Tag Archives: থানায় জিডি

ভুয়া মুক্তিযোদ্ধা নামক ফেইসবুক আইডিতে আজাদের ছবি ব্যবহার, থানায় জিডি

সালাউদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর গ্রামের আমির আলীর ছেলে প্রবাসী আজাদের ছবি এবং মোবাইল নাম্বার ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া মুক্তিযোদ্ধা নামক একটি আইডি খুলে নানান অপকর্ম চালাচ্ছে একটি মহল।

বিষয়টি প্রবাসী আজাদ এবং তার পরিবারের নজরে আসলে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য গতকাল ১৮ ই সেপ্টেম্বর মঙ্গলবারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন আজাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস পিংকি।

এ বিষয়ে আজাদ বলেন, গত কয়েকদিন ধরেই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া মুক্তিযোদ্ধা নামক একটি ফেসবুক আইডিতে আমার নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন ধরনের দেশদ্রোহী, হয়রানি মূলক অপপ্রচার করে আসছে একটি কুচক্রী মহল। আমি প্রবাসে থাকায় আমার স্ত্রীকে দিয়ে ভবিষ্যৎ নিরাপত্তা এবং আইনি পদক্ষেপের জন্য সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করি।

চারজনের বিরুদ্ধে অভিযোগ অপু বিশ্বাসের, থানায় জিডি

অনলাইন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘অপমানজনক’ মন্তব্য করে ভিডিও বানিয়ে ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এ ছাড়াও ডিবি অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

গতকাল রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয় ও সন্ধ্যায় ভাটারা থানায় জিডি করেন চিত্রনায়িকা অপু। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, উভয় জায়গা থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাকে।

জিডির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, সন্ধ্যায় থানায় গিয়েছিলেন অপু বিশ্বাস। ফেসবুকে কুরুচিপূর্ণ এবং অপমানজনক বক্তব্য দেওয়া হয়েছে বলে থানায় জানিয়েছেন চিত্রনায়িকা। চারটি লিংক সংযুক্ত করে জিডি করেছেন অপু।

অপু বিশ্বাস আরও জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ তাকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

ঢালিউড কুইনের ভাষ্য, দেড়-দুই বছর ধরে তার বিরুদ্ধে ভিডিও বানিয়ে এবং ফেসবুকে নানান অপমানজনক মন্তব্য করে যাচ্ছেন কেউ কেউ। এতে সামাজে ও পারিবারে তার সম্মান নষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি। কিছু মানুষ অনেক আগে থেকেই তার বিরুদ্ধে এসব করছেন। প্রথম দিকে এসবে গুরুত্ব দেননি তিনি। এখন বাধ্য হয়েই জিডি ও অভিযোগ করেছেন অপু বিশ্বাস।

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পরদিন ২ শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুরের ভেসে উঠেছে আরাফাত খা (৯) ও সামির (৮) নামে দুই শিশুর মরদেহ।

সোমবার (১ মে) সকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ এলাকায় পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

আরাফাত উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গ্রামের এনাম খা’র ছেলে ও সামির উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. রেজুয়ান আহম্মেদ বলেন, দুই শিশুই রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। রাতে তাদের সন্ধান চেয়ে উপজেলা ও আশপাশ এলাকায় মাইকিং করা হয়। সোমবার সকালে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশুর মরদেহ পুকুরে ভেসে ওঠে।

তিনি আরও বলেন, মারা যাওয়া একটি শিশু স্থানীয় বাসিন্দা এবং আরেকটি শিশু পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের। সে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, দুই শিশুর মরদেহ পানি থেকে উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে খোয়া গেছে গুরুত্বপূর্ণ ১৭ নথি, থানায় জিডি

 

ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব বা খোয়া যাওয়ায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়।

শাহবাগ থানার ওসি বলেন, গুরুত্বপূর্ণ নথি গায়েব বা হারিয়ে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিব নাদিরা হায়দার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ২০/১৭। আজ সচিবালয় বন্ধ থাকায় আগামীকাল থেকে তদন্ত শুরু হবে। কে বা কারা নথি গায়েব করেছেন সেটা খতিয়ে দেখা হবে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জিডিতে ১৭টি নথির নম্বর ও বিষয় উল্লেখ করা হয়েছে। নথিগুলোর মধ্যে রয়েছে- শহীদ তাজউদ্দীন আহমেদ, রাজশাহী মেডিকেল কলেজসহ অন্যান্য মেডিকেল কলেজের কেনাকাটা সংক্রান্ত একাধিক নথি, ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি, রিপোর্ট অধিদপ্তরের কেনাকাটা, ট্রেনিং স্কুলের যানবাহন বরাদ্দ ও ক্রয় সংক্রান্ত নথি।

এদিকে ফাইল খোয়া যাওয়ার ঘটনায় অভিযোগ পেয়ে বৃহস্পতিবারই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আন-অফিশিয়ালি কাজ শুরু করেছে বলে সিআইডির এক কর্মকর্তা জানিয়েছেন।

দাউদকান্দিতে পুলিশের সাথে মদ্যপ অবস্থায় ইউপি চেয়ারম্যানের অশালীন আচরণ, থানায় জিডি

 

স্টাফ রিপোর্টার:
মদ্যপ অবস্থায় অশালিন আচরণ করায় কুমিল্লার দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লার নামে সাধারণ ডায়েরী করেছেন পুলিশ।

শুক্রবার (১৮ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লার নামে ডায়েরী নোট করেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

তিনি জানান, দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামের এক কিশোরী নিখোঁজ হওয়ার পর তার মা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ ডায়েরীর সূত্র ধরে গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার সন্ধ্যায় কিশোরীকে উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসেন। রাতেই কিশোরীকে আমরা তার মায়ের কাছে দিতে চাই। কিন্তু জিংলাতুলি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন ওই কিশোরীকে নিতে ফাড়িতে আসেন। আমরা চেয়ারম্যানের কাছে কিশোরীকে দিতে অপরাগতা প্রকাশ করলে সে আমাদের সাথে অশালিন আচরণ করেন। পরে আমরা চেয়ারম্যানের নামে সাধারণ ডায়েরী খাতায় নোট আকারে লিপিবদ্ধ করেছি।

চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা বলেন, বিষয়টি প্রেমঘটিত। মেয়েটি প্রাপ্ত বয়স্ক হওয়ায় সে তার মায়ের সাথে যেতে চায়নি। তখন মেয়েটিকে আমার জিন্মায় নিতে চেয়েছি।

গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের একটি সূত্র জানায়, চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা মদ্যপ অবস্থায় তদন্ত কেন্দ্রের ইনচার্জের কক্ষে গিয়েও বেসামাল আচরণ করেন। তিনি ইনচার্জের সঙ্গে অনেকক্ষণ কথা কাটাকাটি এবং টেবিল চাপড়িয়ে অশালীন আচরণ করেন।

 

মুনিয়ার বোনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

 

স্টাফ রিপোর্টার:

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলার বাদী নুসরাত জাহান তানিয়া প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে কুমিল্লায় থানায় জিডি করেছেন।

নিজের এলাকা কুমিল্লার কোতোয়ালি থানায় শনিবার তিনি এ সাধারণ ডায়েরি করেন বলে পুলিশ জানিয়েছে।

ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোশারাত জাহান মুনিয়া নামে যে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ গত ১৯ এপ্রিল উদ্ধার করা হয়, তারই বোন নুসরাত।

সেদিন লাশ উদ্ধারের পর নুসরাত জাহান তানিয়া গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।

সেই মামলা তুলে নেওয়া এবং মীমাংসা করতে মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নুসরাত।

তিনি সাংবাদিকদের বলেন, ওই মামলা প্রত্যাহার করা জন্য আসামি সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে চাপ ছিল। তাতে সাড়া না দেওয়ায় গত বুধবার থেকে কয়েকটি মোবাইল নম্বর থেকে অনবরত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি পাচ্ছেন তিনি।

তার ও তার স্বামীকে ‘গুম-খুন’ করাসহ বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

লাকসামে সাংবাদকর্মীকে হুমকি, থানায় জিডি

 

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে মনির আহমেদ নামে এক সংবাদকর্মীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে জীবনের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
সাংবাদিক মনির আহমেদ ‘সাপ্তাহিক সেরা সংবাদ’ নামে স্থানীয় একটি সংবাদপত্রের নির্বাহী সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

জিডিতে মনির আহমেদ উল্লেখ করেন, গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৩২ মিনিটে ০১৮১৩৭৪৮৩৯৪ নম্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে প্রথমে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। ১ মিনিট ২৬ সেকেন্ডের ওই কথোপকথনের এক পর্যায়ে অজ্ঞাত ওই ব্যক্তি তাকে হুমকি দিয়ে বলেন ‘তুই চৈতি কালামের বিরুদ্ধে লেখালেখি করিস’ কালাম সাহেবের বিরুদ্ধে লেখালেখি বন্ধ না করলে তোকে প্রাণে মেরে ফেলা হবে৷