Tag Archives: নাসির হোসেন

নাসির হোসেনের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

নাসির হোসেনের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়ক ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। তবে, টুর্নামেন্টে সবচেয়ে বাজে খেলেছিলো নাসিরের নেতৃত্বাধীন দলটিই। গ্রুপ পর্বের ৬ ম্যাচে ২ জয়ে ৮ দলের মধ্যে তারা হয়েছিলো ৮ম।

টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই সম্ভাব্য বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট। শেষ পর্যন্ত ক্রিকেটার ও কর্মকর্তাসহ মোট ৮ জনের বিরুদ্ধে তারা কিছু দুর্নীতির অভিযোগ গঠন করতে পেরেছে। যে দুর্নীতির সঙ্গে জড়িত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার নাসির হোসেন।

আজ বিকেলে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এসব তথ্য। সংবাদ বিজ্ঞপ্তিটিতে আইসিসি লিখেছে, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের মোট তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

যে আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন- কৃষাণ কুমার চৌধুরী (অন্যতম মালিক), পরাগ সাংভি (অন্যতম মালিক), আজহার জাইদি (ব্যাটিং কোচ), সানি দিলন (সহকারী কোচ), শাদাব আহমেদ (টিম ম্যানেজার), আরব আমিরাতের স্থানী ক্রিকেটার রিজওয়ান জাভেদ, সালিয়া সামান এবং নাসির হোসেন (বাংলাদেশের ক্রিকেটার)।

তবে এই আট অভিযুক্তের মধ্যে ৬ জনকে (কৃষাণ কুমার চৌধুরী, পরাগ সাংভি, আজহার জাইদি, রিজওয়ান জাভেদ, সালিয়া সামান এবং সানি দিলনকে প্রাথমিকভাবে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত সবাইকে ১৯ সেপ্টেম্বরের পর ১৪ দিনের মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে আইসিসির পক্ষ থেকে।

২০২১ টি-টেন লিগের ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হয়েছিলো বলে অভিযোগ আইসিসির। যদিও সেই চেষ্টা নস্যাৎ করা হয়েছে। দুর্নীতি সফল করার সুযোগ পায়নি।

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে আইসিসি ডেজিগনেটেড অ্যান্টি করাপশন অফিসিয়াল (ডাকো) নিয়োগ দিয়েছিলো টুর্নামেন্টটিতে ইসিবির অ্যান্টি করাপশন কোডের বাস্তবায়ন করার জন্য। সেই কর্মকর্তাই উপরোক্ত আটজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনয়ন করেন।

নাসির হোসেনের বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে প্রথমটি হলো- আর্টিকেল ২.৪.৩-এ বলা হয়েছে, ৭৫০ ডলার মূল্যের উপহার সম্পর্কে আইসিসির অফিসিয়ালের (ডাকো) কাছে তথ্য দিতে না পারার ব্যর্থতা।

দ্বিতীয় অভিযোগ হচ্ছে- নিয়ম অনুযায়ী ডাকো’র কাছে যে কোনো ধরনের দুর্নীতির প্রস্তাব, এ সম্পর্কে কারও চেষ্টা সম্পর্কিত তথ্য না দিতে পারার ব্যর্থতা। তৃতীয় অভিযোগ হচ্ছে- অভিযোগ অস্বীকার, আইসিসি কর্তৃক পরিচালিত তদন্তে কোনো সহযোগিতা না করা।

বাকি সবার মধ্যে যে ৬জনকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে- তাদের সবার বিরুদ্ধে ম্যাচ পাতানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মালিক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ হলো, তারা কিছু কিছু ক্রিকেটারকেও ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলো।

মাঠে নেমেই বিয়ে নিয়ে সব সমালোচনার জবাব দিয়ে দিলেন নাসির

স্পোর্টস ডেস্কঃ

সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আলোচনায় আসেন নাসির হোসেন। সে প্রসঙ্গ আর নয়। নতুন খবর হলো মাঠে ফিরেছেন নাসির। আর ফিরেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এই অলরাউন্ডার।

জাতীয় লিগ দিয়ে এক বছরেরও বেশি সময় পর নাসির ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। আবুধাবি টি-১০ লিগে খেললেও দেশে অনুষ্ঠিত বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-২০ কাপে সুযোগ পাননি নাসির। তবে জাতীয় লিগকে নিয়েছিলেন বেশ সিরিয়াসভাবে। লিগ শুরুর আগেই নাসির জানিয়েছিলেন, এবার ছয় ম্যাচে কমপক্ষে আটশ’ থেকে এক হাজার রান করতে চান। রংপুর বিভাগের হয়ে খেলতে নেমে ব্যাট হাতে নিজের প্রথম ইনিংসেই সেই কথা রেখেছেন জাতীয় দল থেকে ছিটকে পড়া এই অলরাউন্ডার।

সব সমালোচনার জবাব দিতে নাসির বেছে নিলেন ২২ গজকে। জাতীয় লিগে বিকেএসপি’র তিন নম্বর মাঠে প্রথম রাউন্ডের ম্যাচে দ্বিতীয় দিন শেষে নাসির অপরাজিত ছিলেন ৯৩ রানে। বুধবার (২৪ মার্চ) সকাল সকাল নাসির তুলে নেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে যা নাসিরের ৮ম সেঞ্চুরি। শুধু তাই না, দলের অর্ধেক রানই এসেছে নাসিরের ব্যাট থেকে। ঢাকা বিভাগের বিপক্ষে রংপুর প্রথম ইনিংসে অল-আউট হয় ২৩০ রানে। যার অর্ধেক ১১৫ রান করেন নাসির। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে সালাউদ্দিন শাকিলের বলে নাসির আউট হন।

এরপর বল হাতে ভেল্কি দেখানো শুরু করেন নাসির। ১৩৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ঢাকা বিভাগ। সোহরাওয়ার্দী শুভ আর মাহমুদুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে বিপর্যয়ে পরে ঢাকা বিভাগ। দলীয় ৭৩ রানেই তারা ৫ উইকেট হারায়। এরপর বল হাতে নিয়ে ম্যাজিক দেখান নাসির হোসেন। তুলে নেন টানা চার উইকেট। নাজমুল ইসলাম অপু রান-আউট না হলে সুযোগ ছিলো ইনিংসে পাঁচ উইকেট নেয়ার। সেটা হলে ম্যাচে সেঞ্চুরি আর পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়তে পারতেন নাসির।

তবে প্রথম ইনিংসে এক উইকেট পাবার সুবাদে ম্যাচ ঠিকই পাঁচ উইকেট শিকার করেন নাসির। জয়ের জন্য শেষ দিনে ব্যাট হাতে ভূমিকা রাখতে হবে নাসিরকে। ২৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, তৃতীয় দিন শেষে রংপুর বিভাগের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান। শেষ দিনে জয়ের জন্য রংপুরের আরো দরকার ২২৯ রান।