শিক্ষক সমিতির একাংশের পাল্টা নির্বাচন কমিশন, অন্যপক্ষের প্রতিবাদ

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ -২০২১ এর নির্বাচনে নির্বাচন কমিশন গঠন হওয়ার তিন দিন পর স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগ তুলে পাল্টা নির্বাচন কমিশন গঠন করেছে শিক্ষক সমিতির একাংশ।

বৃহস্পতিবার বিকেলে পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ৩ সদস্যের এ কমিশন গঠন করেন। এদিকে ৩০নভেম্বর গঠিত নির্বাচন কমিশনকে একমাত্র বৈধ কমিশন দাবি করে কার্যনির্বাহী পরিষদ ২০২০ এর পনের জনের মধ্যে আটজন সাক্ষরিত একটি প্রতিবাদলিপি প্রকাশ করে।

প্রতিবাদলিপিতে বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটি ২০২০ সকল শর্ত মেনে সাধারণ সভার সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে ৩০নভেম্বরে নির্বাচন কমিশন গঠন করে। এ বিজ্ঞপ্তিতে তারা ৩ডিসেম্বরের নির্বাচন কমিশনকে অবৈধ ঘোষণা করে।

জানা যায়, গত ৩০ ডিসেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৩ ডিসেম্বর নির্বাচন করার জন্য রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নকীবুন নবী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: সিদ্দিকুর রহমানকে নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করা হয়। সেই নির্বাচন কমিশন গত ২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরপর ৩ ডিসেম্বর সমিতির একাংশ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হককে প্রধান নির্বাচন কমিশনার, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো: এনামুল হক এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: জুলহাস উদ্দিনকে নির্বাচন কমিশনার করে পাল্টা একটি নির্বাচন কমিশন গঠন করে। শিক্ষক সমিতির একাংশের গঠিত এ নির্বাচন কমিশনও ১৩ ডিসেম্বর নির্বাচন করার ঘোষণা দেন।

এদিকে পাল্টা নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে তারা গঠনততন্ত্র পরিপন্থী কাজ করেছেন বলে অভিযোগ করেছেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি রশিদুল ইসলাম শেখ । তার অভিযোগ, গঠনতন্ত্র অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হলেও তারা গঠনতন্ত্র না মেনে ও গঠিত নির্বাচন কমিশনকে উপেক্ষা করে অবৈধভাবে ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন করে। পাল্টা এ নির্বাচন কমিশনকে প্রতিহারের অনুরোধ করেন তিনি।

শিক্ষক সমিতির একাংশের নেতৃত্ব দেওয়া বর্তমান পরিষদের সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, আমরা ফেডারেশনের সভার জন্য অপেক্ষা করেছি এজন্য আমরা দেরি করেছি। উনারা মাত্র ১ ঘন্টার ব্যবধানে সভা ডেকেছেন এটা গঠনতন্ত্র পরিপন্থী। নির্ধারিত সময়ের পর নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে গঠনতন্ত্র উপেক্ষা করা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে করোনাকালীন সংকটে ফেডারেশনের ১ তারিখের সভার সিদ্ধান্তের জন্যই আমাদেরকে এটা উপেক্ষা করতে হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখ বলেন, ‘শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ১০ এ খ ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হলেও তারা নিয়মতান্ত্রিকভাবে ৩০ নভেম্বর গঠন হওয়া কমিশনকে উপেক্ষা করে তারা অবৈধভাবে আরেকটি কমিশন গঠন করে। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী সভা আহ্বানের ক্ষেত্রে সভাপতির পরামর্শ নিতে হয়। তাও তারা নেয়নি। এছাড়া আমার স্বাক্ষরকে তারা জালিয়াতি করেছে। এটা অপরাধ। বিজ্ঞপ্তির প্যাডটিরও অনুমোদন নেই। নির্বাচনকে সামনে রেখে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ১ ঘণ্টা ব্যবধানে সভা ডাকা যায় কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘৩০ তারিখের কার্যনির্বাহী সভার বিষয়ে আগের দিনের সভায়ই বলা হয়েছে যে, সাধারণ সভা শেষে ৩০ তারিখের মধ্যেই কমিশন গঠন করতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী ঐদিনই কমিশন গঠনের শেষদিন ছিল।

এদিকে শিক্ষক সমিতির পাল্টাপাল্টি নির্বাচন কমিশন গঠনের বিষয়টি শিক্ষকদের জন্য বিব্রতকর বলে আক্ষেপ প্রকাশ করেছেন কয়েকজন শিক্ষক। একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হলে কে কোথায় ভোট দিবে এ নিয়েও বিস্মিত তারা। এছাড়া একই স্থানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় অপ্রীতিকর পরিস্থিতির শঙ্কায় করছেন সংশ্লিষ্টরা।

উদ্ভূত পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, এমন পরিস্থিতি কোনভাবেই কাম্য নয়। তাদের দুই পক্ষেরই উচিৎ সাধারণ সভা ডেকে সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া। এটা সকলের জন্য শুভকর হবে।