Tag Archives: ডিএমপি কমিশনারের

নতুন আইজিপি ও ডিএমপি কমিশনারের

নতুন আইজিপি ও ডিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ

নতুন আইজিপি ও ডিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাহারুল আলম। অপরদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তারা তাদের নতুন দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, বুধবার (২০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে বাহারুল আলমকে আইজিপি ও শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের মধ্যে বড় ধরনের রদবদল ঘটে। সে সময় পুলিশের ৩২তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম। আর ৩৭তম ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান মো. মাইনুল হাসান।

জানা গেছে, পুলিশপ্রধান হিসেবে নতুন দায়িত্ব নেওয়া বাহারুল আলম একসময় এসবির প্রধান ছিলেন। তিনি দুই দফা পদোন্নতির সুযোগ হারান এবং ২০২০ সালে অবসরে যান। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করেছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে কাজ করেছেন।

অন্যদিকে, শেখ মো. সাজ্জাত আলী ১৯৮৪ সালে বিসিএস পুলিশ ক্যাডারে পুলিশে যোগদান করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। এছাড়া তিনি লক্ষ্মীপুরের পুলিশ সুপার, চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি, এবং হাইওয়ে পুলিশ গঠিত হলে সেখানে ডিআইজির দায়িত্বে ছিলেন। পরে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। তিনি মেধাবী, কর্মঠ ও সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। সাজ্জাত আলীর বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়।

গত সোমবার (১৮ নভেম্বর) শেখ মো. সাজ্জাত আলীকে চাকরিতে পুনর্বহাল করে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর মামলা নম্বর ৩৩/২০১৭-এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হয়েছে। তিনি আদালতের আদেশ অনুযায়ী সকল প্রাপ্য বেতন-ভাতা এবং অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন।