Tag Archives: চরে

দেবিদ্বারে গোমতী নদীর চরে করল্লার রেকর্ড ফলন

দেবিদ্বারে গোমতী নদীর চরে করল্লার রেকর্ড ফলন, কৃষকদের মুখে হাসি

 

এড. সুদীপ:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতী নদীর চরাঞ্চলে এবার করল্লার চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। খলিলপুর, আশানপুর, বালিবাড়ির চরসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০ একর জমিতে উৎপাদিত করল্লার বাম্পার ফলন কৃষকদের মুখে ফুটিয়েছে স্বস্তির হাসি। বাজারে ভালো দাম পাওয়ায় চাষিরা এবার লাভের মুখ দেখছেন।

লাভজনক ফলনে কৃষকদের উচ্ছ্বাস

বারেরার চরের কৃষক বাচ্চু মিয়া জানান, এবার ৪০ শতাংশ জমিতে করল্লা চাষে তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বিক্রি করেছেন প্রায় আড়াই লাখ টাকার করল্লা। একই এলাকার আবু কালাম বলেন, “গত বছরের তুলনায় এবার ফলন অনেক ভালো হয়েছে। পাইকারি বিক্রিও হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। আমার জমি থেকে এবার সাড়ে চার লাখ টাকার করল্লা বিক্রি করেছি।”

প্রাকৃতিক সুবিধা ও চাহিদা

কৃষকদের মতে, এবার বৃষ্টিপাত কম হওয়ায় করল্লার ফলন ভালো হয়েছে। গোমতী নদীর উর্বর পলিমাটি করল্লা চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এছাড়া, বাজারে করল্লার চাহিদা ও দাম দুটোই ভালো থাকায় চাষিরা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন।

কৃষি বিভাগের তথ্য ও পরিকল্পনা

দেবিদ্বার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ৩৫ হেক্টর জমিতে করল্লার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। ফলন ও বাজারমূল্যও সন্তোষজনক। উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেন, “চরাঞ্চলের কৃষকদের আরও উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হচ্ছে। নিরাপদ ফসল উৎপাদনে আমরা নিয়মিত পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।”

ভবিষ্যত সম্ভাবনা

এই অঞ্চলে করল্লার পাশাপাশি অন্যান্য সবজির চাষও হয়। তবে এবারের সাফল্য কৃষকদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের আরও উন্নত প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানো যায়।

চরাঞ্চলের কৃষকরা আশাবাদী, সরকারি ও বেসরকারি পর্যায় থেকে আরও সহায়তা পেলে তারা আরও বেশি লাভবান হবেন এবং দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

কুমিল্লায় গোমতী নদীর চরে মাটিকাটা খাদে

কুমিল্লায় গোমতী নদীর চরে মাটিকাটা খাদে ডুবে কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় গোমতী নদীর চরে ফুটবল খেলার সময় খাদে পড়ে ১৩ বছর বয়সী জিসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনাটি ঘটে।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বুধবার (২৩ এপ্রিল) ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত জিসান আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মো. সুমন মিয়ার ছেলে। পিতার চাকরিসূত্রে পরিবারটি ঢাকায় থাকলেও জিসান মামা মাসুম মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে জিসান বন্ধুদের সঙ্গে গোমতী নদীর বেড়িবাঁধে ফুটবল খেলছিল। এ সময় মাটি ব্যবসায়ীদের খনন করা গভীর খাদে বলটি পড়ে গেলে, সেটি তুলতে গিয়ে জিসান পানিতে ঝাঁপ দেয়। পানির গভীরতা বুঝতে না পেরে সে ডুবে যেতে থাকে। বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে এলাকাবাসীর সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩০ ফুট গভীরতা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি মাহিনুল ইসলাম জানান, জিসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।