Tag Archives: জাহাঙ্গীর আলম

পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে

পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম

পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম

ডেস্ক রিপোর্ট:

পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না বলে জানিয়েছেন লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তারা কোনো দলের তল্পিবাহক হয়ে এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না। আজকের এই সমাপনী অনুষ্ঠানে আপনারা এই শপথে বলীয়ান হবেন।

এর আগে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। এই ব্যাচের মোট ৬৬ জন প্রশিক্ষণার্থী ছিলেন যাদের অন্তত চার মাস আগে সমাপনী কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল। নানা জটিলতায় সেটি আটকে যায়। অবশেষে বিভিন্ন অভিযোগে এ ব্যাচের ৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অব্যাহতি পান। আজকের কুচকাওয়াজে বাকি ৫৭ জন এবং ৩৮তম বিসিএসে পুলিশের ৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ নেন।

কুচকাওয়াজের শোভা বর্ধনের জন্য তাদের সঙ্গে একাডেমির অন্য প্রশিক্ষণার্থীরা মোট ১০টি কনটেইনজেন্টে বিভক্ত হয়ে সমাপনী কুচকাওয়াজে যোগ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।

এসময় অনুষ্ঠানে ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি আবু নাছের মোহাম্মদ খালেদ, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ বিভিন্ন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছাত্রদের ওপর প্রাণঘাতী অস্ত্র

ছাত্রদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম

ছাত্রদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম

ডেস্ক রিপোর্ট:

ছাত্রদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সড়ক বন্ধ করে আন্দোলনের পরিবর্তে একটি নির্দিষ্ট স্থানে আন্দোলন করাই ভালো। তার প্রশ্ন, কেন সবকিছুর জন্য আন্দোলন করতে হবে?

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে  স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে। ছাত্রদের প্রতিনিধিরাও আলাপ-আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে। আমরা ছাত্রদের অনুরোধ করছি যেন তারা রাস্তায় না নামে। তাদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা যাবে না।”

এদিকে, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “হাওড়ের বাঁধ ভেঙে ফসলের ক্ষতি যেন না হয়, সেটা দেখতে এসেছি। হাওড়ের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে পর্যটন শিল্পের উন্নয়ন করতে হবে। তবে, হাওড়ের পানি না কমলে বাঁধের কাজ শুরু করা সম্ভব নয়। প্রকল্প বাস্তবায়নের নীতিমালা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এখনও হাওড়ে অনেক পানি রয়েছে, তাই দ্রুত বাঁধ নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না।”

এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুই উপদেষ্টা মাটিয়ান ও টাংগুয়ার হাওড়ের বাঁধ পরিদর্শন করেন।

গ্রেফতার সাবেক স্বরাষ্ট্র সচিব

গ্রেফতার সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম

গ্রেফতার সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম

ডেস্ক রিপোর্ট:

ডামি নির্বাচনের কারিগর, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার একটি দল।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ডামি নির্বাচনের পরিকল্পনাকারী ও নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই সচিবকে সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম এ বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্বে ছিলেন।

‘শর্তসাপেক্ষে ক্ষমা পেলেন জাহাঙ্গীর আলম’

‘শর্তসাপেক্ষে ক্ষমা পেলেন জাহাঙ্গীর আলম’

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে শর্তসাপেক্ষে সাংগঠনিকভাবে ক্ষমা করা হয়েছে।

শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সেই সূত্রে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।’

ভবিষ্যতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় চিঠিতে।

২০২১ সালের সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ভাইরাল হয়। সেই অডিওতে তাকে মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করতে শোনা যায়। এ ঘটনায় ওই বছরের ১৯ নভেম্বর তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

পরে বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০২২ সালের ১৭ ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়।

তবে কেন্দ্রের নির্দেশ অমান্য করে গাজীপুর সিটি করপোরেশনের ভোটে প্রার্থী হওয়ায় চলতি বছরের ১৫ মে তাকে পুনরায় আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। পাঁচ মাস পর দ্বিতীয় দফায় তাকে ক্ষমা করল আওয়ামী লীগ।