Tag Archives: ড. শিরীন শারমিন

রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার ড. শিরীন শারমিন

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসানের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন স্পিকার।

মনোনয়নপত্র জমাদানের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রংপুর-৬ আসনে নির্বাচনের জন্য নৌকার প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দিয়েছি। পীরগঞ্জবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে গত নির্বাচনে এই আসন থেকেই নির্বাচিত হয়েছিলাম। আগামী নির্বাচনেও পীরগঞ্জবাসীর সমর্থন কামনা করছি।

স্পিকার বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং অধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য। একাধিক রাজনৈতিক দল নির্বাচনে তাদের প্রার্থী দেবে। প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নেবে।

পীরগঞ্জের জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন জানিয়ে শিরীন শারমিন বলেন, পীরগঞ্জের জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি। জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি মকবুল হোসেন সরদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, উপজেলা প্রশাসনের সদস্যরা, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করা: স্পিকার ড. শিরীন শারমিন

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বহু বছর ধরে কাজ করে আসছে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সহজীকরণ ও সমৃদ্ধ করছে। যুক্তরাজ্য ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় ও সংযোগ তৈরি করেছে ব্রিটিশ কাউন্সিল।

তিনি বলেন, আজকের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গর্বিত, যা বাংলাদেশের জন্য একটি সাফল্য। এই সাফল্য প্রমাণ করে যে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতার সাথে প্রতিযোগিতা করতে পারে এবং শীর্ষ অবস্থানে থাকতে পারে।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিটিশ কাউন্সিল ও পিয়ারসন এডেক্সেলের উদ্যোগে ১০ম বারের মতো আয়োজিত ‘পিয়ারসন এডেক্সেল হাই এচিভার্স অ্যাওয়ার্ড সেরেমনি ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, বিশ্বায়নের বর্তমান যুগে সবকিছু এখন আন্তঃসংযুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করা। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় আজকের শিক্ষার্থীদের এ অর্জন সহায়ক ভূমিকা রাখবে। এই অর্জন শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার ভীত রচনা করেছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সরকারের নানামুখী প্রচেষ্টায় শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে এখন ঝড়ে পড়া শিক্ষার্থীর হার উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে। কোভিড মহামারি সফলভাবে মোকাবিলা করে প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত রাখা সম্ভব হয়েছে। নারীশিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছে, যা দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখছে। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড-এর সুবিধা ভোগ করছে, যা কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার মি. ম্যাট ক্যানেল, ইউকে পিয়ারসনের পরিচালক ডেভিড অ্যালবন ও প্রেমিলা পলরাজ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রায়ম্যান বক্তব্য রাখেন।

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সোমবার সকাল ১০টায় বাজেট অধিবেশন শুরু হয়। বেলা ১২টার কিছু সময় পরে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাস হয়।

এর আগে গত ১ জুন সংসদে ক্ষমতাসীনদের টানা ১৫তম এবং দেশের ৫২তম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ৭ লাখ ৬১ হাজার কোটি ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি। এবার তার বাজেট বক্তব্যের শিরোনাম ছিল ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার এর আগের অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৩৪ শতাংশ বড়। বাজেটটি ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকার প্রাক্কলিত জিডিপির ১৫ দশমিক ২১ শতাংশ।

এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।

রাজস্ব হিসেবে ৫ লাখ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। লক্ষ্যমাত্রা অনুসারে, জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং অন্যন্য উৎস থেকে সংগ্রহ করা হবে আরও ৭০ হাজার কোটি টাকা।

প্রস্তাবির বাজেটে ব্যয়ের খাতগুলোর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ২৮১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা।

এদিকে নতুন অর্থবছরে মোট জিডিপির পরিমাণ ধরা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা। উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এবং সুসংহত অভ্যন্তরীণ চাহিদার কল্যাণের ধারাবাহিকতা ধরে রাখতে নতুন অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হার লক্ষ্য রয়েছে সরকারের। আর মূল্যস্ফীতির হার ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে নতুন বাজেটে।