Tag Archives: দাউদকান্দি উপজেলা

কুমিল্লার দাউদকান্দিতে তিন দিনব্যাপি বই মেলা শুরু

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে শুক্রবার (১৯ফেব্রুয়ারি) সকাল থেকে তিন দিনব্যাপি বই মেলা শুরু হয়েছে। ভাষার মাস উপলক্ষে শুরু হওয়া মেলাটি চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

উপজেলার গৌরীপুর পুলিশ ফাড়ির সামনে এ মেলার আয়োজন করেছেন শহীদ জননী জাহানারা ইমাম পাঠাগার ও ভাষা মতিন রক্তজবা সংগঠন।

গৌরীপুর আলোকিত সমাজ সংস্থা নামে সংগঠনের পরিচালনায় মেলার উদ্বোধন করেন দাউদকান্দি রোটারী ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাহিত্য সাংস্কৃতিক ও সমাজ কল্যান সংগঠন সৃষ্টির সাধারণ সম্পাদক মোঃ এখলাস মুন্সি প্রমূখ।

আলোকিত সমাজ সংস্থা সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আমাদের সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই বই মেলার আয়োজন। ২০১১ সাল থেকে প্রতি বছর ভাষার মাসে এ মেলার আয়োজন করে আসছি।

দাউদকান্দিতে প্রথম করোনার টিকা নেবেন উপজেলা চেয়ারম্যান

 

জাকির হোসেন হাজারীঃ

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় টিকা প্রদান কর্মসূচির মধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রথম করোনার টিকা নেবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তার ব্যাক্তিগত কর্মকর্তা সানি হাসান ক্ষুদে বার্তায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

সারা দেশের মতো ৭ ফেব্রুয়ারি দাউদকান্দিতে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে বুথ স্থাপনের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হবে। উপজেলার সবার আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন করোনার টিকা গ্রহণ করবেন।

দাউদকান্দি পৌর নির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়পত্র বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নগত্র বাতিল ঘোষণা করেন। তাদের মধ্যে এক মেয়র প্রার্থী ও তিন কাউন্সিলার প্রার্থী রয়েছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ধার্য ছিল।

আশরাফুন নাহার জানান, স্বতন্ত্র মেয়র প্রার্থী গোলাম মহিউদ্দিন মাহমুদ এবং কাউন্সিলর প্রার্থী ২নং ওয়ার্ডের মিজানুর রহমান, ৪নং ওয়ার্ডের শাহাজাদা মজুমদার ও আবসার উদ্দিনের মনোনয়নগত্র বাতিল ঘোষণা করা হয়েছে। স্বাক্ষর বিহীন, টিন সার্টিফিকেট ও ব্যয় নির্ধারন সংক্রান্ত তথ্য গড়মিল থাকায় তাদেও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মেয়র পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন, বিএনপি মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ সেলিম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান মিয়া, স্বতন্ত্র প্রার্থী তাসলিমা চৌধুরী সিমিন ও সাবেক ছাত্রনেতা আবু মুছা ।

চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি প্রত্যাহার এবং আগামী ১৪ ফেব্রুয়ারী দাউদকান্দি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এখানে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

 

দাউদকান্দিতে মোটরসাইকেলে করে ফেনসিডিল পরিবহণকালে আটক ২ জন

 

জাকির হোসেন হাজারীঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেলে করে ফেনসিডিল পরিবহণকালে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১জানুয়ারী) সন্ধ্যায় মহাসড়কের হাসানপুর তাসফিন পাম্প এলাকা থেকে তাদেরকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার লালবান গ্রামের আমান মিয়ার ছেলে জুয়েল(২৪) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সানিউর রহমান (২৫)।

পুলিশ তাদের সাথে থাকা ব্যাগে বিশেষ কৌশলে পেপার দিয়ে কস্টিপে মোড়ানো ফেনসিডিলের দশটি প্যাকেট উদ্ধার করেন। প্রতিটি প্যাকেটে ১০টি বোতল করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে। তারা মোটর সাইকেলে (ঢাকামেট্টো-ল- ১৩-৮৫৯৮) করে কুমিল্লার সোয়াগাজি থেকে গজারিয়ার উদ্দেশ্য যাচ্ছিলো। দাউদকান্দি থানায় মামলার প্রস্তুতি চলছে।

দাউদকান্দিতে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয় আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যের নিরাপত্তা দিনব্যাপী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলয়নায়তনে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল হাসান খাদ্যের নিরাপত্তার বিভিন্ন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সারোয়ার জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, বিভিন্ন হোটেল রেস্তোরার মালিকসহ সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি।

দাউদকান্দিতে আগুনে নিঃস্ব ৪ পরিবার

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ আগুনে বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে ৪ পরিবারের। এতে নিঃস্ব হয়ে পড়েছে চারটি পরিবার।

শনিবার দিবাগত রাতে উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের সুন্দুলপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুন্দুলপুর গ্রামের খান বাড়ির হাবিবুল্লাহ খানের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা চেষ্টা চালায়। খবর পেয়ে দাউদকান্দির দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষনে ওই বাড়ির হাবিবুল্লাহ খান, স্বপন খান, শহিদ উল্লাহ মাস্টার ও সোহেল খানের এই চারটি বসতঘরসহ সব কিছু পুড়ে ছাই যায়। স্থানীয়দের ধারণা আগুনে পরিবার গুলোর কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।

ইউপি সদস্য মাহবুব খান জানান, রাতে হাবিুল্লাহর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে পাশের আরো তিনটি ঘরে লেগে যায়। এতে ৪টি ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে তিনি জানান।

পূর্ব শত্রুতার কারনে আগুন কেউ লাগিয়েছে দাবী করে ক্ষতিগ্রস্ত হাবিবুল্লাহ বলেন, আমি বাড়িতে নেই, আমার মা বাবাও বাড়িতে নেই। এই সুযোগে রাতের আধাঁরে কেউ আমার ঘরে আগুন দেয়। এতে আমার ঘরসহ পাশের আরো তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহম্মেদ জানান, এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সুন্দুলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম জানান, আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পরিধেয় বস্ত্র ছাড়া কিছুই নেই। বিষয়টি স্থানীয় সাংসদসহ উপজেলা পরিষদকে আবগত করেছি।

 

 

 

দাউদকান্দিতে ডাকাতি মামলার আসামী যুবদলের নেতাসহ ২ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো দৌলতপুর গ্রামের পশ্চিম পাড়ার লতিফ তালুকদারের ছেলে ও দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন তালুকদার (৪৫), একই বাড়ির শাহজালাল তালুকদারের ছেলে সানি তালুকদার (২৮)।

পুলিশ জানায়, পেন্নাই-বাবুর হাট সড়কের দৌলতপুর এলাকায় গত ২৪ নভেম্বর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ঢাকা মেডিকেলে চিকিৎসক আশরাফ উদ্দিনের কাছ থেকে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাতাতির ঘটনায় চিকিৎসক আশরাফ উদ্দিনের করা মামলায় শাহপরান নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ পরানের দেয়া স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার মহসিন ও সানিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

দাউদকান্দিতে খাদ্য গুদাম পরিদর্শনে খাদ্য সচিব

 

জাকির হোসেন হাজারীঃ

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম কুমিল্লার দাউদকান্দি উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা খাদ্য গুদামে যান তিনি। খাদ্য গুদামে সংরক্ষিত ধান চালসহ খাদ্যের সঠিক মান নিরূপনসহ খাদ্য গুদামের সার্বিক খোঁজ খবর নেন।

পরে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে প্লাবন ভূমিতে মৎস্য চাষের সুতিকাগার শিশউক (শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম) এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং মৎষ্য চাষীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানে আস্বস্ত করেন। এসময় জেলা খাদ্য কর্মকর্তাসহ খাদ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম খাদ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দাউদকান্দিতে মাইক্রোবাসে করে মাদক পরিবহনকালে আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাইক্রোবাসে করে ফেন্সিডিল পরিবহনকালে ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ২য় গোমতি সেতুর টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক থেকে ৬৮২ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালি থানাধীন সুবর্ণপুর গ্রামের মোঃ শাহজাহান ভূইয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন ভূইয়া উরফেসবুজ (২৫) ও কুমিল্লার বুড়িচং উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ লোকমান হোসেন (৩২)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বর্ণাঢ্য আয়োজনে দাউদকান্দিতে দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে কেক কাটা, র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপনসহ বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় পত্রিকাটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ আবু সালাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহনিুর আলম সুমন, উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক রাষ্ট্রীয় পদক প্রাপ্ত কৃষিবিদ মতিন সৈকত, আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল উদ্দিন, দাউদকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ হানিফ খান, বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম সরকার, দাউকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম লিপু, তিতাস প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম, সূচনা কমিউনিটি টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ, সাহিত্য সংগঠন স্বৃষ্টির সভাপতি শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ রূপান্তর পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি জাকির হোসেন হাজারী। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা টিভি’র সম্পাদক ওমর ফারুক মিয়াজী, ইনকিলাব প্রতিনিধি সেলিম আহমেদ, দাউদকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম বাবু, বাংলা টিভির প্রতিনিধি আপেল মাহমুদ, আনন্দ টিভি’র প্রতিনিধি সোহেল আহম্মেদ প্রমূখ। আলোচনা সভা শেষে সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ আবু সালাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহনিুর আলম সুমন, উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষিবিদ মতিন সৈকত কেক কেটে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করেন।

পরে একটি র‌্যালী হাসপাতাল চত্বর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বের করা হয়।