বুড়িচংয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
কুমিল্লার বুড়িচংয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো: আবির খান (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সে উপজেলার খোদাইধুলী গ্রামের মোঃ কাউছার খানের একমাত্র ছেলে। উপজেলা সদরে অবস্থিত দারুস ছালাম মাদ্রাসার হেফজু বিভাগের ছাত্র ছিল।
মৃত. আবিরের চাচা ফারুক খান মেম্বার জানান, মো: আবির খান উপজেলার সদরে অবস্থিত দারুস ছালাম মাদ্রাসার হেফজু বিভাগে লেখাপড়া করত। গত সপ্তাহ খানেক ধরে আবিরের জ্বর শরীরে উঠানামা করে। মাদ্রাসার শিক্ষকরা তাকে ঔষধ খাইয়ে জ্বর নিয়ন্ত্রণ করেছে। গত শুক্রবার রাতে জ্বর অধিক মাত্রায় বেড়ে গেলে রাতেই বুড়িচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
শনিবার বাদ মাগরিব তার নিজ বাড়ি খোদাইধুলী মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে খান বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।