Tag Archives: ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তাহেরের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক প্রকাশ

ব্রাহ্মণপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার আবারো পরাজয়

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা পরাজিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীকে হারিয়ে বিজয়ী হয়েছেন সদ্যপ্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের ছোট ভাই আলহাজ মোহাম্মদ আবু জাহের।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ভোটের চুড়ান্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু জাহের (আনারস) পেয়েছেন ৪০ হাজার ৫৯০ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের (নৌকা) জাহাঙ্গীর খান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৬৩৯ ভোট।

এছাড়াও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী শাহ আলম সরকার ২৮০ ভোট, ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীক নিয়ে আল আমিন ১২১ এবং স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম বাপ্পী পেয়েছেন ৮৭ ভোট।

রাতে জেলা সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম খান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলায় উপনির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন।

এর আগে গত বছরের ৩১ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৪০ হাজার ৬৭৩ ভোট পেয়ে নৌকার প্রার্থী জাহাঙ্গীর খানকে পরাজিত করেছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান আবু জাহেরের বড় ভাই আবু তাহের।

ওই নির্বাচনে নৌকা পেয়েছিল ২৪ হাজার ৯২৮ ভোট এবং আনারস পেয়েছিল ৪০ হাজার ৬৭৩ ভোট। গত ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুর পর এ উপজেলায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।

ব্রাহ্মণপাড়ায় স্বতন্ত্র ও আ’লীগের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: আহত ৩

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী আবু জাহের (আনারস প্রতীক) ও আওয়ামী লীগের প্রার্থীর (নৌকা প্রতীক) সমর্ধকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার সবুজপাড়া, বড়ধুশিয়া ও ধান্যদৌল এলাকায় পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভাংচুর করা হয়েছে আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় ও প্রচারণায় ব্যবহৃত একটি গাড়ি। সংঘর্ষে দুই পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আগামী ১০ ডিসেম্বর এ উপজেলা পরিষদের উপ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী। আর স্বতন্ত প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহেরের ছোট ভাই আলহাজ্ব আবু জাহের।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকেই উপজেলার সবুজপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস বানানো নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর রাত ১০টা পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় আনারস প্রতীকের প্রার্থীর অফিস ভাংচুর করা হয়। এ খবর বড়ধুশিয়া ও ধান্যদৌল এলাকায় ছড়িয়ে পড়লে সেখানেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ধান্যদৌল এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী একটি প্রাইভেটকার ভাংচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ জানান, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আলহাজ্ব আবু জাহের ও আওয়ামীলগের নৌকা প্রতীকে র জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থকদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গাড়ি ভাংচুরের তথ্য নিশ্চিত নই, তবে ৩ জন আহতের খবর শুনেছি। আমরা পুলিশ পাঠিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

ব্রাহ্মণপাড়ায় ভোটের লড়াইয়ে মুখোমুখি জাহাঙ্গীর খান ও আবু জাহের

 

নাছরিন আক্তার হীরা:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে লড়াই জমে উঠেছে । এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী । এদিকে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক ভি.পি. সরকার জহিরুল হক মিঠুনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে উপজেলা ছাত্রদলের সহ সাংগাঠনিক সম্পাদক দিদারুল আলম ভূইয়া জানান, প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আপিল করা হয়েছে। বৃহস্পতিবার শুনানী হবে। যদি প্রার্থীতা ফিরে না পাই তাহলে হাইকোর্টে রিট করা হবে। আমরা আশাবাদী প্রার্থীতা ফিরে পাবো এবং নির্বাচনে জয়লাভ করবো।

আ’লীগ দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা জানান, এবার আমাদের জয় নিশ্চিত। তিনি আমাদের দলীয় মনোনীত প্রার্থী। দলের বাইরের কোন বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের কোন নেতাকর্মী ভোট দিবে না। জনগণ নৌকা প্রতিককেই জয়যুক্ত করবে।

কিন্তু গতবার দলীয় মনোনয়ন পেয়েও জাহাঙ্গীর খান চৌধুরী নির্বাচনে হেরে যান আ’লীগের বিদ্রোহী প্রার্থী মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের কাছে। তাই এবারের নির্বাচনেও নৌকা প্রতিকের প্রার্থীকে লড়াই করতে হবে বিদ্রোহী প্রার্থীর সাথে।

স্থানীয় সূত্রমতে, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের পরিবারের একটি ভাল ভোটব্যাংক রয়েছে। এই পরিবারের সদস্য হিসেবে আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের জনগণের সহানুভূতি পাবে। এছাড়া কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপির ছাত্রলীগের অসংখ্য কর্মী রয়েছে। ফলে এ নির্বাচনে তুমুল ভোটের লড়াই হবে এটাই স্বাভাবিক।
কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি জানান, আমার চাচা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। উনার প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আমাদের আশ্বস্থ করেছে আগামী ১০ ডিসেম্বর এ উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে।

আগামী ১০ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচন:মনোনয়ন দৌড়ে অর্ধ ডজন নেতা

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনকে ঘিরে মনোনয়ন দৌড়ে রয়েছেন দুদলের অর্ধডজন নেতা। এর মধ্যে মনোনয়নকে ঘিরে উপজেলা আ’লীগেই দুগ্রুপে দ্বন্দ্ব চলছে।   নির্বাচনে বিজয়ী হয়ে মাত্র এক বছর চার মাস পর উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ মো. আবু তাহের মারা যাওয়ার পর থেকেই দুটি দলের নেতারা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ উপজেলায় আওয়ামী লীগ এবং বিএনপির প্রায় সমান অবস্থান বলে নির্বাচনে যোগ্য প্রার্থী মনোনয়নও একটি বড় ফ্যাক্টর বলে মনে করছেন ভোটার ও তৃণমূল নেতাকর্মীরা।

জানা গেছে, বিএনপি দুই নেতার মধ্য থেকে একজনকে প্রার্থী মনোনীত করতে দফায় দফায় বৈঠক করছে। এ দুই নেতা হলেন উপজেলা বিএনপির সভাপতি সরকার জহিরুল হক মিঠু ও সাবেক সাধারণ সম্পাদক মহসীন কবীর সরকার। দুজনই মনোনয়ন চূড়ান্ত করতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে বিএনপির কাছে আওয়ামী লীগের চেয়েও প্রয়াত চেয়ারম্যান আলহাজ মো. আবু তাহের পরিবারই মূল ফ্যাক্টর।

এদিকে উপজেলা আওয়ামী লীগও বর্ধিত সভা করে তাদের প্রার্থীর একটি তালিকা জেলায় পাঠিয়েছে। জেলা থেকে তা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে। গত ১৬ সেপ্টেম্বর আলহাজ মো. আবু তাহের মারা যান। তিনি মারা যাওয়ার ১৩ দিনের মাথায় উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে প্রার্থী তালিকা করে। তালিকায় আবু তাহের পরিবারের কাউকে রাখা হয়নি। তালিকায় রয়েছে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল বারী ও আওয়ামী লীগ নেতা মনিরুল হকের নাম। এ নিয়ে ওই বর্ধিত সভায়ই হট্টগোল হয়। সভায় তৃণমূল নেতাকর্মীদের দাবি ছিল, আবু তাহের পবিবার থেকে মনোনয়ন না দিলে বিজয় আনা কঠিন হবে। তাই আবু তাহেরের ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক হাজী আবু জাহের অথবা আবু তাহেরের ছেলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপিকে মনোনয়ন দেওয়ার। সে দাবি উপেক্ষা করায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

কয়েকজন শীর্ষ নেতা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী নানা কারণে বিতর্কিত ব্যক্তি। এর আগেও তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকায় মাদক, দুর্নীতিসহ অনেক বিতর্কের সৃষ্টি করেছেন। তার চেয়ে বড় কথা, চট্টগ্রাম বিভাগে মাদক, চোরাকারবারি ও তাদের পৃষ্ঠপোষককারীদের চিহ্নিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকায় ১২ নম্বরে জাহাঙ্গীর খান চৌধুরীর নাম রয়েছে। এসব কারণে তিনি উপজেলাজুড়ে এক বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। তার ইমেজও জনগণের কাছে তলানিতে রয়েছে। আর বাকি দুই নেতা বিএনপির প্রার্থীদের চেয়ে কম পরিচিত বলে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছেই তাদের ইমেজ সংকট রয়েছে। নির্বাচনী বৈতরণী পার হতে তাদের সেই সক্ষমতাও নেই বলে অনেকে জানান।

নেতাকর্মীরা বলেন, গত ২০১৪ সালের ১৫ মার্চ আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে আলহাজ মো. আবু তাহের স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তখন তিনি ২০ হাজার ভোট পেয়েছিলেন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ভোট পান ২৪ হাজার আর আওয়ামী লীগ প্রার্থী ভোট পান ২৬ হাজার। স্বতন্ত্র প্রার্থী হয়েও পারিবারিক ইমেজে আবু তাহের প্রায় সমান্তরাল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। আর গত ২০১৯ সালের ৩১ মার্চের নির্বাচনেও মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আলহাজ মো. আবু তাহের ভোট পান ৪০ হাজার ৬৭৩। আর আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী ভোট পান ২৪ হাজার ৯৭৮টি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন আবু তাহের। তার পরিবার থেকে কাউকে প্রার্থী দিলে ক্লিন ইমেজের কারণে তারা সহজেই নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন বলে মনে করেন নেতাকর্মীরা।

এদিকে দলীয় মনোনয়নের জন্য এবং কেন্দ্রে নাম পাঠাতে আবু তৈয়ব অপি উজেলা ও জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লিখিত আবেদন করেছেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের সভাপতি সুলতান আহমেদ বলেন, ব্রাহ্মণপাড়ায় আবু তাহের পরিবারের বিকল্প এখনো সৃষ্টি হয়নি। তাদের সততা ও আদর্শই তাদের তৃণমূলের প্রাণের গভীরে পৌঁছাতে পেরেছে। এ পরিবার থেকে যে কাউকে মনোনয়ন দিলেই বিএনপির ভরাডুবি হবে। এ পরিবার বিএনপির কাছে এক আতঙ্কের নাম। তৃণমূলের ৮০ ভাগ মানুষের কাছে তাহের পরিবারটি জনপ্রিয়।

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের শীর্ষ নেতা হাজী জসীম উদ্দিন বলেন, সত্যি কথা বলতে কী, দলের ভেতরে-বাইরে এমনকি সাধারণ জনগণের কাছেও তাহের পরিবার খুব জনপ্রিয়। এ কারণে দলের কতিপয় নেতা ঈর্ষান্বিত হয়ে কেন্দ্রে এ পরিবারের কারও নাম পাঠাননি। তবে এ উপজেলায় আওয়ামী লীগকে আরও শক্ত অবস্থানে নিতে হলে ওই পরিবারের বিকল্প নেই।

সূত্র: আমাদের সময়।

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তাহেরের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক প্রকাশ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  মন্ত্রী  মোঃ তাজুল ইসলাম ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও জামে মসজিদে প্রথম জানাজা, বাদ যোহর ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আছর ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আনারস প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. আবু তাহের জয়লাভ করেন। এ নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী।

তাঁর ছেলে আবু তৈয়ব অপি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।